এস. এম. সাইফুল ইসলাম কবির স্টাফ রিপোর্টার
০৩:৪৬ পি.এম
বাগেরহাটের মোরেলগঞ্জে পোলেরহাট আলহাজ্ব আজাহারিয়া দাখিল মাদ্রাসার সুপার ও সহ-সুপারের দ্বন্দ্ব এখন চরমে। প্রতিষ্ঠানের বিভিন্ন সময়ে একাধিক পদে নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠলেও মাদ্রাসার অবকাঠামোর কোনো উন্নয়ন হয়নি। পাশাপাশি বার্ষিক পরীক্ষায় শিক্ষার্থীদের কাছ থেকে অ্যাডমিট বাবদ অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ করেছেন স্থানীয় অভিভাবকেরা। অর্থ আত্মসাতের অভিযোগে সহ-সুপারের দায়ের করা মামলায় মাদ্রাসার সুপার মো. আনোয়ার হোসাইনকে ২৫ দিন কারাভোগ করতে হয়েছে। স্থানীয় অভিভাবকেরা সুপার ও সহ-সুপারের দ্বন্দ্বের অবসান ঘটিয়ে মাদ্রাসার শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।
সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার দৈবজ্ঞহাটি ইউনিয়নের পোলেরহাট আলহাজ্ব আজাহারিয়া দাখিল মাদ্রাসাটি ১৯৮১ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এ মাদ্রাসায় মোট শিক্ষার্থীর সংখ্যা ৩২২ জন। দীর্ঘদিনের পুরোনো প্রতিষ্ঠান হলেও বিগত সময়ে মাদ্রাসায় তেমন কোনো অবকাঠামোগত উন্নয়ন হয়নি। স্থানীয় অভিভাবকদের অভিযোগ, ২০১৮ সালে এ প্রতিষ্ঠানে সুপার, সহকারী মৌলভি শিক্ষক ও পরিচ্ছন্নতাকর্মী পদে এবং ২০২২ সালে আয়া ও নিরাপত্তাকর্মীসহ পাঁচটি পদে বিভিন্ন সময়ে মোটা অঙ্কের টাকার বিনিময়ে নিয়োগ বাণিজ্য হয়েছে। অথচ প্রতিষ্ঠানের উন্নয়নকল্পে নিয়োগ বাণিজ্যের টাকা থেকে নামমাত্র একটি পুকুর খনন ও একটি পুকুর ভরাটে ব্যয় দেখানো হয়েছে মাত্র সাড়ে ৬ লাখ টাকা। এছাড়া প্রতিষ্ঠানের প্রায় ২২ লাখ ৪৪ হাজার ২শ’ টাকার হিসাব মিলছে না এবং তা ব্যক্তিগত পকেটে গেছে বলেও গুঞ্জন রয়েছে। বিগত বছরে দায়িত্বে থাকা সভাপতির বিরুদ্ধেও এ বিষয়ে নানা অভিযোগ রয়েছে।
মাদ্রাসার শুরু থেকেই জরাজীর্ণ টিনশেড ঘরে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে পাঠদান চলছে। ২০১৯ সালে সরকারিভাবে জেলা পরিষদের বরাদ্দকৃত ১ লাখ টাকায় নামমাত্র সংস্কারকাজ করা হয়। এছাড়া শিক্ষকদের টিউশন ফির টাকা দিয়ে চলতি বছরে তিন কক্ষের একটি টিনশেড ঘর মেরামত করা হয়েছে বলে জানিয়েছেন মাদ্রাসার সুপার।
এদিকে এই নিয়োগ বাণিজ্যকে কেন্দ্র করে প্রতিষ্ঠানের সুপার আনোয়ার হোসাইন ও সহ-সুপার এবিএম মোশারফ হোসাইনের সঙ্গে তৎকালীন ম্যানেজিং কমিটির ২০২৩ সাল থেকেই দ্বন্দ্ব চলে আসছে। বিগত দিনের ভারপ্রাপ্ত সুপার ও বর্তমান সহ-সুপার এবিএম মোশারফ হোসাইন মাদ্রাসার সুপার আনোয়ার হোসাইনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ এনে আদালতে মামলা দায়ের করেন। এ নিয়ে সুপারের বিরুদ্ধে তিনটি মামলা ও একাধিক অভিযোগ রয়েছে। সুপারের অপসারণের দাবিতে শিক্ষক ও শিক্ষার্থীরা একাধিকবার বিক্ষোভ ও মানববন্ধন করেছেন। ফলে সুপার ও সহ-সুপারের মামলা-মোকদ্দমা ও দ্বন্দ্বের প্রভাব পড়েছে প্রতিষ্ঠানটিতে; ব্যাহত হচ্ছে স্বাভাবিক শিক্ষাকার্যক্রম। বেশির ভাগ সময় আদালতের বারান্দায় কাটাচ্ছেন সুপার ও সহ-সুপার।
বর্তমানে বার্ষিক পরীক্ষায় শিক্ষার্থীদের অ্যাডমিট ফি ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণিতে ৫০০ টাকা ও নবম শ্রেণিতে ৬০০ টাকা এবং দাখিল পরীক্ষার্থীদের ফরম ফিলাপে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ উঠেছে।
এ বিষয়ে পোলেরহাট আলহাজ্ব আজাহারিয়া দাখিল মাদ্রাসার সুপার মো. আনোয়ার হোসাইন বলেন, “দাখিল পরীক্ষার্থীদের ফরম ফিলাপ ১৭ তারিখ থেকে শুরু হয়েছে। সেক্ষেত্রে বোর্ড নির্ধারিত ফি-ই আদায় করা হচ্ছে। বার্ষিক পরীক্ষায় শিক্ষার্থীদের কাছ থেকে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ৪০০ টাকা এবং নবম শ্রেণিতে ৫০০ টাকা ফি নেওয়া হয়েছে। তবে ভর্তির শুরুতে সেশন চার্জ ও বিদ্যুৎ বিল নেওয়া হয়নি; এসব ফি একসঙ্গে নেওয়া হয়েছে। মাদ্রাসার চলমান বার্ষিক পরীক্ষার ফি উত্তোলনের ক্ষেত্রে সহ-সুপারসহ চারজন শিক্ষককে নিয়ে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কোন ক্লাসে কত টাকা ফি নির্ধারণ করা হয়েছে, তা তারাই ভালো বলতে পারবেন।”
পরীক্ষা কমিটির আহ্বায়ক হিসেবে উল্লেখ করা সহ-সুপার এবিএম মোশারফ হোসাইন বলেন, “পরীক্ষা উত্তোলনের আহ্বায়ক কমিটির বিষয়ে আমি অবহিত নই। কত টাকা ফি নির্ধারণ করা হয়েছে, তাও আমি জানি না। আমি শুধু পরীক্ষার ডিউটি পালন করছি। তৎকালীন ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ভারপ্রাপ্ত সুপারের দায়িত্বে থাকার কারণে সুপারের বিরুদ্ধে মামলার বাদী হয়েছি। আমাকে বিভিন্ন সময়ে হুমকি দিচ্ছেন সুপার; এ বিষয়ে ইতিমধ্যে থানায় অভিযোগ করেছি।”
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ধনঞ্জয় মণ্ডল বলেন, “মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে আমি এ উপজেলার অতিরিক্ত দায়িত্ব পালন করছি। তবে ফরম ফিলাপে বোর্ড নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত টাকা নেওয়ার কোনো সুযোগ নেই। বার্ষিক পরীক্ষায় স্থানীয় প্রতিষ্ঠানগুলোর সিদ্ধান্ত অনুযায়ী প্রশ্নপত্র তৈরির ব্যয় শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া যেতে পারে। অতিরিক্ত টাকা নিলে সে বিষয়ে খোঁজখবর নিয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।”
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পিরোজপুরের মঠবাড়িয়ায় আজ বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে বেসরকারি উন্নয়ন সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট সেল্টারের (কোডেক) এর আয়োজনে নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এবারের প্রতিপাদ্য বিষয় "জলবায়ু ঝুঁকিতে থাকা নারীর প্রতি সহিংসতা মানবাধিকারের চরম অবমাননা, নারীর অধিকার, সমতা ও মর্যাদা সুরক্ষিত করুন "
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গোপালগঞ্জের মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় পরিকল্পনাকারী হিসেবে আলোচনায় আসা অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল হাসানকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারের পর তাকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও দলটির কর্মী টিকটিক মকবুল হত্যা মামলায়ও গ্রেপ্তার দেখানো হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
সোমবার (২৩ নভেম্বর) রাত ৮টার দিকে ময়মনসিংহের স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) ১৪ নম্বর কার্যালয় থেকে ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। ওই কার্যালয়ে তিনি অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ সূত্র জানায়, গত ১৯ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের ‘লকডাউন’ কর্মসূচি চলাকালে গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। হামলাকারীরা থানার ভেতরে ঢুকে আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্রে আগুন ধরিয়ে দেন। এ ছাড়া থানা প্রাঙ্গণে থাকা কয়েকটি গাড়িও পুড়ে যায়।
এ ঘটনায় তদন্তের একপর্যায়ে অগ্নিসংযোগের পরিকল্পনাকারী হিসেবে আবুল হাসানের নাম আলোচনায় আসে। মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনার তদন্তে তার সম্পৃক্ততার প্রাথমিক তথ্য পাওয়া গেছে। গ্রেপ্তারের আগে তাকে এসআরবি-১১ কার্যালয় ও পুলিশ সদর দপ্তরে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে তার কথাবার্তা ও অভিব্যক্তিতে অগ্নিসংযোগের ঘটনায় সম্পৃক্ততার ইঙ্গিত পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, আবুল হাসানের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর এলাকায়। ২০২৪ সালের ৫ আগস্টের আগে তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। এর মধ্যে নিউমার্কেট ও কলাবাগান থানায় দায়িত্ব পালনের বিষয়টিও বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে এসেছে। পরে তাকে এসআরবিতে বদলি করা হয়।
এদিকে, আবুল হাসানের বিরুদ্ধে অতীতে রাজনৈতিক নেতাকর্মীদের হয়রানি, বাসায় অভিযান ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগও তুলেছেন বিএনপির কয়েকজন নেতাকর্মী। কলাবাগান থানা যুবদলের সাবেক সদস্যসচিব শাহ আলম সৈকত সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এসব অভিযোগ করেন। তার দাবি, আবুল হাসান দায়িত্ব পালনকালে রাজনৈতিক বিরোধীদের দমনে ভূমিকা রেখেছিলেন। তবে এসব অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে উঠেছে, যা প্রায় তিন ঘণ্টার অচলাবস্থার পর ঘটেছে। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী, বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সদস্যরা মহাসড়কে অবস্থান করে শ্রমিকদের সরিয়ে দেওয়ার মাধ্যমে যান চলাচল পুনরুদ্ধার করেছে। বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১টা থেকে মহাসড়কটি স্বাভাবিক হয়। সকাল ১০টা থেকে শ্রমিক আন্দোলনের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অচল ছিল।
প্রত্যক্ষদর্শী, পুলিশ এবং বিএনপি সূত্রে জানা যায়, এদিন সকাল ১০টা থেকে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বেশ কয়েকটি স্থানে অবরোধ সৃষ্টি করেন। গাছা থেকে টঙ্গীর গাজীপুরা পর্যন্ত জিএমপির এলাকায় শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। এই সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ কয়েকজন আহত হন।
এই পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর পাশাপাশি স্থানীয় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা মহাসড়কে অবস্থান করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেন। এর ফলস্বরূপ, দুপুর ১টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক আবার স্বাভাবিক হয়ে ওঠে।
টঙ্গীতে মহাসড়কে অবস্থানরত গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সাথী কালের কণ্ঠকে জানান, ‘আমরা শ্রমিকদের বুঝিয়ে শুনিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিয়েছি। আশা করি তারা নতুন বেতন মেনে কাজে যোগ দিবেন।’
টঙ্গী পশ্চিম থানার ওসি মো. আরিফুর রহমান মন্তব্য করেন, ‘এখন মহাসড়ক স্বাভাবিক আছে, যানচলাচল বিঘ্নে চলাচল করছে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আদালত আগামী ৩০ ডিসেম্বর তারিখ নির্ধারণ করেছেন।
মঙ্গলবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নির্ধারিত দিন ছিল। কিন্তু তদন্তকারী সংস্থা সিআইডি এদিন প্রতিবেদন দাখিল করতে ব্যর্থ হওয়ায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম নতুন তারিখ নির্ধারণ করেন।
২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে জালিয়াতির মাধ্যমে সুইফট কোডের সাহায্যে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করা হয়। পরে ওই অর্থ ফিলিপাইন প্রেরণ করা হয়। সংশ্লিষ্টদের ধারণা, দেশের অভ্যন্তরের একটি চক্রের সহায়তায় হ্যাকার গ্রুপ রিজার্ভের অর্থ পাচার করেছে।
এ ঘটনায় একই বছরের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের উপ-পরিচালক জোবায়ের বিন হুদা অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মতিঝিল থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ (সংশোধনী ২০১৫)-এর ৪ ধারাসহ তথ্য ও প্রযুক্তি আইন-২০০৬ এর ৫৪ ধারা ও ৩৭৯ ধারায় মামলা দায়ের করেন। বর্তমানে মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তদন্ত করছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ