১০:৩৪ এম
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নে কলিমাজানি নদীর ওপর নির্মাণাধীন একটি সেতুর কাজ পাঁচ বছর পেরিয়ে গেলেও এখনো সম্পন্ন হয়নি। স্থানীয় বাসিন্দাদের ভোগান্তি চরম পর্যায়ে পৌঁছে গেছে, কারণ দুবছরের কাজ পাঁচ বছরেও আলোর মুখ দেখেনি। সেতুর কাজ কবে নাগাদ শেষ হবে, তা নিয়ে দুই পারের মানুষ অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা যায়, ২০২০-২১ অর্থবছরে ৯ কোটি ৪৫ লাখ ১৮ হাজার ৬৮৮ টাকা ব্যয়ে কলিমাজানি নদীর ওপর সেতু নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হয়। ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মেসার্স দুর্গা এন্টারপ্রাইজ অ্যান্ড আব্দুস সালাম খান’ ২০২১ সালের ৩ জানুয়ারি কার্যাদেশ পেয়ে কাজ শুরু করে। তবে মূল কাজের অর্ধেক শেষ হওয়ার আগেই তারা কাজ বন্ধ করে দেয়।
উপজেলা প্রকৌশল অফিসের তাগিদে মাঝে মাঝে কাজ চললেও তা আবার থমকে যায়। দীর্ঘ সময় বন্ধ থাকার পর ২০২৫ সাল থেকে প্রতিষ্ঠানের অংশীদার মো. শাজাহানের তত্ত্বাবধানে পুনরায় কাজ শুরু হয়।
আরও পড়ুন: শাহেদলের ৭নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী লুৎফর এর মতবিনিময় সভা: তরুণ প্রার্থীকে ভালোবেসে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ
স্থানীয়রা জানিয়েছেন, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই সোহাগপুর থেকে পিচঢালা একটি রাস্তা কলিমাজানি নদীর পাড় পর্যন্ত পৌঁছেছে। বর্তমানে নদীর উত্তরপাড় থেকে খেয়া নৌকায় পার হয়ে কলিমাজানি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পথহারা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিয়মিত যাতায়াত করছে। একইভাবে দক্ষিণপাড় থেকে খেয়া পার হয়ে গোড়াই ইউনিয়ন পরিষদ এবং স্থানীয় বিভিন্ন শিল্পকারখানার শ্রমিকেরা যাতায়াত করছেন। সেতুটি চালু হলে কলিমাজানি, নয়াপাড়া ও ভানুয়াবহ গ্রামের মানুষ কালিয়াকৈরের আড়াইগঞ্জ হয়ে ধামরাই, মানিকগঞ্জ ও ঢাকার সঙ্গে সহজে যোগাযোগ করতে পারবেন।
সাব-কনট্রাক্টর মো. পারভেজ জানিয়েছেন, আগের ঠিকাদারি প্রতিষ্ঠান দেশের বিভিন্ন স্থানে একাধিক কাজ পাওয়ার কারণে এবং আর্থিক সংকটে পড়ায় কাজের গতি কমে গিয়েছিল। তবে বর্তমানে কাজ চলমান রয়েছে এবং দ্রুত মূল কাজ শেষ করার চেষ্টা চলছে।
মির্জাপুর উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী আশরাফুল ইসলাম বলেছেন, ‘ঠিকাদারি প্রতিষ্ঠানটি হঠাৎ করে কাজে গাফিলতি করায় বিলম্ব হয়েছে। তবে আমাদের অফিস থেকে সার্বক্ষণিক চাপ দেওয়া হচ্ছে। আশা করা যায়, দ্রুতই কাজ শেষ করে স্থানীয়দের দীর্ঘদিনের দাবি পূরণ করা সম্ভব হবে।’
আরও পড়ুন: চাঁদপুরে কৃষিজমির মাটি কাটায় আবুল কাশেমকে ১ লাখ টাকা জরিমানা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন