০১:৪৬ পি.এম
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে টাঙ্গাইলের সখীপুরের তিন যমজ ভাই-বোন। দুই ভাই ও এক বোনের এমন সাফল্যে তাদের পরিবার, শিক্ষক এবং সহপাঠীরা আনন্দে ভাসছেন।
যমজ তিন ভাই-বোন হলো ফাতেমা আক্তার শেমী (১২), আনাস আল মামুন (১২) এবং আরাফাত আল মামুন (১২)। তারা সখীপুর পৌরসভার উত্তরা মোড় এলাকায় মো. শামীম ও আর্জিনা আক্তার দম্পতির সন্তান। তাদের মা আর্জিনা আক্তার সখিপুর উপজেলার ঘাটেশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
জানা গেছে, ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় তারা বহেড়াতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অংশগ্রহণ করে। প্রকাশিত ফলাফলে তিনজনই ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করে। বর্তমানে তারা সখীপুর পিএম পাইলট মডেল গভর্নমেন্ট স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
আরও পড়ুন: ছবি দিয়ে রাজনৈতিক চরিত্রহননের চেষ্টা! দীর্ঘ ত্যাগের পরও অপপ্রচারের অভিযোগ বিএনপি নেতা রিপন বল্লভের
মা আর্জিনা আক্তার বাসস’কে বলেন, এই অর্জনের পেছনে স্কুলের শিক্ষকদের অবদান অনেক। আমার স্বামী বিদেশে থাকলেও নিয়মিতভাবে সন্তানদের পড়াশোনার খোঁজ-খবর নেন ও উৎসাহ দেন। আমার ছেলে-মেয়েরা যেন সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও সমাজের কল্যাণে কাজ করতে পারে। সবার কাছে সেই দোয়া চাই।
বহেড়াতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ আলী বাসস’কে জানান, যমজ তিন ভাই-বোনই পড়াশোনায় অত্যন্ত মনোযোগী। তাদের এই সাফল্যের পেছনে শিক্ষক এবং অভিভাবকদের কঠোর পরিশ্রম রয়েছে। আমি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন