১২:৫৭ এম
ইউক্রেনে রাশিয়ার রাতভর বিমান হামলার সময় পোল্যান্ডের আকাশসীমায় দুটি রুশ ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং একটি জেটচালিত ড্রোন বিধ্বস্ত হয়েছে। পোল্যান্ড, যা ন্যাটোর সদস্য, দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে এ ঘটনার জন্য রাশিয়ার বিরুদ্ধে ‘ইচ্ছাকৃত উসকানির’ অভিযোগ করেছে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পোল্যান্ডের প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, দেশটির আকাশসীমা তিনবার লঙ্ঘিত হয়েছে। এই সময় অন্তত ১১টি বস্তুকে পোলিশ আকাশসীমার জন্য সম্ভাব্য হুমকি হিসেবে চিহ্নিত করা হয়। পরিস্থিতি মোকাবিলায় ন্যাটোর যুদ্ধবিমান আকাশে উড়ানো হয়েছিল।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মন্তব্য করেছেন, ২০২২ সালে রাশিয়ার পূর্ণমাত্রার আক্রমণ শুরু হওয়ার পর এটি ইউক্রেনের ওপর অন্যতম বৃহত্তম হামলা। এতে অন্তত আটজন নিহত এবং প্রায় ৩০ জন আহত হয়েছেন।
আরও পড়ুন: সিএনএনের বিশ্লেষণ: ট্রাম্প-শি-পুতিনের ঘোষণায় পুরোনো আশার প্রতিধ্বনি
তিনি আরও বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ‘দুর্বল বৈঠক’ এবং বিশ্বকে নতুনভাবে সাজানোর প্রচেষ্টায় ব্যর্থ হওয়ার পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হামলার পথ বেছে নিয়েছেন।
পোল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিস্লাভ কোসিনিয়াক-কামিস নিশ্চিত করেছেন যে, দেশটির আকাশসীমা তিনবার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। তিনি উল্লেখ করেছেন, যুক্তরাজ্যসহ ‘কোয়ালিশন অব দ্য উইলিং’-এর ১১টি দেশের সেনাসদস্যদের অংশগ্রহণে বড় ধরনের পশ্চিমা সামরিক মহড়া চলাকালীন এ ঘটনা ঘটেছে। তিনি বিষয়টিকে আকস্মিক বলে মনে করেন না।
দক্ষিণ-পূর্ব পোল্যান্ডের নোভি লিপোউইক, মোলোডিচ ও রুডনিক নাদ সানেম এলাকায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। এই এলাকাগুলো মহড়ার স্থান নোভা দেবা থেকে প্রায় ৫০ থেকে ৯৭ কিলোমিটার দূরে অবস্থিত।
পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক এই ঘটনার জন্য রাশিয়াকে ‘ইচ্ছাকৃত উসকানি’ হিসেবে অভিহিত করেছেন। তিনি জানিয়েছেন, ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে তার আলোচনা হয়েছে। শনিবার ওয়ারশ সফরে যাওয়ার কথা রয়েছে রুটের। টাস্ক বলেন, মহড়ার আগের রাতে এ হামলা কোনো কাকতালীয় ঘটনা বলে মনে হয় না।
আরও পড়ুন: আফগানিস্তানের পাহাড়ে ৩ লাখ কোটি ডলারের গুপ্তধন লুকিয়ে আছে
তিনি আরও বলেন, সাম্প্রতিক ঘটনা আগামী মাসগুলোতে পোল্যান্ডসহ মিত্র দেশগুলোর সামনে বড় চ্যালেঞ্জের ইঙ্গিত দিচ্ছে। ইউক্রেনের ভবিষ্যৎ নিয়ে যেকোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পোল্যান্ডের অংশগ্রহণ করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।
ন্যাটোর মহাসচিব মার্ক রুটে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পোলিশ আকাশসীমা লঙ্ঘনের ঘটনাকে গুরুতর বলে উল্লেখ করেন। তিনি বলেন, ঘটনার পর ন্যাটোর যুদ্ধবিমান আকাশে উড়ানো হয়েছে। পোল্যান্ডের প্রতি সংহতি জানিয়ে তিনি বলেন, ন্যাটো মিত্রদের প্রতিরোধ ও প্রতিরক্ষার সক্ষমতা আরও জোরদার করবে।
রুটে আরও বলেন, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার চলমান যুদ্ধের পরিণতিতেই এ বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তিনি রাশিয়ার হামলার নিন্দা জানিয়ে বলেন, ন্যাটো মিত্ররা ঐক্যবদ্ধ রয়েছে এবং ইউক্রেনকে সমর্থন দিয়ে যাবে।
ইউক্রেনে রাতভর রুশ হামলার ব্যাপকতা তুলে ধরে তিনি জানান, হামলায় সাতটি বোমারু বিমান ব্যবহার করা হয়েছে। এ ছাড়া ২৬টি কালিব্র ক্রুজ ক্ষেপণাস্ত্র, ৭২টি কেএইচ-১০১ ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ৫০০টির বেশি ড্রোন নিক্ষেপ করা হয়েছে।
আরও পড়ুন: ইরাকের আল-কাদিসিয়াহ বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের পড়াতে পারবেন না পুরুষ শিক্ষক
এ ঘটনার পর ইউক্রেনে পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো রাতভর রেশুফ-ইয়াসিওঙ্কা বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল সাময়িকভাবে খালি করা হয়। বিমানবন্দরটি আন্তর্জাতিক যাত্রী পরিবহনের গুরুত্বপূর্ণ কেন্দ্র। একই সঙ্গে ইউক্রেনে সামরিক সহায়তা পাঠানোর অন্যতম প্রধান ট্রানজিট পয়েন্ট হিসেবেও এটি ব্যবহৃত হয়।
ঘটনার পর পরিস্থিতি পর্যালোচনায় সেনাবাহিনী ও নিরাপত্তা সংস্থার প্রধানদের নিয়ে জরুরি বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী টাস্ক।
পোল্যান্ডের আকাশসীমায় রুশ অনুপ্রবেশ আগেও হয়েছে।
ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ আরও তীব্র হওয়ার আশঙ্কায় সাম্প্রতিক মাসগুলোতে পোল্যান্ডের কর্তৃপক্ষ সম্ভাব্য নিরাপত্তাঝুঁকি নিয়ে বারবার সতর্ক করেছে। গত জুলাইয়ে ইউক্রেনে রাতভর রুশ হামলার সময় পথভ্রষ্ট হয়ে একটি রুশ কেএইচ-১০১ ক্রুজ ক্ষেপণাস্ত্র পোল্যান্ডের লুবলিন অঞ্চলে বিধ্বস্ত হয়েছিল।
আরও পড়ুন: ইরানের কেশম দ্বীপের কাছে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলা
এর আগে গত বছরের সেপ্টেম্বরে ২০টির বেশি রুশ ড্রোন পোল্যান্ডের আকাশসীমায় প্রবেশ করে। ওই ঘটনার পর প্রধানমন্ত্রী টাস্ক সতর্ক করে বলেছিলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যেকোনো সময়ের তুলনায় দেশটি সামরিক সংঘাতের সবচেয়ে কাছাকাছি অবস্থানে রয়েছে।
এ ছাড়া ২০২২ সালের নভেম্বরে ইউক্রেনের ভূখণ্ড থেকে ৩০০ মাইলের বেশি দূরে পোল্যান্ডের বাইডগোশচ শহরের কাছে একটি রুশ কেএইচ-৫৫ ক্ষেপণাস্ত্র বিধ্বস্ত হয়েছিল। তবে সেটি ২০২৩ সালের শুরুর দিকে শনাক্ত করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন