০৮:২৮ পি.এম
কক্সবাজারের চকরিয়ায় রেললাইনে মহানগর এক্সপ্রেস নামে একটি ট্রেনে কাটা পড়ে ৭০ বছর বয়সী রশিদ আহমদ নিহত হয়েছেন। দুর্ঘটনার সময় তার শরীরের বিভিন্ন অংশ ছিন্নভিন্ন হয়ে যায়। সোমবার সকালে উপজেলার পহরচাঁদা ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের মোহছেনিয়াকাটা এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনে এই ঘটনা ঘটে। ট্রেনটি কক্সবাজার থেকে ছেড়ে ঢাকায় যাচ্ছিল। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় বিএনপি নেতা এবং অবিভক্ত বরইতলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জালাল আহমদ সিকদার। নিহত রশিদ আহমদ একই ইউনিয়নের পহরচাঁদা দক্ষিণ পাড়া এলাকার মৃত সুলতান আহমদের ছেলে।
স্থানীয় লোকজন ও নিহতের পরিবারের সূত্রে জানা যায়, সোমবার সকালে বাড়িতে কোরআন তেলাওয়াতের পর রশিদ আহমদ রেল লাইনের পাশে হেঁটে পাশ্ববর্তী মেয়ের বাড়িতে যাচ্ছিলেন। এ সময় কক্সবাজার থেকে ঢাকার দিকে আসা মহানগর এক্সপ্রেস ট্রেনটি তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে। নিহতের পরিবার জানায়, রশিদ আহমদ একজন শ্রবণ প্রতিবন্ধী ছিলেন, ফলে পেছন থেকে আসা ট্রেনের হর্ণের শব্দ তিনি শুনতে পাননি। এ কারণে তিনি রেল লাইনে কাটা পড়ে প্রাণ হারান। এই ঘটনায় নিহতের পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান জানান, পহরচাঁদা ইউনিয়নের মছনিয়াকাটা এলাকায় ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে দ্রুত পৌঁছায়। তবে পরিবারের আবেদনের প্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: ছেলের ঋণে মায়ের বাড়ি দখলের অভিযোগ অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে
এমএইচ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন