ঢাকা সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬ইং ১৭ই কার্তিক, ১৪৩২বাং

ঢাকায় আজ বাতাস ‘অস্বাস্থ্যকর’, বায়ুমান স্কোর ১৬৭


ঢাকায় আজ বাতাস ‘অস্বাস্থ্যকর’, বায়ুমান স্কোর ১৬৭

নগরীর বাতাস দিন দিন বিষাক্ত হয়ে উঠছে। রাজধানী ঢাকা বিশ্বের দূষিত শহরের তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছে।

রোববার (১ নভেম্বর) সকালে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, মেগাসিটি ঢাকা বর্তমানে চতুর্থ অবস্থানে রয়েছে। শহরের বায়ুমানের স্কোর ১৬৭, যা অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত।

তালিকার শীর্ষে থাকা পাকিস্তানের লাহোর শহরের বায়ুমানের স্কোর ৪৪৮। দ্বিতীয় অবস্থানে উজবেকিস্তানের রাজধানী তাশখন্দ ১৯৭ স্কোর নিয়ে রয়েছে, তৃতীয় অবস্থানে পাকিস্তানের করাচি শহরের স্কোর ১৭৩ এবং পঞ্চম স্থানে থাকা ইরাকের রাজধানী বাগদাদের স্কোর ১৫৯।

আরও পড়ুন: মিরপুরে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের স্বীকারোক্তি দিয়ে ফেসবুকে পোস্ট, যুবক আটক

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বাতাসের মান ভালো বলে ধরা হয়। ৫১ থেকে ১০০ হলে তা মাঝারি বা সহনীয়। সূচক ১০১ থেকে ১৫০ হলে এটি সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ হলে এটি অস্বাস্থ্যকর হিসেবে গণ্য।

এছাড়া, ২০১ থেকে ৩০০ পর্যন্ত স্কোর খুব অস্বাস্থ্যকর এবং ৩০০-এর বেশি হলে বাতাসের মান বিপজ্জনক বা দুর্যোগপূর্ণ হিসেবে ধরা হয়।

বায়ুদূষণ বৃদ্ধি পাওয়ার ফলে সবচেয়ে বেশি স্বাস্থ্যঝুঁকিতে থাকে শিশু, বয়স্ক ব্যক্তি এবং শ্বাসকষ্ট ও হৃদরোগে আক্রান্ত ব্যক্তিরা। এই অবস্থায় দূষিত বাতাসে দীর্ঘক্ষণ বাইরে অবস্থান না করার পরামর্শ দেয়া হচ্ছে। একান্ত প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া এড়িয়ে চলার পাশাপাশি বাইরে গেলে উপযুক্ত মাস্ক ব্যবহার করা জরুরি।

আরও পড়ুন: সোমবার রাজধানীর বিভিন্ন মার্কেট ও দোকানপাট বন্ধ থাকবে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রের নির্বাচনে রেকর্ডসংখ্যক মুসলিম প্রার্থী, সিনেটে ইতিহাস গড়ার সম্ভাবনা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

১০:২৬ এম


যুক্তরাষ্ট্রের নির্বাচনে রেকর্ডসংখ্যক মুসলিম প্রার্থী, সিনেটে ইতিহাস গড়ার সম্ভাবনা

যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী নির্বাচনে মুসলিম আমেরিকান প্রার্থীদের সংখ্যা রেকর্ড পরিমাণে বেড়ে গেছে। মুসলিম নেটওয়ার্ক টিভির তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে দেশে অন্তত ৫১ জন মুসলিম প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁদের মধ্যে ১১ জন কংগ্রেসের নির্বাচনে অংশগ্রহণ করছেন। বাকি ৩৯ জন অঙ্গরাজ্যের আইনসভা, কাউন্টি ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন পদে লড়ছেন। অধিকাংশ প্রার্থী ডেমোক্র্যাট দলের সদস্য।

মিশিগানের সিনেট নির্বাচনে সবচেয়ে বেশি মনোযোগ আকর্ষণ করছে। সেখানে ডেমোক্র্যাট প্রার্থী আবদুল এল-সায়েদ, যিনি একজন চিকিৎসক এবং ডেট্রয়েটের সাবেক স্বাস্থ্য কর্মকর্তা, রিপাবলিকান দলের সাবেক কংগ্রেসম্যান মাইক রজার্সের বিরুদ্ধে লড়াই করছেন। নির্বাচিত হলে এল-সায়েদ যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর হওয়ার গৌরব অর্জন করবেন।

প্রতিনিধি পরিষদের নির্বাচনে পরিচিত মুসলিম রাজনীতিকদের মধ্যে রয়েছেন ইলহান ওমর, রাশিদা তালিব এবং আন্দ্রে কারসন। এছাড়া, প্রাইমারি নির্বাচনে জয়ী হয়ে মূল নির্বাচনে অংশগ্রহণের জন্য বেশ কয়েকজন নতুন মুসলিম প্রার্থী জায়গা করে নিয়েছেন।

তবে এবারের নির্বাচনে মুসলিম প্রার্থীদের ধর্মীয় পরিচয় রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। মিশিগানের প্রার্থী আবদুল এল-সায়েদকে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ‘জিহাদি’ বলে আক্রমণ করেছেন। ট্রাম্প এল-সায়েদের বিরুদ্ধে মুসলিম ব্রাদারহুডের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগও তুলেছেন। তবে এল-সায়েদ এসব অভিযোগ অস্বীকার করেছেন। অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে মুসলিম ব্রাদারহুডের সঙ্গে তাঁর সম্পর্কের কোনো প্রমাণ পাওয়া যায়নি।

এদিকে, কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনসের (কেয়ার) ২০২৬ সালের হিসাব অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ২৬টি অঙ্গরাজ্যে নির্বাচিত মুসলিম কর্মকর্তাদের সংখ্যা অন্তত ২৫৫ জন, যাদের মধ্যে ১১০ জন নারী।

এবারের নির্বাচনে মুসলিম প্রার্থীদের সাফল্য কেমন হয়, বিশেষ করে আবদুল এল-সায়েদ সিনেট নির্বাচনে জয়ী হয়ে ইতিহাস গড়তে পারেন কি না, সেদিকেই ভোটারদের নজর। তাঁদের সাফল্য যুক্তরাষ্ট্রের রাজনীতিতে মুসলিম আমেরিকানদের প্রতিনিধিত্ব আরও বৃদ্ধি করতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দক্ষিণাঞ্চলে অবৈধ ট্রলিংয়ে ধ্বংস হচ্ছে কোটি কোটি মাছের রেণু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

১০:২৬ এম


দক্ষিণাঞ্চলে অবৈধ ট্রলিংয়ে ধ্বংস হচ্ছে কোটি কোটি মাছের রেণু

দক্ষিণাঞ্চলের নদ-নদী ও উপকূলীয় জলসীমায় অবৈধ ট্রলিং পদ্ধতিতে মাছ শিকারের কারণে কোটি কোটি মাছের রেণু ও পোনা ধ্বংস হয়ে যাচ্ছে। নিষিদ্ধ ও ক্ষতিকর জাল ব্যবহার করে নির্বিচারে মাছ আহরণের ফলে মাছের প্রজনন ও বংশবিস্তারের সুযোগ ক্রমাগত হ্রাস পাচ্ছে। এর ফলে সামগ্রিক মৎস্যসম্পদে নেতিবাচক প্রভাব পড়ছে। অবৈধ ট্রলিং যদি এভাবে চলতে থাকে, তাহলে দক্ষিণাঞ্চলের উপকূলীয় নদ-নদী ও সাগর মাছশূন্য হয়ে পড়ার আশঙ্কা করছেন মৎস্য খাতসংশ্লিষ্টরা। তাই মৎস্যসম্পদ রক্ষায় জরুরি ভিত্তিতে এ পদ্ধতিতে মাছ ধরা বন্ধের দাবি উঠেছে।

এমন পরিস্থিতির মধ্যে বরগুনার পাথরঘাটায় দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ২১ জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৫টার দিকে বিষখালী নদীর নীলিমা পয়েন্টসংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বোট দুটি জব্দ করা হয়।

কোস্টগার্ড সূত্রে জানা গেছে, জব্দ করা বোট দুটিতে তল্লাশি চালানোর সময় প্রায় ১৭টি বেহুন্দী জাল, চারটি উইংস, দুটি ডেরিক ও চারটি ট্রলডোর উদ্ধার করা হয়। এ সময় বোটে থাকা ২১ জেলেকে আটক করা হয়। পরে আটক জেলে এবং জব্দ করা বোট, জাল ও ট্রলিং সরঞ্জাম আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মৎস্যসম্পদ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তবে স্থানীয় মৎস্য খাতসংশ্লিষ্টদের অভিযোগ, পাথরঘাটায় দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র প্রভাবশালী ব্যক্তিদের নেতৃত্বে অবৈধ ট্রলিং পদ্ধতিতে মাছ শিকার করে আসছে। তাদের অভিযোগ, মাসুম কোম্পানির নেতৃত্বে পরিচালিত একটি চক্র এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। দীর্ঘদিন ধরে এভাবে মাছ আহরণ চলতে থাকায় নদী ও সাগরের মাছের প্রজননক্ষেত্র এবং ছোট মাছের বংশবিস্তার মারাত্মক হুমকির মুখে পড়ছে বলে স্থানীয়দের দাবি।

জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী অবৈধ ট্রলিং বন্ধে জরুরি পদক্ষেপ নেওয়ার পক্ষে মত দিয়েছেন। তিনি বলেন, এ ধরনের ক্ষতিকর পদ্ধতিতে মাছ ধরার কারণে শুধু বড় মাছ নয়, বিপুল পরিমাণ রেণু ও পোনা ধ্বংস হচ্ছে। এতে ভবিষ্যতের মাছের মজুত কমে যাচ্ছে। বৈধভাবে মাছ আহরণকারী সাধারণ জেলে ও ট্রলার মালিকরাও এর ক্ষতির শিকার হচ্ছেন।

তিনি আরও বলেন, মৎস্যসম্পদ রক্ষা করতে হলে অবৈধ ট্রলিংয়ের বিরুদ্ধে নিয়মিত ও কার্যকর অভিযান পরিচালনা করতে হবে। শুধু বোট আটক করলেই হবে না, এর পেছনে যারা অর্থ জোগান দেয়, পরিচালনা করে এবং নিষিদ্ধ সরঞ্জাম ব্যবহার করে, তাদেরও আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি নদী ও সাগরে নজরদারি বাড়াতে হবে, যাতে অভিযান শেষ হওয়ার পর আবারও একই কর্মকাণ্ড শুরু না হয়।

সংশ্লিষ্টদের মতে, অবৈধ ট্রলিংয়ের ক্ষতি তাৎক্ষণিকভাবে দৃশ্যমান না হলেও এর দীর্ঘমেয়াদি প্রভাব ভয়াবহ। মাছের রেণু ও পোনা ধ্বংস হওয়ার অর্থ হচ্ছে ভবিষ্যতের মাছের উৎপাদন নষ্ট করা। এতে একদিকে যেমন মৎস্যসম্পদের প্রাকৃতিক ভারসাম্য বিঘ্নিত হচ্ছে, অন্যদিকে জীবিকা হারানোর ঝুঁকিতে পড়ছেন উপকূলের হাজার হাজার জেলে পরিবার।

তাদের দাবি, অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট ও ক্ষতিকর জালের বিরুদ্ধে দক্ষিণাঞ্চলের নদ-নদী এবং উপকূলীয় জলসীমায় সমন্বিত অভিযান চালাতে হবে। একই সঙ্গে অবৈধ ট্রলিংয়ের সঙ্গে জড়িত চক্রের অর্থের উৎস, বোটের মালিকানা ও পরিচালনাকারীদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

মৎস্যসম্পদ রক্ষায় এখনই কার্যকর উদ্যোগ না নিলে ভবিষ্যতে উপকূলীয় অঞ্চলের জেলেদের জীবিকা, দেশের সামুদ্রিক মৎস্য উৎপাদন এবং সামগ্রিক অর্থনীতি বড় ধরনের সংকটে পড়তে পারে। তাই প্রশ্ন শুধু অবৈধ ট্রলিং বন্ধের নয়, বরং দক্ষিণাঞ্চলের মৎস্যসম্পদের অস্তিত্ব রক্ষার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হ্যালোইনে রহস্যময় লুকে ধরা দিলেন অপু বিশ্বাস

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

১০:২৭ এম


হ্যালোইনে রহস্যময় লুকে ধরা দিলেন অপু বিশ্বাস

বিশ্বজুড়ে হ্যালোইন উৎসব উদযাপিত হয়েছে। দেশের শোবিজ অঙ্গনেও এই উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। সেই আবহে ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস এবার একেবারে ভিন্ন ও রহস্যময় সাজে ধরা দিয়েছেন। তার গথিক ধাঁচের নতুন লুক ইতোমধ্যে ভক্ত-অনুরাগীদের নজর কেড়েছে।

সামাজিকমাধ্যমে প্রকাশিত ছবিগুলোতে অপু বিশ্বাসকে কালো লেসের স্লিট গাউনে দেখা গেছে। ঝুলন্ত ল্যাম্পের নিচে সোফায় শুয়ে থাকা তার মোহময়ী ভঙ্গি ছবিগুলোতে এক রহস্যময় আবহ তৈরি করেছে। অন্য একটি ছবিতে প্রাচীন ধাঁচের লণ্ঠন হাতে ক্যামেরার দিকে তাকিয়ে থাকতে দেখা যায় এই অভিনেত্রীকে।

অপুর এই ব্যতিক্রমী সাজে বিশেষ মাত্রা যোগ করেছে গাঢ় লাল লিপস্টিক, গাঢ় মেকআপ ও ক্লাসিক ওয়েভ হেয়ারস্টাইল। চোখের কনটাক্ট লেন্সও তার চেহারায় ভিন্নতা এনেছে। সব মিলিয়ে, চেনা অপু বিশ্বাসকে যেন দেখা গেল এক অচেনা, গথিক অবতারে।

ছবিগুলো প্রকাশের পর থেকেই সামাজিকমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। ভক্ত-অনুরাগীরা তার এই ভিন্নধর্মী সাজের প্রশংসা করছেন। মন্তব্যের ঘরে তারা নানা প্রতিক্রিয়া জানাচ্ছেন। চেনা গ্ল্যামার থেকে বেরিয়ে এমন রহস্যময় রূপে হাজির হওয়ায় অভিনেত্রীর নতুন লুক নিয়ে আগ্রহ সৃষ্টি হয়েছে।

ফ্যাশন ও সাজসজ্জায় বরাবরই নিজের স্বতন্ত্র উপস্থিতির জন্য আলোচনায় থাকেন অপু বিশ্বাস। বিভিন্ন সময়ে ভিন্নধর্মী লুকে ভক্তদের চমকে দিয়েছেন তিনি। হ্যালোইন উপলক্ষে তার এবারের আয়োজনও সেই ধারাবাহিকতায় নতুন মাত্রা যোগ করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজীপুরে পোশাক শ্রমিকদের অসন্তোষে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

১০:২৭ এম


গাজীপুরে পোশাক শ্রমিকদের অসন্তোষে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

গাজীপুরে পোশাক কারখানার শ্রমিকদের অসন্তোষের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বর্তমানে পাঁচ প্লাটুন বিজিবি সেখানে মোতায়েন রয়েছে। তবে পরিস্থিতির প্রয়োজন অনুযায়ী এই সংখ্যা বাড়ানো হতে পারে।

রোববার (১ নভেম্বর) সকালে গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন পিপিএম এ তথ্য জানান।

তিনি বলেন, “আজ থেকে গাজীপুরে বিজিবি মোতায়েন করা হয়েছে। তারা ইতোমধ্যে সেখানে পৌঁছেছে। আপাতত পাঁচ প্লাটুন থাকার কথা রয়েছে। তবে আমরা শুধুমাত্র বিজিবি মোতায়েনের বিষয়টি জানাচ্ছি। পরিস্থিতির ওপর ভিত্তি করে প্রয়োজনীয় সংখ্যক বিজিবি মোতায়েন থাকবে। তারা গাজীপুরের কোনাবাড়ী, সফিপুর, কালিয়াকৈরসহ আশপাশের এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে শিল্প পুলিশের সঙ্গে কাজ করবে।”

এদিকে, ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাক কারখানার শ্রমিকরা আবারও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এর ফলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।

রোববার সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুরের কালিয়াকৈরের সফিপুর এলাকায় শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন। জানা যায়, সকালে শ্রমিকরা কারখানায় কাজে যোগ দেন এবং পরে সেখান থেকে বের হয়ে মহাসড়কে অবস্থান নেন। শ্রমিকদের আন্দোলনের কারণে আশপাশের ৮ থেকে ১০টি কারখানা ছুটি ঘোষণা করে।

এরপর হাজার হাজার শ্রমিক মহাসড়কে অবস্থান নেন। এ সময় অনেক শ্রমিকের হাতে লাঠিসোঁটা দেখা যায়, যার ফলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়।

পুলিশ, কারখানার শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা জানান, গত দুই সপ্তাহ ধরে গাজীপুরের কোনাবাড়ী, মৌচাক ও সফিপুরসহ বিভিন্ন এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকরা বিক্ষোভ করছেন। সরকারের পক্ষ থেকে শ্রমিকদের বেতন বাড়ানোর জন্য নতুন মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এর পরও বিভিন্ন কারখানায় শ্রমিক অসন্তোষ অব্যাহত রয়েছে।

তারা আরও জানান, গতকাল দুপুর থেকে রাত পর্যন্ত শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে রাখেন। রাতে সড়ক ছেড়ে দিলেও রোববার সকাল থেকে আবারও মহাসড়কে অবস্থান নেন তারা।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, শ্রমিকরা আজও সকাল থেকে মহাসড়কে অবস্থান নিয়েছেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:১৯
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%