মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং
১২:২৮ পি.এম
বহু বছর ধরে ধর্মের ভিত্তিতে বিশ্বের বৃহত্তম জনগোষ্ঠী হিসেবে খ্রিষ্টান সম্প্রদায় পরিচিত। তবে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টার পূর্বাভাস দিয়েছে যে, ২০৩৫ সালের মধ্যে এই চিত্রে পরিবর্তন আসতে পারে।
সংস্থাটির একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আগামী নয় বছরের মধ্যে মুসলমানেরা জনসংখ্যার দিক থেকে খ্রিষ্টানদের ছাড়িয়ে শীর্ষে চলে আসবেন। সম্প্রতি পিউ রিসার্চ সেন্টারের ‘দ্য ফিউচার অব ওয়ার্ল্ড রিলিজিয়নস: পপুলেশন গ্রোথ প্রজেকশনস, ২০২০–২০৭০’ শীর্ষক গবেষণায় এই পূর্বাভাস প্রকাশিত হয়েছে।
গবেষণায় বলা হয়েছে, ২০৭০ সালের মধ্যে বিশ্বে মুসলিম জনসংখ্যা ৩৬০ কোটির বেশি হতে পারে, যেখানে খ্রিষ্টান জনগণের সংখ্যা ৩০০ কোটির কিছু কম হতে পারে। এই গবেষণায় বিশ্বের ২০১টি দেশ ও অঞ্চল অন্তর্ভুক্ত করা হয়েছে, যেখানে বিশ্বের মোট জনসংখ্যার ৯৯ দশমিক ৯৮ শতাংশ মানুষের বসবাস।
পূর্বাভাসটি বর্তমান বিশ্বে জন্মহার, মৃত্যুহার এবং ধর্ম পরিবর্তনের প্রবণতা বিবেচনায় নিয়ে তৈরি করা হয়েছে। প্রতিবেদনে ২০২০ থেকে ২০৭০ সাল পর্যন্ত সাতটি ধর্মীয় জনগোষ্ঠীর আকার ও ভৌগোলিক অবস্থানের সম্ভাব্য পরিবর্তন তুলে ধরা হয়েছে।
এই গোষ্ঠীগুলোর মধ্যে মুসলিম, খ্রিষ্টান, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, অন্যান্য ধর্মের অনুসারী এবং ধর্মহীন মানুষদের অন্তর্ভুক্ত করা হয়েছে। গবেষণায় পাঁচটি বিষয় বিবেচনা করা হয়েছে - বয়সকাঠামো, জন্মহার, মৃত্যুহার, ধর্ম বদল ও অভিবাসন।
বিশ্বের মুসলিম জনসংখ্যা কত বাড়বে?
পিউ রিসার্চ সেন্টারের প্রকাশিত জনমিতিক পূর্বাভাস অনুযায়ী, ২০৩৫ সালের মধ্যে মুসলিম জনসংখ্যা খ্রিষ্টানদের ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠীতে পরিণত হবে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালের তুলনায় ২০৭০ সালে মুসলিমদের সংখ্যা প্রায় ৮০ শতাংশ বৃদ্ধি পাবে এবং ২০৭০ সাল নাগাদ বিশ্বে মুসলিম জনসংখ্যা বেড়ে দাঁড়াবে প্রায় ৩৬০ কোটিতে।
গবেষণায় তরুণ জনগণের আধিক্য এবং উচ্চ জন্মহারের কারণে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির বিষয়টি উল্লেখ করা হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, ২০৭০ সালের মধ্যে মুসলিম জনসংখ্যার দিক থেকে ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে পাকিস্তান শীর্ষে উঠে আসবে। ২০৭০ সালে পাকিস্তানের মুসলিমদের সংখ্যা বেড়ে ৪৬ কোটি ১০ লাখে দাঁড়াতে পারে। এ সময়ে মুসলিম জনসংখ্যার দিক থেকে ভারত দ্বিতীয় এবং নাইজেরিয়া তৃতীয় অবস্থানে পৌঁছাতে পারে।
এ সময়ে চতুর্থ অবস্থানে থাকতে পারে ইন্দোনেশিয়া এবং পঞ্চম অবস্থানে বাংলাদেশ। ২০২০ সালের হিসাব অনুযায়ী সারাবিশ্বে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ছিল ৫৩টি। গবেষণা অনুযায়ী, ২০৭০ সাল নাগাদ আইভরি কোস্ট নতুন করে যুক্ত হয়ে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের সংখ্যা ৫৪টিতে দাঁড়াবে।
২০৭০ সালে মুসলিম সংখ্যাগরিষ্ঠ ৫৪টি দেশের মধ্যে মাত্র আটটির জনসংখ্যা ১০ কোটি বা তার বেশি হবে - পাকিস্তান, ভারত, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, মিসর, সুদান এবং তুরস্ক। ২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির প্রধান চালিকাশক্তি হবে কম বয়সি জনসংখ্যা কাঠামো ও উচ্চ জন্মহারজনিত স্বাভাবিক বৃদ্ধি।
গবেষণা পূর্বাভাসে বলা হয়েছে, এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মুসলিমদের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাবে এবং ২০৪০ সালের মধ্যে তারা ধর্মীয় পরিচয়হীন মানুষদের ছাড়িয়ে এ অঞ্চলের বৃহত্তম জনগোষ্ঠী হয়ে উঠতে পারেন। ২০৭০ সালে এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মোট জনসংখ্যার ৩৭ শতাংশ মুসলমান হবে এবং মুসলিমদের সংখ্যা দাঁড়াতে পারে ১৮০ কোটিতে। ২০২০ সালে এ অঞ্চলে মুসলিমদের সংখ্যা ছিল ২৬ শতাংশ।
এ অঞ্চলে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম বসবাসকারী পাঁচটি দেশের মধ্যে চারটি - পাকিস্তান, ভারত, ইন্দোনেশিয়া এবং বাংলাদেশ। তবে ইউরোপ ও উত্তর আমেরিকায় স্বাভাবিক বৃদ্ধির তুলনায় অভিবাসনের মাধ্যমে মুসলিম জনসংখ্যা দ্বিগুণেরও বেশি বাড়তে পারে। গবেষণা প্রতিবেদন বলছে, এই সময়ের মধ্যে উত্তর আমেরিকায় মুসলিম জনসংখ্যা তিন গুণের বেশি বাড়তে পারে এবং যুক্তরাষ্ট্রে মুসলিম জনসংখ্যা প্রায় ৯০ লাখ বাড়বে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
গবেষণায় বাংলাদেশ ও ভারত নিয়ে যে পূর্বাভাস দেওয়া হয়েছে, সেখানে মুসলিম জনসংখ্যা উভয় দেশেই বাড়বে বলে উল্লেখ করা হয়েছে। তবে দুই দেশের ধর্মীয় জনসংখ্যার অনুপাত ও পরিবর্তনের ধরন এক নয়। পূর্বাভাস অনুযায়ী, ২০৭০ সালে মুসলিম জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ হবে বিশ্বের পঞ্চম বৃহত্তম দেশ। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালে বাংলাদেশের মোট জনসংখ্যা ছিল ১৬ কোটি ৬৩ লাখ, যার ৯১ দশমিক এক শতাংশ মুসলিম ছিলেন। ২০৭০ সালে বাংলাদেশের জনসংখ্যা বেড়ে ২৩ কোটি ৭২ লাখে দাঁড়াতে পারে এবং মুসলিমদের অংশ বেড়ে ৯২ শতাংশে পৌঁছাবে।
অন্যদিকে, ২০২০ সালে বাংলাদেশে হিন্দু জনগণের অংশ ছিল সাত দশমিক নয় শতাংশ। ২০৭০ সালে সেটি কমে ছয় দশমিক আট শতাংশ হতে পারে। তবে অনুপাত কমলেও তাদের মোট সংখ্যা বাড়বে। গবেষণায় বলা হয়েছে, ২০২০ সালে বাংলাদেশে হিন্দু ছিলেন প্রায় এক কোটি ৩১ লাখ, যা ২০৭০ সালে বেড়ে প্রায় এক কোটি ৬১ লাখ হতে পারে। অর্থাৎ, ধর্মীয় জনসংখ্যার অনুপাত কিছুটা বদলালেও মুসলিম ও হিন্দু উভয় জনগোষ্ঠীর মোট সংখ্যাই বাড়বে।
এদিকে, আগামী দশকগুলোতে ভারতে এবং সামগ্রিকভাবে বিশ্বে হিন্দু জনসংখ্যা বৃদ্ধির হার অন্যান্য ধর্মীয় গোষ্ঠীর তুলনায় পিছিয়ে থাকবে। গবেষণায় বলা হয়েছে, ২০২০ সালে ভারতে মুসলিম জনসংখ্যা ছিল প্রায় ২১ কোটি ৩০ লাখ, যা ২০৭০ সালে বেড়ে প্রায় ৩৩ কোটি ৪০ লাখ হতে পারে। অন্যদিকে, ভারতের হিন্দু জনসংখ্যাও বাড়বে, তবে মোট জনসংখ্যার তুলনায় হিন্দুদের অনুপাত কমবে। পূর্বাভাসে বলা হয়েছে, ৫০ বছরে ভারতের জনসংখ্যায় মুসলিমদের অনুপাত চার দশমিক চার শতাংশ বাড়তে পারে। বিপরীতে, হিন্দুদের অনুপাত কমতে পারে তিন দশমিক ছয় শতাংশ। তবে ২০৭০ সালেও ভারতের মোট জনসংখ্যার তিন-চতুর্থাংশের বেশি হিন্দু জনগণ থাকবে বলে এই প্রতিবেদনে পূর্বাভাস দেওয়া হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, ২০২০ সাল থেকে ২০৭০ সালের মধ্যে ভারতে হিন্দু জনগণের জনসংখ্যা প্রায় ১৭ কোটি ৬০ লাখ বাড়বে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালে ভারতে হিন্দু জনসংখ্যা ছিল ১০০ কোটির বেশি। আগামী ৫০ বছরে এই সংখ্যা আরও বাড়বে। কিন্তু একই সময়ে দেশটিতে মুসলিম জনসংখ্যা তুলনামূলক দ্রুত বাড়বে বলে হিন্দুদের মোট জনসংখ্যায় অংশ কমে যাবে।
খ্রিষ্টধর্মের জনসংখ্যা কেমন হবে?
বর্তমান পরিসংখ্যান অনুযায়ী খ্রিষ্টধর্ম পৃথিবীর বৃহত্তম ধর্ম। ২০২০ সালের হিসাব অনুযায়ী সারাবিশ্বে খ্রিষ্টধর্মের অনুসারী ২৩০ কোটি মানুষ। প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান জনসংখ্যাগত প্রবণতা অব্যাহত থাকলে অনেক দেশের জনসংখ্যার অনুপাতে খ্রিস্টানদের সংখ্যা হ্রাস পাবে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০৭০ সালের মধ্যে ৬১টি দেশে বাসিন্দাদের অংশ হিসাবে খ্রিস্ট ধর্মের জনসংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। মাত্র চারটি দেশে জনসংখ্যার দশমিক পাঁচ শতাংশ বা তার বেশি বাড়তে পারে বলেও পূর্বাভাসে বলা হয়েছে।
এতে বলা হয়েছে, ২০৭০ সালের মধ্যে খ্রিস্টান ধর্মের জনসংখ্যা ৬৮ কোটি ৭০ লাখ বৃদ্ধি পেতে পারে। তবে, খ্রিস্টান জনসংখ্যা বাড়লেও বিশ্বের মোট জনসংখ্যার তুলনায় তাদের বৃদ্ধির হার খুব বেশি হবে না। গবেষণাটির অন্যতম গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ হলো, আগামী কয়েক দশকে খ্রিস্টানদের মোট জনসংখ্যা বাড়লেও বিশ্বে সবচেয়ে বড় ধর্মীয় জনগোষ্ঠী হিসেবে তাদের অবস্থান হারানোর সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, খ্রিস্টান জনসংখ্যার ভৌগোলিক অবস্থানেও বড় পরিবর্তন আসবে। ইউরোপ ও আমেরিকার পরিবর্তে আফ্রিকা হয়ে উঠবে বিশ্বের খ্রিস্টান জনসংখ্যার প্রধান কেন্দ্র। খ্রিষ্টানদের জনসংখ্যা পরিবর্তনের ক্ষেত্রেও স্বাভাবিক জনসংখ্যা বৃদ্ধি ছিল সবচেয়ে বড় কারণ। গবেষণায় উঠে এসেছে, ইউরোপীয়দের মধ্যে খ্রিস্টানদের হার ১৫ শতাংশ হ্রাস পাবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আওয়ামী লীগের দেড় দশকের শাসনকালে শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার অভিযোগে বরখাস্তকৃত মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু হয়েছে। বিটিভি ও প্রসিকিউশনের ফেসবুক পেজ থেকে বেলা সোয়া ১১টায় এই যুক্তিতর্ক সরাসরি সম্প্রচারিত হচ্ছে।
প্রসিকিউটর গাজী এম এইচ তামীম আমার দেশকে জানিয়েছেন, ‘আমরা যে স্বচ্ছতার সঙ্গে বিচারকাজ পরিচালনা করছি, তা দেশবাসীর সামনে তুলে ধরতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের মানুষ জানুক জিয়াউল গত ১৫ বছরে কী কী অপরাধ সংঘটিত করেছেন। কত ভয়াবহ অপরাধের অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে, তা দেশের মানুষকে জানাতে চাই।’
এর আগে গত ২২ নভেম্বর জিয়াউলের পক্ষে সাফাই সাক্ষ্য উপস্থাপনের মাধ্যমে এই মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়। ওই দিন যুক্তিতর্ক উপস্থাপনের জন্য ২৪ নভেম্বর দিন ধার্য করা হয়। এর আগে ১৯ নভেম্বর মামলার ১৫তম সাক্ষী ও তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলামের জেরার মধ্য দিয়ে রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। গত ৮ অক্টোবর রফিকুল ইসলামের জবানবন্দি শেষ হয়েছিল।
এ মামলায় জিয়াউল আহসানের বিরুদ্ধে সুনির্দিষ্ট তিনটি অভিযোগ এনেছে প্রসিকিউশন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় গ্রামীণ ব্যাংকের কেরোয়া শাখার প্রধান গেটে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এই ঘটনা ঘটে গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে। পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় স্থানীয় জনতা ইমন নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে আটক করে।
আটক হওয়া ইমন হসেন রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের লুধুয়া গ্রামের খোকা আমিনের ছেলে এবং তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ইউনিয়ন সাধারণ সম্পাদক বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দারা তাকে পুলিশে সোপর্দ করেন। ঘটনার সময় তার সঙ্গে আরো দুজন উপস্থিত ছিলেন, কিন্তু তারা পালিয়ে যেতে সক্ষম হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ১০টার দিকে একটি দল দুর্বৃত্ত মন্ডলতলী বাজারসংলগ্ন কেরোয়া গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়ের গেটে আগুন লাগিয়ে দেয়। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, এক যুবক ব্যাংকের মূল গেটে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয় এবং অন্য এক যুবক পাশের সড়ক থেকে ঘটনাটি ভিডিও করেন। আগুন লাগানোর পর তারা দ্রুত পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা ধাওয়া করে ইমনকে আটক করেন।
আগুনের ধোঁয়া দেখতে পেয়ে আশপাশের স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে স্থানীয়রা ইমনকে আটক রেখে থানার পুলিশে খবর দেন।
গ্রামীণ ব্যাংক কেরোয়া শাখার ব্যবস্থাপক মো. আব্দুর রহমান বলেন, "সোমবার রাত ১০টা ৩০ মিনিটে গ্রামীণ ব্যাংক কেরোয়া শাখার মেইন গেটে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়।" তিনি আরও জানান, পরে স্থানীয় লোকজন ধাওয়া দিয়ে একজনকে আটক করে পুলিশে দেন। এর আগে গত বুধবার রাতেও এই শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী জানান, "খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং আটক যুবককে জিজ্ঞাসাবাদ ও পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দীর্ঘ আইনি লড়াই ও ভিসা জটিলতা কাটিয়ে অবশেষে বৃত্তি নিয়ে আয়ারল্যান্ডে যাচ্ছেন ফিলিস্তিনের গাজার ২০ শিক্ষার্থী। সোমবার (২৩ নভেম্বর) কঠোর ইসরায়েলি নজরদারির মধ্য দিয়ে গাজা ছাড়েন তারা। মঙ্গলবার (২৪ নভেম্বর) জর্দান হয়ে তাদের আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে পৌঁছানোর কথা রয়েছে।
দ্য গার্ডিয়ান জানিয়েছে, আয়ারল্যান্ডের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বৃত্তি পাওয়া গাজার ৬০ জনেরও বেশি শিক্ষার্থীর ভিসা আবেদন গত জুলাইয়ে বাতিল করে দিয়েছিল দেশটির বিচার বিভাগ। এই সিদ্ধান্তের বিরুদ্ধে টানা চার মাস ধরে প্রচারণা ও আইনি লড়াই চলে। ভিসা বাতিলের ওই ঘটনায় ফিলিস্তিনিদের প্রতি আয়ারল্যান্ডের দীর্ঘদিনের সংহতির সুনাম ক্ষুণ্ণ হয়েছে বলে সমালোচনায় সরব হন দেশটির বিরোধীদলীয় রাজনীতিবিদ ও সাধারণ মানুষ।
গত সপ্তাহে ডাবলিন হাইকোর্ট ভিসা বাতিলের সিদ্ধান্তটি পুনর্বিবেচনার নির্দেশ দিলে অবস্থান বদলায় আইরিশ সরকার। এরপর দেশটির আইনমন্ত্রী জিম ও’ক্যালাহান ৪৮ জন শিক্ষার্থীর ভিসা অনুমোদন করেন। প্রথম দফায় ২০ জন শিক্ষার্থী মঙ্গলবার ডাবলিনে পৌঁছাচ্ছেন এবং বাকিদের ডিসেম্বরের শেষ দিকে যাওয়ার কথা রয়েছে।
শিক্ষার্থীরা মূলত গত গ্রীষ্মেই আয়ারল্যান্ডে যেতে চেয়েছিলেন এবং বিশ্ববিদ্যালয়গুলোর প্রয়োজনীয় কাগজপত্রও তাদের ছিল। কিন্তু বিচার বিভাগ তাদের কাছে ব্যাংক স্টেটমেন্ট, পড়াশোনা শেষে দেশে ফেরার প্রমাণপত্র এবং ডাকযোগে আপিল করার শর্ত জুড়ে দেয়। শিক্ষার্থীদের অভিযোগ, যুদ্ধের কারণে গাজার ব্যাংকিং ও ডাকব্যবস্থা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং আগে কখনো এমন কাগজপত্র চাওয়া হয়নি। বিষয়টি নিয়ে আয়ারল্যান্ডে বিক্ষোভ ও পিটিশনের পাশাপাশি সংগীতশিল্পী হোজিয়ার, অভিনেত্রী নিকোলা কাফলান ও র্যাপ গ্রুপ নি-ক্যাপসহ অনেক শিল্পী-লেখক খোলা চিঠিতে স্বাক্ষর করেন। লেবার পার্টির নেত্রী ইভানা বাচিকও সরকারের এই ‘ভিত্তিহীন’ সিদ্ধান্তের কড়া সমালোচনা করেন।
এর আগে গত অক্টোবরে ইউনিভার্সিটি কলেজ কর্কে প্রকৌশল বিষয়ে বৃত্তি পাওয়া ২০ বছর বয়সী শায়মা আবুদালুর করা এক মামলায় হাইকোর্ট জানান, ভিসা বাতিলের সিদ্ধান্তে ‘গুরুত্বপূর্ণ ও সুস্পষ্ট ত্রুটি’ ছিল। পরে গত সপ্তাহে ৪৮টি ভিসা মঞ্জুরের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে হাইকোর্টের এক বিচারপতি একে ‘বড় অগ্রগতি’ বলে উল্লেখ করেন। নতুন যাওয়া শিক্ষার্থীদের মধ্যে একটি নৃত্যদলের পাঁচ সদস্যও রয়েছেন, যারা লিমেরিক বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছেন।
গাজা ছাড়ার আগে ইমেইলে নিজের অনুভূতির কথা জানান ২৬ বছর বয়সী শিক্ষার্থী আমির আলারির। ইউনিভার্সিটি কলেজ ডাবলিনে সাইবার নিরাপত্তা ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে পড়তে যাওয়া এই তরুণ বলেন, মাসের পর মাস অপেক্ষা ও লড়াইয়ের পর এই সুযোগ পেয়ে তিনি স্বস্তিবোধ করছেন। তবে পরিবারকে গাজায় রেখে আসায় পরিপূর্ণ আনন্দ অনুভব করা কঠিন।
গাজার আল-আজহার বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগের ছাত্র আমির জানান, ইসরায়েলি হামলায় তার বাড়ি ধ্বংস হয়ে গেছে এবং পরিবারকে বহুবার বাস্তুচ্যুত হতে হয়েছে। দুর্ভিক্ষের সময় এক কেজি আটাও খুঁজে না পাওয়ার দিনগুলো ছিল সবচেয়ে কষ্টের। বিদ্যুৎ বিভ্রাট ও নানা প্রতিকূলতার মধ্যেও গাজা থেকে এই ভিসা আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। পড়াশোনা শেষে দেশে ফিরে আল-আজহার বিশ্ববিদ্যালয়ে একটি সাইবার নিরাপত্তা বিভাগ গড়ে তোলার স্বপ্ন দেখেন আমির, যাতে ফিলিস্তিনি তরুণরাই গাজার ডিজিটাল ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে পারেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সৈয়দ এলতেফাত হোসেন
ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৬ : সাপের কামড়ের চিকিৎসার মান উন্নত করা, দেশে অ্যান্টিভেনম উৎপাদন বৃদ্ধি এবং সাপের কামড়ে মৃত্যুর হার কমানোর উদ্দেশ্যে সরকার প্রায় ৪৪ কোটি টাকার একটি প্রকল্প শুরু করতে যাচ্ছে।
এই প্রকল্পের আওতায় চট্টগ্রাম মেডিকেল কলেজে অবস্থিত ভেনম রিসার্চ সেন্টার বাংলাদেশকে (ভিআরসি,বি) আরও উন্নত করা হবে। পাশাপাশি, কেন্দ্রটিকে একটি পূর্ণাঙ্গ জাতীয় ভেনম গবেষণা কেন্দ্রে (এনভিআরসি) রূপান্তরিত করার পরিকল্পনা রয়েছে।
‘স্ট্রেংদেনিং অব ভেনম রিসার্চ সেন্টার, বাংলাদেশ (ভিআরসি,বি)’ শীর্ষক এই তিন বছরের প্রকল্পটি ২০২৬ সালের জুলাই থেকে ২০২৯ সালের জুন পর্যন্ত বাস্তবায়নের জন্য নির্ধারিত হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অধীনে প্রকল্পটি বাস্তবায়ন করবে স্বাস্থ্য অধিদপ্তর (ডিজিএইচএস)।
উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) অনুযায়ী, প্রকল্পটির সম্ভাব্য ব্যয় ৪৩ কোটি ৯৯ লাখ টাকা। এই প্রকল্পের পুরো অর্থায়ন সরকার করবে।
২০২৯ সালের মধ্যে একটি আধুনিক সরঞ্জামসমৃদ্ধ, কার্যকর ও প্রযুক্তিনির্ভর জাতীয় ভেনম গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠার লক্ষ্য রয়েছে। সেখানে আন্তর্জাতিক মান অনুসারে সাপ পালন, বিষ সংগ্রহ, বিষের বিশ্লেষণ এবং বিষবিদ্যা (টক্সিকোলজিক্যাল) সংক্রান্ত গবেষণা পরিচালিত হবে।
এছাড়া, নিরাপদ, কার্যকর ও সাশ্রয়ী অ্যান্টিভেনম তৈরির উপযোগী পরীক্ষাগার প্রতিষ্ঠা, সাপের কামড় ও বিষক্রিয়ার চিকিৎসায় ক্লিনিক্যাল নির্দেশিকা প্রণয়ন, স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ এবং রোগভিত্তিক তথ্যভান্ডার গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে দেশে সাপের কামড়ে মৃত্যুর হার কমানোর প্রচেষ্টা জোরদার করা হবে।
স্বাস্থ্য অধিদপ্তরের ২০২২ সালের দেশব্যাপী জরিপ অনুযায়ী, বাংলাদেশে প্রতি বছর আনুমানিক চার লাখ মানুষ সাপের কামড়ের শিকার হন এবং এর ফলে মারা যান প্রায় ৭ হাজার ৫০০ জন। সাপের কামড়ে আক্রান্তদের অধিকাংশই ৩০ থেকে ৪০ বছর বয়সী কর্মক্ষম মানুষ। তাদের মৃত্যুতে অনেক পরিবার চরম আর্থিক সংকটে পড়ে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সাপের কামড়ে বিষক্রিয়াকে বিশ্বের সবচেয়ে অবহেলিত গ্রীষ্মমণ্ডলীয় রোগগুলোর একটি হিসেবে স্বীকৃতি দিয়েছে।
ডিপিপি’তে বাংলাদেশে বর্তমানে ব্যবহৃত অ্যান্টিভেনমের একটি বড় সীমাবদ্ধতার কথা উল্লেখ করা হয়েছে। এই অ্যান্টিভেনম ভারত থেকে আমদানি করা হয় এবং মূলত সে দেশের প্রধান চারটি বিষধর সাপের প্রজাতির (যা সাধারণত ‘বিগ ফোর’ নামে পরিচিত) বিষের বিপরীতে তৈরি।
ফলে, আমদানি করা এই অ্যান্টিভেনম বাংলাদেশে পাওয়া যায় এমন বেশ কিছু বিষধর সাপের বিষের বিরুদ্ধে পুরোপুরি কার্যকর হয় না; এর কার্যকারিতা আনুমানিক মাত্র ৪০ থেকে ৬০ শতাংশ। এই পরিস্থিতি দেশীয় প্রজাতির সাপের বিষের বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে স্থানীয়ভাবে অ্যান্টিভেনম তৈরির প্রয়োজনীয়তা তৈরি করেছে।
বাসসের সঙ্গে আলাপকালে ভিআরসি,বি-এর প্রধান গবেষক অধ্যাপক ডা. অনিরুদ্ধ ঘোষ বলেন, দেশীয় অ্যান্টিভেনম তৈরির লক্ষ্যে স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ (এনসিডিসি) কর্মসূচির একটি প্রকল্পের আওতায় ২০১৭-১৮ অর্থবছরে চট্টগ্রাম মেডিকেল কলেজে কেন্দ্রটি প্রতিষ্ঠা করা হয়।
তিনি জানান, ২০২৪ সালে এনসিডিসি কর্মসূচি বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি এর পরিচালন পরিকল্পনাগুলো (ওপি) বন্ধ করে দেওয়া হলে কেন্দ্রটির কার্যক্রম চালু রাখা নিয়ে তীব্র অনিশ্চয়তা দেখা দেয়।
ডা. অনিরুদ্ধ ঘোষ বলেন, ‘তবে ভিআরসি,বি-কে শক্তিশালী করার জন্য নতুন অনুমোদিত উন্নয়ন প্রকল্পটি বাংলাদেশের নিজস্ব বিষধর সাপের বিরুদ্ধে অ্যান্টিভেনম তৈরির পথ সুগম করবে।’
তিনি জানান, প্রকল্প পরিচালক নিয়োগের পর শিগগিরই এর কার্যক্রম শুরু হবে। বর্তমানে কেন্দ্রটিতে ৩ হাজার বর্গফুট জায়গাজুড়ে একটি সর্পশালা (সার্পেন্টেরিয়াম), ইঁদুর প্রজনন কক্ষ, সাপের চিকিৎসাকেন্দ্র, কোয়ারেন্টাইন কক্ষ এবং গবেষণাগার রয়েছে।
কেন্দ্রটিতে বাংলাদেশের প্রায় সব ভৌগোলিক অঞ্চল থেকে সংগৃহীত ৩৭০টিরও বেশি সাপের নমুনা রয়েছে। এর মধ্যে রয়েছে গোখরা, কিং কোবরা, ক্রেইট বা কালাচজাতীয় সাপ, ভাইপার বা চন্দ্রবোড়া ও সবুজ পিট ভাইপার জাতীয় সাপ।
বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে কেন্দ্রটিতে বন্দি অবস্থায় থাকা ১১ প্রজাতির সাপ থেকে এ পর্যন্ত ১ হাজার ৫০৪ দশমিক ৭৮ গ্রাম বিষ সংগ্রহ করা হয়েছে।
এছাড়া, চন্দ্রবোড়ার বিষের বিরুদ্ধে অ্যান্টিভেনম তৈরির ক্ষেত্রেও কেন্দ্রটি গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে। তবে পর্যাপ্ত অর্থের অভাবে এ উদ্যোগ এখনো সম্পূর্ণ করা সম্ভব হয়নি।
প্রকল্পের বিবরণ অনুযায়ী, চট্টগ্রাম মেডিকেল কলেজকে এ প্রকল্পের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্থান হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর কারণ চট্টগ্রাম বিভাগের ভৌগোলিক ও পরিবেশগত বৈচিত্র্য। বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলা এবং উপকূলীয়, বনাঞ্চল ও গ্রামীণ এলাকায় সাপের কামড়ের ঝুঁকি বেশি।
ভারত ও মিয়ানমারের কাছাকাছি অবস্থান এবং বিভিন্ন প্রজাতির বিষধর সাপের উপস্থিতির কারণে অঞ্চলটি চিকিৎসার জন্য গুরুত্বপূর্ণ সাপ শনাক্ত, বিষ সংগ্রহ ও বিশ্লেষণ এবং বিষের গঠনে ভৌগোলিক পার্থক্য নিয়ে গবেষণার জন্য বিশেষভাবে উপযোগী।
প্রকল্পের আওতায় চট্টগ্রাম মেডিকেল কলেজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি), চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু), রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রোটিন ল্যাবসহ সংশ্লিষ্ট গবেষণা ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতার পরিকল্পনা রয়েছে।
এসব প্রতিষ্ঠানের মাধ্যমে সমন্বিত গবেষণা, পশুচিকিৎসা সহায়তা, পরীক্ষাগারের সক্ষমতা বৃদ্ধি, জনবল প্রশিক্ষণ এবং প্রযুক্তি ও জ্ঞান বিনিময়ের সুযোগ তৈরি হবে। এতে কার্যকর আন্তঃপ্রাতিষ্ঠানিক গবেষণা নেটওয়ার্ক গড়ে উঠবে।
এছাড়া, দেশি-বিদেশি গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্ব কেন্দ্রটির গবেষণার মান ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে সহায়তা করবে বলে ডিপিপি’তে উল্লেখ করা হয়েছে।
ডা. অনিরুদ্ধ ঘোষ বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে কেন্দ্রটি সরীসৃপবিদ (হার্পেটোলজিস্ট), প্রাণিবিজ্ঞানী এবং বিষ ও প্রোটিন নিয়ে কাজ করা বিজ্ঞানীদের জন্য একটি বিশেষায়িত গবেষণাগার হিসেবে কাজ করবে। এ ধরনের গবেষণার জন্য প্রয়োজনীয় বিশেষায়িত অবকাঠামো বাংলাদেশে বর্তমানে নেই।
তিনি বলেন, কেন্দ্রটির প্রধান কার্যক্রমের মধ্যে থাকবে বিভিন্ন প্রজাতির সাপের বিষ সংগ্রহ, অ্যান্টিবডি তৈরি এবং সেগুলোর কার্যকারিতা যাচাইয়ে গবেষণা।
সংগৃহীত বিষ বাংলাদেশের চাহিদা অনুযায়ী অ্যান্টিভেনম তৈরির মূল কাঁচামাল হিসেবেও ব্যবহৃত হবে।
তিনি বলেন, ‘এই কেন্দ্র প্রতিষ্ঠিত হলে ভবিষ্যতে অ্যান্টিভেনম আমদানির প্রয়োজন কমানো, এমনকি আমদানি পুরোপুরি বন্ধ করাও সম্ভব হতে পারে।’
প্রকল্পটি ২০৩০ সালের মধ্যে সাপের কামড়ে মৃত্যু ৫০ শতাংশ কমানোর বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বৈশ্বিক কৌশলের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ