০৭:৩৯ পি.এম
রাজশাহী মহানগরীতে পৃথক অভিযানে পুলিশ ১১ জনকে জুয়া খেলার অভিযোগে গ্রেফতার করেছে এবং মাদকদ্রব্যসহ আরো চারজনকে আটক করেছে। এ সময় দলবেঁধে ধরা পড়া খেলোয়াড়দের কাছ থেকে তাস, নগদ টাকা, মোবাইল ফোন, ট্যাপেন্টাডল ট্যাবলেট, দেশীয় চোলাইমদ এবং আমদানি নিষিদ্ধ ভারতীয় এসকাফ সিরাফ জব্দ করা হয়েছে।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর) মোঃ গাজিউর রহমান শনিবার বিকেলে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, শুক্রবার (২১ আগস্ট) রাত সোয়া ১১টার দিকে কর্ণহার থানা পুলিশ ধর্মহাটা গ্রামে অভিযান পরিচালনা করে একটি মুদি দোকানের ঘরের বারান্দা থেকে ১০ জনকে জুয়া খেলার সময় গ্রেফতার করে। এই ১০ জনের মধ্যে বাদশা (৫২), মাইনুদ্দিন (৩৫), বাইদুল ইসলাম (৫০), রনি (৩৫), মাসুদ রানা (৩৬), সবুজ (৩০), শাহিনুর ইসলাম (৩৩), জারজিস আলী (৪৫), তাজরুল ইসলাম (৪৪) ও সজিব (২৭) নামের ব্যক্তিরা রয়েছেন। তাদের কাছ থেকে জুয়ার কাজে ব্যবহৃত ১ হাজার ৯০ টাকা এবং দুই সেট পুরোনো তাস জব্দ করা হয়।
পরবর্তী সময়ে শনিবার ভোর সোয়া ৪টার দিকে পবা থানা পুলিশ পারিলা ইউনিয়নের সিডির মোড় এলাকায় অভিযান চালিয়ে অনলাইন জুয়া খেলার সময় সেলিম রেজা (৪২) নামে একজনকে আটক করে। তার কাছ থেকে উদ্ধার করা হয় অনলাইন জুয়ার অ্যাপসসহ একটি মোবাইল ফোন এবং ৭ হাজার টাকা।
আরও পড়ুন: কুমিল্লার ধানক্ষেতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল ৯ বছরের শিশুর
এদিকে, শনিবার সকাল সোয়া ১০টার দিকে মতিহার থানার মির্জাপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা বিনোদপুর বাংলাদেশ বেতারের মাঠসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে অমিত হাসান আভি (২১) নামে এক যুবককে ৯০টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করেন।
এর আগে, শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে দামকুড়া থানার পুলিশ হলদিবোনা গ্রামে অভিযান চালিয়ে ২০ লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ দানিয়েল হেমব্রম (৩৮) নামের একজনকে গ্রেফতার করে।
একই দিনে দুপুর আড়াইটার দিকে রাজপাড়া থানার লক্ষ্মীপুর বাগানপাড়া এলাকায় অভিযান চালিয়ে বসতবাড়ি থেকে বুলবুলি বেগম (৫৪) নামের এক নারীকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ১১ দশমিক ১ লিটার দেশীয় চোলাইমদ, মাদক সরবরাহে ব্যবহৃত দুটি মোবাইল ফোন এবং বিক্রির ৩ হাজার ৪৭০ টাকা জব্দ করা হয়। পুলিশ দাবি করে, বুলবুলি একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে রাজপাড়া থানায় পূর্বে ১৬টি মাদক মামলা রয়েছে।
এছাড়া, শুক্রবার রাত সোয়া ১০টার দিকে দামকুড়া থানার জাঙ্গালপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে আমদানি নিষিদ্ধ ভারতীয় তৈরি নেশাজাতীয় চার বোতল এসকাফ সিরাফসহ রফিকুল ইসলাম (৪৫) নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় জুয়া আইন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। তাদেরকে শনিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।
আরও পড়ুন: ডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর রাকীন রহমান
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন