বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং
১০:২৭ এম
রাজধানীকে পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সরকারের পাশাপাশি সাধারণ মানুষ, সামাজিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান ও রাজনৈতিক নেতাকর্মীদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান। তিনি উল্লেখ করেন, "সব সমস্যার সমাধান সরকারের একার পক্ষে সম্ভব নয়। নাগরিকদের সচেতনতা, আন্তরিকতা ও সহযোগিতা প্রয়োজন।" বর্জ্য সংগ্রহকারীদের নির্ধারিত সময়ে বাসাবাড়ি থেকে ময়লা নিতে হবে এবং অতিরিক্ত বিল আদায় করে জনভোগান্তি সৃষ্টি করা যাবে না।
বুধবার (১১ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর লালবাগের নবাবগঞ্জ রোডের সাত শহিদ সামাজিক অনুষ্ঠান কেন্দ্রে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অঞ্চল-৩-এর পরিচ্ছন্নতা কার্যক্রম বাস্তবায়ন ও পরিবীক্ষণ নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হামিদুর রহমান আরও বলেন, বিগত ১৭ বছর জেল-জুলুম ও নির্যাতন সহ্য করে বিএনপি আজ সরকার গঠন করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্ন মাদক ও সহিংসতামুক্ত, পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়ে তোলা। এ স্বপ্ন বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করতে হবে। ময়লার টেন্ডার প্রসঙ্গে তিনি বলেন, "একই ব্যক্তি রাজনৈতিক পদে থাকার পাশাপাশি ময়লার টেন্ডারসহ বিভিন্ন পদ-পদবিতে যুক্ত হতে চাইলে তা ঠিক নয়। সবার জন্য সমান সুযোগ থাকতে হবে।" প্রয়োজনে টেন্ডার পাওয়া ব্যক্তির সঙ্গে সমন্বয় করে কাজ তদারক করতে হবে।
তিনি আরও বলেন, পরিচ্ছন্নতাকর্মীদের উৎসাহিত করতে হবে, যাতে তারা রাস্তাঘাটে বর্জ্য না ফেলে পরিচ্ছন্নতা বজায় রাখেন। চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অনেকে মারা গেছেন। ময়লা-আবর্জনা ও জমে থাকা পানিতে মশার বিস্তার ঘটে। তাই সরকার, ডিএসসিসি, বাড়ির মালিক ও এলাকাবাসীকে সমন্বিতভাবে কাজ করতে হবে। নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলতে হবে। ড্রেনে ময়লা ফেলার কারণে অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। এ সমস্যা সমাধানে বিভিন্ন ওয়ার্ডে ডাস্টবিন স্থাপনের পরিকল্পনা রয়েছে। স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম চালানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, "প্রধানমন্ত্রীর নির্দেশনায় শুরু হওয়া এ কার্যক্রম যেন আলোচনা ও কাগজে-কলমে সীমাবদ্ধ না থাকে। জনগণকে সম্পৃক্ত করে ধারাবাহিকভাবে কাজ করতে হবে।"
বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক জান্নাতুল ফেরদৌস বলেন, গত ১৭ অক্টোবর প্রধানমন্ত্রী রাজধানীর বিভিন্ন এলাকা পরিদর্শন করে অপরিচ্ছন্নতা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। এরপর পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়। ২৭ অক্টোবর থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ড ও জোনে এ কার্যক্রম শুরু হয়েছে। দুই সিটি করপোরেশনের ২০টি অঞ্চলের আওতায় ২০টি কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটিতে রাজউক, স্কুল-কলেজ, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য শিক্ষা, ঢাকা ওয়াসাসহ বিভিন্ন সরকারি দপ্তর ও অধিদপ্তরের প্রতিনিধিরা রয়েছেন।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুববিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ বলেন, সরকার এ ধরনের উদ্যোগ নেওয়ায় ভালো হয়েছে। সরকার নীতিমালা তৈরি করলেও তা বাস্তবায়নে সবাইকে একত্র হতে হবে। এ ধরনের মতবিনিময় সভা নিয়মিত আয়োজন করা প্রয়োজন। এলাকার মাদক সমস্যা, জন্মনিবন্ধন, মৃত্যু সনদসহ নাগরিক সেবা এবং শিক্ষার্থীদের মধ্যে সচেতনতামূলক কার্যক্রম চালাতে হবে। সরকারি সংস্থাগুলোতে বিগত সময়ে তৈরি হওয়া অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনা দূর করতে সরকার ও জনগণকে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হতে হবে। ফুটপাতে ময়লার ঝুড়ি স্থাপনের পাশাপাশি নিয়ম অমান্যকারীদের জরিমানার ব্যবস্থাও করতে হবে।
সভায় সভাপতিত্ব করেন ডিএসসিসির অঞ্চল-৩-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আক্তার উননেছা শিউলী। উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মনির হোসেন চেয়ারম্যান, সাবেক যুগ্ম আহ্বায়ক ও ২৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোশাররফ হোসেন খোকন, লালবাগ থানা বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম আমিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউল আলম সুইট এবং ২৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম শ্যামল ও হাজারীবাগ থানার ওসি (তদন্ত) মোঃ শাহাদাত হোসেন। এ ছাড়া ঢাকা-৭ ও ঢাকা-১০ আসনের বিভিন্ন ওয়ার্ড ও থানা পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুমিল্লার মনোহরগঞ্জে অনুষ্ঠিত হয়েছে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার বাছাইপর্ব, যা হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজন করা হয়।
বুধবার (১১নভেম্বর) মনোহরগঞ্জ মডেল মসজিদ মিলনায়তনে ৩০টি হাফেজিয়া মাদরাসার ৩শতাধিক হাফেজ প্রতিযোগী অংশগ্রহণ করেন। এই প্রতিযোগিতার উদ্দেশ্য ছিল পবিত্র কোরআনের হাফেজদের প্রতিভা বিকাশ ও মূল পর্বে উন্নীত করা। উৎসবমুখর ও প্রতিযোগিতাপূর্ণ পরিবেশে বিচারকদের রায়ে ২৮ জন প্রতিযোগী জেলা পর্যায়ের চূড়ান্ত পর্বে যাওয়ার জন্য 'ইয়েসকার্ড' অর্জন করেন।
উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা মেধাবী হাফেজগণ তাদের তেলাওয়াতের নৈপুণ্য প্রদর্শন করেন। বিচারক মণ্ডলী কুরআন তিলাওয়াতের মান, তাজবিদ ও হিফজের পারদর্শিতা যাচাই করে ২৮ জন প্রতিযোগীকে পরবর্তী ধাপের জন্য নির্বাচিত করেন।
হুফফাজুল কুরআন ফাউন্ডেশন মনোহরগঞ্জ শাখার সভাপতি মাওঃ আব্দুল কাদের সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিপুর মাদরাসার মোহতামিম মাওলানা ওবায়দুল্লাহ, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মাওলানা হাসমত উল্লাহ, মাওলানা আহমদ উল্লাহ, সংগঠনটির কুমিল্লা জেলা সহ-সভাপতি মাওলানা সারাফাত করিম, কুমিল্লা জেলা সেক্রেটারি হাফেজ মোহাম্মদ উল্লাহ, মাওলানা নজির আহমদ, সহ-সভাপতি মনোহরগঞ্জ উপজেলা, মাওলানা লোকমান হোসাইন, সহ-সভাপতি মুফতি নিজাম উদ্দিন, মোহতামিম জামেয়াতুল আবার, হাফেজ মোঃ ইয়াসিন, সাধারণ সম্পাদক হাফেজ হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাও আজিম উদ্দিন,হাফেজ শামসুল আলম প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন মাওলানা নিজাম উদ্দিন।
আয়োজকরা জানান, তরুণ হাফেজদের উৎসাহিত করতে এবং পবিত্র কোরআনের নূর ছড়িয়ে দিতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। মনোহরগঞ্জ থেকে নির্বাচিত এই প্রতিযোগীগণ আগামীতে জেলা ও বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। তরুণ হাফেজদের এই সাফল্যে স্থানীয় আলেম সমাজ, অভিভাবক এবং বিভিন্ন মাদরাসার শিক্ষকবৃন্দ আনন্দ প্রকাশ করেছেন এবং তাদের সফলতা কামনা করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নতুন মোটরসাইকেল কেনার আগে ক্রেতারা ইঞ্জিনের ক্ষমতা, মাইলেজ, ডিজাইন ও দামসহ বিভিন্ন বিষয় বিবেচনা করেন। বাইকের চাকার ধরনও একটি গুরুত্বপূর্ণ বিষয়। বাজারে প্রচলিত স্পোক হুইল এবং অ্যালয় হুইলের মধ্যে বেশ কিছু পার্থক্য বিদ্যমান। স্থায়িত্ব, রক্ষণাবেক্ষণ, পাংচার এবং চালানোর সুবিধার দিক থেকে কোনটি এগিয়ে রয়েছে?
অ্যালয় হুইলের সুবিধা ও অসুবিধা
অ্যালয় হুইল সাধারণত অ্যালুমিনিয়ামসহ বিভিন্ন ধাতুর সংকর দিয়ে তৈরি করা হয়। এর তুলনামূলক হালকা গঠন বাইকের ওজন কমাতে সহায়তা করে। পাশাপাশি, বাইকের নিয়ন্ত্রণ ও চালানোর অভিজ্ঞতাতেও এটি ইতিবাচক প্রভাব ফেলে।
অ্যালয় হুইলের একটি উল্লেখযোগ্য সুবিধা হলো, উপযুক্ত রিমে টিউবলেস টায়ার ব্যবহার করা সম্ভব। এ ধরনের টায়ারে পেরেক বা ধারালো কিছু ঢুকে ছিদ্র হলে সাধারণত বাতাস দ্রুত বের হয়ে যায় না। ফলে নিরাপদ স্থানে পৌঁছানোর জন্য কিছুটা সময় পাওয়া যায়।
তবে অ্যালয় হুইলের কিছু সীমাবদ্ধতা রয়েছে। রাস্তার বড় গর্তে জোরে ধাক্কা লাগলে রিম বেঁকে যেতে পারে অথবা ফেটে যেতে পারে। ক্ষতির পরিমাণ বেশি হলে মেরামতের পরিবর্তে পুরো চাকা পরিবর্তন করতে হতে পারে, যা বাড়তি খরচের ঝুঁকি তৈরি করে।
স্পোক হুইলের সুবিধা ও অসুবিধা
স্পোক হুইলে কেন্দ্রীয় অংশের সঙ্গে একাধিক ধাতব তার যুক্ত থাকে, যা রিমকে ধরে রাখে। এই নকশার কারণে চাকা অসমান রাস্তা ও ধাক্কার চাপ তুলনামূলকভাবে ভালোভাবে সামলাতে সক্ষম। তাই অফরোড, পাহাড়ি পথ এবং অ্যাডভেঞ্চার রাইডিংয়ের ক্ষেত্রে স্পোক হুইল বেশ জনপ্রিয়।
এ ধরনের চাকার আরেকটি সুবিধা হলো, স্পোক কিংবা রিমের কোনো অংশ ক্ষতিগ্রস্ত হলে অনেক ক্ষেত্রে আলাদাভাবে মেরামত করা সম্ভব। ফলে পুরো চাকা পরিবর্তনের প্রয়োজন নাও হতে পারে।
তবে প্রচলিত স্পোক হুইলে সাধারণত টিউব টায়ার ব্যবহার করা হয়। ফলে পাংচার হলে টিউব মেরামত বা পরিবর্তন করতে হতে পারে। এ ছাড়া ব্যবহারের সঙ্গে সঙ্গে স্পোক ঢিলে হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। তাই নিয়মিত পরীক্ষা ও রক্ষণাবেক্ষণ প্রয়োজন। চাকার ফাঁকে কাদা-ময়লা জমার সমস্যা রয়েছে।
কোন ধরনের চাকা আপনার জন্য উপযোগী?
যারা মূলত শহরের পাকা রাস্তায় প্রতিদিন মোটরসাইকেল চালান, তাদের জন্য অ্যালয় হুইল একটি ভালো বিকল্প হতে পারে। বিশেষ করে টিউবলেস টায়ারের সুবিধা থাকায় পাংচারজনিত ভোগান্তি কিছুটা কমে।
অন্যদিকে, যারা নিয়মিত গ্রামের ভাঙাচোরা রাস্তা, পাহাড়ি পথ কিংবা অফরোডে মোটরসাইকেল চালান, তাদের জন্য স্পোক হুইল বেশি উপযোগী হতে পারে। ধাক্কা সামলানোর সক্ষমতা এবং মেরামতের সুবিধা এ ক্ষেত্রে বাড়তি সুবিধা প্রদান করে।
তবে মনে রাখতে হবে, সব স্পোক হুইলে টিউব টায়ার ব্যবহার করতে হয় না। বর্তমানে বিশেষভাবে তৈরি টিউবলেস স্পোক হুইলও পাওয়া যায়। তাই মোটরসাইকেল কেনার আগে চাকার ধরন, টায়ারের প্রযুক্তি, মেরামতের সুবিধা এবং নিজের ব্যবহারের ধরন বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া উচিত।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুমিল্লার লাকসামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের অঙ্গসংগঠন যুবলীগ ও ছাত্রলীগের ১০ নেতাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। বুধবার কুমিল্লার আদালতে হাজির করার পর সন্ত্রাস বিরোধী আইনে দায়ের হওয়া মামলায় বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। তাদের গ্রেপ্তার করা হয় লাকসাম পৌরশহরের বিভিন্ন ওয়ার্ড এবং উপজেলার বিভিন্ন গ্রাম থেকে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন, লাকসাম পৌরশহরের কুন্দ্রা গ্রামের ইসহাক মিয়ার ছেলে ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম (৩৮), গাজীমুড়া গ্রামের আবদুল মজিদের ছেলে ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি হারুনুর রশীদ (৪৬), উত্তরকূল গ্রামের মৃত গোলাম রাব্বানীর ছেলে ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম (৩২), বাকই ইউনিয়নের তারাপুর গ্রামের মৃত আবদুল মান্নানের ছেলে ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আকতার হোসেন (৪০), এবং কান্দিরপাড় ইউনিয়নের ইরুয়াইন (টঙ্গিরপাড়) গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. হানিফ (৪৪)।
এছাড়াও, আজগরা ইউনিয়নের ঘাঁটার গ্রামের সামছুল হুদার ছেলে ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি শফিউল ইসলাম স্বপন (৪৩), বাকই ইউনিয়নের তারাপুর গ্রামের আবদুল হামিদের ছেলে ৪ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো. রাসেল (৩৮), মুদাফরগঞ্জ (উত্তর) ইউনিয়নের পাশাপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি আরিফুল ইসলাম (২০), নগরীপাড়া গ্রামের মৃত মিজানুর রহমানের ছেলে একই ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মুশফিকুর রহমান মানিক (২২) এবং গোবিন্দপুর ইউনিয়নের বেতিহাটি গ্রামের আমিনুল হকের ছেলে ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সুমন (৩০) অন্তর্ভুক্ত রয়েছেন।
লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামরুন্নাহার লাইলী জানিয়েছেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এবং যুবলীগের নেতা-কর্মীরা লাকসাম পৌরশহরের পূর্ব বাজারের গন্ডামারা জবাইখানা এলাকার সড়কে সমবেত হয়ে রাষ্ট্র ও সরকার বিরোধী কর্মকাণ্ড এবং নাশকতার পরিকল্পনা করছিল। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা পালিয়ে যায়। পরে অভিযান চালিয়ে লাকসাম পৌরশহরের বিভিন্ন ওয়ার্ড এবং উপজেলার বিভিন্ন গ্রাম থেকে তাদের আটক করা হয়।
তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে ২০০৯ (সংশোধনী ২০১৩) লাকসাম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পঞ্চগড়ের তেঁতুলিয়া, যা হিমালয়ের পাদদেশে অবস্থিত, সেখানে শীতের অনুভূতি বৃদ্ধি পাচ্ছে। ভোরের কুয়াশা, উত্তরের হিমেল বাতাস এবং সন্ধ্যার দিকে ঠান্ডা অনুভূতি বৃদ্ধি পাচ্ছে। গত এক দিনের মধ্যে এখানে সর্বনিম্ন তাপমাত্রা ১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস কমে গেছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আগের দিন বুধবার এ তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
স্থানীয় বাসিন্দাদের মতে, দিনের বেলায় সূর্যের আলোতে কিছুটা উষ্ণতা থাকলেও বিকেলের পর থেকে ঠান্ডা অনুভূতি বাড়তে থাকে। বিশেষ করে গভীর রাত এবং ভোরের সময় শীতের অনুভূতি বেশি প্রকট হচ্ছে। শীতের এই পরিস্থিতি উপেক্ষা করে জীবিকার তাগিদে কাজে বের হচ্ছেন দিনমজুর, চা ও পাথরশ্রমিক, ভ্যানচালক এবং কৃষকরা।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানিয়েছেন, হিমালয় ও কাঞ্চনজঙ্ঘা পর্বতাঞ্চলের নিকটবর্তী অবস্থানের কারণে উত্তরের হিমেল বাতাস এবং হালকা কুয়াশার প্রভাবে তাপমাত্রা কমে যাচ্ছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে বাতাসের আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ