০৫:১২ পি.এম
মুক্তির প্রথম দিন থেকেই বক্স অফিসে শক্তিশালী অবস্থান তৈরি করেছে অজয় দেবগন অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘দৃশ্যম ৩: দ্য কনক্লুশন’। রহস্য ও উত্তেজনায় ভরা এই সিনেমাটি ভারতীয় প্রেক্ষাগৃহের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও ভালো ব্যবসা করছে। মুক্তির প্রথম সপ্তাহের মধ্যে সিনেমাটির আয় বিশ্বজুড়ে ৩৮৩ কোটি রুপি ছাড়িয়ে গেছে।
বিজয় সালগাঁওকর চরিত্রে অজয় দেবগনের অভিনয় এবং রহস্যময় গল্প দর্শকদের আগ্রহ ধরে রেখেছে। বিশেষ করে প্রতিটি ঘটনার পেছনের রহস্য উন্মোচনের জন্য তৈরি হওয়া টানটান লড়াই সিনেমাটিকে ঘিরে দর্শকদের মধ্যে বাড়তি উন্মাদনা সৃষ্টি করেছে।
অভিষেক পাঠক পরিচালিত এই সিনেমায় অজয় দেবগনের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জয়দীপ আহলাওয়াত। পর্দায় দুই অভিনেতার অভিনয় ও মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব দর্শক ও সমালোচকদের নজর কাড়তে সক্ষম হয়েছে।
আরও পড়ুন: শোবিজে ‘ফালতু’দের জয়জয়কার নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন শবনম ফারিয়া
ভারতীয় গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ২০২৬ সালের ২ অক্টোবর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। প্রথম দিনেই সিনেমাটি ৬২ কোটি রুপি আয় করার দাবি করা হয়েছে। মুক্তির পর প্রথম সপ্তাহে বক্স অফিসে এর দাপট অব্যাহত রয়েছে।
স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, মুক্তির সপ্তম দিনে ভারতে ১৫ হাজার ৭৫৮টি প্রদর্শনী থেকে সিনেমাটি ১৩ কোটি রুপি আয় করেছে। সব মিলিয়ে দেশটিতে এর মোট আয় ২৯৪ কোটি ৬০ লাখ রুপি। এর মধ্যে নিট আয় ২৪৫ কোটি ৫০ লাখ রুপি।
অন্যদিকে, আন্তর্জাতিক বাজারেও সিনেমাটি ভালো ব্যবসা করছে। সপ্তম দিনে বিদেশের বাজার থেকে ৪ কোটি রুপি এসেছে। সব মিলিয়ে বিদেশে সিনেমাটির মোট আয় ৮৯ কোটি রুপি। ফলে বিশ্বব্যাপী এর মোট আয় দাঁড়িয়েছে ৩৮৩ কোটি ৬০ লাখ রুপি।
প্রথম সপ্তাহের এই সাফল্যে বক্স অফিসে নিজের অবস্থান আরও শক্তিশালী করেছে ‘দৃশ্যম ৩’। এখন দেখার বিষয়, দ্বিতীয় সপ্তাহেও একই ধারায় ব্যবসা ধরে রাখতে পারে কি না অজয় দেবগনের এই সিনেমা।
আরও পড়ুন: ‘নাস্তিক হলে বিয়ে করার কী দরকার?’ সমালোচকদের জবাব দিলেন পারশা মাহজাবীন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন