ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

নোয়াখালী-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধের পথে, যাত্রীদের দুর্ভোগ বাড়ছে


নোয়াখালী-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধের পথে, যাত্রীদের দুর্ভোগ বাড়ছে

নোয়াখালী-ঢাকা রুটের ট্রেন যোগাযোগব্যবস্থা বন্ধের পথে রয়েছে। বর্তমানে একটি মাত্র ট্রেন চলাচল করছে, সেটিও অনিয়মিত। দিন দিন একের পর এক ট্রেন বন্ধ হওয়ার ফলে ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি যাত্রীদের জন্য চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছে।

রেলওয়ে সূত্রে জানা যায়, অতীতে নোয়াখালী-ঢাকা রুটে আন্তঃনগর নোয়াখালী এক্সপ্রেস, উপকূল এক্সপ্রেস, ঢাকা এক্সপ্রেসসহ একাধিক ট্রেন চলাচল করতো। এই ট্রেনগুলো যাত্রীবান্ধব ছিল এবং নিম্ন আয়ের বেশিরভাগ মানুষ এই ট্রেনগুলোতে যাতায়াত করতেন। লোকাল ট্রেনের মাধ্যমে সোনাইমুড়ী, চৌমুহনী, মাইজদী, সোনাপুরের ব্যবসায়ীরা বিভিন্ন স্থান থেকে তাদের মালামাল আনা-নেওয়া করতেন, যা সময় ও খরচ দুটিই বাঁচাতো।

বর্তমানে শুধু উপকূল এক্সপ্রেস চালু রয়েছে, অন্য সব ট্রেন বন্ধ হয়ে গেছে। এর ফলে যাত্রীদের দুর্ভোগ বেড়ে চলেছে। যদিও উপকূল এক্সপ্রেস চালু আছে, যাত্রী হয়রানি এবং সেবার মান নিয়ে অভিযোগ রয়েছে। ট্রেনটি ভোরে নোয়াখালী থেকে ছেড়ে যাওয়ার কারণে যাত্রী সংকট দেখা দেয় এবং রাতে নোয়াখালী আসার সময় যাত্রীরা অনেক সময় চুরি ও ছিনতাইয়ের শিকার হন।

আরও পড়ুন: তালার অডিটোরিয়াম নেশাখোরদের দখলে, সংস্কারের উদ্যোগ নেই

সেনবাগ থেকে আসা আবু বকর ছিদ্দিকের সঙ্গে সোনাইমুড়ী রেলওয়ে স্টেশনে কথা হলে তিনি জানান, "এক সময় আমরা কুমিল্লা, লাকসাম, ঢাকা যেতাম ট্রেনের মাধ্যমে। একাধিক ট্রেন থাকায় যখনি আসতাম ট্রেনের টিকিটে পেতাম। সহজেই গন্তব্যে চলে যেতাম। এখন ট্রেন না থাকায়, স্টেশনেও তেমন আশা পড়ে না। ট্রেন যাতায়াত সহজ। সময় ও খরচ দুটি সাশ্রয় হয়।" অন্যদিকে, ট্রেন না থাকায় বাসসহ অন্যান্য যানবাহনে যাতায়াত করতে হয়, যা সময় ও খরচ বাড়িয়ে দেয়।

চৌমুহনী রেলওয়ে স্টেশনের পাশের বাসিন্দা সাকাওয়াত উল্যাহ জানান, "এক সময় স্টেশনগুলো ছিল জনসমাগমে ভরা। ট্রেন না আসায় এখন জনমানবশূন্য। স্টেশনের আশপাশের খাবার হোটেল, ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধের পথে। কাস্টমার না থাকায়, ব্যবসায় লোকসান গুনছে তারা।"

বৃহত্তর নোয়াখালী রেল উন্নয়ন ফোরামের সভাপতি সাজ্জাদুল ইসলাম জানান, "নোয়াখালী-ঢাকা রুটে ট্রেন সার্ভিস বাড়ানো ও চট্টগ্রাম-ফেনী-নোয়াখালী-লক্ষ্মীপুর আঞ্চলিক রেল নেটওয়ার্ক স্থাপনে দীর্ঘদিন থেকে দাবি জানিয়ে আসলেও কোনো কাজ হচ্ছে না। এ বিষয়ে সম্প্রতি আমরা রেল মন্ত্রণালয়ের সচিব বরাবর দরখাস্ত করেছি। কিন্তু কোনো অগ্রগতি দেখছি না।"

চৌমুহনী ব্যবসায়ী সমিতির কার্যকরী সভাপতি মোরশেদুল আমিন ফয়সাল জানান, "আগের নোয়াখালীর ব্যবসা-বাণিজ্যের প্রচার ঘটেছিল রেল যোগাযোগ উন্নত থাকার কারণে। ট্রেনগুলো বন্ধ হয়ে যাওয়ায়, ক্ষতিগ্রস্ত হচ্ছে এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্য। আমরা চাই দ্রুত সরকার যেন নোয়াখালী-ঢাকা রুটে রেল যোগাযোগ উন্নত করে আগের মতো যাত্রী বান্ধব সেবা দেয়।"

আরও পড়ুন: পাথর কোয়ারি খুললে লাখো মানুষের কর্মসংস্থান ফিরবে

চৌমুহনী রেলওয়ে স্টেশন মাস্টার ফখরুল ইসলাম নোমান জানান, "ইঞ্জিন ও রেক সংকট দূর হলে এই সমস্যা আর থাকবে না। স্টেশনগুলো আগের মতো জনসমাগমে পূর্ণ হবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হামজা চৌধুরী কোন পজিশনে খেলবেন, তা নিয়ে জল্পনা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:২০ এম


হামজা চৌধুরী কোন পজিশনে খেলবেন, তা নিয়ে জল্পনা

দেড় বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের জাতীয় ফুটবল দলের জার্সি গায়ে খেলছেন হামজা চৌধুরী। তিনি পরিচিত একজন ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে। যদিও মিডফিল্ড পজিশনে তার অভিজ্ঞতা রয়েছে, তবে জাতীয় দলের জার্সি পরে হামজা যেন একজন প্রকৃত ‘স্ট্রাইকার’ হয়ে উঠছেন। বিষয়টি তার পরিসংখ্যানের মাধ্যমে স্পষ্ট। ২০২৫ সালের মার্চ থেকে বাংলাদেশের হয়ে তিনি মোট ১৩টি ম্যাচ খেলেছেন। এই ম্যাচগুলোর মধ্যে তার নামের পাশে রয়েছে চারটি গোল এবং একটি অ্যাসিস্ট। ঘরের মাঠে অনুষ্ঠিত শেষ পাঁচ ম্যাচের চারটিতেই গোল করেছেন এই অভিজ্ঞ মিডফিল্ডার। ফ্রিকিকসহ বিভিন্ন পজিশন থেকে গোল করার দক্ষতা তিনি দেখিয়েছেন। তাই বাংলাদেশের সমর্থকদের কাছে মিডফিল্ডার পরিচয় ছাপিয়ে তিনি একজন ‘স্ট্রাইকার’ হিসেবে পরিচিতি পাচ্ছেন।

বাংলাদেশ দীর্ঘদিন ধরে ‘জেনুইন’ একজন স্ট্রাইকারের অভাব অনুভব করছে। ‘নাম্বার নাইন’-এর অভাবে বাংলাদেশ কোচ থমাস ডুলি আক্রমণভাগে ডিফেন্ডারকে খেলাচ্ছেন। সাফের গত ম্যাচে ভুটানের বিপক্ষে ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষকে খেলানোর কারণে এই কোচ তীব্র সমালোচনার সম্মুখীন হয়েছেন। সেই আলোচিত পজিশনে কি এবার হামজাকে দেখা যাবে? হামজা একজন পেশাদার খেলোয়াড়। যদিও মিডফিল্ড পজিশনে খেলতে তিনি অভ্যস্ত, কোচের চাহিদা থাকলে ওই পজিশনে খেলতে রাজি হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ, স্ট্রাইকার পজিশনে খেলতে তিনি অভ্যস্ত নন। মিডফিল্ড পজিশনে তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন, এবং সেখানে তার দক্ষতা ও অভিজ্ঞতা রয়েছে। এ পজিশন ছেড়ে অন্য ভূমিকায় যাওয়ার সম্ভাবনা খুবই কম। ২০০৩ সালের সাফজয়ী স্ট্রাইকার আলফাজ আহমেদ মনে করেন, হামজাকে স্ট্রাইকার হিসেবে খেলানো উচিত হবে না। তিনি বলেন, ‘হামজা মিডফিল্ডে সেরা। প্রতিপক্ষের কাউন্টার অ্যাটাক ব্যর্থ করে মাঠের নিয়ন্ত্রণ যেখান থেকে নেওয়া যায়, হামজাকে সেখানেই খেলানো উচিত। হামজা ফ্রিকিক, কর্নার থেকে গোল করতে পারেন। সুযোগ হাতছাড়া করেন না সত্যি; তবে স্ট্রাইকার হিসেবে খেলতে হলে অভ্যস্ততারও একটা ব্যাপার আছে।’

বাংলাদেশ দলের ‘নাম্বার নাইন’ সংকটের সমস্যার সমাধান দিয়েছেন আলফাজ। তিনি বলেন, ‘আমি যদি কোচ হিসেবে দল সাজাতাম, তাহলে রাকিবকে আমি ‘স্ট্রাইকার’ হিসেবে বেছে নিতাম। তাছাড়া গত ম্যাচে ইব্রাহিমও গোল করেছেন। সেও ওই জায়গায় অভিজ্ঞ। তাছাড়া সুকিও আছেন। অনেক অপশন রয়েছে। এখন দেখার বিষয় কোচ কাকে ওই পজিশনে খেলান।’ আলফাজের মতে, হামজার আগমনে দলের স্পিড বহুগুণে বেড়ে যাবে। তার কারণে বাংলাদেশ দলকে নিয়ে প্রতিপক্ষ দলের চিন্তা বেড়ে গেছে। কারণ, হামজাই বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবেন। আজ বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার জন্য বড় দুশ্চিন্তার নাম হবে হামজা। সেটি আর বলার অপেক্ষা রাখে না। আজ যে পজিশনেই খেলুক না কেন হামজা, শেষ হাসিটা বাংলাদেশই হাসতে চাইবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরেবাংলা নগরে ঠিকানা পরিবহনের বাসে অগ্নিসংযোগ, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:২৬ এম


শেরেবাংলা নগরে ঠিকানা পরিবহনের বাসে অগ্নিসংযোগ, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সামনে ঠিকানা পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে।

এটি ঘটেছে মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাশেদ বিন খালিদ জানিয়েছেন, খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। রাত ৯টা ৩৪ মিনিটে আগুনটি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জলবায়ু অর্থায়নে ঋণের পরিবর্তে অনুদান চান বৈশ্বিক দক্ষিণের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:২৭ এম


জলবায়ু অর্থায়নে ঋণের পরিবর্তে অনুদান চান বৈশ্বিক দক্ষিণের নেতারা

জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে কম দায়ী হয়েও বৈশ্বিক দক্ষিণের দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতির শিকার হচ্ছে। এই পরিস্থিতিতে জলবায়ু সংকট মোকাবিলার জন্য প্রয়োজনীয় অর্থ পেতে এসব দেশকে নতুন করে ঋণ নিতে হচ্ছে। বৈশ্বিক দক্ষিণের নাগরিক সমাজের নেতারা উন্নত দেশগুলোর প্রতি জলবায়ু অর্থায়নের বাধ্যবাধকতা পূরণের আহ্বান জানিয়েছেন। তারা উল্লেখ করেছেন, জলবায়ু অর্থায়ন পূর্বানুমানযোগ্য, সহজলভ্য ও অনুদানভিত্তিক হওয়া উচিত। ঋণের বোঝা বাড়িয়ে জলবায়ু সংকট মোকাবিলার উদ্যোগ গ্রহণযোগ্য নয়।

নাগরিক সমাজের নেতারা আরও বলেছেন, প্যারিস জলবায়ু চুক্তির ৯.১ অনুচ্ছেদ অনুযায়ী উন্নত দেশগুলোকে উন্নয়নশীল দেশগুলোর জলবায়ু কার্যক্রমে অর্থায়নের দায়িত্ব পালন করতে হবে। একই সঙ্গে বৈশ্বিক অভিযোজন লক্ষ্য বাস্তবায়নে অর্থ, প্রযুক্তি ও সক্ষমতা নিশ্চিত করতে হবে। জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষয়ক্ষতি মোকাবিলা তহবিলে নতুন ও অতিরিক্ত অর্থায়ন বাড়ানোর পাশাপাশি অর্থ ছাড়ের প্রক্রিয়া সহজ করতে হবে। অর্থ যেন সরাসরি ক্ষতিগ্রস্ত দেশ ও জনগোষ্ঠীর কাছে পৌঁছায়, তা নিশ্চিত করতে হবে।

মঙ্গলবার তুরস্কের আনতালিয়ায় চলমান একত্রিশতম বিশ্ব জলবায়ু সম্মেলনের (কপ-৩১) সাইড ইভেন্টে নাগরিক সমাজের প্রতিনিধিরা এসব দাবি তুলে ধরেন। সম্মেলনস্থলের সাইড ইভেন্ট কক্ষ-৫-এ স্থানীয় সময় সকাল সাড়ে ১১টায় ‘জলবায়ু অর্থায়নের প্রয়োজনীয়তা ও সম্ভাবনা: গ্লোবাল সাউথের দৃষ্টিভঙ্গি’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়।

এপিএমডিডি, ফিলিপাইন, কোস্ট ফাউন্ডেশন, বাংলাদেশ, এলডিসি ওয়াচ, নেপাল এবং ক্লাইমেট ওয়াচ থাইল্যান্ড যৌথভাবে এই অনুষ্ঠান আয়োজন করে। এতে বক্তব্য দেন এপিএমডিডির সমন্বয়ক লিডি ন্যাকপিল, কোস্ট ফাউন্ডেশন বাংলাদেশের এম এ হাসান, অক্সফামের মারিয়ানা, ক্লাইমেট ওয়াচ থাইল্যান্ডের ওয়ানুন পার্মপিবুল এবং এপিএমডিডি ফিলিপাইনের অ্যালেন জন কার্পিও। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এলডিসি ওয়াচ নেপালের রেশমা শাক্য।

আলোচনায় নাগরিক সমাজের নেতারা বলেন, জলবায়ু অর্থায়নের নামে উন্নয়নশীল দেশগুলোর ঋণের বোঝা বৃদ্ধি করা উচিত নয়। উন্নত দেশগুলোর সরকারি অর্থায়নের দায়িত্বের বিকল্প হিসেবে ঋণ বা বেসরকারি বিনিয়োগকে বিবেচনা করাও গ্রহণযোগ্য নয়। জলবায়ু সংকট তৈরিতে যেসব দেশ ও প্রতিষ্ঠান সবচেয়ে বেশি দায়ী, তাদেরই বেশি আর্থিক দায়িত্ব নিতে হবে। এ জন্য বড় দূষণকারীদের ওপর ন্যায্য কর আরোপ এবং সরকারি জলবায়ু অর্থায়নে তাদের অবদান বাড়ানোর দাবি জানান তারা।

এপিএমডিডির সমন্বয়ক লিডি ন্যাকপিল বলেন, জলবায়ু অর্থায়ন শুধুমাত্র প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়। আন্তর্জাতিক তহবিল ও অর্থায়নব্যবস্থার মাধ্যমে অর্থ দ্রুত, সহজ ও কার্যকরভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোর কাছে পৌঁছাতে হবে। অর্থের স্বচ্ছ ও জবাবদিহিমূলক ব্যবহার নিশ্চিত করতে হবে, যাতে প্রকল্প ও কর্মসূচির সুফল সরাসরি ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠী পায়।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক জলবায়ু তহবিলের অপেক্ষায় বসে থাকা উচিত নয়। বৈশ্বিক দক্ষিণের দেশগুলোর সরকারকে নিজেদের বাজেট ও নীতিতে জলবায়ু অর্থায়নকে অগ্রাধিকার দিতে হবে।

ক্লাইমেট ওয়াচ থাইল্যান্ডের ওয়ানুন পার্মপিবুল বলেন, বৈশ্বিক অভিযোজন লক্ষ্যের (গ্লোবাল গোল অন অ্যাডাপটেশন) ৫৯টি সূচক গ্রহণ করাই যথেষ্ট নয়। এসব সূচকের বাস্তবায়নে মানুষের জলবায়ু ঝুঁকি কমছে কি না, জীবন-জীবিকা, খাদ্য, পানি ও প্রতিবেশ ব্যবস্থা আরও সহনশীল হচ্ছে কি না, সেটিই গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, উন্নয়নশীল দেশগুলোকে প্রয়োজনীয় অর্থায়ন, প্রযুক্তি ও বাস্তবায়ন সক্ষমতা না দিয়ে অভিযোজন লক্ষ্যমাত্রা অর্জনের প্রত্যাশা করা যায় না। ২০৩৫ সালের মধ্যে অভিযোজন অর্থায়ন তিন গুণ করার যে প্রতিশ্রুতি রয়েছে, তা বাস্তবায়নে কয়েকটি বিষয় স্পষ্ট করতে হবে। কোন ভিত্তিবছর থেকে এই বৃদ্ধি হিসাব করা হবে, অর্থের উৎস কী, কে অর্থ দেবে, কখন দেবে এবং অর্থায়নের ধরন কী হবে, তা নির্ধারণ করা জরুরি।

অক্সফামের মারিয়ানা বলেন, জলবায়ু সংকট মোকাবিলায় বৈজ্ঞানিক গবেষণার পাশাপাশি স্থানীয় ভাষা ও সংস্কৃতিকে গুরুত্ব দিয়ে বাস্তবভিত্তিক সমাধান গ্রহণ করতে হবে। পরিকল্পনা প্রণয়ন থেকে বাস্তবায়ন পর্যন্ত প্রতিটি পর্যায়ে অর্থায়নের প্রয়োজন, গুণগত মান ও কার্যকারিতা নিশ্চিত করা জরুরি। বিদ্যমান পরিকল্পনাগুলো নিয়মিত পর্যালোচনা ও হালনাগাদ করতে হবে। তথ্য-উপাত্ত ও গবেষণার ভিত্তিতে অর্থায়ন এবং বাস্তবায়ন প্রক্রিয়াকে আরও কার্যকর করতে হবে।

কোস্ট ফাউন্ডেশন বাংলাদেশের এম এ হাসান বলেন, জলবায়ু অর্থায়ন নিয়ে আন্তর্জাতিক আলোচনায় প্রায়ই বড় অঙ্কের প্রতিশ্রুতির কথা শোনা যায়। তবে অর্থায়নের সাফল্য শুধু প্রতিশ্রুত অর্থের পরিমাণ দিয়ে বিচার করা যাবে না। জানতে হবে, এই অর্থ কে দেবে, কোন উৎস থেকে আসবে, কখন দেওয়া হবে, কী শর্তে দেওয়া হবে, কার কাছে পৌঁছাবে এবং এর মাধ্যমে বাস্তবে কী পরিবর্তন ঘটবে।

তিনি বলেন, বৈশ্বিক দক্ষিণের দেশগুলো কোনো দাতব্য সহায়তা চাইছে না, তারা জলবায়ু ন্যায়বিচার চাইছে। যে সংকট তৈরিতে এসব দেশের অবদান সবচেয়ে কম, সেই সংকট থেকে নিজেদের জনগণকে রক্ষা করতে আরও ঋণ নিতে বাধ্য হওয়া মেনে নেওয়া যায় না।

এম এ হাসান আরও বলেন, এমন জলবায়ু অর্থায়ন গ্রহণযোগ্য নয়, যা দেশের ঋণের বোঝা আরও বাড়িয়ে দেয়। একইভাবে এমন আর্থিক ব্যবস্থাও গ্রহণযোগ্য নয়, যেখানে ঋণদাতাদের স্বার্থ সুরক্ষিত থাকে, কিন্তু সাধারণ মানুষের প্রয়োজন উপেক্ষিত হয়।

আলোচনায় বক্তারা বলেন, কপ-৩১ থেকে শুধু নতুন অর্থায়নের প্রতিশ্রুতি নয়, বরং অর্থ ছাড়ের স্বচ্ছতা, জবাবদিহি এবং সুস্পষ্ট বাস্তবায়ন রোডম্যাপ নিশ্চিত করতে হবে। প্রতিশ্রুত অর্থ বাস্তবে ছাড় হচ্ছে কি না এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ ও জনগোষ্ঠীর কাছে পৌঁছাচ্ছে কি না, তা পর্যবেক্ষণের কার্যকর ব্যবস্থা থাকতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকারের পক্ষ থেকে ঐক্যের আহ্বান পেলে রাজপথে নামবে বিরোধীদল: জামায়াত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:২৮ এম


সরকারের পক্ষ থেকে ঐক্যের আহ্বান পেলে রাজপথে নামবে বিরোধীদল: জামায়াত

জামায়াতে ইসলামী জানিয়েছে, সরকারের পক্ষ থেকে ঐক্যের আহ্বান আসলে তারা রাজপথে নামবে। বিভিন্ন স্থানে হাতবোমা বিস্ফোরণ এবং যানবাহনে আগুনের মতো ঘটনার রাজনৈতিক প্রতিরোধে তারা মাঠে নামার প্রস্তুতি নেবে। তবে, যদি পরিস্থিতি অবনতি ঘটে, তখন যে কোনো সময় তারা নামার জন্য প্রস্তুত থাকবে।

মঙ্গলবার বিরোধীদলের সংসদীয় দলের সভায় এই বিষয়টি নিয়ে আলোচনা হয়। সভার সূত্রে সমকালকে এই তথ্য জানানো হয়েছে। সংসদের বৈঠকের আগে বিরোধীদলের সভাকক্ষে এই সভার আয়োজন করা হয়।

বিএনপি গত দুই দিন ধরে নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘট ঠেকাতে রাজপথে রয়েছে। তারা বিভিন্ন স্থানে নাশকতার প্রচেষ্টা প্রতিহত করেছে। ককটেল বিস্ফোরণ এবং বাসে আগুন দেওয়ার সময় অনেককে আটক করে পুলিশে দেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকারের সময়ে জামায়াত নেতাকর্মীরা নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচির দিনে রাজপথে সক্রিয় ছিলেন। তবে, বিএনপি সরকারের সময়ে আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে জামায়াত মাঠে নেই। এই কারণে বিএনপি, যুবদল এবং ছাত্রদল নেতারা জামায়াতের সমালোচনা করছেন।

জামায়াতের সূত্রে জানা গেছে, তারা সিদ্ধান্ত নিয়েছে যে, তারা রাজপথে নামবে না। কারণ, তাদের মনে হচ্ছে সরকার বিরোধী দলকে নানাভাবে হয়রানি করছে। বিরোধীদলীয় এমপিদের বিরুদ্ধে গোয়েন্দা সংস্থার ব্যবহার করা হচ্ছে। প্রধানমন্ত্রী জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের আঁতাতের অভিযোগ করেছেন।

মঙ্গলবার সংসদীয় দলের সভায় এই প্রসঙ্গগুলোও উঠে এসেছে বলে সভার সূত্র জানায়। বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে একই ইঙ্গিত দেন। তিনি বলেন, সরকারের একজন প্রতিমন্ত্রী জামায়াতের একজন সংসদ সদস্যকে ফোন করতে চান এবং জানতে চান, বিরোধী দল কেন রাজপথে নামছে না। সেই প্রতিমন্ত্রীর পাশে বিএনপির একজন জ্যেষ্ঠ নেতা ছিলেন। জামায়াত আমির প্রশ্ন তোলেন, অনির্বাচিত প্রতিমন্ত্রী একজন নির্বাচিত সংসদ সদস্যকে কীভাবে শাসন করতে পারে।

সভা সূত্র জানায়, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ফোন করেছিলেন ঢাকা-১৬ আসনের জামায়াতের এমপি কর্নেল (অব.) আবদুল বাতেনকে। প্রতিমন্ত্রী মিরপুর এলাকায় জামায়াতের নেতাকর্মীদের মাঠে নামাতে বলেছিলেন।

সভায় উপস্থিত একাধিক এমপি সমকালকে জানিয়েছেন, এই টেলিফোন আলাপ নিয়ে আলোচনা হয়েছে। আলোচনা চলাকালীন বিরোধী দলের নেতাকর্মীরা মাঠে নামার জন্য প্রস্তুত থাকবেন। তবে সরকার আনুষ্ঠানিকভাবে ঐক্যের ডাক না দেওয়া পর্যন্ত তারা নামবে না। পরিস্থিতির অবনতি হলে আওয়ামী লীগকে ঠেকাতে তারা নামবে।

বিরোধীদলীয় নেতা সংসদে বলেছেন, "সরকার যদি একাই সব পারে ভালো। সরকার যদি ব্যর্থ হয়, বিরোধী দল দায়িত্ব পালনে ব্যর্থ হবে না।"

বিরোধী দলের একাধিক এমপি জানিয়েছেন, জামায়াত শিগগিরই বোমাবাজি এবং আগুন সন্ত্রাসের বিরুদ্ধে রাজনৈতিক কর্মসূচি দিতে পারে।

শফিকুর রহমানের সভাপতিত্বে সভায় বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলামসহ অন্যান্য এমপিরা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর জাপান সফর এবং মাতারবাড়ি চুক্তি নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া সমসাময়িক পরিস্থিতি, গঙ্গা চুক্তি নবায়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সারের ডিলার নিয়োগে অনিয়ম নিয়ে আলোচনা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

শফিকুর রহমান বলেন, মাতারবাড়ি প্রকল্পে কী হচ্ছে, তা নিয়ে জাতির মধ্যে ধোঁয়াশা তৈরি হয়েছে। জাপানের সঙ্গে চুক্তির আড়ালে অন্য দেশকে করিডর দেওয়ার ষড়যন্ত্রের কথা শোনা যাচ্ছে। দেশের বিভিন্ন জায়গায় পার্শ্ববর্তী দেশের প্রত্যক্ষ মদদে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে। দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকশিল্প ধ্বংসের চেষ্টা করা হচ্ছে।

নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিবাদী সন্ত্রাসীদের অপকর্ম ঠেকাতে সরকার ব্যর্থ হয়েছে। সরকারের এই দুর্বলতার সুযোগ নিচ্ছে সন্ত্রাসী গোষ্ঠী।

জামায়াতে ইসলামী ককটেল বিস্ফোরণ এবং গণপরিবহনে অগ্নিসংযোগের জন্য জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে দায়ী করেছে। কার্যক্রম নিষিদ্ধ এই দলটি সরকারের ব্যর্থতায় এসব নাশকতা চালানোর অভিযোগ করেছে।

মঙ্গলবার বিবৃতিতে এসব কথা বলেছেন মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, সরকারের আইনশৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থা নাশকতা দমনে ব্যর্থ হচ্ছে। সরকারকে কঠোর হাতে নাশকতা দমন করতে হবে। তা না হলে এর ব্যর্থতার দায় সরকারকেই বহন করতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%