০৯:০৮ পি.এম
"১০ বছরের মেয়াদ অতিক্রম করা অনিরাপদ সিলিন্ডার বাজারে সরবরাহ করে মানুষের জীবনকে ঝুঁকিতে ফেলা যাবে না"—এলপিজি ব্যবসায়ীদের উদ্দেশ্যে এমন কঠোর হুঁশিয়ারি ও আহ্বান জানিয়েছেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ।
তিনি উল্লেখ করেন, "দেশে বহু গ্যাস সিলিন্ডার ১০ বছর অতিক্রম করায় ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। কিন্তু অত্যন্ত ঝুঁকির বিষয় হলো, সেসব অনুপযোগী সিলিন্ডার এখনো বাজারে ব্যবহার করা হচ্ছে, যা কোনোভাবেই নিরাপদ নয়। কোনো ব্যবসায়ী অনিরাপদ সিলিন্ডার সরবরাহ করে মানুষের জীবনকে ঝুঁকিতে ফেলতে পারেন না।"
দেশের জ্বালানি ব্যবহারের চিত্র তুলে ধরে প্রধান অতিথি আরও বলেন, "অতীতে দেশে মোট উৎপাদিত ও আমদানিকৃত গ্যাসের প্রায় ৮০ শতাংশ গৃহস্থালিতে এবং ১২ শতাংশ শিল্প-কারখানায় জ্বালানি হিসেবে ব্যবহৃত হতো। বর্তমানেও মোট উৎপাদিত ও আমদানিকৃত গ্যাসের ১২ শতাংশ শিল্পে এবং ৬ শতাংশ যানবাহনে ব্যবহৃত হচ্ছে, আর বাকি ৮২ শতাংশ রান্নার কাজে গৃহস্থালিতে ব্যবহৃত হয়। তাই রান্নার কাজের সিলিন্ডারগুলোর নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।"
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর নবীন বিসিএস কর্মকর্তাদের সততা ও দক্ষতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান
বাগেরহাটের মোংলায় দেশের প্রথম পূর্ণাঙ্গ এলপিজি সিলিন্ডার রিফারবিশমেন্ট ও রিকোয়ালিফিকেশন ফ্যাসিলিটি (জঋঝ) উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে বিইআরসি চেয়ারম্যান এসব কথা বলেন।
দেশের এলপিজি খাতে সিলিন্ডারের নিরাপত্তা ও মানসম্মত ব্যবস্থাপনা নিশ্চিত করতে বাগেরহাটের মোংলায় এই যৌথ আধুনিক সুবিধা স্থাপন করেছে ওমেরা পেট্রোলিয়াম লিমিটেড ও ওমেরা সিলিন্ডার্স লিমিটেড।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিস্ফোরক পরিদর্শকের প্রধান মোহাম্মদ মহসিন উদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন বিইআরসির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শহীদ সারওয়ার (অব.), বিইআরসির পরিচালক (বিদ্যুৎ) রেজাউল করিম খান, ওমেরা পেট্রোলিয়াম লিমিটেডের সিইও তানজীম চৌধুরী, সিওও মাখিন্দ্র ডি জয়সা এবং প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও এলপিজি খাতের প্রতিনিধিরা।
ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধনের পর আমন্ত্রিত অতিথিরা নবনির্মিত আরএফএস কেন্দ্র ও ওমেরার মোংলা টার্মিনাল ঘুরে দেখেন।
আরও পড়ুন: এপারে আসতে হলে ফিটফাট হয়ে আসতে হবে: মৎস্য প্রতিমন্ত্রী টুকু
উল্লেখ্য, বারবার পরিবহন ও দীর্ঘদিন ব্যবহারের কারণে সিলিন্ডারে মরিচা, আঘাতজনিত ক্ষতি বা ভালভের ত্রুটি দেখা দেয়। নিয়ম অনুযায়ী ১০ বছর পর পর প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা ও সংস্কারের মাধ্যমে সিলিন্ডার ব্যবহারের উপযোগী কি না তা নিশ্চিত করতে হয়। মোংলায় স্থাপিত এই আরএফএস কেন্দ্রটি ওমেরার নিজস্ব সিলিন্ডারের পাশাপাশি দেশের অন্যান্য এলপিজি অপারেটরদের সিলিন্ডার রিফারবিশমেন্ট ও রিকোয়ালিফিকেশনের সুবিধা দেবে, যা সামগ্রিক এলপিজি খাতের নিরাপত্তা বৃদ্ধি ও জাতীয় অপচয় রোধে বড় ভূমিকা রাখবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন