০৯:৩৩ পি.এম
প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক সমর্থনের বিষয়ে স্পষ্টভাবে মন্তব্য করেছেন। তিনি বলেন, "যেকোনো রাজনৈতিক দলের প্রতি প্রশাসনের কর্মকর্তাদের সমর্থন থাকা আমি ব্যক্তিগতভাবে দোষের মনে করি না।" তবে তিনি উল্লেখ করেন যে, রাজনৈতিক সমর্থনের প্রতিফলন ঘটতে হবে ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয়।
রোববার (৮ নভেম্বর) বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে (বিপিএটিসি) অনুষ্ঠিত ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী নবীন সরকারি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, "ক্যাডার বা কর্মস্থল যা-ই হোক না কেন, সবার প্রথম ও প্রধান পরিচয় হলো— আপনারা জনপ্রশাসনের কর্মকর্তা এবং জনগণের সেবক।" তিনি বলেন, অফিসে সেবা নিতে আসা নাগরিকদের সঙ্গে মানবিক আচরণ করা উচিত। কারও আবেদনপত্রে ভুল থাকলে, তাকে শুধু ফিরিয়ে না দিয়ে, কীভাবে তা সংশোধন করা যায় সেই পরামর্শ দেওয়াটাই মানবিকতার বহিঃপ্রকাশ।
আরও পড়ুন: প্রকৌশলীদের অধিকার আদায়ের প্ল্যাটফর্ম হিসেবে আইইবিকে গড়ে তোলার আহ্বান
তিনি আরও বলেন, "একটি সরকারের সার্বিক সফলতার জন্য দক্ষতা, সততা ও মানবিক মূল্যবোধসম্পন্ন প্রশাসন অত্যন্ত জরুরি।" এ সময় প্রধানমন্ত্রী সরকারি কর্মকর্তাদের ‘নিজের সঙ্গে যেমন আচরণ প্রত্যাশা করেন, অন্যের সঙ্গেও তেমন আচরণ করার’ নীতি অনুসরণের আহ্বান জানান।
প্রধানমন্ত্রী পছন্দের পোস্টিং বা পদোন্নতির জন্য পেশাগত দক্ষতা ও সততার সঙ্গে আপস না করার আহ্বান জানান। তিনি বলেন, "দেশের যেকোনো স্থানে, যেকোনো পদে দায়িত্ব পালনের জন্য মানসিকভাবে প্রস্তুত থাকাই চূড়ান্ত পেশাদারিত্বের পরিচায়ক।" তিনি স্মরণ করিয়ে দেন যে, "একটি সরকার যেমন চিরস্থায়ী নয়, জনপ্রশাসনের কোনো পদও কারও জন্য চিরস্থায়ী নয়।"
সরকারের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের বিষয়ে তিনি বলেন, "জাতীয় নির্বাচনের আগে দেওয়া ইশতেহারে জনগণ রায় দিয়েছে। তাই এটি এখন জনগণের দলিল।" সরকারের এই এজেন্ডা বা ইশতেহার বাস্তবায়নের প্রশাসনিক কাজটি কর্মকর্তাদের আন্তরিকতার সঙ্গে করতে হবে।
প্রশাসনে দীর্ঘসূত্রতা কমিয়ে সেবাকে আরও সহজ ও নাগরিকবান্ধব করতে কর্মকর্তাদের ইতিবাচক মানসিকতা পোষণের আহ্বান জানান প্রধানমন্ত্রী। বক্তব্যের শেষাংশে তিনি পরিবেশ ও প্রতিবেশ সুরক্ষায় গুরুত্বারোপ করে বলেন, "ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও পরিচ্ছন্ন দেশ গড়তে আমাদের চারপাশ ও অফিস-আদালত পরিচ্ছন্ন রাখতে হবে।"
আরও পড়ুন: যুবলীগ নেতাকে ছাড়াতে থানায় তদবির, ছাত্রদল নেতা ফয়সাল কবির আখন্দ বহিষ্কার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন