০৬:২১ পি.এম
পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন করেছেন স্থানীয় জেলে ও মৎস্য ব্যবসায়ীরা, দাবি হচ্ছে অবৈধ ট্রলিং, বটম ট্রলিং এবং নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধ করতে।
শনিবার ১৮ জুলাই দুপুরের দিকে আশাখালী মৎস্য বন্দরে অনুষ্ঠিত এ মানববন্ধনে অংশ নেন পাঁচ শতাধিক জেলে ও মৎস্য ব্যবসায়ী। মৎস্যজীবীরা হুঁশিয়ারি দেন যে, অবৈধ ট্রলিং এবং নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে তারা ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন আশাখালী মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি মো. মাঈনুদ্দীন দালাল, সাধারণ সম্পাদক মো. শামীম রেজা, বিএনপি নেতা ও মৎস্য ব্যবসায়ী মো. শাহজাদা হাওলাদার, মৎস্য ব্যবসায়ী মো. মর্তুজা আহমেদ, জেলে সোহাগ গাজী এবং মো. সাইদুলসহ স্থানীয় মৎস্যজীবীরা।
আরও পড়ুন: ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
বক্তারা উল্লেখ করেন যে, দীর্ঘদিন ধরে অসাধু চক্র বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং করছে। এছাড়া, বটম ট্রলিং, বেহুন্দি জালসহ বিভিন্ন নিষিদ্ধ জাল ব্যবহার করে নির্বিচারে মাছ শিকার করায় সামুদ্রিক জীববৈচিত্র্য এবং মাছের প্রজনন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর ফলে উপকূলীয় অঞ্চলের হাজারো জেলে পরিবার জীবিকা সংকটে পড়েছে।
তাদের দাবি হচ্ছে, অবৈধ ট্রলিং এবং নিষিদ্ধ জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করতে হবে। পাশাপাশি, সামুদ্রিক মৎস্যসম্পদ সংরক্ষণ এবং জেলেদের জীবন-জীবিকা রক্ষায় দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি রাখা হয়েছে।
এ বিষয়ে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, ‘ট্রলিং ব্যবসায়ীরা আদালতকে ভুল বুঝিয়ে একটি আদেশ এনেছেন। আমরা সরকারের পক্ষ থেকে ওই আদেশের বিরুদ্ধে আপিল করব।’
আরও পড়ুন: কুলিয়ারচরে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন