ঢাকা সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৪শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬ইং ২৪শে কার্তিক, ১৪৩২বাং

গণভোটের রায় অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে হবে: ডা. শফিকুর রহমান


গণভোটের রায় অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে হবে: ডা. শফিকুর রহমান

সংসদে বিরোধীদলীয় নেতা এবং জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সরকারকে গণভোটের রায় অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে হবে। এ বিষয়ে কোনো অজুহাত তিনি শুনবেন না।

আজ শনিবার সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, আমরা সারাদেশ ঘুরেছি এবং সবার দাবি একই। এবং তা হলো, গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে। জনগণ বলছে, আপনারা সরকারি ও বিরোধীদল হ্যাঁ ভোট দিতে বলেছেন; আমরা হ্যাঁ ভোটকে বিজয়ী করেছি। এখন আমরা সেটির বাস্তবায়ন দেখতে চাই।

আরও পড়ুন: মহিলা দল নেত্রীর রাস্তা দখল করে গাছ রোপণ, বিএনপি নেতারা মুক্ত করল

তিনি অভিযোগ করেন যে, বিএনপি সরকার ফ্যাসিবাদের দিকে হাঁটছে। জামায়াত আমির জনগণের উদ্দেশে বলেন, হাসিনাকে তাড়িয়েছি। যদি আপনারা ফ্যাসিবাদ কায়েম করেন, তবে আপনাদেরও জনগণ তাড়াবে।

জনগণ পরিবর্তন ও সংস্কারের জন্য গণভোটে রায় দিয়েছে। বিরোধীদলীয় নেতা জানান, ৭০ শতাংশ মানুষ হ্যাঁ ভোট দিয়েছে। তিনি উল্লেখ করেন, গণভোটের রায়কে অপমান করতে দেবেন না। সরকারি পদক্ষেপ গ্রহণ হলেই তাদের আন্দোলন সফলতার দ্বারপ্রান্তে পৌঁছাবে। বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ তাঁরা চান না।

জামায়াত আমির বলেন, দুঃখের সঙ্গে আমাকে বলতে বাধ্য হচ্ছি যে, আজ যারা সরকারে আছেন, তারাও মজলুম ছিলেন। অথচ তারাই আজ ফ্যাসিবাদের পথ ধরে হাঁটা শুরু করেছেন। সমাজে সবক্ষেত্রে তারা বেপরোয়া নির্লজ্জ দলীয়করণ করে দুর্নীতিকে জাতীয়করণ করতে চাচ্ছেন। আমরা এর বিরুদ্ধে কিছুতেই মানবো না।

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে ডা. শফিকুর বলেন, এদেশের মানুষ জীবন দিয়ে, পঙ্গুত্ব বরণ করে, গুলি খেয়ে শিখে নিয়েছে মুক্তির পথে কিভাবে হাঁটতে হয়। আমরা শহীদদের, জুলাইযোদ্ধাদের এবং ১৮ কোটি মানুষের সঙ্গে বেঈমানি করবো না।

আরও পড়ুন: এমপি শাওন নিজের বাড়ির প্রাচীর ভেঙে সড়কের জন্য জায়গা ছাড়লেন

ঢাকার সমাবেশে সবাইকে যোগদানের আহ্বান জানিয়ে তিনি বলেন, সবাই প্রস্তুত থাকুন। ঢাকা থেকে ডাক আসবে। দাবি আদায়ে সকলের অংশগ্রহণ করতে হবে।

স্থানীয়দের বিভিন্ন দাবি-দাওয়ার প্রসঙ্গ তুলে বিরোধীদলীয় এই নেতা বলেন, সিলেট ওসমানী বিমানবন্দর এখনও পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হয়নি। সিলেট-ঢাকা মহাসড়কের কাজ দ্রুত সম্পন্ন করা এবং সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা এবং সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু করার দাবি জানান। একই সঙ্গে তিনি তার দল ক্ষমতায় গেলে এসব দাবি পূরণের প্রতিশ্রুতি দেন।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান এবং এবি পার্টির মহাসচিব ব্যারিস্টার ফুয়াদ।

আরও বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমির আব্দুল কাইয়ুম সুবহানী, খেলাফত আন্দোলনের আমির হাবিবুল্লাহ মিয়াজী, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান এ কে এম আমজাদুল ইসলাম চান।

আরও পড়ুন: কক্সবাজার জেলা জামায়াতের ৩য় মেয়াদে আমীর হিসেবে শপথ নিলেন অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
যশোরে গণসমাবেশ

হাসিনা ও তার সহযোগীদের দ্রুত শাস্তি নিশ্চিতের দাবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

১০:০২ পি.এম


হাসিনা ও তার সহযোগীদের দ্রুত শাস্তি নিশ্চিতের দাবি

ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দোসরদের শাস্তি দ্রুত নিশ্চিত করার বিষয়ে দাবি জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। শনিবার বিকেলে যশোর শহরের চৌরাস্তা মোড়ে জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি।

অনুষ্ঠানে নার্গিস বেগম আরও বলেন, 'দীর্ঘ ১৭ বছরের জঞ্জাল এক দিনে দূর করা সম্ভব নয়। বর্তমান সরকারের হাতে আলাদিনের কোনো প্রদীপ নেই যে ঘষামাজা করলেই রাতারাতি সব বদলে যাবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে যথাযথ সংস্কারের মাধ্যমেই রাষ্ট্রকে নতুনভাবে গড়ে তোলা হবে।'

বিরোধী দলগুলোকে উদ্দেশ্য করে নার্গিস বেগম বলেন, 'সংসদ ও রাজপথের বিরোধিতাকারীদের গঠনমূলক রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানাই। যারা আজ বিএনপিকে হুমকি দিচ্ছেন, তাদের সেই হুংকার দিয়ে কোনো লাভ হবে না। কারণ, বিএনপি জন্ম নিয়েছিল দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মানুষের বাক ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার সুমহান লক্ষ্য নিয়ে। যেকোনো সংকট মোকাবিলা করার রাজনৈতিক দক্ষতা ও দৃঢ়তা দলের রয়েছে।'

বর্তমান সরকারের রাষ্ট্র পরিচালনার দর্শন তুলে ধরে নার্গিস বেগম বলেন, 'কেবল ফ্যাসিবাদের প্রধান দোসররাই নয়, বরং প্রতিটি অন্যায় ও অপরাধের সঙ্গে জড়িতদের যথাযথ আইনি প্রক্রিয়ায় বিচার ও শাস্তি নিশ্চিত করা হবে। জবাবদিহিমূলক, বৈষম্যহীন, ন্যায়বিচারভিত্তিক ও মানবিক রাষ্ট্র গঠনের যে অঙ্গীকার জনগণের কাছে করা হয়েছিল, সরকার গঠনের অল্প সময়ের মধ্যেই প্রধানমন্ত্রী সেই লক্ষ্য অর্জনে কাজ শুরু করেছেন।'

জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সালের সভাপতিত্বে এবং সদস্য সচিব রাজিদুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম, যিনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। এছাড়া, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রেখেছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী।

সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম এবং অন্যান্য নেতৃবৃন্দও।

এর আগে, গণসমাবেশকে কেন্দ্র করে শহরের বিভিন্ন এলাকা থেকে স্বেচ্ছাসেবক দলের ১৬টি সাংগঠনিক ইউনিটের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে যোগ দেন। এতে চারপাশের এলাকা স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকারি তৎপরতা অব্যাহত, কয়েকটি জেলায় উন্নতির পথে বন্যা পরিস্থিতি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

১০:০৫ পি.এম


সরকারি তৎপরতা অব্যাহত, কয়েকটি জেলায় উন্নতির পথে বন্যা পরিস্থিতি

 দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর পূর্বাঞ্চলের জেলাগুলোতে আকস্মিক বন্যা, ভূমিধস ও পাহাড়ধসসহ প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারি বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়াধীন গণযোগাযোগ অধিদপ্তরের জেলা ও উপজেলা তথ্য অফিস এবং তথ্য অধিদফতরের আঞ্চলিক অফিসগুলো থেকে পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সংশ্লিষ্ট এলাকার দপ্তর ও সংস্থাসমূহ চলমান আকস্মিক বন্যা, ভূমিধস, পাহাড়ধস এবং প্রাকৃতিক দুর্যোগে জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।

চট্টগ্রাম জেলা তথ্য অফিসের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, আবহাওয়ার পূর্বাভাসে চট্টগ্রাম মহানগরসহ জেলার ১৫টি উপজেলা বন্যায় প্লাবিত হয়েছে। চট্টগ্রাম জেলা তথ্য অফিস কর্তৃক বন্যা/ভারী বর্ষণের কারণে ক্ষতিগ্রস্ত অনিরাপদ বসতবাড়ি এড়িয়ে চলা, স্বাস্থ্যবিধি মেনে চলা, সাপে কাটা প্রতিরোধ, শিশু, নারী, বৃদ্ধ ও প্রতিবন্ধীদের নিরাপদে রাখা, ত্রাণ গ্রহণে আর্থিক লেনদেন করা থেকে বিরত থাকা, দুর্ঘটনা এড়াতে বৈদ্যুতিক খুঁটি বা তার এড়িয়ে চলাসহ অন্যান্য জনসচেতনতামূলক সড়ক প্রচার/মাইকিং অব্যাহত রয়েছে।

হবিগঞ্জ জেলা তথ্য Office এর সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, হবিগঞ্জ জেলার সকল উপজেলায় বন্যার পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। বর্তমানে কোনো পানিবন্দি পরিবার নেই। কোনো হতাহত হয়নি এবং জেলায় পাহাড়ধস/ভূমিধসের ঘটনা ঘটেনি। জেলায় গত ২৪ ঘণ্টায় ৬.০০ মি. মি. বৃষ্টিপাত হয়েছে। জেলা তথ্য অফিস, হবিগঞ্জ কর্তৃক সচেতনতামূলক প্রচার কার্যক্রম চলমান রয়েছে।

খাগড়াছড়ি জেলা তথ্য অফিসের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, সকাল থেকে থেমে থেমে হালকা বৃষ্টি হয়েছে। নতুন করে কোনো এলাকায় পাহাড়ধসের ঘটনা ঘটেনি। অধিকাংশ এলাকায় বন্যার পানি নেমে গেছে। তবে স্বাভাবিক অবস্থা ফিরেনি। নদ-নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। খাগড়াছড়ি জেলা তথ্য অফিস ভারী বৃষ্টির প্রথম থেকেই পাহাড়ধস, বন্যা এবং বন্যা পরবর্তী করণীয় বিষয়ে সচেতনতামূলক বার্তা প্রচার অব্যাহত রেখেছে।

কক্সবাজার জেলা তথ্য অফিসের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, সার্বিক বন্যা পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে। কক্সবাজার জেলায় গত ২৪ ঘণ্টায় (সকাল ৬ টা পর্যন্ত) ২০ মি. মি. বৃষ্টিপাত হয়েছে। বর্তমানে রামুর বাঁকখালী নদীর পানি বিপৎসীমার ৩.৮১ মিটার নিচে প্রবাহিত হচ্ছে (যা সম্পূর্ণ নিরাপদ)। চকরিয়ার চিরিঙ্গার মাতামুহুরী নদীর পানি বিপৎসীমার ২.৬২ মিটার নিচে প্রবাহিত হচ্ছে (যা সম্পূর্ণ নিরাপদ)। কক্সবাজার জেলায় গত ২৪ ঘণ্টায় কোনো পাহাড়ধস বা ভূমিধসের ঘটনা ঘটেনি। আবহাওয়ার সার্বিক অবস্থা এখন ভালো রয়েছে।

মৌলভীবাজার জেলা তথ্য অফিসের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, জেলার বন্যার পরিস্থিতি ক্রমেই উন্নতি হচ্ছে। আকস্মিক বন্যায় মৌলভীবাজার জেলায় ৫৭ হেক্টর কৃষি জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ৪০৫ টি পুকুর ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ৫৪ টি গ্রামীণ রাস্তা (এলজিইডি কর্তৃক নির্মিত) ক্ষতিগ্রস্ত হয়েছে। মৌলভীবাজার জেলা তথ্য অফিস বন্যাকালীন ও বন্যা-পরবর্তী সময়ে সচেতনতামূলক প্রচার কার্যক্রম অব্যাহত রেখেছে।

রাঙামাটি জেলা তথ্য অফিসের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক আছে। ভারী বর্ষণের শুরু থেকেই পাহাড়ধসের ঝুঁকিপূর্ণ স্থান থেকে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার জন্য জনসচেতনতা তৈরি করতে রাঙামাটি জেলা তথ্য অফিসের সড়ক প্রচার অব্যাহতভাবে চলছে৷

বান্দরবান জেলা তথ্য অফিসের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। গত ২৪ ঘণ্টায় বান্দরবান জেলায় ১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সাঙ্গু ও মাতামুহুরি নদীর পানি বর্তমানে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বর্তমানে বন্যার পানি নেমে গেছে। আশ্রয়কেন্দ্র থেকে লোকজন তাদের বাসা-বাড়িতে ফিরে যাচ্ছে।

তথ্য অফিস লামার সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, গতকাল সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দিনের বেশিরভাগ সময় আকাশ মেঘাচ্ছন্ন ছিল এবং সারাদিন থেমে থেমে গুড়িগুড়ি বৃষ্টি হয়েছে। আকাশ মেঘলা থাকার পাশাপাশি বিক্ষিপ্তভাবে গুড়িগুড়ি থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। বন্যা, পাহাড়ধস বা ভূমিধসের কোনো ঘটনা ঘটেনি। মাতামুহুরী নদীর পানির স্তর স্বাভাবিক ছিলো।

রামগড় তথ্য অফিসের সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, রামগড়ে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। মৌসুমি বায়ুর প্রভাবে কিছু কিছু স্থানে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে। ভারী বৃষ্টি না থাকায় বর্তমানে ফেনী নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যার কোনো আশঙ্কা নেই। গতকাল থেকে এখন পর্যন্ত নতুন করে পাহাড়ধসের কোনো খবর পাওয়া যায়নি। তথ্য অফিসের মাধ্যমে ঝুঁকিপূর্ণ এলাকায় সচেতনতামূলক প্রচার  বন্যা পরবর্তী সময়ে সচেতনতামূলক বার্তা প্রচার কার্যক্রম অব্যাহত আছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আন্দোলনকারীদের বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহারের ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

১০:০৫ পি.এম


আন্দোলনকারীদের বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহারের ঘোষণা

ভারতের কেন্দ্রীয় সরকার শিক্ষার্থীদের সকল দাবি মেনে নেওয়ার পর, নয়াদিল্লির যন্তর মন্তরে টানা ৩৬ দিন ধরে চলা আন্দোলন আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে নিয়েছে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)।

শনিবার (২৫ জুলাই) অনুষ্ঠিত একটি যৌথ সংবাদ সম্মেলনে আন্দোলন সমাপ্তির ঘোষণা দেওয়া হয়।

এর আগে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষা ব্যবস্থার বিভিন্ন অনিয়মের প্রতিবাদে যন্তর মন্তরে বিক্ষোভ চালিয়ে আসছিল আন্দোলনকারীরা। এই আন্দোলনের অন্যতম প্রধান এবং মূল দাবি ছিল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, যা শনিবার সকালেই পূরণ হয়। শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকারের সাথে একাধিক দফায় আলোচনায় বসে সিজেপির প্রতিনিধিদল।

আলোচনা শেষে সিজেপির পক্ষ থেকে জানানো হয় যে সরকার তাদের সমস্ত দাবি মেনে নিয়েছে। সরকারের পক্ষ থেকে আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা সমস্ত পুলিশি মামলা ও এফআইআর প্রত্যাহার করে নেওয়া এবং পরীক্ষার অনিয়মে ক্ষতিগ্রস্ত ও ভুক্তভোগী পরিবারগুলোকে নিয়ম অনুযায়ী যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

সরকারের আশ্বাসের পর সন্তোষ প্রকাশ করে সিজেপি নেতৃত্ব আন্দোলন কর্মসূচি সমাপ্ত ঘোষণা করে। একই সাথে যন্তর মন্তরে অবস্থানরত সমস্ত বিক্ষোভকারীকে শান্তিপূর্ণভাবে নিজ নিজ বাড়িতে ফিরে যাওয়ার আহ্বান জানানো হয়।

সূত্র: দ্য হিন্দু।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকার কৃষকদের পাশে আছে: পানিসম্পদ মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

১০:০৬ পি.এম


সরকার কৃষকদের পাশে আছে: পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, লক্ষ্মীপুর সদর ও চন্দ্রগঞ্জ উপজেলার জন্য সরকার ১ হাজার ৬০০টি নারিকেল গাছ দিয়েছে।

এর পাশাপাশি কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরণ করা হচ্ছে। এসব উদ্যোগের মূল লক্ষ্য হচ্ছে কৃষকদের উদ্বুদ্ধ করা এবং তাদের আত্মবিশ্বাস বাড়ানো।

তিনি বলেন, সরকার কৃষকদের পাশে আছে এবং থাকবে, তাদের মনোবল ও সাহস জোগাবে। কৃষকদের উচিত সরকারকে সহযোগিতা করা।

শনিবার (২৫ জুলাই) বিকেলে লক্ষ্মীপুরের সদর উপজেলা পরিষদে, উপজেলা কৃষি বিভাগের আয়োজনে প্রান্তিক কৃষকদের মাঝে গাছের চারা ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে স্বনির্ভর আন্দোলনের সূচনা করেছিলেন, তারেক রহমানের নেতৃত্বে সেই আন্দোলনকে আরও এগিয়ে নেওয়া হবে। এ লক্ষ্যেই আমরা কর্মসূচি নিয়ে মাঠে নেমেছি।

কৃষকদের উদ্দেশে তিনি আরও বলেন, আল্লাহর রহমতে আমরা অত্যন্ত ভাগ্যবান। আমাদের এলাকায় বছরে দুই থেকে ৪টি ফসল উৎপাদন হয়। তাই পরিকল্পিতভাবে কৃষিকাজ করতে হবে। কৃষকদের সুবিধার জন্য সরকারের উদ্যোগে খাল খননের মাধ্যমে সেচব্যবস্থা উন্নত করা হচ্ছে।

পানিসম্পদ মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সারা দেশে যে খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করে চলেছেন, এটি শহীদ রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের সেই জনপ্রিয় খাল খনন কর্মসূচির অংশ। খাল খনন কর্মসূচির মাধ্যমে ইতোমধ্যে বিভিন্ন রকম সুফল পাচ্ছে জনগণ। খাল খনন কর্মসূচির মাধ্যমে পানি সঠিকভাবে প্রবাহিত হবে। ফলে রাস্তা নষ্ট এবং ভাঙবে না। এটা কৃষকের জন্য উপকারী হবে।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা, চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন নিপা, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান ইমাম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:০৯ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%