মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং
০১:১৯ পি.এম
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলের হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা এখন ৭৪ হাজার ৭৪৬ এ পৌঁছেছে। এই সময়ের মধ্যে আহত হয়েছেন ১ লাখ ৭৬ হাজার ২৩৪ জন।
এই তথ্যটি ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফা প্রকাশ করেছে।
ওয়াফার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ২০২৫ সালের অক্টোবরে তথাকথিত যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পরও গাজায় ইসরাইলি হামলায় প্রাণহানি অব্যাহত রয়েছে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ১ হাজার ৬৭৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ৬ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।
এছাড়া, উদ্ধারকর্মীরা বিভিন্ন স্থানে ধ্বংসস্তূপের নিচ থেকে ৮৫১ জনের মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় অন্তত ১০ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও উপত্যকাটিতে প্রাণহানি ও হতাহতের ঘটনা অব্যাহত থাকার বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে।
এএম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৬ : আফ্রিকার দেশ গিনি আগামী তিন বছরের জন্য ৪২৫ মিলিয়ন মার্কিন ডলারের একটি অর্থনৈতিক ও আর্থিক কর্মসূচি অনুমোদন করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সোমবার এই কর্মসূচির অনুমোদন দেওয়ার কথা জানিয়েছে দেশটির সরকার।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
আগে গত ১২ আগস্ট আইএমএফ ঘোষণা করেছিল, গিনির সরকারের সঙ্গে ৪৩৯ মিলিয়ন ডলারের একটি আর্থিক সহায়তা প্যাকেজ নিয়ে সমঝোতা হয়েছে। এই সহায়তা পরিকল্পনা করা হয়েছিল দেশটির ‘রাজস্ব ও মুদ্রানীতির অবস্থান আরও শক্তিশালী করার’ লক্ষ্যে।
তবে সোমবার অনুমোদিত চুক্তিতে অর্থের পরিমাণ নির্ধারণ করা হয়েছে ৪২৫ মিলিয়ন ডলার, যা আগের সমঝোতার চেয়ে ১৪ মিলিয়ন ডলার কম। এই কর্মসূচি আইএমএফের এক্সটেন্ডেড ক্রেডিট ফ্যাসিলিটি (ইসিএফ) এবং এক্সটেন্ডেড ফান্ড ফ্যাসিলিটির (ইএফএফ) আওতায় অর্থায়ন করা হবে।
গিনির প্রধানমন্ত্রী আমাদু উরি বাহ দীর্ঘ ও কঠিন আলোচনা শেষে চুক্তি অনুমোদিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন। তিনি আলোচনাকে ‘কঠিন’ বলে উল্লেখ করেন এবং বলেন, এই চুক্তি গিনির অর্থনীতির জন্য ইতিবাচক বার্তা দেবে।
তিনি বলেন, ‘যেকোনো দেশের জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের অনুমোদন অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যে দেশ বিশ্ব অর্থনীতির সঙ্গে যুক্ত হতে এবং অর্থনৈতিক অগ্রগতি অর্জন করতে চায়।’
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘শুধু অতিরিক্ত অর্থায়ন পাওয়ার জন্যই নয়, বরং অর্থনীতি আরও দক্ষতার সঙ্গে পরিচালনার জন্য প্রয়োজনীয় কারিগরি জ্ঞান, বিশেষজ্ঞদের পরামর্শ ও বিভিন্ন উপকরণ পেতেও আমাদের আইএমএফের তদারকি প্রয়োজন। এসব সহায়তা অর্থনীতিকে আরও ভালোভাবে পরিচালনা করতে সাহায্য করবে।’
বর্তমানে গিনি বিপুল পরিমাণ লৌহ আকরিকের মজুতসমৃদ্ধ সিমান্দু খনি প্রকল্পের উন্নয়ন এবং ‘সিমান্দু ২০৪০’ কর্মসূচির মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার চেষ্টা করছে।
আইএমএফের সঙ্গে এই অংশীদারিত্বের ফলে দেশের অভ্যন্তরীণ রাজস্ব আয় বাড়ানো, বাজেট ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং সরকারি আর্থিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করার প্রত্যাশা করা হচ্ছে।
তবে প্রধানমন্ত্রী স্বীকার করেছেন, এই কর্মসূচি বাস্তবায়ন গিনির প্রশাসনের জন্য একটি বড় চ্যালেঞ্জ। আগামী বছরগুলোতে এই কর্মসূচির লক্ষ্য অর্জনে সরকারি ব্যবস্থাপনা ও প্রশাসনিক সক্ষমতা আরও বাড়াতে হবে।
বক্সাইট ও লৌহ আকরিকসহ বিপুল খনিজ সম্পদে সমৃদ্ধ দেশ গিনি। তবে এসব প্রাকৃতিক সম্পদকে দেশের মানুষের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে পুরোপুরি কাজে লাগাতে দেশটি দীর্ঘদিন ধরে নানা চ্যালেঞ্জের মুখে রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৬ : মালয়েশিয়া যুক্তরাষ্ট্রের বাণিজ্য নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত সাতটি প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করার জন্য পরামর্শ প্রদান করেছে।
এই প্রতিষ্ঠানের মধ্যে সিঙ্গাপুরভিত্তিক মেগাস্পিড এবং মালয়েশিয়ার দুটি স্থানীয় প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত রয়েছে। মার্কিন নিষেধাজ্ঞার ফলে এসব প্রতিষ্ঠান উন্নত প্রযুক্তির চিপ ক্রয়ের ক্ষেত্রে বাধার সম্মুখীন হচ্ছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
মঙ্গলবার মালয়েশিয়ার বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় জানায়, দেশটির বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (এমআইডিএ) মালয়েশিয়ার সকল ডেটা সেন্টার পরিচালনাকারী প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি পাঠাবে।
বিজ্ঞপ্তিতে নিষেধাজ্ঞার তালিকাভুক্ত সাতটি প্রতিষ্ঠানের বিষয়ে বিস্তারিত তথ্য প্রদান করা হবে এবং তাদের ডেটা সেন্টারে স্থান দেওয়া, জায়গা ভাড়া দেওয়া অথবা কোনো ধরনের সেবা প্রদান না করার পরামর্শ দেওয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নীলফামারীর কৃষকেরা পর পর দুই মৌসুম আলু চাষে ব্যাপক লোকসানের সম্মুখীন হয়েছেন। তবুও, তারা বাড়তি দামে সার ও বীজ কিনে লাভের আশায় আগাম আলু চাষ শুরু করেছেন কিশোরগঞ্জ উপজেলার কৃষকেরা। এক সপ্তাহ ধরে মাঠে আগাম আলু তোলার কাজ শুরু হয়েছে। বাজারে নতুন আলুর দাম ভালো থাকায় তারা এবার লোকসান কাটিয়ে লাভের আশা করছেন।
কিশোরগঞ্জ উপজেলা নীলফামারীতে আগাম আলু উৎপাদনের একটি গুরুত্বপূর্ণ অঞ্চল। পুরো জেলায় প্রায় ৮ হাজার হেক্টর জমিতে আগাম আলু চাষ হলেও, কেবল কিশোরগঞ্জ উপজেলাতেই প্রায় সাড়ে ৪ হাজার হেক্টর জমিতে আবাদ হয়েছে। তবে, কৃষকেরা পর পর দুই মৌসুমে আলু চাষে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন।
বাজারে নতুন আলু আসতে শুরু করলেও, পুরোনো আলু পাইকারিতে কেজিপ্রতি ১০ থেকে ১৫ টাকা দরে বিক্রি হচ্ছে। সার, বীজসহ অন্যান্য উপকরণের দাম বাড়লেও, কৃষকেরা এবারও আগাম আলু চাষে পিছিয়ে যাননি। তারা আবাদ শেষে যথাসময়ে আলু তোলার কাজ শুরু করেছেন। তবে, সংশ্লিষ্টরা জানিয়েছেন যে, আরও সপ্তাহখানেক পর আলু তোলার ব্যস্ততা বাড়বে।
সরেজমিনে দেখা যায়, জমি থেকে আগাম আলু তোলার কাজ শুরু হয়েছে। নারী ও পুরুষ শ্রমিকরা কেউ জমি থেকে আলুগাছ তুলে আলু ছাড়াচ্ছেন, কেউ তোলা আলু বাছাই ও পরিষ্কার করছেন। আবার কেউ বস্তায় আলু ভরে সেলাইয়ের কাজে ব্যস্ত সময় পার করছেন।
বর্তমানে জমি থেকেই পাইকাররা কেজিপ্রতি ৫৫ থেকে ৬০ টাকা দরে আলু কিনতে আগ্রহী। তবে, অধিকাংশ কৃষক বেশি দাম পাওয়ার আশায় আলু ঢাকায় নিয়ে বিক্রি করতে চান। তাদের আশা, পরিবহনসহ অন্যান্য খরচ বেশি হলেও ঢাকার বাজারে আলুর দাম বেশি পাওয়া যাবে।
আলুচাষিরা জানান, তারা অতিরিক্ত কিছু টাকা লাভের আশায় আগাম আলু আবাদ করেন। এবার শুরুতেই মাঠে যে দাম পাওয়া যাচ্ছে, তাতে খুব বেশি লাভ না হলেও লোকসানের আশঙ্কা নেই। তবে, অধিকাংশ কৃষক তাদের আলু সরাসরি ঢাকায় নিয়ে বিক্রি করার পরিকল্পনা করছেন।
কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন, বাজারে দাম বর্তমান অবস্থায় স্থিতিশীল থাকলে কৃষকেরা আগাম আলু চাষ করে লাভবান হবেন। কিশোরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান আলম বলেন, "আগাম আলু চাষে কৃষকেরা লাভবান হবেন, তেমনি এ মৌসুমে নারী শ্রমিকেরাও প্রচুর কাজের সুযোগ পাবেন।"
নীলফামারী জেলায় এবারের আগাম আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা প্রায় সাড়ে ৪ লাখ মেট্রিক টন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন, দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনাকে বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেফতার করা হবে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সাইবার সুরক্ষা আইন নিয়ে কূটনীতিকদের ব্রিফিং শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
শেখ হাসিনার দেশে ফেরার আবদার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, "আসুক না! দেশে এলে তাকে গ্রেফতার করা হবে, জেলে পাঠানো হবে। ব্যাস। তিনি বাংলাদেশের যেখানেই যাবেন, (মিশনে গেলেও) সেখানেই তাকে গ্রেফতার করা হবে।"
শামা ওবায়েদ আরও বলেন, "কেউ মানবতাবিরোধী অপরাধ করলে, তার পাসপোর্ট বাতিল হয়, আর দেয়া হয় না। এটা বর্তমান সংবিধানেই আছে।"
তিনি উল্লেখ করেন, "শেখ হাসিনা দণ্ডপ্রাপ্ত আসামি। অন্য আসামিদের ব্যাপারে যে বিধান আছে, তার ব্যাপারেও একই নিয়ম হবে। তাই এ আলোচনা করে সময় নষ্ট হচ্ছে সবার।"
ব্রিফিংয়ে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানান, সাইবার সুরক্ষা আইন নিয়ে সব অংশীদারের সঙ্গে আলাপ করে আপত্তিগুলো খতিয়ে দেখা হবে।
তিনি বলেন, "সাইবার আইনের সব কিছুই স্পষ্ট করার চেষ্টা করেছি, কোনো ভেইগ টার্ম থাকবে না।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ