ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ক্ষমাসুন্দর দৃষ্টিভঙ্গি: প্রতিশোধের বদলে মানবিক সম্পর্কের উন্নয়ন


ক্ষমাসুন্দর দৃষ্টিভঙ্গি: প্রতিশোধের বদলে মানবিক সম্পর্কের উন্নয়ন

প্রতিশোধস্পৃহা বিভিন্ন ধরনের অশান্তি সৃষ্টি করে। শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রতিশোধ নয়, বরং ক্ষমা একটি কার্যকরী উপায়। অত্যাচার ও উৎপীড়নের প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও কারো প্রতি সহনশীলতা ও উদারতা প্রদর্শন করাকে ক্ষমা বলা হয়। ক্ষমা মানুষের মহত্ত্বের একটি চিহ্ন। প্রতিশোধের পরিবর্তে ক্ষমা প্রদর্শন ও বিনয়ের মাধ্যমে মানুষের সম্মান ও মর্যাদা বৃদ্ধি পায়। এর ফলে সামাজিক ও পারিবারিক সম্পর্ক আরো সুদৃঢ় হয়।

সমাজে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়। সর্বোপরি কাউকে ক্ষমা করার মাধ্যমে আল্লাহর ক্ষমা লাভ ও ভালোবাসা পাওয়া যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ‘যারা সচ্ছল ও অসচ্ছল সব অবস্থায় ব্যয় করে, ক্রোধ সংবরণ করে এবং মানুষকে ক্ষমা করে। আর এ ধরনের সৎকর্মশীলদের আল্লাহ অত্যন্ত ভালোবাসেন।’ (সুরা : আলে ইমরান, আয়াত : ১৩৪)

কাউকে ক্ষমা করার ফলে যেমন মানসিক শান্তি আসে, তেমনি সমাজের মানুষের কাছে সম্মান ও গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায়। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, ‘সদকা করলে সম্পদের ঘাটতি হয় না, আর যে ব্যক্তি ক্ষমা করে আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দেন। আর কেউ আল্লাহর সন্তুষ্টির জন্য বিনীত হলে তিনি তার মর্যাদা আরো বাড়িয়ে দেন।’ (সহিহ মুসলিম, হাদিস : ২৫৮৮)

আরও পড়ুন: হাসিমুখে কারো মন ভালো করা কি সদকার অন্তর্ভুক্ত?

রাগ সংবরণ, ক্ষমা ও বিনয় একটি ইবাদত। ক্ষমা করার মনোভাবের অভাবের কারণে সমাজে প্রতিনিয়ত হানাহানি, গুম ও খুন ঘটছে। এর ফলে সামাজিক সম্পর্কের অবনতি হচ্ছে এবং পারিবারিক সম্পর্ক ভাঙনের শিকার হচ্ছে। সমাজে অশান্তি সব সময় বিরাজমান। এমনকি সংসারে ভাঙন ও হত্যার মতো ভয়ংকর ঘটনা ঘটছে প্রতিনিয়ত। ক্ষমার গুরুত্ব প্রসঙ্গে আল্লাহ বলেন, ‘আর যদি তোমরা ক্ষমা ও সহনশীলতার আচরণ করো এবং মাফ করে দাও, তবে নিশ্চয়ই আল্লাহ পরম ক্ষমাশীল, অসীম দয়ালু।’ (সুরা : তাগাবুন, আয়াত : ১৪)

অতীতে আপনার কারো সঙ্গে তিক্ত সম্পর্ক থাকতে পারে, কিন্তু প্রতিশোধ গ্রহণের ক্ষমতা ও সুযোগ থাকা সত্ত্বেও যদি আপনি তাকে ক্ষমা করে দেন এবং তার প্রতি বিনয় প্রদর্শন করেন, তাহলে আপনি প্রকৃত ক্ষমাশীল। এটি আমাদের রাসুল (সা.)-এর শিক্ষা। রাসুল (সা.) ছিলেন বিনয় ও ক্ষমাশীলতার মূর্ত প্রতীক।

একটি ঘটনা উল্লেখ করা যেতে পারে—একবার এক ইহুদি রাতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মেহমান হয়েছিল। মহানবী (সা.) তাকে সমাদর করেছিলেন এবং সুন্দর রাত্রিযাপনের ব্যবস্থা করেছিলেন। কিন্তু ওই ইহুদি অসৎ উদ্দেশ্য নিয়ে এসেছিল। শেষরাতের দিকে সেই ইহুদি রাসুল (সা.)-এর বিছানায় ইচ্ছাকৃতভাবে প্রস্রাব-পায়খানা করেছিল। এর মাধ্যমে তার উদ্দেশ্য ছিল রাসুল (সা.)-কে কষ্ট দেওয়া। ভোর হওয়ার আগেই সে গোপনে চলে যায় এবং মনে মনে ভাবতে থাকে—আচ্ছা যাক, মুহাম্মদকে কষ্ট দিতে পারলাম।

কিন্তু সে ভুলে তার তরবারিটি রাসুল (সা.)-এর বাড়িতে রেখে গেছে। তরবারির কথা মনে হতেই সে আবার ফিরে আসে। এসে দেখে রাসুল (সা.) নিজে ময়লা পরিষ্কার করছেন। সে ভাবল রাসুল (সা.) হয়তো তাকে এর শাস্তি দেবেন। তাকে ক্ষমা করবেন না। সে খুব অনুনয়-বিনয়ের সঙ্গে নবী (সা.)-কে বলল, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। জবাবে রাসুল (সা.) বলেন, হয়তো আপনার খিদমতের কমতি হয়েছে। আমি আপনার ঠিকঠাক খিদমত করতে পারিনি। আপনার এমন অবস্থার জন্য আমি দুঃখিত। রাসুল (সা.)-এর এই ব্যবহারে ইহুদি অত্যন্ত মুগ্ধ ও লজ্জিত হলো। এভাবেই ক্ষমাসুন্দর দৃষ্টিভঙ্গি বহু সমস্যা সমাধানে সহায়ক।

আরও পড়ুন: জীবনের সর্বক্ষেত্রে অবিচল থাকার ৮ উপায়

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারায়ণগঞ্জের সাত খুন: ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে জিয়াউল আহসানের ভূমিকা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:২৬ পি.এম


নারায়ণগঞ্জের সাত খুন: ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে জিয়াউল আহসানের ভূমিকা

নারায়ণগঞ্জের বহুল আলোচিত সাত খুনের ঘটনায় ৫ থেকে ৬ কোটি টাকার লেনদেন, ফ্ল্যাট উপহার এবং কয়লা ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টতার তথ্য আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে প্রকাশিত হয়েছে। আদালতে রাষ্ট্রপক্ষ সাবেক র‍্যাব কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ভূমিকার বিষয়টি তুলে ধরেছে। আসামিদের জবানবন্দি ও সুরতহাল প্রতিবেদনের মধ্যে হুবহু মিল থাকার কারণে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ অনীক রুশদ হক (অনীক আর হক) আশা প্রকাশ করেছেন যে, হাইকোর্টের দেওয়া সাজা আপিল বিভাগে বহাল থাকবে।

বুধবার (২৫ নভেম্বর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সাত খুন মামলার আপিল শুনানি শেষে সাংবাদিকদের কাছে এসব তথ্য তুলে ধরেন তিনি। শুনানির সময় আসামিদের দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দির বিভিন্ন অংশ পড়ে শোনানোর পাশাপাশি হত্যাকাণ্ডে তাঁদের প্রত্যেকের ভূমিকা বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়।

অনীক আর হক জানান, হাইকোর্ট ২০১৭ সালের ২২ আগস্ট দেওয়া রায়ে ১৫ আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছে। ১১ আসামির মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্য ৯ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবারের শুনানিতে হাইকোর্টের রায়ের বিভিন্ন অংশ তুলে ধরে আদালতকে কার কী ভূমিকা ছিল, তা জানানো হয়েছে।

তিনি বলেন, হত্যাকাণ্ডের সময় কোনো প্রত্যক্ষদর্শী উপস্থিত ছিলেন না। ফলে আসামিদের দেওয়া দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি মামলার অন্যতম গুরুত্বপূর্ণ সাক্ষ্য হিসেবে গণ্য হয়। শুনানিতে র‍্যাবের সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (অব.) তারেক সাঈদ মোহাম্মদ, মেজর (অব.) আরিফ হোসেন, লেফটেন্যান্ট কমান্ডার এম এম রানা, হাবিলদার এমদাদুল হক ও সিপাহী আবু তৈয়বের জবানবন্দির বিভিন্ন অংশ উপস্থাপন করা হয়। তবে সময়ের অভাবে সিপাহী আবু তৈয়বের জবানবন্দি পুরোপুরি পড়া সম্ভব হয়নি।

জবানবন্দির ভয়াবহ বিবরণ তুলে ধরে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল বলেন, আসামিরা অত্যন্ত সাবলীলভাবে হত্যাকাণ্ডের ঘটনা বর্ণনা করেছেন। তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী, প্রথমে পাঁচজনকে অপহরণ করা হয়। পরে আরও দুজন অপহরণের ঘটনা দেখে চিৎকার করতে থাকলে তাঁদেরও ধরে নিয়ে যাওয়া হয়। এরপর তৎকালীন র‍্যাব-১১-এর অধিনায়ক তারেক সাঈদ সাতজনকেই গুম করে ফেলার নির্দেশ দেন বলে জবানবন্দিতে উল্লেখ রয়েছে।

তিনি জানান, হত্যাকাণ্ডের পর সাতজনকে মেরে ফেলার কথা আসামিরা স্বীকার করেছেন। এমনকি হত্যার পর তাঁরা স্বাভাবিকভাবে খাওয়া-দাওয়াও করেন। অনীক আর হকের ভাষায়, পুরো ঘটনা শুনলে মনে হবে সিনেমার কোনো কাহিনি। কিন্তু এসব কথা আসামিরা নিজেরাই জবানবন্দিতে বলেছেন। তাঁদের বক্তব্যের মধ্যে পরস্পরের সঙ্গে উল্লেখযোগ্য মিল রয়েছে।

হত্যার পর লাশ গুমের কৌশল সম্পর্কেও জবানবন্দিতে ভয়াবহ তথ্য উঠে এসেছে। আসামিদের স্বীকারোক্তি অনুযায়ী, প্রথমে ভুক্তভোগীদের পলিথিন দিয়ে বেঁধে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে ট্রলারে করে নদীতে নিয়ে লাশ ফেলার সময় সেগুলো যাতে পানিতে ভেসে না ওঠে, সে জন্য প্রত্যেকের পেটে ছুরি দিয়ে আঘাত করা হয়। সুরতহাল প্রতিবেদনের তথ্যের সঙ্গেও জবানবন্দির এসব বিবরণের মিল রয়েছে বলে জানান অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল।

হত্যাকাণ্ডের পেছনে অর্থ লেনদেনের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, সাক্ষ্য ও আসামিদের জবানবন্দিতে ৫ থেকে ৬ কোটি টাকার লেনদেন, ফ্ল্যাট উপহার এবং কয়লা ব্যবসার সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। এসব তথ্য হত্যাকাণ্ডের পরিকল্পনা ও বাস্তবায়নের নেপথ্যের যোগসূত্র তুলে ধরে।

নেপথ্যের নির্দেশদাতা হিসেবে মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের নাম উল্লেখ করে অনীক আর হক বলেন, পুরো ঘটনার পেছনে একজন ‘গডফাদার’ হিসেবে তাঁর ভূমিকার কথা জবানবন্দিতে উঠে এসেছে। বর্তমানে জিয়াউল আহসানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলছে। তারেক সাঈদ নিজের জবানবন্দিতে বলেছেন, জিয়াউল আহসানের নির্দেশনা ও অনুমতি ছাড়া তখন র‍্যাব কোনো কাজ করত না।

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল বলেন, হাইকোর্ট মামলার সাক্ষ্যপ্রমাণ, আসামিদের জবানবন্দি ও অন্যান্য তথ্য-উপাত্ত বিস্তারিতভাবে বিশ্লেষণ করে রায় দিয়েছেন। অপরাধের ভয়াবহতা বিবেচনায় আসামিদের উপযুক্ত সাজা দেওয়া হয়েছে। আপিল বিভাগেও হাইকোর্টের দেওয়া সাজা বহাল থাকবে বলে রাষ্ট্রপক্ষ আশাবাদী।

উল্লেখ্য, ২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জের ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার লামাপাড়া এলাকা থেকে তৎকালীন সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম, তাঁর বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন, গাড়িচালক জাহাঙ্গীর আলম, আইনজীবী চন্দন কুমার সরকার ও তাঁর গাড়িচালক ইব্রাহিমকে অপহরণ করা হয়। অপহরণের তিন দিন পর শীতলক্ষ্যা নদী থেকে তাঁদের লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। তদন্তে র‍্যাবের সাবেক ও তৎকালীন কয়েকজন কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সংশ্লিষ্টতার তথ্য উঠে আসে। ২০১৭ সালের ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালত ২৬ আসামিকে মৃত্যুদণ্ড এবং অপর ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। পরে হাইকোর্ট ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল রাখেন, ১১ জনের সাজা কমিয়ে যাবজ্জীবন করেন এবং বাকি ৯ জনের বিভিন্ন মেয়াদের সাজা বহাল রাখেন। বর্তমানে এসব রায়ের বিরুদ্ধে দায়ের করা আপিলের শুনানি চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এনআরবিসি ব্যাংক এসএমই পণ্য মেলায় ব্যাংকিং সেবা প্রদান করছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:২৮ পি.এম


এনআরবিসি ব্যাংক এসএমই পণ্য মেলায় ব্যাংকিং সেবা প্রদান করছে

এনআরবিসি ব্যাংক পিএলসি ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলায় অংশগ্রহণ করেছে, যা ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য অর্থায়ন সুবিধা ও ব্যাংকিং সেবা সম্পর্কিত তথ্য প্রদান করছে। ব্যাংকটি উদ্যোক্তাদের কাছে সহজে ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি ব্যবসা সম্প্রসারণে আর্থিক সহায়তার সুযোগ তুলে ধরছে। সম্প্রতি ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত মেলায় এনআরবিসি ব্যাংকের স্টল উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (এমডি ও সিইও) ড. মো. তৌহিদুল আলম খান, এফসিএমএ।

এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার (সিবিও) মো. শাহীন হাওলাদার, এসএমই-বিজনেস, মাইক্রো অ্যান্ড এগ্রি বিভাগের প্রধান মো. রমজান আলী ভূঁইয়া, ঋণ ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের (সিআরএমডি-এসএমই, মাইক্রো, এগ্রি-ইসলামিক) প্রধান মো. শফিকুল ইসলামসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শিল্প মন্ত্রণালয়ের অধীন এসএমই ফাউন্ডেশন দ্বারা আয়োজিত সাত দিনব্যাপী এ মেলা ২২ থেকে ২৮ নভেম্বর ২০২৬ পর্যন্ত চলবে। মেলায় দেশের বিভিন্ন অঞ্চলের উদ্যোক্তারা তাঁদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিক্রি করছেন। এনআরবিসি ব্যাংকের স্টলে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য ব্যাংকের বিভিন্ন ঋণসুবিধা, অর্থায়ন পণ্য ও ব্যাংকিং সেবা তুলে ধরা হচ্ছে।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. তৌহিদুল আলম খান, এফসিএমএ বলেন, ‘কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা তৈরি এবং দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশেষ করে কৃষি, কৃষিজাত শিল্প, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ব্যাপক প্রসার ও বিকাশের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিয়মিত ঋণ ও পুনঃঅর্থায়ন সুবিধা প্রকৃত উদ্যোক্তাদের কাছে পৌঁছে দিতে আমরা কাজ করছি। আমাদের লক্ষ্য হলো তৃণমূল পর্যায়ে ব্যাংকিং সেবা সম্প্রসারণ, নতুন উদ্যোক্তা তৈরি এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করা।’

এনআরবিসি ব্যাংকের ১০৯টি শাখা ও ৪০০টি উপশাখার মাধ্যমে সারাদেশে ব্যাংকিং সেবা প্রদান করা হচ্ছে। উদ্যোক্তা উন্নয়নে বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ীদের অর্থায়নের আওতা বাড়াতে এনআরবিসি ব্যাংক কাজ করছে। গ্রামীণ অর্থনীতি ও স্থানীয় শিল্পের উন্নয়নে ব্যাংকটির ‘এনআরবিসি সুফলা’, ‘এনআরবিসি গতি’, ‘এনআরবিসি কৃষকের হাসি’, ‘এনআরবিসি নারী’, ‘এনআরবিসি দেশগড়ি’ ও ‘এনআরবিসি প্রবাসবন্ধু’ ঋণপণ্য চালু রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বান্দরবানে বৌদ্ধ ভিক্ষুদের অংশগ্রহণে মহাপিণ্ডদান অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:২৮ পি.এম


বান্দরবানে বৌদ্ধ ভিক্ষুদের অংশগ্রহণে মহাপিণ্ডদান অনুষ্ঠিত

বান্দরবান, ২৫ নভেম্বর, ২০২৬ : ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মহাপিণ্ডদান অনুষ্ঠান আজ অনুষ্ঠিত হয়েছে। এতে অংশগ্রহণ করেন সাড়ে তিন শতাধিক বৌদ্ধ ভিক্ষু। এই সময় পুণ্যার্থীরা শহরের বিভিন্ন সড়কে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ভিক্ষুদের পিণ্ডদান করেন।

বুধবার সকাল ৯টায় বান্দরবানের খ্যং ওয়াহ্ ক্যং রাজগুরু বৌদ্ধ বিহার থেকে বৌদ্ধ ভিক্ষুদের নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এই সময় ভিক্ষুরা পুণ্যার্থীদের কাছ থেকে পিণ্ড গ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোমাং রাজা বোমাংগ্রী উচ প্রু, রাজপুত্র চহ্লাপ্রু জিমি, জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাধবী মারমা, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং, পার্বত্য জেলা পরিষদের সদস্য লুসাই মং ও চনু মং মারমা এবং খ্যং ওয়াহ্ ক্যং রাজগুরু বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির জ্যেষ্ঠ সহ সভাপতি মং ক্য শোয়েনু নেভীসহ বিহারের দায়ক-দায়িকা ও বৌদ্ধ ধর্মাবলম্বী নারী-পুরুষ।

পিণ্ডদান অনুষ্ঠানে পুণ্যার্থীরা বৌদ্ধ ভিক্ষুদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নগদ অর্থ, চাল, ফলমূল, মিষ্টি, মোমবাতি ও আগরবাতিসহ বিভিন্ন উপকরণ দান করেন। এই সময় দেশ ও জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায় প্রার্থনা করা হয়।

বৌদ্ধ ধর্মীয় রীতি অনুযায়ী, বিভিন্ন বিহারে মাসব্যাপী কঠিন চীবর দান উৎসব শেষে ভিক্ষুদের সম্মানে মহাপিণ্ডদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুণ্য লাভের আশায় শিশু-কিশোর থেকে শুরু করে নারী-পুরুষ নানা বয়সী মানুষ সড়কের পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ভিক্ষুদের রান্না করা খাবার, ফলমূল ও মিষ্টান্ন দান করেন। এই উৎসব দেখতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার দর্শনার্থীরাও শহরে ভিড় করেন।

বৌদ্ধ ধর্মীয় রীতি অনুসারে, আষাঢ়ী পূর্ণিমা তিথি থেকে আশ্বিনী পূর্ণিমা তিথি পর্যন্ত তিন মাস বৌদ্ধ ভিক্ষুরা বিহারে বর্ষাব্রত পালন করেন। এরপর মাসব্যাপী কঠিন চীবর দান উৎসব অনুষ্ঠিত হয়। এই উৎসব শেষে ভিক্ষুদের উদ্দেশ্যে মহাপিণ্ডদানের আয়োজন করা হয়।

প্রচলিত বিশ্বাস অনুযায়ী, গৌতম বুদ্ধ খালি পায়ে বিভিন্ন বৌদ্ধ পল্লীতে ঘুরে ঘুরে পিণ্ড বা খাবার সংগ্রহ করতেন। সেই ঐতিহ্য ও ধর্মীয় রীতির ধারাবাহিকতায় বান্দরবানের বৌদ্ধ ধর্মাবলম্বীরা যুগ যুগ ধরে মহাপিণ্ডদান উৎসব পালন করে আসছেন।

উল্লেখ্য, কঠিন চীবর দান বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। এই উপলক্ষে চরকা ঘুরিয়ে ২৪ ঘণ্টার মধ্যে তুলা থেকে সুতা তৈরি, সেই সুতা রং করা এবং রাতের মধ্যে কাপড় বুনে চীবর (ভিক্ষুদের পরিধেয় বস্ত্র) তৈরি করা হয়। পরদিন সেই চীবর বৌদ্ধ ভিক্ষুদের দান করা হয়। এই ধর্মীয় আচারই কঠিন চীবর দান হিসেবে পরিচিত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিস ইউনিভার্সের মঞ্চ থেকে ছিটকে গেলেন মাহি

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:২৯ পি.এম


মিস ইউনিভার্সের মঞ্চ থেকে ছিটকে গেলেন মাহি

বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি মিস ইউনিভার্স ২০২৬-এর মূল প্রতিযোগিতা থেকে বাদ পড়েছেন; সেরা ৩০-এর তালিকায় তার স্থান হয়নি।

বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ৬টায় পুয়ের্তো রিকোর মঞ্চে এই বিশ্বসুন্দরী প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের সূচনা হয়েছে। এই জমকালো আয়োজনে বিশ্বের বিভিন্ন প্রান্তের ১১৬টি দেশ ও অঞ্চলের সুন্দরীরা অংশগ্রহণ করেছেন।

সেমিফাইনালিস্টের তালিকায় নাম না থাকায় মাহি তার প্রত্যাশা পূরণ করতে না পারার দুঃখ প্রকাশ করেছেন এবং দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন।

তিনি বলেন, “জীবনে সব চেষ্টা আমাদের প্রত্যাশিত ফলাফল নিয়ে আসে না। কিন্তু তার মানে এই নয় যে সেই চেষ্টার মূল্য নেই। কিছু অভিজ্ঞতা, কিছু মুহূর্ত এবং কিছু অনুভূতি সারাজীবনের জন্য মনে থেকে যায়। আমি হয়তো আপনাদের প্রত্যাশা পূরণ করতে পারিনি, কিন্তু আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন, সেই ভালোবাসা আমার কাছে যেকোনো অর্জনের চেয়ে অনেক বড়।”

বার্তার শেষাংশে দেশপ্রেম ও সমর্থকদের প্রতি ভালোবাসা প্রকাশ করে মাহি বলেন, “বাংলাদেশ আমার পরিচয়, বাংলাদেশ আমার গর্ব। আপনাদের ভালোবাসা নিয়েই আমি সামনে এগিয়ে যেতে চাই। আমাকে বিশ্বাস করার জন্য, আমার পাশে থাকার জন্য এবং এতটা ভালোবাসার জন্য ধন্যবাদ। ভালোবাসি বাংলাদেশ।”

এদিকে, পিপলস চয়েস ভোটে গ্র্যান্ড ফিনালে শুরুর প্রায় এক ঘণ্টা আগে পর্যন্ত শীর্ষে ছিলেন সামিরা খান মাহি। তবে শেষ পর্যন্ত তিনি সেই অবস্থান ধরে রাখতে পারেননি। দর্শক ভোটে বিজয়ী হয়ে সরাসরি সেমিফাইনালে স্থান করে নিয়েছেন ইকুয়েডরের প্রতিযোগী দালিয়া বুকারাম।

দর্শক ভোটের পাশাপাশি সাক্ষাৎকার ও প্রাথমিক পর্বের পারফরম্যান্সের মূল্যায়নের ভিত্তিতে সেমিফাইনালের প্রতিযোগীদের নির্বাচন করা হয়েছে। দেখা যাক, কোন কোন দেশ ও অঞ্চলের প্রতিনিধিরা সেরা ৩০-এ স্থান পেয়েছেন।

সেরা ৩০-এ স্থান পাওয়া প্রতিনিধিরা হলেন- ১. নিউজিল্যান্ড, ২. চিলি, ৩. ব্রাজিল, ৪. ভারত, ৫. নেদারল্যান্ডস, ৬. টার্কস অ্যান্ড কেইকোস দ্বীপপুঞ্জ, ৭. পেরু, ৮. কিউবা, ৯. সার্বিয়া

১০. ডমিনিকান রিপাবলিক, ১১. কুরাসাও, ১২. যুক্তরাষ্ট্র, ১৩. ইসরাইল, ১৪. ইকুয়েডর (দর্শক ভোটে নির্বাচিত), ১৫. পুয়ের্তো রিকো, ১৬. তানজানিয়া, ১৭. মেক্সিকো, ১৮. গিনি, ১৯. কলম্বিয়া, ২০. ইউক্রেন, ২১. পানামা, ২২. কোস্টারিকা, ২৩. উগান্ডা, ২৪. ফিলিপাইন, ২৫. ফ্রান্স, ২৬. ইথিওপিয়া, ২৭. বেলজিয়াম, ২৮. ভেনেজুয়েলা, ২৯. গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র ও ৩০. নিকারাগুয়া।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%