মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং
০৩:৪৯ পি.এম
অধিকৃত পূর্ব জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে হামলা চালিয়ে প্রবেশ করেছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। এ সময় তারা ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করেন, যা ইসরায়েলি সামরিক বাহিনীর সুরক্ষায় অনুষ্ঠিত হয়।
ঘটনাস্থলে উপস্থিত সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিনিধিরা এ তথ্য নিশ্চিত করেছেন। ইহুদিরা আল-আকসা মসজিদ প্রাঙ্গণকে ‘টেম্পল মাউন্ট’ নামে অভিহিত করে থাকেন।
অন্যদিকে, গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস উপকূলে ইসরায়েলি নৌবাহিনীর গুলিতে অন্তত এক ফিলিস্তিনি জেলে আহত হয়েছেন। এই ঘটনায় দুটি মাছ ধরার নৌকা ক্ষতিগ্রস্ত হয়েছে।
আলজাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, উপকূলে মাছ ধরার সময় ইসরায়েলি নৌবাহিনীর গুলির শিকার হন জেলেরা। আহত জেলের শারীরিক অবস্থার বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে পালিয়ে গেছেন কাউসার মিয়া নামের এক আসামি, যিনি হত্যা মামলায় অভিযুক্ত।
মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত-১ম আদালতের এজলাস থেকে কৌশলে তিনি পালিয়ে যান।
মহানগর দায়রা জজ আদালতের হাজতখানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রিপন এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, অতিরিক্ত ১ম আদালত থেকে আরাফাত নামের এক পুলিশ কনস্টেবলের কাছ থেকে পালিয়ে যায় এই আসামি।
বিস্তারিত আসছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পিরোজপুরের কাউখালীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির দলীয় সমর্থন প্রত্যাশী চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার দক্ষিণ বাজারে বিএনপির কার্যালয়ে উপজেলা বিএনপির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
পিরোজপুর-২ (কাউখালী-ভান্ডারিয়া-নেছারাবাদ) আসনের সংসদ সদস্য ও গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুরের নির্দেশনায় এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
উপজেলার পাঁচটি ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে ২৫ জন, সাধারণ ইউপি সদস্য পদে ১২৭ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে সমর্থন প্রত্যাশীরা সভায় অংশ নেন।
উপজেলা বিএনপির সভাপতি এস এম আহসান কবিরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দীন মোহাম্মদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান নিকসন, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সাবেক সহসভাপতি শাহ ইমরান ফারুক, সাবেক যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন আলীসহ বিভিন্ন পদে সমর্থন প্রত্যাশীরা।
সভাপতির বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি এস এম আহসান কবির বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দলের সাংগঠনিক ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখা অত্যন্ত জরুরি। দলীয় সিদ্ধান্ত ও সাংগঠনিক প্রক্রিয়া অনুসরণ করে যোগ্য, ত্যাগী, জনপ্রিয় এবং জনসম্পৃক্ত ব্যক্তিদের মূল্যায়ন করা হবে। দলের বৃহত্তর স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দীন মোহাম্মদ বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে দলের নেতাকর্মীদের মতামত ও সমর্থন প্রত্যাশীদের অবস্থান জানতেই এ মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। পাঁচটি ইউনিয়ন থেকে বিপুলসংখ্যক প্রার্থীর উপস্থিতি দলের সাংগঠনিক তৎপরতারই বহিঃপ্রকাশ। দলীয় ঐক্য বজায় রেখে কেন্দ্র ও স্থানীয় নেতৃত্বের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী কার্যক্রম পরিচালনা করা হবে।
সভায় বক্তারা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের সাংগঠনিক অবস্থান সুসংহত করা, তৃণমূল নেতাকর্মীদের ঐক্য বজায় রাখা এবং যোগ্য প্রার্থী নির্বাচনের বিষয়ে গুরুত্বারোপ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গাইবান্ধার সাঘাটা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের আয়োজনে শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে উপজেলার সকল মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, মাদ্রাসা, কারিগরি ও কলেজ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টায় প্রতিষ্ঠানটির নিজস্ব মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিক্ষার মান বৃদ্ধি, আধুনিক পাঠদান পদ্ধতির উন্নয়ন এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ইতিবাচক পরিবেশ তৈরির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
সাঘাটা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি আ. শ. ম. রোকনুজ্জামান রিপনের সভাপতিত্বে কর্মশালায় উদ্বোধক ও মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার এভারকেয়ার হাসপাতালের আইসিইউ বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ডা. জাফর ইকবাল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক ডা. ময়নুল হাসান সাদিক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান, গাইবান্ধার জেলা শিক্ষা কর্মকর্তা মোতাউর রহমান, সাঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ আলী, সদস্য সচিব সেলিম আহমেদ তুলিপ, সাঘাটা বিএম ইনস্টিটিউটের অধ্যক্ষ আরশাদুল কবির রাঙ্গা এবং সাঘাটা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রুহুল আমিন প্রমুখ।
সাঘাটা উপজেলা একাডেমিক সুপারভাইজার আমিরুল ইসলামের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই কর্মশালায় পৃষ্ঠপোষকতা করেন ড. মো. রওশন আলম ও মো. নজরুল ইসলাম।
কর্মশালায় বক্তারা বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত ভূমিকা অত্যন্ত জরুরি। আধুনিক ও কার্যকর পাঠদান পদ্ধতি অনুসরণের মাধ্যমে সাঘাটায় শিক্ষার পরিবেশ আরও গতিশীল ও উন্নত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ