ঢাকা শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ইং ১৪ই কার্তিক, ১৪৩৩বাং

বাকেরগঞ্জে মাদকবিরোধী অভিযানে কলসকাঠীর ৩ জনকে কারাদণ্ড


বাকেরগঞ্জে মাদকবিরোধী অভিযানে কলসকাঠীর ৩ জনকে কারাদণ্ড

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে তিনজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদক সেবনের অভিযোগে কলসকাঠীর তিনজনকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একজনের ৬ (ছয়) মাস ও অপর দুইজনের প্রত্যেককে ১ (এক) মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
মাদকবিরোধী অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করেন বাকেরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব অভ্র জ্যোতি বড়াল।
এ সময় সার্বিক সহযোগিতায় ছিল বাকেরগঞ্জ থানা পুলিশ ও আনসার বাহিনীর একটি টিম।
প্রশাসন জানায়, মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুর সীমান্তে প্রায় ৯লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ ওসমান গনি, শেরপুর জেলা প্রতিনিধি

বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং

১০:৩১ পি.এম


শেরপুর সীমান্তে প্রায় ৯লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ

 

শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী বাবলাকোনা এলাকা থেকে ৮ লাখ ৬০ হাজার ৫৫০ টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব কসমেটিকস জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি সূত্রে জানা যায়, বুধবার রাতে কর্ণঝোড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকায় অভিযান চালান। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ৮ লাখ ৬০ হাজার ৫৫০ টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস জব্দ করা হয়।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, সীমান্তে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভৈরবে ট্রেনের ইঞ্জিন রেখেই ছুটলো বগি, ১ ঘণ্টা পর উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং

১০:৩৪ পি.এম


ভৈরবে ট্রেনের ইঞ্জিন রেখেই ছুটলো বগি, ১ ঘণ্টা পর উদ্ধার

ট্রেনের ইঞ্জিন ঘোরানোর জন্য বগিগুলো বিচ্ছিন্ন করার পরপরই, সেগুলো নিজে থেকেই পেছনে চলতে শুরু করে। স্টেশন অতিক্রম করে এগুলো আউটার এলাকায় পৌঁছে যায়। এই অবস্থায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে গার্ডরুমের হার্ডব্রেক চেপে বগিগুলোকে থামানো সম্ভব হয়। এই ঘটনার ফলে কয়েকশ' যাত্রী বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায়।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার পর ভৈরব রেলওয়ে স্টেশনে ঢাকাগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনে এই ঘটনা ঘটে।

ঘটনার ১ ঘণ্টা পর অন্য একটি ইঞ্জিন ব্যবহার করে বগিগুলোকে প্ল্যাটফর্মে ফেরানো হয়। এর ফলে ট্রেনটি ২ ঘণ্টা বিলম্বে ছাড়তে সক্ষম হয়। এই ঘটনায় বেশ কিছু বিদেশগামী যাত্রী চরম দুর্ভোগের শিকার হন।

এ বিষয়ে ট্রেনের কর্তব্যরত গার্ড উমর আলী জানান, গার্ডরুমের হার্ডব্রেক টানার সঙ্গে সঙ্গেই বগিগুলো দাঁড়িয়ে যায়। তিনি নিশ্চিত করেন যে, এই ঘটনায় কেউ হতাহত হয়নি।

ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনার পরপর একের পর এক ট্রেন থাকায় বগিগুলো ফেরাতে ১ ঘণ্টা সময় লেগেছে। পরে ট্রেনটি ২ ঘণ্টা বিলম্বে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রংপুরের তারাগঞ্জে ডিভাইডারে ধাক্কা লেগে বাস উল্টে নিহত ১, আহত ২০

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং

১০:৩৯ পি.এম


রংপুরের তারাগঞ্জে ডিভাইডারে ধাক্কা লেগে বাস উল্টে নিহত ১, আহত ২০

রংপুরের তারাগঞ্জে একটি যাত্রীবাহী বাস ডিভাইডারে ধাক্কা লেগে উল্টে যাওয়ার ফলে একজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টার সময় রংপুর-সৈয়দপুর মহাসড়কের ইকরচালী বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম ও পরিচয় এখনও প্রাথমিকভাবে জানা যায়নি।

পুলিশ এবং প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, সন্ধ্যায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে নীলফামারীর ডোমার থেকে রংপুরগামী বাসটি ইকরচালী বাজারে পৌঁছালে সড়কের ডিভাইডারে ধাক্কা লাগে। এর ফলে বাসটি উল্টে যায়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন প্রথমে উদ্ধারকাজে এগিয়ে আসেন। পরে ফায়ার সার্ভিস এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আহতদের উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

বাসের যাত্রী সুমন মিয়া জানান, তিনি ডোমার থেকে রংপুর নগরের ধাপ এলাকায় যাওয়ার উদ্দেশ্যে বাসটিতে উঠেছিলেন। তারাগঞ্জ পার হওয়ার পর বাসটির গতি বেড়ে যায়। ইকরচালী বাজারে প্রবেশের সময় ডিভাইডারে ধাক্কা লেগে বাসটি উল্টে যায়, যার ফলে অনেক যাত্রী আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাব্বর হোসেন এবং স্থানীয় জনপ্রতিনিধিরা। ইউএনও বলেন, "খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে আসি। দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। আহত ব্যক্তিদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।"

তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। বিস্তারিত পরে জানানো হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সোরিয়াসিস ছোঁয়াচে নয়, চিকিৎসায় নিয়ন্ত্রণ সম্ভব: বিএমইউ উপাচার্য

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং

১০:৪২ পি.এম


সোরিয়াসিস ছোঁয়াচে নয়, চিকিৎসায় নিয়ন্ত্রণ সম্ভব: বিএমইউ উপাচার্য

ঢাকা, ২৯ অক্টোবর, ২০২৬ : বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী জানিয়েছেন, সোরিয়াসিস একটি ছোঁয়াচে রোগ নয়। আধুনিক চিকিৎসার মাধ্যমে এই রোগকে নিয়ন্ত্রণে রেখে আক্রান্ত ব্যক্তিরা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন।

আজ বৃহস্পতিবার বিশ্ব সোরিয়াসিস দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সচেতনতামূলক শোভাযাত্রার উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।

উপাচার্য আরও বলেন, সোরিয়াসিস ত্বকে দৃশ্যমান হওয়ায় আক্রান্ত ব্যক্তিরা পরিবার, সমাজ এবং কর্মক্ষেত্রে অনেক সময় বৈষম্য ও অবহেলার শিকার হন। এটি কোনোভাবেই ছোঁয়াচে রোগ নয়। আক্রান্ত ব্যক্তিদের প্রতি এমন আচরণ করা উচিত নয়, যাতে তারা নিজেদের বিচ্ছিন্ন বা অবহেলিত মনে করেন।

তিনি উল্লেখ করেন, সোরিয়াসিসে আক্রান্তদের প্রায় এক-তৃতীয়াংশের আর্থ্রাইটিস হতে পারে। প্রাথমিক পর্যায়ে এই সমস্যা শনাক্ত করে যথাযথ চিকিৎসা প্রদান করা গেলে তা নিয়ন্ত্রণে রাখা সম্ভব। তবে চিকিৎসা না হলে আর্থ্রাইটিস জটিল ও ক্ষতিকর হয়ে উঠতে পারে এবং অঙ্গপ্রত্যঙ্গ ও মেরুদণ্ড আক্রান্ত করে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে।

অধ্যাপক ডা. এফএম সিদ্দিকী বলেন, চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতির ফলে সোরিয়াসিসের চিকিৎসায় অনেক আধুনিক পদ্ধতি এসেছে। এসব চিকিৎসা নিশ্চিত করা গেলে আক্রান্ত ব্যক্তিরা স্বাভাবিক ও সুন্দর জীবনযাপন করতে পারবেন। এ রোগ সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চিকিৎসক ও গণমাধ্যমকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

‘ত্বকের গণ্ডি পেরিয়ে মানুষটিকে দেখুন’ বা ‘লুক বিয়ন্ড মাই স্কিন’ প্রতিপাদ্য নিয়ে বিশ্ব সোরিয়াসিস দিবস উপলক্ষে বিএমইউতে বর্ণাঢ্য সচেতনতামূলক শোভাযাত্রা ও বৈজ্ঞানিক সেমিনারের আয়োজন করে সোরিয়াসিস অ্যাওয়ারনেস ক্লাব ও বাংলাদেশ ডার্মাটোলজিস্ট সোসাইটি।

সকালে বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি টিএসসি প্রদক্ষিণ করে ডি-ব্লক, সি-ব্লক ও কেবিন ব্লক হয়ে সুপার স্পেশালাইজড হাসপাতালে গিয়ে শেষ হয়। এতে বিশ্ববিদ্যালয়ের চর্ম ও যৌনরোগ বিভাগের শিক্ষক, চিকিৎসক, রেসিডেন্ট, কর্মকর্তা, নার্স ও কর্মচারীরা অংশ নেন।

পরে সুপার স্পেশালাইজড হাসপাতালের ৫০৭ নম্বর লেকচার হলে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়। এ সেমিনারে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমি, রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. মো. হালিমুর রশীদ এবং বিএমইউর পরিকল্পনা ও উন্নয়ন অফিসের পরিচালক অধ্যাপক ডা. এরফানুল হক সিদ্দিকী।

শোভাযাত্রায় বিএমইউর উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, চর্ম ও যৌনরোগ বিভাগের চেয়ারম্যান ও মেডিক্যাল টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ডা. এম আবু হেনা চৌধুরী, বাংলাদেশ ডার্মাটোলজিস্ট সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. মুহাম্মদ মুনীর রশিদ এবং সোরিয়াসিস সচেতনতা ক্লাবের সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সামিউল হকসহ সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক ও চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

সেমিনারে দেশের বিভিন্ন স্থান থেকে তিন শতাধিক চর্মরোগ বিশেষজ্ঞ অংশ নেন। তাদের মধ্যে অনেকে অনলাইনে যুক্ত হয়ে সোরিয়াসিসের চিকিৎসা ব্যবস্থাপনা ও আধুনিক চিকিৎসাপদ্ধতি নিয়ে আলোচনা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৪
মাগরিব ০৫:২১
ইশা ০৬:৩৩
সূর্যোদয় : ০৬:০৩ সূর্যাস্ত : ০৫:২১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%