মোঃ ওসমান গনি শেরপুর জেলা প্রতিনিধি
০২:৫৪ পি.এম
শেরপুরের ঝিনাইগাতীতে মাদক বিস্তার, পাহাড় ধ্বংস, রাজনৈতিক প্রভাব বিস্তার ও হয়রানির অভিযোগ তুলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং দলটির সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে স্বেচ্ছায় অব্যাহতি নেওয়ার ঘোষণা দিয়েছেন মো. রবিউল ইসলাম রোমান। তিনি ঝিনাইগাতী সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক।
সোমবার (১৬ নভেম্বর) একটি জানাজার নামাজে বক্তব্য দেওয়ার সময় তিনি নিজের রাজনৈতিক অবস্থান তুলে ধরেন। পরে তাঁর দেওয়া পদত্যাগের ঘোষণা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে আলোচনা শুরু হয়।
বিবৃতিতে রোমান জানান, তিনি স্বেচ্ছায়, সজ্ঞানে ও সুস্থ মস্তিষ্কে বিএনপি এবং দলটির সব রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিজেকে প্রত্যাহার করে নিচ্ছেন।
পারিবারিক রাজনৈতিক পরিবেশ থেকেই ছোটবেলা থেকে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হন তিনি। দলের বিভিন্ন মিছিল, মিটিং ও রাজনৈতিক কর্মসূচিতেও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন।
বিবৃতিতে তিনি আরও উল্লেখ করেন, ৫ আগস্টের পর সমাজের অনিয়ম, দুর্নীতি, মাদক ও অপরাধপ্রবণতা কমবে বলে আশাবাদী হয়েছিলেন। কিন্তু তাঁর দৃষ্টিতে ঝিনাইগাতীতে মাদকের বিস্তার ও পাহাড় ধ্বংসের মতো কর্মকাণ্ড এখনো অব্যাহত রয়েছে।
রোমানের অভিযোগ, মাদক ও পাহাড় ধ্বংসের বিরুদ্ধে কথা বলা এবং অন্যায়ের প্রতিবাদ করায় তাঁকে প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। স্থানীয় কয়েকজন রাজনৈতিক নেতার ইশারা ও সহযোগিতায় তাঁর ওপর হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় প্রাণে বেঁচে ফিরলেও তাঁর সঙ্গে থাকা মোটরসাইকেলটি নিয়ে যাওয়া হয় বলে দাবি করেন তিনি। এ ছাড়া থানায় মামলা করতে গেলে রাজনৈতিক প্রভাবের কারণে তাঁর অভিযোগ গ্রহণ করা হয়নি বলে দাবি করেন রোমান। উল্টো সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সংগৃহীত ভাঙচুরের ছবি সম্পাদনা করে তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা সাজানোর অভিযোগও তোলেন তিনি। এমনকি হাসপাতালে মোটরসাইকেল ভাঙচুরের ঘটনায় তাঁর কাকাকেও আসামি করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করেন।
বিএনপির রাজনীতি ছাড়ার সিদ্ধান্তের পেছনে পারিবারিক একটি বেদনাদায়ক অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তিনি। তাঁর মামা মরহুম আনিসুর রহমান কালু কাংশা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত থাকার পর জীবনের শেষ সময়ে দলের পক্ষ থেকে যথাযথ খোঁজখবর ও সহযোগিতা না পাওয়ায় ক্ষোভ ও আক্ষেপ প্রকাশ করেন রোমান।
তিনি বলেন, দলের কঠিন সময়ে নিজের সংসারের খরচের টাকা থেকেও দলীয় কর্মকাণ্ডে সহযোগিতা করেছেন তাঁর মামা। রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও দলের জন্য কাজ করেছেন, এমনকি রাজনৈতিক কারণে কারাবরণও করেছেন। অথচ জীবনের শেষ সময়ে তাঁর খোঁজখবর নেওয়ার মতো মানুষের অভাব ছিল।
বিবৃতিতে রোমান আরও বলেন, কারও সঙ্গে ব্যক্তিগত বিরোধ সৃষ্টি কিংবা কাউকে ছোট করা তাঁর উদ্দেশ্য নয়। নিজের বিবেক, আত্মসম্মান ও ন্যায়ের পক্ষে অবস্থান থেকেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর কাছে রাজনীতির চেয়ে মানুষ, পদ-পদবির চেয়ে মানবিকতা এবং দলীয় পরিচয়ের চেয়ে ন্যায় ও সত্যের মূল্য বেশি।
তিনি ঝিনাইগাতীবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, রাজনৈতিক মতপার্থক্যের কারণে কাউকে যেন কষ্ট দেওয়া বা অন্যায়ভাবে হয়রানি করা না হয়। পারস্পরিক শ্রদ্ধা, মানবিকতা ও সহনশীলতা বজায় রেখে মাদকমুক্ত, পাহাড় ও প্রকৃতিবান্ধব এবং অন্যায়-দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে।
বিবৃতির শেষাংশে রাজনৈতিক জীবনের পথচলায় পাশে থাকা, সহযোগিতা করা ও ভালোবাসা দেওয়া সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
এ বিষয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান মামুনের সঙ্গে কথা হলে তিনি এ প্রতিনিধিকে জানান, এখন পর্যন্ত রবিউল ইসলাম রোমানের কোনো লিখিত পদত্যাগপত্র পাননি। তিনি আরও বলেন, সংগঠন কাউকে জোর করে রাজনীতি করতে বাধ্য করে না। দু-একজন নেতা দল থেকে চলে গেলে দলের বড় ধরনের কোনো ক্ষতি হবে না বলেও মন্তব্য করেন তিনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
লালমনিরহাটের মহেন্দ্রনগর বাজারে অবৈধভাবে সার পাচারের সময় তিনটি অটোরিকশা থেকে ৪৫ বস্তা ডিএপি সার স্থানীয়রা জব্দ করেছেন। সোমবার ভোরে সদর উপজেলার হারাটি ইউনিয়ন থেকে এই সারগুলো জব্দ করা হয়।
এ ঘটনার সময় সার সিন্ডিকেটের সাথে জড়িত এরশাদ আলী নামের এক কীটনাশক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালত সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। সাজাপ্রাপ্ত এরশাদ সদর উপজেলার হারাটি ইউনিয়নের বড়নতল এলাকার খয়বর আলীর ছেলে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনোনীতা দাস এ সময় বলেন, "তিনটি গাড়িতে মোট ৪৫ বস্তা সার জব্দ করা হয়েছে এবং তা ইউনিয়ন পরিষদে রাখা হয়েছে। পরবর্তীতে হারাটি ইউনিয়নের কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে এই সার বিতরণ করা হবে। পাচারের সাথে জড়িত ব্যবসায়ীকে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চলতি নভেম্বর মাসের শেষেই মালয়েশিয়ায় যাওয়া ১০ হাজার কর্মীর মধ্যে এক হাজার ‘জুলাই যোদ্ধা’কে সম্পূর্ণ সরকারি খরচে পাঠানোর ঘোষণা দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। গত রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে মন্ত্রী এই তথ্য জানান। সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানালেও, এই ১ হাজার জুলাই যোদ্ধা আসলে কারা, তাদের নির্বাচন প্রক্রিয়া কীভাবে হয়েছে এবং তাদের সুনির্দিষ্ট তালিকা কেন এখনো প্রকাশ করা হয়নি—তা নিয়ে তীব্র প্রশ্ন ও সংশয় তৈরি হয়েছে জনমনে।
বিশেষ করে জুলাই আন্দোলনের প্রকৃত মাঠের যোদ্ধারা এবং সচেতন মহল বলছেন, তালিকায় থাকা ওই ১ হাজার ব্যক্তির নাম ও পরিচয় জনসমক্ষে প্রকাশ করা না হলে প্রকৃত যোদ্ধারা বঞ্চিত হওয়ার আশঙ্কা রয়েছে। মুখরোচক ঘোষণা বা মৌখিকভাবে ‘জুলাই যোদ্ধা’ আখ্যা দিয়ে নির্দিষ্ট কোটা বা তালিকার স্বচ্ছতা নিয়ে সাধারণ তরুণ ও চাকরিপ্রার্থীদের মধ্যে ক্ষোভ দানা বাঁধছে।
যাঁদের প্রশ্ন ও ক্ষোভের মূল বিষয়গুলো:
তালিকার অস্বচ্ছতা: কোনো ধরনের উন্মুক্ত তালিকা বা যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া প্রকাশ না করেই হঠাৎ ১ হাজার জুলাই যোদ্ধাকে সরকারি খরচে বিদেশ পাঠানোর ঘোষণায় তৈরি হয়েছে ধোঁয়াশা।
যোদ্ধাদের পরিচয় নিয়ে প্রশ্ন: প্রকৃত জুলাই যোদ্ধারা মাঠে রক্ত দিলেও এই ১ হাজার সৌভাগ্যবান ব্যক্তি কারা, কোন প্রক্রিয়ায় বা কার বা কাদের মাধ্যমে তাদের নাম এই তালিকায় অন্তর্ভুক্ত হলো—তার সদুত্তর মিলছে না।
স্বচ্ছতা ও নামের তালিকা প্রকাশের দাবি: জুলাই আন্দোলনের মূল স্পিরিট ছিল বৈষম্যহীনতা ও স্বচ্ছতা। অথচ এই ১ হাজার জনের নাম গোপন রেখে শুধু মুখে মুখে ঘোষণার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছে বিভিন্ন মহলের যুবসমাজ।
সংশ্লিষ্টদের মতে, প্রকৃত জুলাই যোদ্ধাদের সম্মানিত করার প্রক্রিয়াটি হতে হবে সম্পূর্ণ স্বচ্ছ ও জবাবদিহিমূলক। তাই অবিলম্বে ওই ১ হাজার জুলাই যোদ্ধার পূর্ণাঙ্গ তালিকা ও তাদের বাছাইয়ের প্রক্রিয়া জনসমক্ষে প্রকাশ করার জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও সচেতন নাগরিকরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নওগাঁয় দিনব্যাপী কৃষি ঋণ মেলা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সোমবার আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নূরুল আমীনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নওগাঁর উপপরিচালক কৃষিবিদ মো: মনজুর রহমান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো: মনিরুল ইসলাম, বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংকের উর্দ্ধতন কর্মকর্তা, সফল উদ্যোক্তা প্রমুখ। অনুষ্ঠানে ঋণ গ্রহণকারী কৃষক, উদ্যোক্তা, খামারী, মৎস্যচাষী এবং বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা অনুষ্ঠানে বলেন, নওগাঁ দেশের উত্তরের খাদ্যভান্ডার হিসেবে পরিচিত। এই অঞ্চলে উৎপাদিত ধানের চাল ও আমের সুনাম বিদেশে ছড়িয়ে পড়েছে। তাই নওগাঁর কৃষি ও কৃষি সংশ্লিষ্ট খাতগুলোকে আরো সমৃদ্ধশালী করতে কৃষক, কৃষি উদ্যোক্তা, মৎস্যচাষী, খামারী এবং গ্রামের নারী উদ্যোক্তাদের মাঝে স্বল্প সুদে কৃষি ঋণ প্রদানের কোন বিকল্প নেই। বক্তারা বলেন, এই ঋণ কার্যক্রমের সুবিধা প্রকৃত সুবিধাভোগীদের কাছে পৌঁছাতে হবে। এর জন্য সরকারি ও বেসরকারি ব্যাংকগুলোকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি বিভিন্ন খাতে ঋণ গ্রহণকারীদের মাঝে ঋণের চেক আনুষ্ঠানিকভাবে তুলে দেন। অনুষ্ঠানে সদর উপজেলার বিভিন্ন কৃষি উদ্যোক্তা, চাষী ও খামারীসহ মোট ১৩৬ জন (ব্যক্তি ও প্রতিষ্ঠান) সুবিধাভোগীদের মাঝে স্বল্প সুদে ৩ কোটি ৬৭ লক্ষ টাকার ঋণ বিতরণ করা হয়। ঋণ প্রদানকারী ব্যাংকগুলোর মধ্যে সর্বোচ্চ পূবালী ব্যাংক পিএলসি ৫০ লক্ষ টাকার ঋণ বিতরণ করছে। দিনব্যাপী মেলায় ১৬টি স্টলে ৩২টি সরকারি ও বেসরকারি ব্যাংক তাদের ঋণ কার্যক্রম ও অন্যান্য কার্যক্রম সম্পর্কে দর্শনার্থীদের কাছে বিভিন্ন তথ্য তুলে ধরেন। অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিনব্যাপী কৃষি ঋণ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আলোচিত মডেল ও অভিনেত্রী মেঘনা আলম সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়ে দাবি করেছেন, ‘দুই মাসের জন্য আমাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন’। একই পোস্টে সাবেক উপদেষ্টা ও এনসিপি নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার প্রসঙ্গও তিনি উল্লেখ করেছেন।
মেঘনা আলম তার ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, ‘২ মাসের জন্য আমাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন। আসিফের ওপর ভরসা না থাকলেও, এ ক্ষেত্রে দেশের মানুষের আমার ওপর ভরসা আছে!’
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সম্প্রতি দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন। রবিবার (১৫ নভেম্বর) বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাসে তিনি বলেন, ‘না পারলে দুই সপ্তাহের জন্য আমাকে হোম মিনিস্ট্রি দেন, সব ঠিক করে দিচ্ছি।’
এর কিছুক্ষণ পর তিনি আরেকটি পোস্টে উল্লেখ করেন, ‘রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে আমাকে না দিলেন। তাহলে সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর ভাইকে দিন। শতগুণ ভালো নিয়ন্ত্রণ করতে পারবেন, অপারেশন ডেভিল হান্টের কথা মনে আছে?’
মেঘনা আলম বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের মতামত ও মন্তব্য প্রকাশ করে আলোচনায় এসেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব চেয়ে তার দেওয়া এই স্ট্যাটাস নতুন করে কৌতূহল সৃষ্টি করেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ