১২:৫৭ এম
ইতালি নতুন একটি আইন পাস করেছে, যার উদ্দেশ্য কারাগারের ক্রমবর্ধমান চাপ কমানো এবং আসক্ত বন্দিদের পুনর্বাসনের সুযোগ বৃদ্ধি করা। নতুন আইনের আওতায় প্রায় ১৩ হাজার ৭০০ জন মাদক ও অ্যালকোহলাসক্ত বন্দি নিজেদের বাড়িতে সাজা ভোগের সুযোগ লাভ করবেন, কারাগারের পরিবর্তে।
এই আইনটি বুধবার ইতালির পার্লামেন্টে ১৫৩ ভোটে পাস হয়। আইনের বিপক্ষে ৪২ জন আইনপ্রণেতা ভোট দেন, এবং ৮২ জন ভোটদানে বিরত ছিলেন।
প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এই সিদ্ধান্তকে 'একাধিক ফ্রন্টে বিজয়' হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, এর ফলে একদিকে কারাগারের অতিরিক্ত চাপ কমবে, অন্যদিকে আসক্ত বন্দিদের পুনর্বাসনের সুযোগও বৃদ্ধি পাবে।
আরও পড়ুন: শাহজাদপুরে জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
ইতালির বিচারমন্ত্রী কার্লো নর্দিও জানিয়েছেন, বর্তমানে দেশের কারাগারগুলোতে প্রায় ৬৫ হাজার বন্দি রয়েছেন। নতুন আইনের ফলস্বরূপ ১০ হাজারেরও বেশি মাদকাসক্ত এবং প্রায় ৩ হাজার ৭০০ অ্যালকোহলাসক্ত বন্দি সুবিধার আওতায় আসতে পারবেন।
মেলোনি সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হয়েছে, কারণ সরকারের কঠোর অপরাধ দমন নীতির পরিবর্তন হয়েছে বলে অভিযোগ তুলছে তাঁর জোটের বাইরে থাকা ডানপন্থী দলগুলো। আর বামপন্থী দলগুলো নীতিগতভাবে আইনের প্রতি সমর্থন জানানোর পরেও পুনর্বাসন কর্মসূচির জন্য বরাদ্দ তহবিলকে অপর্যাপ্ত বলে উল্লেখ করেছে।
এদিকে বন্দি অধিকার সংস্থা 'অ্যান্টিগোন' সরকারের তথ্য নিয়ে প্রশ্ন তুলেছে। সংস্থাটির দাবি, আইনে থাকা বিভিন্ন শর্ত এবং সীমিত অর্থায়নের কারণে ঘোষিত সংখ্যক বন্দি এই সুবিধা বাস্তবে নাও পেতে পারেন।
যদিও ক্ষমতাসীন জোটের শরিক লিগ দলের এমপি সিমোনেত্তা মাতোনে বলেছেন, এই আইনের মূল লক্ষ্য কারাগার খালি করা নয়। বরং আসক্তির চিকিৎসার মাধ্যমে অপরাধে পুনরায় জড়িয়ে পড়ার ঝুঁকি কমানোর দিকে নজর দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: সমবায়ের হাত ধরেই বদলাবে গ্রামীণ মানুষের জীবন প্রতিমন্ত্রী টুকু
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
