০২:৫১ পি.এম
ফেনী, ৪ নভেম্বর ২০২৬: সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৩৬টি পরিবারের জন্য আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে। এই চেকের মাধ্যমে মোট ১ কোটি ৬৬ লাখ টাকার ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। জেলা প্রশাসন এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এর উদ্যোগে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে আজ সকালে চেক হস্তান্তর করা হয়।
ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে এসব চেক তুলে দেন। জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিমের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি মন্তব্য করেন, "জনগণের গতিপ্রকৃতি অনুযায়ী সড়ক সম্প্রসারণ, পথচারী ও চালকদের সচেতনতার সমন্বয়ে সড়ক দুর্ঘটনা কমাতে হবে।"
আরও পড়ুন: কুবি ক্যাম্পাসে ভুয়া পুলিশ সন্দেহে ৩ জনকে আটক, মারধরের অভিযোগ
জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম বলেন, "টাকা দিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-আহতদের ক্ষতির মূল্যায়ন হবে না। অপূরণীয় ক্ষতি টাকা দিয়ে পূরণ হয় না। সড়ক দুর্ঘটনা শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে। এজন্য সংশ্লিষ্ট সবাইকে সচেতন হতে হবে।"
চেক পেয়ে বাবা হারানো রায়হানুল ইসলাম ভূঞা, তন্দ্রা মনি দেবীসহ অন্যান্য উপকারভোগীরা আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান।
রায়হানুল ইসলাম ভূঞা বলেন, "বাবার সাথে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ একটি গাড়ি চাপা দিলে আমার বাবা মারা যান। পরবর্তীতে আবেদনের প্রেক্ষিতে সহায়তার চেক পেয়ে অনেক উপকৃত হয়েছি।"
বিআরটিএ’র সহকারী পরিচালক প্রকৌশলী আল ফয়সাল জানান, জেলায় ৩১ জন নিহতের পরিবারকে ৫ লাখ টাকা করে ১ কোটি ৫৫ লাখ এবং গুরুতর আহত ৫ জনকে ১১ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়।
আরও পড়ুন: নোয়াখালীতে অসুস্থ সাংবাদিকদের রোগমুক্তির জন্য দোয়া মাহফিল
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট ফাতেমা সুলতানার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর আলী আশরাফ মোল্লা, জেলা আইনজীবী সমিতির সভাপতি ফরিদ উদ্দিন খান নয়ন, পরিবহন মালিক সমিতির সভাপতি ও স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন এবং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহীন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন