০২:৪২ পি.এম
"আগে দেখেছি, বিরোধী দলের সভাপতি-সেক্রেটারি কে হবেন, সেটিও সরকার ঠিক করে দিত। গণমাধ্যমই ফ্যাসিস্ট তৈরি করতে সহায়তা করেছে। এখন গণমাধ্যমকে সঠিকভাবে কাজ করতে হবে।"—এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
শনিবার, মৌলভীবাজারে সাংগঠনিক সফরে গিয়ে সকাল ১১টায় মৌলভীবাজার সার্কিট হাউজের মুন হলে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
জাতীয় সংসদ নির্বাচনের পর মৌলভীবাজার জেলা শহরে জামায়াত আমিরের এটি প্রথম সফর। স্থানীয় জামায়াতের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এ সফরের জন্য মৌলভীবাজার জেলা জামায়াতের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়।
আরও পড়ুন: "অসহিষ্ণু বক্তব্য রাজনীতিকে ‘পয়েন্ট অফ নো রিটার্ন’-এ নিয়ে যেতে পারে": সৈয়দ এমরান সালেহ প্রিন্স
শনিবার সকাল ৮টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে জামায়াত আমিরকে অভ্যর্থনা জানানো হয়। এ সময় জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট মহানগরী আমির ফখরুল ইসলাম, মৌলভীবাজার জেলা আমির ইঞ্জিনিয়ার শাহেদ আলী, সিলেট মহানগরী নায়েবে আমির ড. নুরুল ইসলাম বাবুল, সিলেট জেলা নায়েবে আমির অধ্যাপক আব্দুল হান্নান, সিলেট মহানগরী সেক্রেটারি শাহজাহান আলী, সিলেট জেলা সেক্রেটারি জয়নাল আবেদীন, মৌলভীবাজার জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আজিজ আহমদ কিবরিয়া ও ছাত্রশিবিরের মৌলভীবাজার শহর সভাপতি কাজী দাইয়ান আহমদ উপস্থিত ছিলেন।
জামায়াত আমিরের সফরসঙ্গী হিসেবে আরও ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট মহানগরী আমির মো. ফখরুল ইসলাম ও সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমান।
সকাল ৯টায় ডা. শফিকুর রহমান মৌলভীবাজার সার্কিট হাউজে পৌঁছালে জেলার পক্ষ থেকে তাকে অভ্যর্থনা জানান মৌলভীবাজার জেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার শাহেদ আলী, হবিগঞ্জ জেলা আমির মাওলানা কাজী মখলিছুর রহমান, মৌলভীবাজার জেলা সেক্রেটারি ইয়ামীর আলী, হবিগঞ্জ জেলা সেক্রেটারি কাজী মহসিন আহমদ ও ছাত্রশিবিরের জেলা সভাপতি ফরিদ উদ্দিনসহ অন্যান্য নেতারা। এ সময় রাষ্ট্রীয় প্রটোকলের অংশ হিসেবে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে জামায়াত আমির মৌলভীবাজার জেলার ৭টি উপজেলা, ৫টি পৌরসভা, ৬৭টি ইউনিয়ন ও ৬০৩টি ওয়ার্ডের প্রতিনিধিদের পাশাপাশি সব রুকন ও স্থানীয় নির্বাচনের প্রার্থীদের নিয়ে আয়োজিত দায়িত্বশীল ওয়ার্ড সম্মেলনে ডেলিগেট হিসেবে অংশ নেন।
আরও পড়ুন: কংগ্রেস ভারতকে 'বাংলাদেশ' বানানোর চক্রান্তে লিপ্ত, নির্বাচন ছাড়াই ক্ষমতা দখল করতে চায়
সকাল সাড়ে ১২টায় জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত দায়িত্বশীল ওয়ার্ড সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। পরে তিনি কোর্ট মসজিদে জোহরের নামাজ আদায় করেন। নামাজের পর জেলা সার্কিট হাউজে ১১ দলীয় জোটের মৌলভীবাজার জেলা নেতৃবৃন্দ জামায়াত আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং দুপুরের খাবারে অংশ নেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র অনুযায়ী প্রতি দুই বছর পরপর জেলা আমির নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০২৭-২০২৮ সেশনের জন্য মৌলভীবাজার জেলা আমির নির্বাচনের ভোট গ্রহণের লক্ষ্যে দুপুর ২টায় জেলা শিল্পকলা একাডেমিতে রুকন সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে জেলার ৬০০ রুকন অংশগ্রহণ করবেন।
রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখবেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। নির্বাচন পরিচালনা করবেন সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমান।
সম্মেলনে বক্তব্য শেষে বিকাল ৪টায় সিলেট বিমানবন্দরের উদ্দেশে মৌলভীবাজার ত্যাগ করবেন জামায়াত আমির।
আরও পড়ুন: সাইদুলের মহৎ উদ্যোগে অভিভূত সমাজকল্যাণমন্ত্রী, প্রশংসা করলেন দৃষ্টিপ্রতিবন্ধীদের কল্যাণে
জামায়াত নেতারা জানান, ডা. শফিকুর রহমানের এই সাংগঠনিক সফর দলের জনশক্তির মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সঞ্চার করবে। একই সঙ্গে তৃণমূল পর্যায়ে সংগঠন আরও শক্তিশালী হবে বলেও তারা দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন