০৩:২৪ পি.এম
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু জানিয়েছেন, দেশে সার মজুতের পরিমাণ যথেষ্ট রয়েছে, ফলে কৃষকদের চাহিদা পূরণে কোনো সমস্যা হবে না। তিনি কৃত্রিম সার সংকট সৃষ্টি করে আতঙ্কিত করার চেষ্টা করা ব্যক্তিদের প্রতি সজাগ থাকার আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার রাতে লালমনিরহাট সার্কিট হাউসে সার বিতরণ ও ব্যবস্থাপনা সংক্রান্ত পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, সার মৌসুমকে কেন্দ্র করে মজুতদারি, কালোবাজারি এবং সরকারি কর্মকর্তাদের গাফিলতির মতো যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন: তামাকবিরোধী জোটের স্বাগত: সংসদ চত্বরকে ‘ধূমপানমুক্ত’ ঘোষণার সিদ্ধান্ত
এছাড়া, সরকার সার উত্তোলন, বিতরণ এবং সার বিক্রির ডিলার নিয়োগ সংক্রান্ত কার্যক্রম পর্যালোচনা করার জন্য একটি তিন সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন করেছে, যা কৃষি মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা প্রদান করবে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীকে এই কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলা প্রশাসক মোহা. রাশেদ প্রধান। বক্তৃতা করেন লালমনিরহাট জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক। সভায় জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, কৃষি বিভাগের কর্মকর্তাগণ এবং জেলার সার ব্যবসায়ী ও ডিলাররা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন