১০:১৩ পি.এম
দেশের সব নদ-নদী রক্ষা, অনাব্যতা সংকট দূরীকরণ, নদী দখল ও দূষণ প্রতিরোধ এবং আন্তর্জাতিক অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য হিস্যার দাবিতে রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ শীর্ষক মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ জুলাই) সকাল ৬টায় নগরের লালনশাহ মুক্তমঞ্চ থেকে শুরু হওয়া সাড়ে সাত কিলোমিটার দীর্ঘ এই ম্যারাথনের উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
ম্যারাথনটি লালনশাহ মুক্তমঞ্চ থেকে শুরু হয়ে ফুড অফিস মোড় ঘুরে আবার মুক্তমঞ্চে এসে শেষ হয়। এতে বিভিন্ন বয়সের প্রায় সাড়ে ৫৫০ জন দৌড়বিদ অংশ নেন। তাদের মধ্যে অন্তত ১৩৫ জন নারী অংশগ্রহণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথনের উপদেষ্টা ও সোনালী সংবাদ পত্রিকার সম্পাদক লিয়াকত আলী, সংগঠনের উপদেষ্টা ও রাজশাহী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, উপদেষ্টা রিক্তা পারভীন, আহ্বায়ক মো. জুলফিকার আলী হায়দার, যুগ্ম আহ্বায়ক মঈন বিন মোস্তফা, সদস্যসচিব মো. জাহিদুল ইসলাম সানি এবং আয়োজক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও ড্রেন পরিষ্কার কার্যক্রম
আয়োজকরা জানান, ‘রান ফর পদ্মা’ শুধুমাত্র রাজশাহীর একটি আয়োজন নয়, বরং এটি দেশের নদ-নদী রক্ষায় জনসচেতনতা সৃষ্টির একটি সামাজিক আন্দোলনরূপে কাজ করছে। ঐতিহাসিক পদ্মাসহ দেশের সকল নদী বাঁচানোর দাবি মানুষের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
তাদের মতে, নদী রক্ষা শুধু পরিবেশের প্রশ্ন নয়, এটি কৃষি, জীববৈচিত্র্য, জনজীবন ও দেশের ভবিষ্যৎ অর্থনীতির সঙ্গেও গভীরভাবে যুক্ত। তরুণ প্রজন্মসহ সাধারণ মানুষকে নদী রক্ষার আন্দোলনে সম্পৃক্ত করার জন্যেই এই মিনি ম্যারাথনের আয়োজন করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন