১২:৪৬ পি.এম
সিরিয়ার দামেস্কের ধর্মীয় ওয়াকফ অধিদপ্তরের পক্ষ থেকে দৃষ্টি, শ্রবণ, বাক এবং শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের পবিত্র কোরআন শেখানোর, মুখস্থ করার এবং তিলাওয়াতের সুযোগ বৃদ্ধি করতে নতুন একটি বিশেষায়িত প্রকল্প চালু করা হয়েছে।
এই প্রকল্পটির উদ্বোধন করা হয় দামেস্কের আল-তিজারা এলাকার আল-কুসুর মসজিদে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরীয় আরব প্রজাতন্ত্রের গ্র্যান্ড মুফতি শেখ ওসামা আব্দুল করিম আল-রিফাই এবং ধর্মীয় ওয়াকফমন্ত্রী মুহাম্মদ আবু আল-খায়ের শুকরি।
আরও পড়ুন: ৯ বছরের শিশু ওরিন সাফাত প্রধানমন্ত্রীর হাতে উপহার দিলেন নিজ হাতে লেখা কোরআন শরীফ
ধর্মীয় ওয়াকফ অধিদপ্তর জানায়, সমাজের কোনো মানুষ যেন প্রতিবন্ধকতার কারণে কোরআন শিক্ষা ও ধর্মীয় কার্যক্রম থেকে পিছিয়ে না থাকেন—এটি একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য। এই লক্ষ্যকে সামনে রেখে প্রকল্পটি গ্রহণ করা হয়েছে। প্রকল্পটির আওতায় বিভিন্ন ধরনের প্রতিবন্ধী ব্যক্তির প্রয়োজন অনুযায়ী বিশেষায়িত শিক্ষাক্রম এবং প্রশিক্ষণ পদ্ধতি তৈরি করা হবে।
এই উদ্যোগের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিরা পবিত্র কোরআন শিখতে, মুখস্থ করতে ও সঠিকভাবে তিলাওয়াত করতে সক্ষম হবেন।
এছাড়া, ধর্মীয় ও কোরআনিক শিক্ষায় তাদের অংশগ্রহণ বাড়ানো এবং সমাজে তাদের সক্রিয় উপস্থিতি দৃঢ় করার লক্ষ্যে প্রতিবন্ধী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ, আচরণ এবং শিক্ষাদানের জন্য দক্ষ বিশেষজ্ঞ শিক্ষক তৈরির উদ্যোগও নেওয়া হবে। প্রশিক্ষিত শিক্ষকদের দ্বারা তাদের জন্য উপযোগী শিক্ষা-পদ্ধতি চালু করা হবে, যাতে তারা ধর্মীয় শিক্ষা কার্যক্রমে কার্যকরভাবে অংশগ্রহণ করতে পারে।
দামেস্কের ধর্মীয় ওয়াকফ অধিদপ্তরের এই উদ্যোগগুলো ধর্মীয় শিক্ষায় প্রতিবন্ধী এবং সাধারণ—সব শ্রেণির মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে পরিগণিত হচ্ছে।
আরও পড়ুন: নিউইয়র্কের মসজিদ আল আরাফার নতুন কমিটির শপথ গ্রহণ
বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য আলাদা শিক্ষাব্যবস্থা এবং কোরআনের শিক্ষার্থীদের জন্য সৃজনশীল ক্যাম্প আয়োজনের মাধ্যমে ধর্মীয় শিক্ষাকে আরো অন্তর্ভুক্তিমূলক, মানবিক এবং অংশগ্রহণমূলক করার প্রচেষ্টা স্পষ্ট হয়েছে। পবিত্র কোরআনের শিক্ষা মানুষের হৃদয়কে আলোকিত করে। সেই আলো থেকে কোনো ব্যক্তি যেন প্রতিবন্ধকতার কারণে বঞ্চিত না হয়—এই আশাব্যঞ্জক উদ্যোগের উদ্দেশ্য।
সূত্র : সৌদি প্রেস এজেন্সি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন