ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

শেয়ারবাজারে কারসাজি: বিএসইসির জরিমানা বহাল রাখলেন -হাইকোর্ট


শেয়ারবাজারে কারসাজি: বিএসইসির জরিমানা বহাল রাখলেন -হাইকোর্ট

শেয়ারবাজারে কারসাজি ও অনিয়মের অভিযোগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) আরোপ করা আর্থিক জরিমানার আদেশ চ্যালেঞ্জ করে করা ২১টি রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে জরিমানার আদেশের ওপর আগে দেওয়া স্থগিতাদেশ প্রত্যাহার করেছেন আদালত।

২০২৫ সালের ৬ নভেম্বর বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকা সমন্বয়ে গঠিত হাইকোর্ট বিভাগের একটি দ্বৈত বেঞ্চ এ রায় দেন। সম্প্রতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে রায়ের পূর্ণাঙ্গ নথি প্রকাশিত হয়েছে।

আদালতের প্রকাশিত ১৯ পৃষ্ঠার রায়ে বলা হয়েছে, শেয়ারবাজারে অনিয়ম ও কারসাজি প্রতিরোধে বিএসইসির আর্থিক জরিমানা আরোপের আইনগত ক্ষমতা রয়েছে। এ ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে কমিশনকে সংশ্লিষ্ট আইন ও ন্যায়বিচারের নীতি অনুসরণ করতে হবে।

আরও পড়ুন: ঢাকা-পাবনা রুটে চলবে ভারত থেকে আনা ১৮ রেলকোচ

মামলার নথি অনুযায়ী, সংশ্লিষ্ট বিনিয়োগকারী ও প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অল্প সময়ে বিপুল পরিমাণ শেয়ার কেনাবেচার মাধ্যমে বাজারে কৃত্রিম প্রভাব তৈরির অভিযোগ আনে বিএসইসি। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে কমিশন কারণ দর্শানোর নোটিশ দেয়, লিখিত জবাব নেয় এবং ব্যক্তিগত শুনানির সুযোগ দেয়। পরে বিভিন্ন অঙ্কের আর্থিক জরিমানা আরোপ করা হয়।

জরিমানার আদেশের বিরুদ্ধে সংশ্লিষ্ট ব্যক্তিরা কমিশনের কাছে রিভিউ আবেদন করেন। সেখানেও প্রতিকার না পেয়ে তাঁরা হাইকোর্টে রিট করেন। তাঁদের যুক্তি ছিল, শেয়ার কেনাবেচার পরিমাণ বেশি হলেই তা বাজার কারসাজি হিসেবে বিবেচিত হতে পারে না। এ ছাড়া কমিশনের সিদ্ধান্তের আইনগত বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন তাঁরা।

অন্যদিকে বিএসইসির পক্ষ থেকে বলা হয়, ১৯৬৯ সালের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্সের ২২ ধারায় দেওয়ানি জরিমানা আরোপের বিধান রয়েছে। তাই আইন অনুযায়ী কমিশন এ ধরনের ব্যবস্থা নিতে পারে।

রায়ে হাইকোর্ট বলেন, সংশ্লিষ্টদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া, লিখিত বক্তব্য গ্রহণ এবং ব্যক্তিগত শুনানির সুযোগ দেওয়ার তথ্য মামলার নথিতে রয়েছে। ফলে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দেওয়ার অভিযোগ গ্রহণযোগ্য নয়।

আরও পড়ুন: হত্যাচেষ্টা মামলায় শিল্পী মমতাজসহ গ্রেফতার দুজন, তদন্ত চলছে

আদালত আরও বলেন, শেয়ার কেনাবেচার পেছনে সংশ্লিষ্ট ব্যক্তিদের উদ্দেশ্য কী ছিল এবং তাতে বাজার কারসাজি হয়েছে কি না, তা তথ্য ও প্রমাণের মাধ্যমে নির্ধারণ করতে হবে। এ ধরনের বিতর্কিত বাস্তব বিষয় রিটের সংক্ষিপ্ত বিচারিক প্রক্রিয়ায় নিষ্পত্তি করা যায় না।

সব দিক বিবেচনায় আদালত রিট আবেদনগুলোর কোনো গ্রহণযোগ্য আইনগত ভিত্তি পাননি। ফলে সব রুল খারিজ করে দেন এবং আগে দেওয়া অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ প্রত্যাহার করেন। তবে কোনো পক্ষের ওপর মামলার খরচ আরোপ করা হয়নি।

রায়ের তাৎপর্য: আইনগতভাবে এ রায়ের গুরুত্ব রয়েছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থার ক্ষমতা ও বিনিয়োগকারীদের অধিকার—দুই ক্ষেত্রেই। একদিকে বিএসইসির প্রশাসনিক জরিমানা আরোপের ক্ষমতা স্বীকৃত হয়েছে, অন্যদিকে এ ক্ষমতা প্রয়োগের সময় সংশ্লিষ্ট ব্যক্তিকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার প্রয়োজনীয়তাও গুরুত্ব পেয়েছে।

ফলে পুঁজিবাজারে অনিয়ম প্রতিরোধে নিয়ন্ত্রক সংস্থার ভূমিকা এবং প্রশাসনিক সিদ্ধান্তের বিচারিক পর্যালোচনার ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হতে পারে।

আরও পড়ুন: প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে যান তরুণী, ওত পেতে ছিল কিশোর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হত্যাচেষ্টা মামলায় শিল্পী মমতাজসহ গ্রেফতার দুজন, তদন্ত চলছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:০৯ পি.এম


হত্যাচেষ্টা মামলায় শিল্পী মমতাজসহ গ্রেফতার দুজন, তদন্ত চলছে

রাজধানীর মিরপুর মডেল থানার একটি হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেফতার করা হয়েছে, যা বৈষম্যবিরোধী আন্দোলনের সঙ্গে সম্পর্কিত।

সোমবার (১৬ নভেম্বর) পুলিশের আবেদনের ভিত্তিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত শুনানি শেষে এই আদেশ প্রদান করেন। একই মামলায়, নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের রূপনগর থানার ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক রমজান আলী মাদবরকেও গ্রেফতার করা হয়েছে। তাদেরকে ভার্চ্যুয়াল মাধ্যমে আদালতে হাজির করা হয়।

প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক রফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন। এর আগে, ১১ নভেম্বর, মামলার তদন্ত কর্মকর্তা ও মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাফিজুল ইসলাম এই মামলায় তাদের গ্রেফতার করার আবেদন করেন।

আবেদনে উল্লেখ করা হয়েছে, আসামিরা আওয়ামী লীগের সক্রিয় নেতাকর্মী। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, মামলার এজাহারনামীয় অন্যান্য আসামিদের সহায়তায় তারা এই ঘটনার সঙ্গে জড়িত। তাই মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের গ্রেফতার করা প্রয়োজন বলে আবেদন করা হয়।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট আন্দোলনের সময় মিরপুর ১০ নম্বর গোলচত্বর ফলপট্টির কাছে অবস্থান করছিলেন ওমর ফারুক শাকিল ও তার দলের কয়েকজন কর্মী। এ সময় আওয়ামী লীগের সন্ত্রাসীরা আন্দোলনকারীদের লক্ষ্য করে অতর্কিতভাবে গুলি চালাতে শুরু করে।

অভিযোগে আরও বলা হয়েছে, মামলার ১ নম্বর এজাহারনামীয় আসামি ও ১২ নম্বর ওয়ার্ড যুবলীগের অস্ত্রধারী ক্যাডার মো. স্বাধীন অস্ত্র উঁচিয়ে গুলি ছোড়েন। এতে ওমর ফারুক শাকিলসহ কয়েকজন কর্মী গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাকে আগারগাঁওয়ের নিউরোসায়েন্স হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। সেখানে অস্ত্রোপচারের পর তার নাকের ওপরে ও ডান চোখের নিচে সেলাই ও ব্যান্ডেজ করা হয়।

৭ আগস্ট পর্যন্ত ওই হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর শাকিলকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করে পুনরায় অস্ত্রোপচার করা হয়।

ওই ঘটনার পর ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর মিরপুর মডেল থানায় শাকিলের বাবা বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে এস আলমের বন্ধ কারখানার শ্রমিকদের বিক্ষোভ, স্মারকলিপি প্রদান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:১১ পি.এম


চট্টগ্রামে এস আলমের বন্ধ কারখানার শ্রমিকদের বিক্ষোভ, স্মারকলিপি প্রদান

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় এস আলমের সব বন্ধ কারখানা পুনরায় চালু করার দাবিতে শ্রমিকরা বিক্ষোভ মিছিল করেছেন। সোমবার সকাল ১০টায় উপজেলার মইজ্যারটেক এলাকা থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। কয়েক শতাধিক শ্রমিক মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে অগ্রসর হন।

বিক্ষোভের সময় শ্রমিকেরা কারখানা খুলে দেওয়ার দাবিতে বিভিন্ন স্লোগানসহ প্ল্যাকার্ড বহন করেন। শ্রমিকদের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করবেন। এস আলমের চাকরিচ্যুত শ্রমিকদের এই বিক্ষোভ মিছিলের প্রেক্ষিতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে ছিল। বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছিল।

সূত্রে জানা যায়, চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্যারটেক, ইছানগর ও কালারপুল এলাকায় এস আলম সিমেন্ট, এস আলম ইস্পাত, এস আলম সয়াবিন, এস আলম সুগারসহ দশটিরও অধিক কারখানা অবস্থিত। এসব কারখানায় কয়েক হাজার শ্রমিক নিয়োজিত ছিলেন। চব্বিশের গণঅভ্যুত্থানের পর একে একে বন্ধ হয়ে যায় এস আলমের এসব কারখানা। সর্বশেষ বন্ধ ঘোষণা করা হয় এস আলম সুগার মিল।

কর্ণফুলী থানার ওসি নুর আহমদ জানিয়েছেন, এস আলমের কারখানা পুনরায় চালু করার দাবি নিয়ে শ্রমিকেরা মিছিল করে জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে যান। এ সময় ঊর্ধ্বতন কর্মকর্তাসহ পুলিশ সতর্ক অবস্থায় ছিল। তবে শ্রমিকদের সঙ্গে কোনো ধরনের অশান্তি হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তরুণদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে ‘মি টাইম’

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:১২ পি.এম


তরুণদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে ‘মি টাইম’

ব্যস্ততা, কাজের চাপ, ক্যারিয়ারের প্রতিযোগিতা এবং সামাজিক যোগাযোগমাধ্যমের অবিরাম উপস্থিতি—এই সব কারণে আধুনিক জীবনে নিজের জন্য সময় বের করা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে।

তবে এই ব্যস্ততার মধ্যেই তরুণ প্রজন্ম নতুন করে উপলব্ধি করছে যে, নিজেদের সঙ্গে কিছুটা সময় কাটানোর গুরুত্ব অপরিসীম। একা কফি পান করা, বই পড়া, গান শোনা অথবা নিছক নীরবে বসে থাকা—এমন কিছু মুহূর্তকে তারা ‘মি টাইম’ হিসেবে চিহ্নিত করছে।

একসময় একা সময় কাটানোকে অনেকেই নিঃসঙ্গতা কিংবা সামাজিক বিচ্ছিন্নতা হিসেবে বিবেচনা করতেন। কিন্তু সময়ের পরিবর্তনের সঙ্গে সেই ধারণা বদলে গেছে। এখন তরুণদের কাছে নিজেদের জন্য নির্দিষ্ট সময় রাখা মানসিক প্রশান্তি, আত্মবিশ্বাস এবং ব্যক্তিগত বিকাশের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।

আধুনিক তরুণদের দিন শুরু ও শেষ হচ্ছে স্মার্টফোনের পর্দায় চোখ রেখে। ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টিকটকের অবিরাম স্ক্রলিং, নোটিফিকেশন এবং অন্যের জীবনের নানা মুহূর্ত দেখতে দেখতে তারা মানসিক ক্লান্তির সম্মুখীন হচ্ছে। একই সঙ্গে অন্যের জীবনযাত্রার সঙ্গে নিজেদের জীবনকে তুলনা করার প্রবণতাও বাড়ছে।

এই পরিস্থিতি থেকে সাময়িক মুক্তি পেতে অনেক তরুণ দিনে অন্তত ৩০ মিনিট থেকে এক ঘণ্টা মোবাইল ফোন বন্ধ বা সাইলেন্ট রেখে সময় কাটানোর চেষ্টা করছেন। ডিজিটাল ডিটক্সের মাধ্যমে তারা ভার্চুয়াল জগত থেকে দূরে থেকে নিজেদের অনুভূতি ও প্রয়োজনের দিকে মনোযোগ দেওয়ার সুযোগ পাচ্ছেন।

পড়াশোনা, চাকরি, ক্যারিয়ার গড়ার প্রতিযোগিতা এবং ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তরুণদের মধ্যে মানসিক চাপ এবং উদ্বেগ সৃষ্টি করছে। এমন পরিস্থিতিতে নিজেদের জন্য কিছুটা সময় রাখা মানসিকভাবে স্বস্তি পাওয়ার একটি কার্যকর উপায় হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে নিশ্ছিদ্র নিরাপত্তা, স্থাপন হবে সিসি ক্যামেরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:১২ পি.এম


বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে নিশ্ছিদ্র নিরাপত্তা, স্থাপন হবে সিসি ক্যামেরা

মহান বিজয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধসহ দেশের বিভিন্ন স্থানে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই উদ্দেশ্যে স্মৃতিসৌধ এলাকা এবং এর প্রবেশপথে সিসি ও আইপি ক্যামেরা স্থাপন করা হবে। পাশাপাশি, গোয়েন্দা নজরদারি এবং সংশ্লিষ্ট এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।

সোমবার (১৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় প্রস্তুতিমূলক সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের গৃহীত জাতীয় কর্মসূচির সুষ্ঠু বাস্তবায়নের লক্ষ্যে আইনশৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা নিয়ে আলোচনা করা হয়।

সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, দেশি-বিদেশি ভিভিআইপি এবং সাধারণ মানুষের সাভার জাতীয় স্মৃতিসৌধে যাতায়াত ও পুষ্পস্তবক অর্পণের সময় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। স্মৃতিসৌধ এলাকায় স্থাপিত সিসি ক্যামেরাগুলো ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এবং সংশ্লিষ্ট পুলিশ কন্ট্রোলরুমের সঙ্গে সংযুক্ত থাকবে।

বিজয় দিবসের অনুষ্ঠানকে কেন্দ্র করে সম্ভাব্য বিশৃঙ্খলা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে স্পেশাল ব্রাঞ্চসহ (এসবি) অন্যান্য গোয়েন্দা সংস্থাকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে এবং গোয়েন্দা নজরদারি বাড়ানোর জন্য বলা হয়েছে।

এছাড়া, বঙ্গভবনে বিজয় দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে আগত অতিথিদের দেহ ও যানবাহনে তল্লাশিসহ প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হবে। সোহরাওয়ার্দী উদ্যানসহ দেশের বিভিন্ন অনুষ্ঠানস্থলেও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।

যানজট এড়াতে ঢাকা থেকে সাভার যাওয়ার প্রধান সড়ক এবং জাতীয় স্মৃতিসৌধের আশপাশে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় জাতীয় স্মৃতিসৌধসহ সব অনুষ্ঠানস্থলে প্রয়োজনীয় জনবলসহ অগ্নিনির্বাপণী গাড়ি মোতায়েন রাখা হবে।

সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রধান এবং বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তর-সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%