০৪:১১ এম
ইয়েমেনের সরকার সশস্ত্র গোষ্ঠী হুথিদের কাছ থেকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাল আল-মান্দেব প্রণালীর উপকূলীয় এলাকা এবং মোখা বন্দরনগরী নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে।
সৌদি আরব সমর্থিত ইয়েমেনের সরকার সোমবার (৫ অক্টোবর) জানিয়েছে, তারা বাব আল-মান্দেব প্রণালীর নিকটবর্তী গুরুত্বপূর্ণ অবস্থানগুলো নিয়ন্ত্রণে নিয়েছে। আল জাজিরার খবর অনুযায়ী, তারা জানায়, বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহের জন্য একটি প্রধান পথ হিসেবে পরিচিত এই কৌশলগত জলপথ থেকে ইরান-সমর্থিত হুথিদের হটানোর উদ্দেশ্যে এই অভিযান পরিচালিত হচ্ছে। পাশাপাশি, ইয়েমেনের রাজধানী সানায়ও ‘কৌশলগত আক্রমণ’ শুরু হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে সামরিক বাহিনী জানিয়েছে, মোখার নিকটবর্তী বেশ কয়েকটি ফ্রন্টে লড়াই হয়েছে, যেখানে বেশ কিছু হুথি যোদ্ধা নিহত ও আহত হয়েছে।
আরও পড়ুন: জিমিন সেজে ৬৮ বছর বয়সী ব্রাজিলীয় নারীর কাছ থেকে অর্থ হাতিয়ে নিল প্রতারক
সামরিক সূত্রগুলো জানায়, বেশ কয়েকজন হুথি যোদ্ধাকে আটক করা হয়েছে, তবে হতাহতের সঠিক সংখ্যা উল্লেখ করা হয়নি।
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ এবং হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার পরিস্থিতির মধ্যে হুথিরা সৌদি আরব-সমর্থিত ইয়েমেনি সরকারের বিরুদ্ধে পুনরায় সংঘাত শুরু করেছে।
সেপ্টেম্বরে এক অভিযানের মাধ্যমে গোষ্ঠীটি পশ্চিমাঞ্চলীয় তাইজ প্রদেশের মোখা এবং পরে বাব আল-মান্দেব প্রণালীর আশপাশের এলাকা দখলে নিয়েছিল।
সোমবারের শুরুতে ইয়েমেনি সরকারি বাহিনী জানিয়েছে, তারা ওই প্রদেশের ধুবাব জেলা এবং প্রণালীর নিকটবর্তী গুরুত্বপূর্ণ অবস্থানগুলো পুনরুদ্ধার করেছে।
আরও পড়ুন: দুই বছর কেক-বিস্কুট খেয়ে বাড়িতে একা থেকেও স্কুলে যেত ৭ বছরের শিশু
২০১৪ সাল থেকে ইয়েমেনের রাজধানী এবং দেশের ঘনবসতিপূর্ণ উত্তর-পশ্চিমাঞ্চলের বড় একটি অংশ হুথিদের নিয়ন্ত্রণে রয়েছে।
ধুবাবের লড়াই সম্পর্কে সরকারি বার্তা সংস্থা সাবাতে প্রকাশিত এক বিবৃতিতে সৌদি-সমর্থিত ইয়েমেনি সামরিক বাহিনী জানিয়েছে, হোমল্যান্ড শিল্ড ফোর্সেস এবং জায়ান্টস ব্রিগেড যৌথভাবে ওই জেলার বিভিন্ন এলাকায় হুথি মিলিশিয়াদের অবস্থান ও গতিবিধি লক্ষ্য করে বড় আকারের সামরিক অভিযান পরিচালনা করেছে।
সেনাবাহিনীর নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র সাবাকে জানিয়েছে, অভিযান চলাকালে তারা সামনে এগিয়ে গুরুত্বপূর্ণ অবস্থানগুলো দখল করে নেয় এবং বাব আল-মান্দেবগামী সড়ক ও সরবরাহ লাইন বিচ্ছিন্ন করে দেয়।
আরও পড়ুন: বাংলার কূটনৈতিক প্রতিনিধিদল চীনকে জিরাফ উপহার দিল
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন