০৭:২৯ পি.এম
নোয়াখালীর সেনবাগে মাদক ব্যবসায়ীদের হামলার ফলে এক স্কুলছাত্রকে কুপিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১১ জুন) সকালে নিহত দশম শ্রেণির ছাত্র আরাফাত হোসেন ফাহিমের (১৬) মা পারভীন আক্তার বাদী হয়ে সেনবাগ থানায় মামলাটি দায়ের করেন। মামলায় সাতজনকে নামীয় এবং আরও চার থেকে পাঁচজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এর আগের ঘটনায় মো. হারুন (৩৫) নামে একজনকে পুলিশ আটক করেছে।
নিহত ফাহিম বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার হাজীপুর এলাকার মো. শাহজাহানের ছেলে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী হওয়ার তথ্য পাওয়া গেছে।
আরও পড়ুন: শেরপুরে জমিজমা বিরোধে ভাতিজাদের হামলায় চাচা নিহত, অভিযুক্তের বাড়িতে আগুন
স্থানীয় সূত্র জানাচ্ছে, বুধবার রাত ৮টার দিকে উপজেলার নবীপুর ইউনিয়নের দেবিসিংহপুর এলাকার হাজেরা দিঘী সংলগ্ন এলাকায় হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি, দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসা চলছিল। এ বিষয় নিয়ে স্থানীয়দের সঙ্গে বিরোধের জেরে হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী দেলোয়ার হোসেন নোবেল জানিয়েছেন, হামলার দিন সন্ধ্যার পর ফাহিম নানার বাড়ি থেকে খালার বাড়ি যাওয়ার পথে একা অবস্থায় হামলার শিকার হয়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
নিহতের বাবা মো. শাহজাহান বলেন, মরদেহ ময়নাতদন্ত পরবর্তী প্রথমে তার নানার বাড়িতে নেওয়া হবে। সেখানে গোসল করিয়ে এলাকাবাসীকে শেষবারের মতো দেখার সুযোগ দেওয়া হবে। পরে নিজ বাড়িতে নিয়ে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, 'আমার আর কিছু বলার নেই। আমি আমার ছেলেকে আল্লাহর কাছে আমানত করে দিলাম।'
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সেনবাগ থানার উপপরিদর্শক (এসআই) মনির মিয়া। তবে তদন্তের স্বার্থে তিনি বিস্তারিত মন্তব্য করতে অপারগতা প্রকাশ করে বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে বলেন।
আরও পড়ুন: গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার মো. আশিক সাঈদ দায়িত্ব গ্রহণ করেছেন
এ বিষয়ে জানতে একাধিকবার সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম সরকারের মুঠোফোনে কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন