০৬:২৭ পি.এম
গাজায় ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে স্পেনের দৃঢ় অবস্থান এবং ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ায় বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ফিলিস্তিনিরা বিশ্বকাপ ফাইনালে ইয়ামালদের সমর্থন জানিয়েছিলেন। কিন্তু ইসরায়েলি দখলদারিত্বের সম্মুখীন হয়ে ফিলিস্তিন ফুটবলের অস্তিত্ব হারানোর শঙ্কায় রয়েছে।
২০২৩ সালের অক্টোবর মাস থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলার ফলে গাজার ফুটবল পরিকাঠামো সম্পূর্ণরূপে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের (পিএফএ) তথ্যমতে, এ পর্যন্ত ৫৬৮ জন ফুটবলার, কোচ এবং কর্মকর্তা নিহত হয়েছেন।
এদের মধ্যে ১৭ বছর বয়সী তরুণ ফুটবলার ফাদি আল-নাআসান, যিনি সম্প্রতি দখলদারদের গুলিতে প্রাণ হারিয়েছেন। খেলার জগতকে পদ্ধতিগতভাবে এইভাবে ধ্বংস করার ঘটনা ফিলিস্তিন জাতীয় দলের ফুটবলার মোহাম্মদ রশিদ ‘স্পোর্টিসাইড’ বলে উল্লেখ করেছেন।
আরও পড়ুন: দলের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী
পশ্চিম তীরেও গত তিন বছর ধরে ঘরোয়া ফুটবল লিগ সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। অনুশীলনে যাওয়ার পথে খেলোয়াড়রা গ্রেপ্তার হচ্ছেন। সম্প্রতি জাতীয় দলের দুই নারী ফুটবলার রান্দ হালাওয়ানি এবং নাতালি আবু দিয়াকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি বাহিনী।
সাবেক জাতীয় ফুটবলার আহমেদ আবু খাদিজাকে বিচার ছাড়াই ১৭ মাস বিনাবিচারে আটক রাখা হয়েছিল। আল-বিরেহ শহরের অনুশীলনের মাঠগুলোর ঠিক পাশে অবৈধ ইসরায়েলি বসতি রয়েছে। সেখানকার তরুণ অ্যাথলেটরা জানেন, যেকোনো অনুশীলন হতে পারে তাদের জীবনের শেষ অনুশীলন।
জাতীয় নারী দলের সদস্য সারা শাখশির বলেন, ইসরায়েল হয়তো একজন ফুটবলারকে বন্দি করতে পারে অথবা খেলার মাঠ গুড়িয়ে দিতে পারে, কিন্তু ফিলিস্তিনের অস্তিত্ব মুছে ফেলার চক্রান্ত তারা কখনোই সফল হতে দেবে না।
ইসরায়েলের এই দমন-পীড়নের বিরুদ্ধে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা সম্পূর্ণরূপে উদাসীন। দখলকৃত জায়গায় পরিচালিত ইসরায়েলি ক্লাবগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে অস্বীকৃতি জানিয়েছেন সংস্থাটি।
আরও পড়ুন: রাজধানীর পান্থপথ, খিলক্ষেত ও ক্যান্টনমেন্টে ককটেল বিস্ফোরণ
তবে সকল বাধা উপেক্ষা করে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি জিবরিল রাজুব জানিয়েছেন, আগামী সেপ্টেম্বর মাস থেকে তারা ঘরোয়া ফুটবলের প্রস্তুতিমূলক ম্যাচ শুরু করতে যাচ্ছেন। মৃত্যু এবং ধ্বংসের মাঝে টিকে থাকার এই লড়াইটি ফিলিস্তিনিদের কাছে এখন আর কেবল খেলা নয়, এটি তাঁদের অস্তিত্ব রক্ষার অন্যতম বোঝাপড়া।
সূত্র: দ্য নিউ আরব
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন