০৯:৫৯ পি.এম
রাজধানীর সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য এবং দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে প্রধানমন্ত্রী তারেক রহমান সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী টার্মিনালের বাসের ডিপো সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন। এটি ঘটে সোমবার (১৫ জুন) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে অনুষ্ঠিত একটি সভায়।
এদিকে, রাজধানীর গুরুত্বপূর্ণ এই ৩ টার্মিনাল অপসারণের বিষয়ে কণ্ঠশিল্পী আসিফ আকবর মন্তব্য করেছেন। তিনি বলেন, “নষ্ট সিস্টেমের কঙ্কালে যেন এই সিদ্ধান্তটি ফাইলবন্দি না হয়,” এবং তার নিজ ভেরিফায়েড আইডিতে একটি পোস্টে উল্লেখ করেন, ‘সোজা রাস্তা জটিল হয়ে যায় টার্মিনালের এই বাস ডিপোগুলোর জন্য। সেই কিশোর বয়স থেকেই প্রত্যক্ষ ভুক্তভোগী হিসেবে এই অসহ্য যন্ত্রণা থেকে মুক্তি চাই। অতীতের মত নষ্ট সিস্টেমের কঙ্কালে যেন এই জনগুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি ফাইলবন্দী না হয়ে যায়—এটাই আমাদের দাবি।’
তিনি আরও বলেন, ‘মহাসড়কে যানবাহন চলাচলে বিশৃঙ্খলা রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ প্রয়োজন। অনিয়ন্ত্রিত টেসলা (ব্যাটারিচালিত অটোরিক্সা) গলি থেকে হাইওয়েতে অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। অদক্ষ চালকদের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে, আহত এবং নিহত হচ্ছে মানুষ। তাদের কারো নেই লাইসেন্স, কারো নেই সড়কের নিয়ম মানার আগ্রহ। ভুক্তভোগী কেউ প্রতিবাদ করলে আবার জোটবদ্ধ হয়ে গণ্ডগোল শুরু করে। জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে চাওয়া সড়ক—মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনুন প্লিজ। একই সাথে সাধারণ মানুষকেও ডিসিপ্লিনের আওতায় নিয়ে আসতে হবে। আমরা নিজেরাই আইন মানতে চাই না। অনিয়মকারীদের অর্থদণ্ডের আওতায় নিলেই রোড ট্রাফিক সিস্টেমে শৃঙ্খলা ফিরে আসবে, যার কিছু নমুনা ঢাকার রাস্তায় দৃশ্যমান। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জনবান্ধব সিদ্ধান্তের জন্য। ভালবাসা অবিরাম।’
আরও পড়ুন: ইউএস-বাংলা এয়ারলাইন্সের ধারাবাহিক ‘বেস্ট ডোমেস্টিক এয়ারলাইন অব দ্য ইয়ার-২০২৬’ অর্জন
জানা গেছে, আজ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে অনুষ্ঠিত যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন বিষয়ক তৃতীয় দফার সভায় রাজধানীর সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী টার্মিনালের বাসের ডিপো সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ সভায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে দেশের বিভিন্ন অঞ্চলের যানজট পরিস্থিতি, ট্রাফিক ব্যবস্থাপনা এবং নগর পরিবহন ব্যবস্থার সংস্কার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
রাজধানীর গুরুত্বপূর্ণ প্রবেশপথ ও বাণিজ্যিক এলাকায় অবস্থিত সায়েদাবাদ, গুলিস্তান এবং মহাখালী বাস টার্মিনাল ঢাকার অভ্যন্তরীণ যানজটের অন্যতম প্রধান কারণ হিসেবে দীর্ঘদিন ধরে চিহ্নিত হয়ে আসছে। এই সংকট দূর করতে নগরীর ভেতর থেকে এসব টার্মিনালের বাস ডিপো পর্যায়ক্রমে সরিয়ে নেওয়া এবং ঢাকার বাইরে বা উপযুক্ত প্রান্তিক স্থানে স্থানান্তরের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
সভায় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলমসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আরও পড়ুন: টানা ৫মবার বর্ষসেরা এয়ারলাইনের পুরস্কার পেল ইউএস-বাংলা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন