০৫:৪৬ পি.এম
নড়াইলের কালিয়ায় নিখোঁজের তিনদিন পর পুলিশ অনিক মোল্যা ওরফ উসমান (১৫) নামের এক কিশোর ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে। এই ঘটনার সঙ্গে জড়িত রিহাদ বিশ্বাস (১৫) নামের আরেকজন আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলার পেড়লিস্থান এলাকায় চিত্রা নদীর ত্রিমোহনা থেকে ভাসমান মরদেহটি উদ্ধার করা হয়।
অনিক মোল্যা সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামের সাপু মোল্যার ছেলে। অপর ভ্যানচালক রিহাদ বিশ্বাস কালিয়া উপজেলার সুমেরুখোলা গ্রামের আরবি বিশ্বাসের সন্তান, যিনি ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুন: পলাতক স্বৈরাচার দেশে ফিরতে পারবে না: জাহেদ উর রহমান
বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. আল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, গত বুধবার (২৫ নভেম্বর) অনিক বাড়ি থেকে ভ্যান নিয়ে পার্শ্ববর্তী রঘুনাথপুর বাজারে যায়। এ সময় অনিক ও পাশের গ্রামের ভ্যানচালক রিহাদ বিশ্বাস যাত্রী নিয়ে পেড়লিস্থানের দিকে রওনা হন। এরপর থেকে দুই চালক নিখোঁজ হন। ওই রাতেই গুরুতর অবস্থায় স্থানীয়রা রিহাদকে পেড়লিস্থান থেকে উদ্ধার করে। পরে উন্নত চিকিৎসার জন্য প্রথমে খুলনা মেডিকেলে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে রিহাদ অচেতন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে তিনদিন পর আজ দুপুরে একই এলাকা থেকে অনিকের ভাসমান অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। নিহতের স্বজন ও জেলা পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছেন, ভ্যান ছিনিয়ে নিতেই এই ঘটনা ঘটতে পারে।
ভুক্তভোগী দুই পরিবারের স্বজনরা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
আরও পড়ুন: ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ডিএমপিতে ৭,৬১২টি মামলা
বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. আল আমিন সময় সংবাদকে বলেন, ‘দুপুরে জরুরি সেবা ৯৯৯ এ কলের মাধ্যমে জানতে পারি পেড়লিস্থানের চিত্রা নদীর মোহনায় একটি মরদেহ ভাসমান অবস্থায় দেখা গেছে। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় অর্ধগলিত মরদেহটি উদ্ধার করি। নিহতের স্বজনরা মরদেহটির পরিচয় শনাক্ত করেছেন।
প্রাথমিক সুরতহালে অনিকের শরীরে একাধিক ধারালো অস্ত্রের কোপের চিহ্ন পাওয়া গেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন