১০:৩৪ পি.এম
গণভোটের রায় বাস্তবায়ন, সীমান্ত হত্যা ও পুশ-ইন বন্ধ করা, তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নসহ চার দফা দাবিতে আগামীকাল রংপুরে বিভাগীয় সমাবেশ আয়োজন করবে ১১ দলীয় জোট। আয়োজকরা জানিয়েছেন, সমাবেশকে ঘিরে সব শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) বিকেলে রংপুর জেলা স্কুল মাঠে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক ও বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।
তিনি বলেন, ১২ ফেব্রুয়ারীর নির্বাচনে জাতীয় নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে মানুষ ভোটাধিকার প্রয়োগ করছেন। তবে বিএনপি সরকার নির্বাচিত হয়েছে, কিন্তু এখন পর্যন্ত জুলাই সনদ বাস্তবায়ন করছে না। তাই সারাদেশের মতো রংপুরেও চার দফা দাবিতে বিভাগীয় সমাবেশের আয়োজন করেছে ১১ দলীয় জোট।
আরও পড়ুন: জলবায়ু পরিবর্তনে ঝুঁকি বাড়ছে, ক্ষতিপূরণ চাইবে বাংলাদেশ
মাওলানা আব্দুল হালিম আরও উল্লেখ করেন, সমাবেশে উত্তরাঞ্চলের দুঃখ দুর্দশার পাশাপাশি গণভোটের রায় বাস্তবায়ন, সীমান্ত হত্যা ও পুশ-ইন বন্ধ, তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন ও জনদুর্ভোগ নিরসনসহ ৪ দফা দাবি তুলে ধরা হবে ১১ দলীয় ঐক্য জোটের পক্ষ থেকে।
শনিবার রংপুর জিলা স্কুল মাঠে অনুষ্ঠিতব্য সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান। এছাড়াও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলাম এমপি, মাওলানা মামুনুল হকসহ ১১ দলের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন।
সমাবেশে বিভাগের বিভিন্ন জেলা থেকে অন্তত ৫ লাখ নেতাকর্মীর অংশগ্রহণের প্রত্যাশা করছেন আয়োজকরা। সংবাদ সম্মেলনে রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, রংপুর-৫ আসনের সংসদ সদস্য গোলাম রব্বানীসহ ১১ দলের জেলা ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: বিচার বিভাগে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বেশি ক্ষতি করেছে: আইনমন্ত্রী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন