শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং
০৬:০৪ পি.এম
রাজশাহীর গোদাগাড়ীতে অটোরিকশাচালক সিহাব রানা (১৬) হত্যার সাথে জড়িত চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার জয়নগর মীরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় এবং হত্যায় ব্যবহৃত হাতুড়ি ও ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধার করা হয়। শুক্রবার (১৩ নভেম্বর) সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন, গোদাগাড়ীর লস্করহাটী গ্রামের ইব্রাহিম আলীর ছেলে হাবিবুল বাসার শিমুল, তার স্ত্রী জোহুরা, চাঁপাইনবাবগঞ্জ সদরের জয়নগর মীরপাড়ার বাসিন্দা সুজন এবং চাঁপাইনবাবগঞ্জ সদরের বাগানপাড়ার মতিউর রহমানের ছেলে আবদুল হালিম।
রাজশাহী জেলা পুলিশের মিডিয়া সেলের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন জানান, গত ২৭ অক্টোবর বিকেলে সিহাব বাড়ি থেকে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বের হন। রাত ৮টার দিকে অভিযুক্ত হাবিবুল বাসার শিমুল ২০০ টাকা ভাড়ায় দিগ্রামে যাওয়ার প্রস্তাব দিয়ে অটোতে ওঠেন। পূর্বপরিকল্পনা অনুযায়ী মোহনপুর ইউনিয়নের কলিপুর গ্রামে গোদাগাড়ী-আমনুরা সড়কের পশ্চিম পাশে পৌঁছালে শিমুল পেছন থেকে সিহাবের মাথায় লোহার হাতুড়ি দিয়ে পরপর দুটি আঘাত করেন। মৃত্যুর পর মরদেহ রাস্তার পাশের ধানক্ষেতে ফেলে অটো নিয়ে পালিয়ে যান তিনি।
ছেলের সন্ধান না পেয়ে ২৮ অক্টোবর গোদাগাড়ী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন সিহাবের বাবা সোহেল রানা। ৩১ অক্টোবর সকাল ৮টার দিকে কলিপুর গ্রামের ওই ধানক্ষেত থেকে সিহাবের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।
পরদিন ১ নভেম্বর সোহেল রানা বাদী হয়ে গোদাগাড়ী মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গাজীপুরের পূবাইলে অতিরিক্ত ধোঁয়ার কারণে আন্তঃনগর এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে গেছে। এর ফলে, চট্টগ্রাম বন্দরনগরী এবং রাজধানী ঢাকা মধ্যে রেল যোগাযোগ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে রয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় রেলওয়ে সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ফেনীর ছাগলনাইয়া উপজেলার ১০ নং ঘোপাল ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সাতানী পাড়ায় প্রায় তিন বছর ধরে ভাঙা অবস্থায় পড়ে রয়েছে মোহাম্মদ আলী সড়কের একটি গুরুত্বপূর্ণ ব্রিজ। দীর্ঘদিনেও সংস্কার না হওয়ায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী। প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে তাদের।
স্থানীয়দের অভিযোগ,নির্বাচনের আগে ৭ নং ওয়ার্ডের রাস্তাঘাট, কালভার্ট ও নদীভাঙনসহ বিভিন্ন সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়েছিলেন। একই প্রতিশ্রুতি সামনে রেখে ঘোপাল ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরাও নির্বাচনের আগে ঘরে ঘরে গিয়ে ভোট চেয়েছিলেন।
তবে নির্বাচনের পর ৮-৯ মাস পেরিয়ে গেলেও রাস্তাঘাট, কালভার্ট সংস্কার কিংবা নদীভাঙন প্রতিরোধে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। এতে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। বিশেষ করে ভাঙা ব্রিজটি এখন দুর্ভোগের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয়রা জানান, এর আগেও সাবেক চেয়ারম্যান আজিজুল হক ও আজিজুল হক মানিক একই ধরনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। বিএনপি সরকার ক্ষমতায় এলে সমস্যার সমাধান হবে বলে প্রত্যাশা করেছিলেন তারা। কিন্তু সেই প্রত্যাশা এখনো পূরণ হয়নি।
এলাকাবাসী হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগে রাস্তাঘাট, কালভার্ট ও নদীভাঙন সমস্যার দৃশ্যমান সমাধান না হলে প্রার্থী বাছাইয়ে কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে। সমস্যা সমাধান না হলে কোনো মেম্বার-চেয়ারম্যানকেই ভোট না দেওয়ার কথাও জানান তারা।
এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন সাজ্জাত আলম, যুগ্ম সাধারণ সম্পাদক, ফেনী সরকারি কলেজ ছাত্রদল; সাহাদাত হোসেন পাটোয়ারী, সহ-সভাপতি, ১০ নং ঘোপাল ইউনিয়ন ছাত্রদল এবং স্থানীয় ব্যবসায়ী আবুল কালাম আজাদ। তারা দ্রুত ব্রিজ সংস্কারসহ সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও নদীভাঙন প্রতিরোধে কার্যকর পদক্ষেপের দাবি জানান।
এলাকাবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সরেজমিন পরিদর্শন করে ভাঙা ব্রিজসহ ৭ নং ওয়ার্ডের সমস্যাগুলোর স্থায়ী সমাধানে উদ্যোগ নেবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে যাত্রীদের ব্যাগেজের আড়ালে স্বর্ণ ও স্মার্টফোন চোরাচালানের প্রবণতা রোধে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি) কঠোর অবস্থানে রয়েছে। এরই ধারাবাহিকতায় ১২ নভেম্বর কাস্টমস গোয়েন্দার এ-শিফটের আওতায় পৃথক তিনটি অভিযানে ৪৭১ গ্রাম স্বর্ণের বার ও ৩৫টি স্মার্টফোনসহ মোট ১ কোটি ১২ লাখ ৭৬ হাজার ৮৩৪ টাকা মূল্যের চোরাচালানের বিভিন্ন পণ্য আটক করা হয়েছে।
কাস্টমস গোয়েন্দা সূত্র জানায়, গত ১২ নভেম্বর বিমানবন্দর এলাকায় পৃথক তিনটি অভিযান পরিচালিত হয়। প্রথম অভিযানে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যাংকক থেকে ঢাকাগামী (BS218) ফ্লাইটে আগত যাত্রী মো. আবুল হোসেনের ব্যাগেজ তল্লাশি করে ১৭১ গ্রাম স্বর্ণের বার, কসমেটিকস, খাদ্যদ্রব্য ও ওষুধ জব্দ করা হয়। আটককৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩৫ লাখ ৭০ হাজার টাকা।
দ্বিতীয় অভিযানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যাংকক থেকে ঢাকাগামী (BG389) ফ্লাইটে আসা যাত্রী শাহ আলম আজিজের ব্যাগেজ থেকে ৩০০ গ্রাম স্বর্ণের বার, স্যামসাং, অনার ও রিয়েলমি ব্র্যান্ডের ৩৫টি স্মার্টফোন, ৩৬ কেজি সাবান এবং ৬.৩৭৫ কেজি কসমেটিকস জব্দ করা হয়। এ সময় ব্যাগেজ বিধিমালা অনুযায়ী ১০০ গ্রাম স্বর্ণের বার ছাড় দিয়ে অতিরিক্ত পণ্য ও স্বর্ণ আটক করা হয়, যার আনুমানিক মূল্য ৫৫ লাখ ৩০ হাজার টাকা।
একই ফ্লাইটে আগত আরেক যাত্রী উম্মা হানির ব্যাগেজ থেকে ২০০ গ্রাম স্বর্ণের বার ও ৪০.৪৮ কেজি সাবান পাওয়া যায়। নিয়ম অনুযায়ী ১০০ গ্রাম স্বর্ণের বার বাদে বাকি স্বর্ণ ও অতিরিক্ত পণ্য জব্দ করা হয়। আটককৃত এসব পণ্যের আনুমানিক মূল্য ২১ লাখ ৭৭ হাজার টাকা।
সংশ্লিষ্টরা জানান, সম্প্রতি ছোট ছোট চালানে স্বর্ণ ও স্মার্টফোন আনার প্রবণতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে, যা মূলত ক্রমবর্ধমান চোরাচালান ঝুঁকির ইঙ্গিত দেয়। যদিও এসব চালান পৃথকভাবে ছোট মনে হচ্ছে, তবে একত্রিত হয়ে বড় ধরনের রাজস্ব ফাঁকির ঝুঁকি তৈরি করতে পারে। এসব ঘটনার সঙ্গে কোনো সংঘবদ্ধ চক্র জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
সরকারি রাজস্ব সুরক্ষা ও চোরাচালানের পরিবর্তিত কৌশল মোকাবিলায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের গোয়েন্দা নজরদারি এবং অভিযান আগামীতেও কঠোরভাবে অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বলিউডের বর্ষীয়ান অভিনেতা টিনু আনন্দ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে আইসিইউতে ভর্তি ছিলেন। চিকিৎসা শেষে চিকিৎসকরা তাকে বাড়িতে ফিজিওথেরাপি নেয়ার পরামর্শ দিয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে প্রকাশিত তথ্য অনুযায়ী, ৮১ বছর বয়সী এই অভিনেতা হঠাৎ দুর্ঘটনার শিকার হয়ে পাজরে গুরুতর আঘাত পান। এর ফলে তার পাজরের পাঁচটি হাড়ে চিড় ধরে।
সূত্রে জানা যায়, পাজরের একটি চিড় ধরা হাড় অভিনেতার ফুসফুসে ক্ষত সৃষ্টি করে। দ্রুত হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসকরা প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসা সেবা প্রদান করেন। আইসিইউতে চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণের পর টিনু এখন বাড়িতে ফিরেছেন।
তবে তার শারীরিক অবস্থার এখনও উন্নতি হয়নি। আপাতত বিপদ থেকে মুক্তি পেলেও সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে অভিনেতার জন্য বেশ কিছুটা সময় লাগবে। চোটের কারণে দৈনন্দিন কাজকর্মে যথেষ্ট অসুবিধা হচ্ছে তার। বিছানা থেকে ওঠা-বসা, এমনকি শোয়ার মতো সাধারণ কাজও এখন তার জন্য বেশ যন্ত্রণাদায়ক হয়ে দাঁড়িয়েছে।
এ কারণে চিকিৎসকরা তাকে সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত বাড়ির বাইরে বেরোতে নিষেধ করেছেন। সেইসাথে প্রয়োজনীয় চিকিৎসা ও ফিজিওথেরাপি চলমান রাখার পরামর্শ দিয়েছেন।
সর্বশেষ টিনু আনন্দ রাম চরণ ও জাহ্নবী কপূর অভিনীত ‘পেদ্দি’ সিনেমায় অভিনয় করেছেন। ওই সিনেমায় তিনি ক্রীড়ামন্ত্রী বিষ্ণুকান্ত তিওয়ারির চরিত্রে দেখা গিয়েছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ