০৫:৫৯ পি.এম
ময়মনসিংহের ফুলপুর বাজারে বিকেল ৫টার পর ভিক্ষাবৃত্তি নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছেন স্থানীয় ফকির কমিটির সভাপতি। নির্ধারিত সময়ের পর যদি কেউ ভিক্ষা করেন, তাহলে ১ হাজার ৫০০ টাকা জরিমানা এবং কারাদণ্ডের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এই ঘটনাটি এলাকাজুড়ে কৌতূহল এবং আলোচনা-সমালোচনার সৃষ্টি করেছে।
বুধবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত একটি ভিডিও এবং ছবি ছড়িয়ে পড়ার পর বিষয়টি আলোচনায় আসে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি হুইলচেয়ারে বসে হাতে মাইক নিয়ে ফুলপুর বাজারের মানুষের উদ্দেশে ঘোষণা দিচ্ছেন। তিনি নিজেকে স্থানীয় ফকির কমিটির সভাপতি পরিচয় দিয়ে জানান, কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বিকেল ৫টার পর ফুলপুর বাজার এলাকায় কেউ ভিক্ষা করতে পারবেন না।
আরও পড়ুন: মেহেরপুরে কুষ্ঠরোগ সচেতনতা বৃদ্ধির জন্য কর্মশালা
ঘোষণায় আরো উল্লেখ করা হয়েছে, নির্ধারিত সময়ের পর ভিক্ষা করার জন্য ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হবে। পাশাপাশি আইন অমান্যকারীদের বিরুদ্ধে কারাদণ্ডের মতো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
এমন ব্যতিক্রমী ঘোষণায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ কেউ বাজারের শৃঙ্খলা রক্ষায় উদ্যোগটিকে ইতিবাচক হিসেবে দেখছেন, আবার অনেকে প্রশ্ন তুলেছেন যে, স্থানীয় কমিটির জরিমানা বা কারাদণ্ড দেওয়ার আইনগত এখতিয়ার রয়েছে কি না।
ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন জানিয়েছেন, তিনি এ ধরনের কোনো ঘোষণার বিষয়ে অবগত নন।
তবে স্থানীয় কমিটির পক্ষ থেকে এমন শাস্তির ঘোষণা দেওয়ার আইনগত ভিত্তি নিয়ে জনমনে প্রশ্ন রয়ে গেছে।
আরও পড়ুন: নাচোলের পাঁচশ বছরের তেঁতুল গাছটি বরেন্দ্রের বুকে এক অটল অধ্যায়
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন