০৬:১৬ এম
তালা উপজেলার পাটকেলঘাটার একমাত্র অডিটোরিয়াম বর্তমানে নেশাখোরদের আড্ডা হিসেবে ব্যবহৃত হচ্ছে। এই সরকারি জরাজীর্ণ ভবনটি কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে। রাজনৈতিক দলের নেতারা বারবার সংস্কারের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে কেউ সেই প্রতিশ্রুতি রক্ষা করেনি।
১৯৭৯ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সরকারের সময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. আফতাবুজ্জামান এমপি পাটকেলঘাটা হাই স্কুলের মধ্যে একটি অডিটোরিয়াম নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেন। তখন স্কুলের জমিদাতা তালা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি এবিএম আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক জমিদাতা মফিদুল ইসলাম, জমিদাতা আবু বক্কার এবং প্রধান শিক্ষক পশুপতি সহ ১০ সদস্যের একটি বাস্তবায়ন কমিটি গঠন করা হয়। এক হাজার মানুষের ধারণক্ষমতা সম্পন্ন একটি বিল্ডিং নির্মাণ করা হয়, যেখানে একটি স্টেজ তৈরি হয় এবং দক্ষিণ পাশে বিশাল দুটি রেস্ট রুম নির্মাণ করা হয়। উপরে টিনের ছাউনি তৈরি করা হয় এবং গরমের সময়ের কথা চিন্তা করে বড় বড় জানালা নির্মাণ করা হয়। এই কাজ সম্পন্ন হতে এক বছর সময় লাগে। ১৯৮০ সালের আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে ঐতিহাসিক অডিটোরিয়ামটি সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
এরপর থেকে রাজনৈতিক দলের সভা, সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিক্ষকদের ট্রেনিং, দর্জি প্রশিক্ষণসহ বিভিন্ন ধরনের সভা-সমাবেশের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে পাটকেলঘাটা অডিটোরিয়াম। অডিটোরিয়ামের রক্ষণাবেক্ষণ, তত্ত্বাবধায়ন ও নিয়ন্ত্রণ ছিল স্কুলের হাতে। কিন্তু ১৯৯৬ সালে অডিটোরিয়ামের নিয়ন্ত্রণ উপজেলা নির্বাহী কর্মকর্তার হাতে চলে যায়। তখন থেকে অডিটোরিয়ামে অনুষ্ঠান করার জন্য তালায় অবস্থিত ইউএনও অফিসের অনুমতি নেওয়ার প্রয়োজনীয়তা চালু হয়। আমলাতান্ত্রিক জটিলতা এবং ইউএনও অফিসের অবস্থান ভিন্ন হওয়ার কারণে, ধীরে ধীরে অডিটোরিয়াম ব্যবহারে নিরুৎসাহিত হতে থাকে ব্যবহারকারীরা। বিকল্প হিসেবে খোলামেলা স্থানে অনুষ্ঠান করার প্রচলন শুরু হয়, ফলে অডিটোরিয়াম ব্যবহারে উল্লেখযোগ্য হ্রাস ঘটে এবং এক সময় সেটি পরিত্যক্ত ভবনে পরিণত হয়।
আরও পড়ুন: বাংলাদেশ সবুজ শিল্পায়নে স্বল্প সুদে দীর্ঘমেয়াদি অর্থায়ন ও ন্যায্য বাণিজ্য সুবিধা চাইল
এমন পরিস্থিতিতে ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর অডিটোরিয়ামটির সংস্কারের উদ্যোগ নেন। ২০১১ সালের দিকে সংস্কারের জন্য দুই লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। কিন্তু জরাজীর্ণ এই ভবনের সংস্কারে সেই অর্থ অপ্রতুল হওয়ায় নামমাত্র সংস্কার হলেও তা ব্যবহার উপযোগী করা সম্ভব হয়নি। অন্যান্য সময়ে জনপ্রতিনিধিরা অডিটোরিয়ামটির সংস্কারের প্রতিশ্রুতি দিলেও কেউ তা বাস্তবায়নে এগিয়ে আসেনি।
পাটকেলঘাটা হাই স্কুলের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বলেন, "অডিটোরিয়াম সংস্কারের উদ্যোগ নেওয়ার বিশেষ প্রয়োজন।" পাটকেলঘাটার ব্যবসায়ী ও সাংবাদিক হামিদুল ইসলাম জানান, "অডিটোরিয়ামটি এখন জরাজীর্ণ। এই ভবনই পাটকেলঘাটা বাণিজ্য কেন্দ্রের ঐতিহ্যের সাক্ষ্য দেয়।" অডিটোরিয়ামটি দ্রুত সংস্কারের দাবি জানান। তালা উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌসী আফরোজা স্বর্ণা জানান, "এই মুহূর্তে সরকারি কোনো বরাদ্দ নেই। যদি বরাদ্দ আসে তাহলে সংস্কার করা হবে।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন