ঢাকা মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ইং ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

অস্ত্রোপচারের ২৪ দিন পর ১২ দিনের সফরে পোপ চতুর্দশ লিও


অস্ত্রোপচারের ২৪ দিন পর ১২ দিনের সফরে পোপ চতুর্দশ লিও

ফুসফুসের ক্যানসারের অস্ত্রোপচারের মাত্র ২৪ দিন পর দক্ষিণ আমেরিকার তিন দেশে সফরে বেরিয়েছিলেন পোপ চতুর্দশ লিও। ৭১ বছর বয়সী ক্যাথলিক ধর্মগুরু ১২ দিনের এই সফরে অংশ নিয়েছেন ৫০টি অনুষ্ঠানে। পোপের এই কর্মতৎপরতা অসুস্থতার কারণে দায়িত্ব পালনের গতি কমে যাওয়ার আশঙ্কা অনেকটাই দূর করেছে।

উরুগুয়ে, আর্জেন্টিনা ও পেরুর ১০টি শহরে প্রায় ৩১ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন তিনি। কিছু দিন ছয়টি পর্যন্ত প্রকাশ্য অনুষ্ঠানে অংশ নিয়েছেন এবং প্রায় ৪০টি বক্তব্য দিয়েছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) টানা ১৪ ঘণ্টার বিমানযাত্রা শেষে রোমে ফিরছেন পোপ লিও। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক দশকের মধ্যে কোনো পোপের জন্য অন্যতম ব্যস্ত এই সফর সফলভাবে শেষ করায় তাঁর জীবনীকার ও ভ্যাটিকান-বিশেষজ্ঞরা মনে করছেন, স্বাস্থ্য নিয়ে উদ্বেগের বড় জবাব দিয়েছেন তিনি।

আরও পড়ুন: অ্যাপলের বিচার প্যারিসের আদালতে জুনে শুরু হবে

গত ১৩ অক্টোবর চিকিৎসকেরা পোপের ফুসফুসে ক্যানসার শনাক্ত হওয়ার কথা জানান। এরপর ভ্যাটিকানের কয়েকজন কর্মকর্তা ধারণা করেছিলেন, শারীরিক অবস্থার কারণে তাঁর নির্ধারিত দক্ষিণ আমেরিকা সফর বাতিল হতে পারে। এমনকি ভবিষ্যতে পোপ হিসেবে দায়িত্ব পালনের ধরনেও পরিবর্তন আসতে পারে।

ভ্যাটিকানের পররাষ্ট্রবিষয়ক দায়িত্বে থাকা কার্ডিনাল পিয়েত্রো পারোলিন তখন বলেছিলেন, পোপকে হয়তো তাঁর পোপত্বের দায়িত্ব পালনের ধরন নতুন করে সাজাতে হতে পারে। একজন জ্যেষ্ঠ ধর্মীয় নেতার এমন মন্তব্যে পোপের স্বাস্থ্য ও ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে আলোচনা আরও জোরালো হয়।

তবে সফর শেষ করে পোপের রোমে ফেরার প্রেক্ষাপটে ভ্যাটিকান-বিশেষজ্ঞ ও লেখক জন থাভিস বলেন, নির্ধারিত সময়সূচি অনুযায়ী সফর শেষ করতে পারা তাঁকে মুগ্ধ করেছে। এতে বিশ্বজুড়ে ক্যাথলিকদের মধ্যে স্বস্তি ফিরবে। পোপের দায়িত্ব পালনে অক্ষমতা নিয়ে যে আলোচনা চলছিল, তা-ও থেমে যাবে বলে মনে করেন তিনি।

পোপের জীবনীকার ও সাংবাদিক এলিস অ্যালেনও তাঁর শারীরিক সক্ষমতায় মুগ্ধ। তাঁর মতে, পোপ অসাধারণ শক্তি ও সহনশীলতা নিয়ে অস্ত্রোপচারের ধকল কাটিয়ে উঠেছেন। পোপের দায়িত্ব ও ধর্মীয় লক্ষ্য বাস্তবায়নে তিনি আগের চেয়েও বেশি দৃঢ়প্রতিজ্ঞ বলে মনে হয়েছে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে তরুণদের রাজনৈতিক আগ্রহ বাড়ছে, ১৮ বছরেই নির্বাচিত জনপ্রতিনিধি

ফুসফুসের অ্যাডেনোকার্সিনোমা ক্যানসারের একটি সাধারণ ধরন। অস্ত্রোপচারের পর পোপের এই সফর ছিল বেশ চ্যালেঞ্জিং। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর ক্যানসার নির্দিষ্ট স্থানে সীমাবদ্ধ ছিল, শরীরের অন্য অংশে ছড়িয়ে পড়েনি। এ কারণে অস্ত্রোপচারের পর তাঁর আর অতিরিক্ত চিকিৎসার প্রয়োজন হবে না।

২০২৫ সালের মে মাসে দায়িত্ব নেওয়ার পর থেকেই পোপের কর্মসূচি ছিল বেশ ব্যস্ত। চলতি বছর আফ্রিকার চার দেশ সফরসহ মোট পাঁচটি বিদেশ সফর করেছেন তিনি।

দক্ষিণ আমেরিকা সফরে পোপের প্রতিদিনের কর্মসূচি অনেক সময় ১২ ঘণ্টা পর্যন্ত বিস্তৃত ছিল। কোনো কোনো দিন ছয়টি প্রকাশ্য অনুষ্ঠানে অংশ নিয়েছেন। তিন দেশের ১০টি শহরে যাতায়াতের পাশাপাশি দীর্ঘ বক্তব্য দিয়েছেন, পোপমোবাইলে চড়ে জনতার অভিবাদন গ্রহণ করেছেন এবং অসংখ্য মানুষের সঙ্গে হাত মিলিয়েছেন।

নিউইয়র্কের ফোর্ডহাম বিশ্ববিদ্যালয়ের গবেষক ও ভ্যাটিকান-বিশেষজ্ঞ ডেভিড গিবসন বলেন, ক্যানসারের কারণে পোপ তাঁর কর্মসূচি কমিয়ে আনবেন বা দায়িত্ব পালনের ধরন বদলাবেন—এমন ধারণা যাঁদের ছিল, তাঁদের নতুন করে ভাবতে হবে।

আরও পড়ুন: তুরস্কে বিরোধীদলীয় টেলিভিশনে পুলিশের অভিযানে আটক কয়েকজন

সফরজুড়ে পোপকে বেশ প্রাণবন্ত দেখা গেছে। পোপমোবাইলে চড়ে বিভিন্ন শহরে জনতার সামনে উপস্থিত হয়েছেন তিনি। এসব আয়োজনে তাঁর পোপত্বকালের সবচেয়ে বড় জনসমাগমগুলোর কয়েকটি ঘটেছে। রয়টার্সের হিসাব অনুযায়ী, সফরের বিভিন্ন অনুষ্ঠানে মোট প্রায় ১ কোটি ২০ লাখ মানুষ অংশ নেন। এ সময় প্রায় ৪০টি বক্তব্য দিয়েছেন পোপ। তাঁর কণ্ঠ ছিল দৃঢ় ও স্পষ্ট। দীর্ঘ কর্মসূচির মধ্যেও জনতার সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও হাত মেলানোর ক্ষেত্রে ক্লান্তির বিশেষ লক্ষণ দেখা যায়নি।

সফরের প্রথম দিন সাংবাদিকদের পোপ জানিয়েছিলেন, অস্ত্রোপচারের পর তিনি মোটামুটি ভালো বোধ করছেন। সফরটি সম্পন্ন করতে পারবেন কি না, তা নিয়ে তাঁর কখনো সংশয় ছিল না। পেরুর চিকলায়ো শহরে ফিরে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। ২০১৫ থেকে ২০২৩ সাল পর্যন্ত এ শহরের বিশপ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন পোপ। সেখানে এক প্রার্থনাসভায় তিনি বলেন, স্বাস্থ্যগত সংকট তাঁর জীবনে পরীক্ষার সময় ছিল, তবে তিনি তা কাটিয়ে উঠছেন।

এর আগে ১০ নভেম্বর আর্জেন্টিনার একটি ক্যাথলিক উপাসনালয়ে প্রায় ২০ লাখ মানুষের সমাবেশে বক্তব্য দেন পোপ। সেখানে খ্রিষ্টীয় বিশ্বাস ও মানুষের দায়িত্ব নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, বয়স কিংবা শারীরিক সীমাবদ্ধতা মানুষের উদ্যম নিভিয়ে দিতে পারে না।

পোপের জীবনীকার এলিস অ্যালেনের মতে, দক্ষিণ আমেরিকা সফর তাঁর নেতৃত্বকে আরও প্রাণবন্ত করে তুলতে পারে। অসুস্থতার কারণে দায়িত্ব থেকে পিছিয়ে না গিয়ে বরং নিজের লক্ষ্য বাস্তবায়নে তিনি আরও দৃঢ় অবস্থান নিয়েছেন।

আরও পড়ুন: মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট উখনা খুরেলসুখ পদত্যাগের ঘোষণা দিলেন

সব মিলিয়ে অস্ত্রোপচারের পর এত অল্প সময়ে দীর্ঘ সফর শেষ করা পোপ লিওর ব্যক্তিগত সক্ষমতার পাশাপাশি তাঁর নেতৃত্বের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে। চিকিৎসকেরা ক্যানসার ছড়িয়ে না পড়া এবং অতিরিক্ত চিকিৎসার প্রয়োজন না হওয়ার কথা জানালেও তাঁর স্বাস্থ্য পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণে রাখা গুরুত্বপূর্ণ। তথ্যসূত্র: রয়টার্স

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চুয়াডাঙ্গায় মালবাহী ট্রেনে হামলা, ২ লোকোমাস্টারকে কুপিয়ে জখম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০২:১০ পি.এম


চুয়াডাঙ্গায় মালবাহী ট্রেনে হামলা, ২ লোকোমাস্টারকে কুপিয়ে জখম

চুয়াডাঙ্গার দর্শনায় একটি খালি মালবাহী ট্রেনে হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। হামলার সময় বাধা দেওয়ার কারণে ট্রেনের দুই লোকোমাস্টারকে কুপিয়ে জখম করে ছিনতাইকারীরা নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনা ঘটে সোমবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৩টার দিকে, দর্শনা জংশনের আউটার সিগন্যালের কাছাকাছি এলাকায় দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রেনে। বর্তমানে ট্রেনটি উথলী রেলওয়ে স্টেশনের ২ নম্বর লাইনে অবস্থান করছে।

আহতদের মধ্যে ট্রেনের লোকোমাস্টার নজরুল ইসলাম এবং সহকারী লোকোমাস্টার কবির হোসেন রয়েছেন।

রেলওয়ে সূত্রে জানা গেছে, গভীর রাতে একটি খালি মালবাহী ট্রেন দর্শনা জংশনের আউটারে সিগন্যালের জন্য দাঁড়িয়ে ছিল। এ সময় একদল সংঘবদ্ধ ছিনতাইকারী হঠাৎ করে ট্রেনে হামলা চালায়। ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে লোকোমাস্টার ও সহকারী লোকোমাস্টারকে কুপিয়ে জখম করে।

পরে তাদের জিম্মি করে মোবাইল ফোন এবং নগদ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। মালবাহী ট্রেনটি ঈশ্বরদী থেকে খুলনা অভিমুখে যাচ্ছিল। আহত অবস্থায় ট্রেনটি উথলী রেলওয়ে স্টেশনে পৌঁছায়। বর্তমানে উথলী স্টেশনের ২ নম্বর লাইনে ট্রেনটি অবস্থান করছে। আহত দুজন প্রাথমিক চিকিৎসা শেষে উথলী রেলওয়ে স্টেশনে রয়েছেন এবং তাদের খুলনায় পাঠানো হবে। খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ ও স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে ট্রেনটি পরিদর্শন করেছেন।

এদিকে, এ ঘটনার পর রেলওয়ে কর্মীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে এবং নিরাপত্তা জোরদার করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লা সীমান্তে ৬ মানব পাচারকারী ও এক ভারতীয় নারী আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০২:১১ পি.এম


কুমিল্লা সীমান্তে ৬ মানব পাচারকারী ও এক ভারতীয় নারী আটক

কুমিল্লার সীমান্তবর্তী বিভিন্ন স্থানে আলাদা অভিযান পরিচালনা করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তালিকাভুক্ত ৬ মানব পাচারকারী এবং এক ভারতীয় নারীকে আটক করেছে।

সোমবার (১৬ নভেম্বর) রাতে কুমিল্লা সেক্টরের আওতাধীন ১০ ও ৬০ বিজিবি এই অভিযানগুলো সম্পন্ন করে।

কুমিল্লা ১০ বিজিবির অধিনায়ক লে কর্নেল মীর আলী এজাজ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুমিল্লার ব্রাহ্মণপাড়া, সদর দক্ষিণ উপজেলার সালদানদী ও শশীদল এবং বৌয়ারাবাজার বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালিত হয়। সংশ্লিষ্ট বিওপি কমান্ডারদের নেতৃত্বে বিজিবি সদস্যরা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের সহযোগিতায় এ যৌথ অভিযান সম্পন্ন করেন।

অভিযানে আটক ৬ মানব পাচারকারীর মধ্যে রয়েছেন: ব্রাহ্মণপাড়া উপজেলার গঙ্গানগর গ্রামের জীবন মিয়া (২৮), রামচন্দ্রপুর গ্রামের খোকন (৪৮), উত্তর আশাবাড়ি গ্রামের জিলানী (২৫), দক্ষিণ আশাবাড়ি গ্রামের টুটুল খান টিটু (৩০), নারায়ণপুর গ্রামের আপন (৩৩) এবং কুমিল্লা কোতোয়ালি থানার হরিপুর গ্রামের শরিফুল ইসলাম (৩৩)।

এছাড়া, আটক ভারতীয় নাগরিকের নাম নাজমা বেগম সাইকিয়া (৩১)। তিনি ভারতের আসাম রাজ্যের সনিতপুর জেলার ডেকিয়াজুলি থানার পলাশ বস্তি পাথর এলাকার বাসিন্দা।

বিজিবি আরও জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে যাত্রীবাহী বাস থেকে উদ্ধার হলো দুটি বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০২:১১ পি.এম


রাজশাহীতে যাত্রীবাহী বাস থেকে উদ্ধার হলো দুটি বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন

রাজশাহীতে ঢাকামুখী একটি বাসে অভিযান পরিচালনা করে এসআরবি-৫ দুটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করেছে। অভিযানের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে এক সন্দেহভাজন যাত্রী পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। সোমবার রাতে রাজশাহী মহানগরীর শাহমখদুম থানাধীন সিটিহাট বাইপাস মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে এই অভিযানটি পরিচালনা করা হয়। মঙ্গলবার সকালে এসআরবি-৫ রাজশাহীর মিডিয়া সেল থেকে পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, চাঁপাইনবাবগঞ্জ থেকে চট্টগ্রামগামী সৌদিয়া পরিবহনের একটি বাসে অস্ত্র পাচার করা হচ্ছে। এই তথ্যের ভিত্তিতে, এসআরবির দলটি নগরীর শাহমখদুম থানাধীন সিটিহাট বাইপাস এলাকায় চেকপোস্ট স্থাপন করে।

এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সৌদিয়া পরিবহনের বাসটি থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে বাসের লাগেজ বা মালামাল রাখার বাক্স থেকে একটি ফলের কার্টন উদ্ধার করা হয়। কার্টনের ভেতরে কাপড় দিয়ে অভিনব কায়দায় মোড়ানো অবস্থায় দুটি বিদেশি পিস্তল, চার রাউন্ড তাজা গুলি ও দুটি ম্যাগাজিন পাওয়া যায়।

বাসের যাত্রীদের বরাত দিয়ে এসআরবি জানায়, চেকপোস্টের বিষয়টি টের পেয়ে বাস চেকপোস্ট স্থলে পৌঁছানোর আগেই সন্দেহভাজন এক যাত্রী পালিয়ে যায়। বাসের সুপারভাইজার জিজ্ঞাসাবাদে জানান, ওই যাত্রী চাঁপাইনবাবগঞ্জ থেকে বাসে উঠেছিলেন। তবে তাৎক্ষণিকভাবে তাঁর নাম-পরিচয় জানা যায়নি।

পলাতক ওই যাত্রীর নাম-ঠিকানা ও পরিচয় শনাক্তে এসআরবির গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ সংক্রান্ত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি মূলে হস্তান্তর করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০২:১২ পি.এম


নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ

নওগাঁর মহাদেবপুর উপজেলার স্বরুপপুর মোড় এলাকায় অবস্থিত একটি চালকলের গুদাম থেকে ২২ হাজার ২০ কেজি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১১টার দিকে ডিজিএফআইয়ের প্রদত্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এই চালগুলো জব্দ করা হয়।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, খাদ্য অধিদপ্তরের লোগো সংবলিত ৩০ কেজি ওজনের ৭ শত ৩৪ বস্তা চাল শরিফপুর মোড়ের দক্ষিণ পাশের চালকলের একটি গুদাম ঘরে মজুদ করে রাখা হয়েছিল। মিলন নামের একজন ব্যক্তি এই চালগুলো মজুদ করেছিলেন। ডিজিএফআই বিষয়টি জানার পর, তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মানজুরা মুশাররফ অভিযান পরিচালনা করেন।

অভিযানের সময় চালের মালিক সিরাজুল ইসলামের ছেলে মিলন, যিনি চৌমাশিয়া মোড় (নওহাটা) এলাকার বাসিন্দা, তার বিরুদ্ধে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সোহেল নিয়মিত মামলার নির্দেশ দেন এবং চালগুলো জব্দ করেন।

মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মানজুরা মুশাররফ সত্যতা নিশ্চিত করে বলেন, "বিপুল পরিমাণ চাল হওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়নি।" তিনি আরও জানান, চালগুলো জব্দ করা হয়েছে এবং উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সোহেলকে বাদি হয়ে নিয়মিত মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৪ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%