বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং
০২:২৭ পি.এম
ভোরের আলো ফোটার পূর্বে জীবিকার তাগিদে ঘর ছেড়ে বেরিয়েছিলেন ১৯ বছর বয়সী তরুণ জিসান। কুমারখালী বাজারে মাছ বিক্রি করার পর তিনি বাড়ির দিকে রওনা হন। মনে মনে হয়তো তিনি দিনের আয় নিয়ে ভাবছিলেন, অথবা পরিবারের মুখে হাসি ফোটানোর চিন্তা করছিলেন। কিন্তু তার এই ফেরার পথটি যে তাঁর জীবনের শেষ যাত্রা হয়ে উঠবে, তা কেউ কল্পনাও করেনি। কুষ্টিয়া-কুমারখালী সড়কে বেপরোয়া গতির একটি ট্রাকের আঘাতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।
নিহত জিসান মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়নের সহড়াতলা পূর্বপাড়ার বদিরুল ইসলামের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৮টার দিকে কুমারখালী বাজারে মাছ বিক্রি শেষে আলগামনযোগে নিজ গ্রাম সহড়াতলায় ফিরছিলেন জিসান। পথে কুমারখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এলাকার গাজী ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাঁর আলগামনটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন। মুহূর্তের মধ্যে তাঁর মৃত্যু ঘটে।
দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যান। তবে পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করেছে। ট্রাকটির রেজিস্ট্রেশন নম্বর ‘ঢাকা মেট্রো ট ২২-০০৯৭’ উল্লেখ করা হয়েছে।
কুষ্টিয়া হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দ্রুতগতির ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই ওই যুবক মারা গেছেন। চালক ও হেলপার পালিয়ে গেলেও ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
পরিবারের উপার্জনক্ষম ও পরিশ্রমী তরুণ জিসানের এমন আকস্মিক মৃত্যুতে সহড়াতলা পূর্বপাড়ায় শোকের ছায়া নেমে এসেছে। বাবা বদিরুল ইসলামসহ স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে গ্রামের পরিবেশ। যে বয়সে স্বপ্ন বোনার কথা, সেই বয়সেই জীবিকার পথে এমন করুণ বিদায়ে শোকে স্তব্ধ এলাকাবাসী।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রংপুর মহানগরীতে গ্যারেজে পার্কিং করা শাপলা পরিবহনে আগুন দিয়েছে দূর্বৃত্তরা। মহানগর এলাকায় গেলো দুই দিন ধরে তিনটি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার ভোর ৫টার দিকে নগরীর মা ও শিশু হাসপাতালের সামনে সাজু মিয়ার গ্যারেজে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরিবহনটির মালিক মিঠু মিয়া, যিনি রংপুর-জলঢাকা রুটে চলাচল করতেন। তার বাড়ি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নে, যেখানে তিনি বিএনপির নির্বাহী কমিটির সদস্য।
গ্যারেজের নাইট গার্ড সিরাজুল ইসলাম জানিয়েছেন, রাত ৩টা ৫ মিনিটে তিনি দেখেন তিনজন মাস্ক পরা যুবক গাড়ির পাশে হেঁটে যাচ্ছেন। তিনি দোকানে পান মুখে দিতেই দেখতে পান গাড়ির সামনের অংশে আগুন জ্বলছে। যুবকরা দ্রুত চলে যায় এবং তাদের গায়ে সাদা শার্ট ছিল। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস খবর পেয়ে আগুন নেভাতে আসে, কিন্তু ততক্ষণে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।
ঘটনাস্থলে উপস্থিত আরিফুর জামান বাবু জানান, তিনি শুনেছেন গাড়িতে আগুন লেগেছে। তিনি মনে করেন, এই ধরনের ঘটনা তিনটি গাড়ির ক্ষেত্রে পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে। তিনি বলেন, "এটা পরিকল্পিত আগুন। এটা ওদের একটা হয়তোবা পরিকল্পনা করা আছে যে এতগুলো গাড়ি আমাদেরকে জ্বালাই দিতে হবে।" তিনি আরও বলেন, "আইনশৃঙ্খলা বাহিনী কি করে আমাদের বুঝে আসে না। সরকার কি করে আমরা বুঝতে পারছি না। আমরা কেন অনিরাপদ থাকবো।"
আগুন দেখে দৌড়ে আসা সাবেক মেম্বার চান্দু মিয়া জানান, "যখন এপাশে চিল্লাচিল্লি তখন দৌড়ে এসে দেখি আগুন জ্বলছে। গতকাল পোড়া গেল দুইটা।" তিনি সরকারের কাছে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
ঘটনার খবর পেয়ে বাসটির মালিক মিঠু মিয়া ও মালিক সমিতির সদস্যরা ঘটনাস্থলে আসেন। মিঠু মিয়া জানান, "আমার বাসটিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের লোকজন আগুন লাগিয়েছে। আমার ধারণা গানপাউডার ছিটিয়ে আগুন লাগানো হয়েছে। এটাই আমার রুটি রুজির পথ ছিল। এখন আমি নিঃস্ব।"
নীলফামারীবাস মিনিবাস ও কোচ মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান মিল্টন জানান, "গতকাল বুধবার আমাদের সংগঠনের একটা গাড়ি মালেকের গ্যারেজে নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন পুড়িয়ে দিয়েছে। আজও আবার এই গাড়িটি গ্যারেজে কাজ চলছিল, এটাও আমাদের নীলফামারী জেলা বাস, মিনিবাস ও কোচ মালিক সমিতির সদস্যের গাড়ি।" তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন এবং নিরাপত্তা জোরদার না হলে গাড়ি বন্ধ করে দেয়ার হুমকি দেন।
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আনোয়ারুল হক জানান, "আমরা প্রথমে সংবাদ পাই কন্ট্রোলের মাধ্যমে, ৩টা ৮ মিনিটে।" তিনি বলেন, "আমরা আসার পর দেখি গাড়িতে আগুন লাগছে এবং স্থানীয় প্রশাসন সেখানে উপস্থিত ছিল। আমরা দ্রুত চেষ্টা করে আগুন নেভাইছি। তদন্ত চলমান।"
রংপুর মহানগর কোতয়ালী থানার ওসি ওয়াদুদ আলম জানান, "আমাদের প্রাথমিক ধারণা এই ঘটনা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ ঘটিয়েছে।" তিনি বলেন, "কিভাবে ঘটালো। এখানে কোন ক্যামিকেল ব্যবহার হয়েছে কিনা, সেটা আমরা খতিয়ে দেখছি।"
এদিকে বুধবারও ঘটনাস্থলের ৫০০ গজের মধ্যে উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাসের পাশের মালেকের গ্যারেজে পার্কিং করা একই রুটে চলাচলকারী হৃদয়-তাহসিন পরিবহন অগ্নিসংযোগে পুড়ে যায়। ওই বাসটির মালিক রংপুর মহানগর যুবদলের ৩১ নং ওয়ার্ড সভাপতি আব্দুল কাইয়ুম রিন্টু হৃদয়। ওই দিন ভোরেরাতে নগরীর পর্যটন মোটেলের সামনে লুমিনাস ক্যাডেট কোচিংয়ের পার্কিং করা শিক্ষার্থী পরিবহনের একটি বাসে আগুন দেয় দূর্বৃত্তরা। বুধবারের ঘটনার একটিতে পুলিশ মামলা নিলেও অন্যটিতে নেয়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে একের পর এক আক্রমণাত্মক অবস্থান গ্রহণ করেছেন, যখন তিনি ক্ষমতা হারানোর মুখোমুখি। ২৭ অক্টোবরের নির্বাচনের পর থেকে বিরোধীদের সমালোচনা করার পাশাপাশি নির্বাচনের ফলাফলের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। এই অবস্থান দেশের রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি করেছে। এমনকি ডানপন্থি বিক্ষোভকারীরা গৃহযুদ্ধের হুমকি পর্যন্ত দিয়েছেন।
বিশ্লেষকদের মতে, ক্ষমতা ধরে রাখতে নেতানিয়াহু যেকোনো পদক্ষেপ নিতে পারেন, যা ইসরাইলে রাজনৈতিক সহিংসতার ঝুঁকি বাড়াতে পারে। দীর্ঘদিন ধরে ইসরাইলের ক্ষমতায় থাকা নেতানিয়াহুর বিদায় এখন সময়ের ব্যাপার বলে মনে হচ্ছে। তবে বিরোধী দলগুলোকে কার্যকর সরকার গঠন করতে হবে। বিরোধীদের নেতৃত্বে রয়েছেন গাদি আইজেনকোট, যার নেতৃত্বাধীন জোটকে ইসরাইলের ফিলিস্তিনি নাগরিকদের প্রতিনিধিত্বকারী দলগুলোর সমর্থন নিতে হতে পারে।
নেতানিয়াহু এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে আরব দলগুলোর ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছেন এবং নির্বাচনে কারচুপির ভিত্তিহীন অভিযোগ তুলেছেন। তার তৈরি করা রাজনৈতিক পরিবেশে ডানপন্থি বিক্ষোভকারীরা গৃহযুদ্ধের হুমকি দিচ্ছেন। সমালোচকদের অভিযোগ, ক্ষমতায় টিকে থাকার উদ্দেশ্যে তিনি ইরানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি উসকে দিচ্ছেন।
এদিকে, ইসরাইলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতকে ঘিরেও বিতর্ক সৃষ্টি হয়েছে। নেতানিয়াহুর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সংস্থাটির প্রধান ডেভিড জিনি, নির্বাচনে বিদেশি হস্তক্ষেপের সন্দেহে পাঁচজন আরব আইনপ্রণেতার ফোনে আড়ি পাতার অনুমতি চেয়েছিলেন। নির্বাচনের দিন ফিলিস্তিনি বংশোদ্ভূত ইসরাইলি রাজনীতিকদের গ্রেপ্তারের অনুমতি চাওয়ার খবরও প্রকাশিত হয়েছে। তবে অ্যাটর্নি জেনারেল এসব অনুরোধ নাকচ করে দেন।
বিরোধী নেতা ইয়ার লাপিদ এবং জয়েন্ট লিস্টের প্রধান ইউসেফ জাবারিন এসব পদক্ষেপকে ‘অভ্যুত্থানের চেষ্টা’ বলে আখ্যা দিয়েছেন। অন্যদিকে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা তদন্ত করছেন, নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগটি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেই তৈরি করা হয়েছিল কি না।
ইসরাইলের কয়েকজন রাজনীতিক ও বিশ্লেষকের মতে, নেতানিয়াহুর এসব পদক্ষেপের মূল লক্ষ্য ক্ষমতায় টিকে থাকা। যদি তা সম্ভব না হয়, তবে এমন একটি সরকার গঠন নিশ্চিত করা, যা তার ও তার মিত্রদের সমর্থনের ওপর নির্ভরশীল থাকবে।
ক্ষমতা হারালে বড় বিপদ
নেতানিয়াহুর সামনে একাধিক ঝুঁকি রয়েছে, যা তার রাজনৈতিক উত্তরাধিকারকে প্রশ্নের মুখে ফেলতে পারে। ক্ষমতা হারালে তার ব্যক্তিগত স্বাধীনতাও হুমকির মুখে পড়তে পারে।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বাধীন হামলার আগে নেতানিয়াহু ও তার সরকারের ব্যর্থতা তদন্তে রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠনের দাবি দীর্ঘদিনের। ওই হামলার জবাবে গাজায় ইসরাইল যে গণহত্যামূলক যুদ্ধ শুরু করে, প্রায় সেই সময় থেকেই এ দাবি উঠছে।
সম্প্রতি প্রকাশিত কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য হামলার বিষয়ে মিসর ও সংযুক্ত আরব আমিরাতের জ্যেষ্ঠ কর্মকর্তারা নেতানিয়াহুকে ব্যক্তিগতভাবে সতর্ক করেছিলেন। এসব প্রতিবেদন প্রকাশের পর রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠনের দাবি আরো জোরালো হয়েছে। গত সপ্তাহে পার্লামেন্টের নতুন অধিবেশন শুরুর পর আইন প্রণয়নের অগ্রাধিকার তালিকাতেও বিষয়টি গুরুত্ব পেয়েছে।
এদিকে গাজায় যুদ্ধ এবং সরকারের ওপর বিচার বিভাগের নজরদারি দুর্বল করতে নেতানিয়াহুর উদ্যোগকে কেন্দ্র করে তৈরি হওয়া সাংবিধানিক সংকট তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থেকে মনোযোগ সরিয়ে রাখতে সহায়তা করেছে।
২০১৯ সাল থেকে নেতানিয়াহুর বিরুদ্ধে তিনটি পৃথক মামলায় ঘুষ গ্রহণ, জালিয়াতি এবং বিশ্বাসভঙ্গের অভিযোগ রয়েছে। ২০২০ সালের মে মাস থেকে তার বিচার চলছে। তবে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের কারণে বারবার বিচারকাজ পিছিয়েছে। এসব অভিযোগে দোষী সাব্যস্ত হলে তার সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
লন্ডনের কিংস কলেজের ইসরাইলবিষয়ক বিশ্লেষক আহরন ব্রেগম্যান নেতানিয়াহুর বর্তমান আচরণকে ‘আহত পশুর’ সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেন, ‘নেতানিয়াহু আহত পশুর মতো আচরণ করছেন। তার কাছে নির্বাচনে হার শুধু রাজনৈতিক বিষয় নয়, ব্যক্তিগত বিষয়ও। বিশেষ করে তার দুর্নীতির বিচার রয়েছে, যার পরিণতিতে তাকে কারাগারেও যেতে হতে পারে। প্রধানমন্ত্রিত্ব হারানো মানে তার সুরক্ষাকবচ হারানো। তাই নেতানিয়াহুর কাছে কোনো কিছুই এখন অসম্ভব নয়।’
রাজনৈতিক সহিংসতার ঝুঁকি বাড়ছে
ইসরাইলে রাজনৈতিক সহিংসতার আশঙ্কা ক্রমেই বাড়ছে। নির্বাচনের পর কয়েক দিনের মধ্যে ডানপন্থি বিক্ষোভকারীরা বিরোধী নেতা গাদি আইজেনকোটের বাড়ির সামনে জড়ো হন। আরব দলগুলোর সঙ্গে সরকার গঠনের চেষ্টা না করতে তাকে সতর্ক করেন তারা। এ সময় তাকে ‘বিশ্বাসঘাতক’ বলেও আখ্যা দেওয়া হয়।
এদিকে প্রকাশ্যে আসা একটি চিঠিতে হাইফা শহরের রাব্বিনিক আদালতের সাবেক প্রধান রাব্বি গেদালিয়া অ্যাক্সেলরড ‘দিন রোদেফ’ বা ‘ধাওয়া করার আইন’ নামের একটি ধর্মীয় বিধানের প্রসঙ্গ তুলেছেন।
১৯৯৫ সালে ফিলিস্তিনিদের সঙ্গে অসলো চুক্তির বিরোধিতা করে ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী আইজ্যাক রবিনকে হত্যা করেছিলেন ইগাল আমির। হত্যার পক্ষে যুক্তি দেখাতে তিনিও একই ধর্মীয় বিধানের উল্লেখ করেছিলেন।
ইসরাইলের বামপন্থি হাদাশ পার্টির আইনপ্রণেতা ওফের কাসিফ মনে করেন, আইজেনকোটের সরকার গঠনে যত দেরি হবে, রাজনৈতিক সহিংসতার ঝুঁকি তত বাড়বে। তিনি বলেন, ‘নেতানিয়াহু ক্ষমতায় টিকে থাকতে যেকোনো কিছু করতে প্রস্তুত। আমি সত্যিই যেকোনো কিছু বলছি। তিনি একজন মনোবিকৃত মানুষ। ডানপন্থিদের মধ্যে গৃহযুদ্ধের কথা বলা হচ্ছে। আমি সেই আশঙ্কা উড়িয়ে দিতে পারছি না। নেতানিয়াহু তাকে ঘিরে একধরনের ব্যক্তিপূজার সংস্কৃতি তৈরি করেছেন। তার সমর্থকেরা সহজেই প্রতিপক্ষের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নিতে পারেন।’
নির্বাচনের বৈধতা ক্ষুণ্ন করার অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে কী ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে, তা এখনো স্পষ্ট নয়।
নির্বাচনের আগের দিন পুলিশের কাছে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে প্রধানমন্ত্রীর কয়েকজন সহযোগী ফৌজদারি তদন্তের মুখে পড়তে পারেন। অন্যদিকে শিন বেতের প্রধান ডেভিড জিনির বিরুদ্ধেও প্রশ্ন উঠতে পারে। গণতান্ত্রিক প্রক্রিয়া বানচালের চেষ্টায় তার সংস্থার ভূমিকার অভিযোগ প্রমাণিত হলে শিন বেতের স্বাধীনতা এবং তার নিজের অবস্থান—দুটিই গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।
লন্ডনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউসের জ্যেষ্ঠ পরামর্শক ফেলো ইয়োসি মেকেলবার্গের মতে, নেতানিয়াহু এখন মূলত নিজের অস্তিত্ব রক্ষার লড়াই করছেন। এ লড়াইয়ে তার আশপাশের লোকজনের পরিণতি নিয়ে তিনি ভাবছেন না।
তিনি বলেন, ‘নেতানিয়াহু নিজের টিকে থাকার জন্য লড়ছেন। তার আশপাশের লোকজন হারিয়ে গেলেও তিনি পরোয়া করেন না। তবে এবার তিনি সফল নাও হতে পারেন। তাদের নিয়ে তার কোনো মাথাব্যথা নেই। এমনকি নিজের রাজনৈতিক উত্তরাধিকার নিয়েও তিনি চিন্তিত নন। তার কাছে একমাত্র গুরুত্বপূর্ণ বিষয় হলো টিকে থাকা। পরের দিনটিতে কীভাবে ক্ষমতায় থাকা যায়, কীভাবে যেকোনো মূল্যে ক্ষমতা আঁকড়ে রাখা যায়, সেটিই তাঁর লড়াই।’
এএম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনের ওপর টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ ও স্লোগান দেওয়ার ঘটনায় পুলিশ ছয়জনকে আটক করেছে। এই ঘটনা ঘটে বুধবার (১৮ নভেম্বর) রাত ১১টা ১৫ মিনিটের দিকে সদর উপজেলার পুনিয়াউট রেলক্রসিংয়ের প্রায় ২০০ মিটার পূর্ব পাশে।
পুলিশের তথ্য অনুযায়ী, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা রেললাইনের ওপর টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করেন। এ সময় তাঁরা ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ সহ বিভিন্ন স্লোগান দেন। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয়জনকে আটক করে থানায় নিয়ে যায়।
আটককৃতদের মধ্যে মো. রাব্বি (২৮), রায়হান (১৮), শাওন মল্লিক (১৮), রায়হান আহমেদ রিজিক (১৬), সাইফুল ইসলাম সিজান (১৬) ও এনামুল হক নিরব (১৭) অন্তর্ভুক্ত রয়েছে। তাঁদের সকলের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিভিন্ন এলাকায়।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রেললাইনে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগের ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে। যেহেতু ঘটনাস্থল রেলওয়ে পুলিশের আওতাধীন, তাই এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে রেলওয়ে পুলিশ।
ওসি আরও জানান, ঘটনার পর বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ডেঙ্গুসহ বিভিন্ন রোগ প্রতিরোধের লক্ষ্যে সারাদেশে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান জোরদার করা হলেও কুষ্টিয়ার প্রথম শ্রেণির কুমারখালী পৌরসভায় দৃশ্যমান চিত্র ভিন্ন। ১৫৭ বছরের পুরনো এই পৌরসভায় আজও কোনো নির্দিষ্ট ডাম্পিং স্টেশন গড়ে ওঠেনি। এর ফলে বসতবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও রেস্তোরাঁর ময়লা-আবর্জনা যত্রতত্র ফেলা হচ্ছে। পৌর কর্তৃপক্ষের তরফ থেকেও সংগৃহীত বর্জ্য কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালী ফায়ার সার্ভিস স্টেশন সংলগ্ন এলাকার দুপাশে ফেলা হচ্ছে।
গড়াই নদীর তীরে ১৮৬৯ সালের এপ্রিল মাসে প্রতিষ্ঠিত কুমারখালী পৌরসভা ১৯৯৬ সালে প্রথম শ্রেণির মর্যাদা লাভ করে। বর্তমানে ১১ বর্গমাইল আয়তনের এই পৌরসভায় প্রায় ৬০ হাজার মানুষের বসবাস রয়েছে। দেড় শতাব্দীরও বেশি সময় পেরিয়ে গেলেও আধুনিক কোনো বর্জ্য ব্যবস্থাপনা গড়ে না ওঠায় এবং নিয়মিত পৌরকর পরিশোধ করেও নাগরিক সুবিধা না পাওয়ায় পৌরবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে।
গতকাল বুধবার সকালে পৌরসভার কাজীপাড়া, কালীবাড়ি মন্দির, বিদ্যুৎ কার্যালয় এলাকা, কুণ্ডুপাড়া, তহবাজার ও থানামোড়সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সড়কের ধারে পচা ময়লা-আবর্জনার স্তূপ পড়ে রয়েছে। এসব আবর্জনার কারণে মশা-মাছির উপদ্রব বৃদ্ধি পেয়েছে এবং চারপাশে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে। নানা বয়সী মানুষকে স্বাস্থ্যঝুঁকি নিয়ে এসব সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে।
পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাকিব হোসেন আক্ষেপ করে বলেন, "এটি কেবল কাগজে-কলমে প্রথম শ্রেণির পৌরসভা। নিয়মিত কর পরিশোধ করেও আমরা একটি ডাম্পিং স্টেশন পাইনি। এখানকার মানুষ চরম স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন।"
পল্লী বিদ্যুৎ কার্যালয় এলাকার গৃহিণী রূপালী খাতুন অভিযোগ করেন, সকাল হলেই আশপাশের লোকজন বাড়ির সামনে দুর্গন্ধযুক্ত আবর্জনা ফেলে যান, কিন্তু সাত দিনেও পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের দেখা মেলে না। এতে মশা-মাছির মাধ্যমে রোগবালাই ছড়াচ্ছে এবং ছোট শিশুদের নিয়ে তাঁরা বিপাকে পড়েছেন।
কুণ্ডুপাড়া এলাকার ব্যবসায়ী রবিউল ইসলাম জানান, কয়েক বছর আগে পৌর কর্তৃপক্ষ মোড়ে মোড়ে ময়লা ফেলার জন্য প্লাস্টিকের ড্রাম বসিয়েছিল। তবে সেগুলো ভরে গেলেও সময়মতো পরিষ্কার করা হতো না। তীব্র দুর্গন্ধে ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা একসময় ড্রামগুলো ভেঙে ফেলেন। এখন বিকল্প ব্যবস্থা না থাকায় মানুষ সরাসরি সড়কের ওপরই আবর্জনা ফেলছে।
সরেজমিনে দেখা যায়, কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালী ফায়ার সার্ভিস স্টেশন এলাকার দুপাশে পৌরসভার গাড়ি থেকেই ময়লা ফেলা হচ্ছে। উৎকট দুর্গন্ধের কারণে এই সড়ক দিয়ে নাক-মুখ চেপে চলাচল করতে বাধ্য হচ্ছেন যাত্রী ও পথচারীরা।
ভ্যানচালক মনোয়ার হোসেন বলেন, দীর্ঘদিন ধরে পৌর কর্তৃপক্ষ ও শহরের ব্যবসায়ীরা মহাসড়কের দুপাশে আবর্জনা ফেলায় এই পথ দিয়ে চলাচল করা দায় হয়ে পড়েছে।
একই এলাকার বাসিন্দা শম্পা খাতুন অভিযোগ করে বলেন, "পৌরসভার লোকজনই এখানে ময়লা ফেলে যান, বারবার নিষেধ করলেও তাঁরা শোনেন না। দুর্গন্ধে বাড়িতে টেকা যায় না; খাবারে মশা-মাছি বসে পরিবারের সবাই অসুস্থ হয়ে পড়ছেন।"
প্রথম শ্রেণির একটি পৌরসভায় কোনো বর্জ্য ব্যবস্থাপনা না থাকাকে অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে কুমারখালী প্রেস ক্লাবের সভাপতি কে এম আর শাহিন বলেন, "একদিকে সড়কের ধারে ময়লা ফেলা হচ্ছে, অন্যদিকে সেখানেই আগুন দিয়ে তা পোড়ানো হচ্ছে। এতে বায়ুদূষণের পাশাপাশি মানুষের স্বাস্থ্যঝুঁকি বহুগুণ বাড়ছে। জনস্বার্থে দ্রুত একটি ডাম্পিং স্টেশন নির্মাণ করা জরুরি।"
যত্রতত্র আবর্জনা ফেলার ফলে ডেঙ্গু, ম্যালেরিয়া ও কৃমিসহ পানিবাহিত ও বায়ুবাহিত নানা রোগের প্রকোপ বাড়ার শঙ্কা প্রকাশ করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুপর্ণা লতিফ আহমেদ। তিনি বলেন, "খোলা জায়গায় ময়লা না ফেলে নির্দিষ্ট স্থানে সংগ্রহ করে যথাযথ প্রক্রিয়ায় ধ্বংস বা প্রক্রিয়াজাত করা উচিত। এতে পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে এবং রোগবালাইও কমবে।"
ব্রিটিশ আমলে অপরিকল্পিতভাবে পৌরসভাটি গড়ে উঠেছিল উল্লেখ করে কুমারখালী পৌরসভার সহকারী প্রকৌশলী এম এম সামরুজ্জামান বলেন, "জনসংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে অপরিকল্পিত বসতি গড়ে উঠেছে। পৌর এলাকায় পর্যাপ্ত খাস বা ফাঁকা জায়গা না থাকায় এতদিনেও ডাম্পিং স্টেশন নির্মাণ করা সম্ভব হয়নি। তবে শহর পরিচ্ছন্ন রাখতে একটি পরিচ্ছন্নতা অভিযান ক্যালেন্ডার তৈরির কাজ চলছে।"
নির্দিষ্ট বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় নাগরিক ভোগান্তি ও স্বাস্থ্যঝুঁকি বাড়ার বিষয়টি স্বীকার করেছেন কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. রাইসুল ইসলাম। তিনি বলেন, "সম্প্রতি মন্ত্রণালয়ে এ-সংক্রান্ত একটি সেমিনার হয়েছে। অগ্রাধিকার প্রকল্পের আওতায় কুমারখালী পৌরসভার জন্য একটি আধুনিক ডাম্পিং স্টেশন নির্মাণের প্রকল্প প্রস্তুতির কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। খুব দ্রুতই এই সমস্যার স্থায়ী সমাধান হবে বলে আশা করছি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ