০৫:২৯ পি.এম
ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ফলে গত দুই দিনে অন্তত ৭৮ জন নিহত এবং ২১৫ জনেরও বেশি মানুষ আহত হয়েছে। এই রক্তক্ষয়ী পরিস্থিতির মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি অভিযোগ করেছেন যে, ওয়াশিংটন ইউক্রেনকে সহায়তা করতে অনিচ্ছুক এবং নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে।
সর্বশেষ বৃহস্পতিবার পূর্ব ইউক্রেনের ক্রামাতোরস্ক শহরে রাশিয়ান বোমা হামলায় দুটি বাস ধ্বংস হয়ে অন্তত ৩০ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়। এর আগে, রাজধানী কিয়েভ থেকে প্রায় ১৩০ কিলোমিটার পূর্বে প্রিলুকি শহরের একটি আবাসিক ভবনে হামলায় অন্তত ২২ জন প্রাণ হারান।
উত্তরাঞ্চলের প্রিলুকি শহরে সাংবাদিকদের সামনে এক আবেগঘন বিবৃতিতে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, "যুক্তরাষ্ট্র একদিকে রাশিয়ার সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে, আর অন্যদিকে চার বছর ধরে চলা এই যুদ্ধ মধ্যস্থতার নাটক করছে।"
আরও পড়ুন: প্রথম দিনেই চমক, নেতানিয়াহুর একগুচ্ছ আইন বাতিল করতে যাচ্ছে আইজেনকোট
তিনি মার্কিন স্যাটেলাইট নেটওয়ার্ক 'স্টারলিঙ্ক' (Starlink)-এর প্রবেশাধিকার বাড়ানোর দাবি জানান, যাতে আকাশসীমা রক্ষা ও রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রগুলোকে চিহ্নিত করা সম্ভব হয়। তিনি বলেন, "ইউক্রেনের জন্য স্টারলিঙ্ক উন্মুক্ত করুন। যখন ইরানের বিরুদ্ধে জবাব দিচ্ছিলেন, তখন তো আপনারা তা করেছিলেন। আমাদের আকাশ রক্ষা করতে সাহায্য করুন, তাহলেই পুতিন আলোচনার টেবিলে বসতে বাধ্য হবেন।"
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় জানান, "পুতিন ও তার প্রশাসনের হামলা থামানোর কোনো ইচ্ছা নেই। তারা সাধারণ মানুষের জীবনকে সরাসরি লক্ষ্যবস্তু বানিয়ে যুদ্ধকে আরও উসকে দিচ্ছে।" সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন