০১:০০ পি.এম
অস্ট্রেলিয়ায় বসবাসরত জগন্নাথ হলের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়া (জেএইচএএএ) নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। যেটি শনিবার টুংগ্যাবি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সংগঠনটির বার্ষিক সাধারণ সভায় গঠিত হয়।
সভায় সংগঠনের বিগত এক বছরের কার্যক্রমের পর্যালোচনা, বার্ষিক প্রতিবেদন উপস্থাপন, আর্থিক বিবরণী অনুমোদন এবং আগামী দিনের পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় বিদায়ী কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করা হয়। এই প্রতিবেদনে গত বছরের সামাজিক, সাংস্কৃতিক ও সাংগঠনিক বিভিন্ন কার্যক্রম উল্লেখ করা হয়, যার পাশাপাশি আর্থিক হিসাব এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরা হয়। এরপর উপস্থিত সদস্যদের সর্বসম্মতিতে প্রতিবেদনটি অনুমোদিত হয়।
আরও পড়ুন: দলের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী
পরবর্তীতে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে নতুন কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের ফলে কাজল রায় সভাপতি, ড. সুভাষ চন্দ্র সাহা সহ-সভাপতি, গৌতম দাস (মিঠু) সাধারণ সম্পাদক এবং মলয় সাহা কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হন।
এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন নিকেশ নাগ, বিশ্বজিৎ চক্রবর্তী, ড. সজল রায় ও আকাশ কর।
নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু ও স্বচ্ছভাবে পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার ড. সমীর সরকার। তিনি সহকারী নির্বাচন কমিশনার পঙ্কজ বাড়ৈর সহযোগিতা পেয়েছিলেন।
সভায় উপস্থিত সদস্যরা নবনির্বাচিত কমিটিকে আন্তরিক অভিনন্দন জানান এবং আশা প্রকাশ করেন যে, নতুন নেতৃত্বের মাধ্যমে জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়া আরও শক্তিশালী এবং গতিশীল সংগঠন হিসেবে প্রবাসী জগন্নাথ হলের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, বন্ধুত্ব এবং পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় করবে।
আরও পড়ুন: রাজধানীর পান্থপথ, খিলক্ষেত ও ক্যান্টনমেন্টে ককটেল বিস্ফোরণ
পাশাপাশি সংগঠনের সামাজিক, সাংস্কৃতিক এবং সেবামূলক কর্মকাণ্ডকে আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করা হয়। অনুষ্ঠানের শেষে নবনির্বাচিত কমিটির সদস্যরা সংগঠনের উন্নয়নে সব সদস্যের সক্রিয় সহযোগিতা কামনা করেন এবং একটি আরও সমৃদ্ধ, ঐক্যবদ্ধ ও কার্যকর অ্যালামনাই নেটওয়ার্ক গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন