মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং
০১:২৩ পি.এম
জুলাই গণ-অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনতে চাচ্ছে সরকার, এমনটি জানিয়েছেন তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
তিনি মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য প্রকাশ করেন।
তথ্য উপদেষ্টা উল্লেখ করেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন অনুযায়ী, ৪৩ নম্বর অনুচ্ছেদ অনুসারে, দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা অনেক অধিকার থেকে বঞ্চিত হবেন। সরকার শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনতে আগ্রহী।
তিনি বলেন, ‘আওয়ামী লীগ চৌদ্দ পুরুষসহ পালিয়ে গেছে। শেখ হাসিনা এখন যে মনোযোগ পাচ্ছেন, তা দুঃখজনক। শেখ হাসিনা স্বৈরাচারকে এমন পর্যায়ে নিয়ে গিয়েছিলেন যে, তিনি নিজেই রাষ্ট্র হয়ে গিয়েছিলেন।’
ডা. জাহেদ উর রহমান আরও বলেন, আওয়ামী লীগ একটি মাফিয়া দল। এটি রাজনৈতিক দল হিসেবে পরিচিত নয়। তারা অর্থের মাধ্যমে সহিংসতা সৃষ্টি করে আতঙ্ক ছড়াচ্ছে।
সংবাদ সম্মেলনে তিনি জানান, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কোনো সদস্যের বিরুদ্ধে ফৌজদারি অপরাধের মামলা না থাকলেও, কিংবা জামিনে থাকলেও, তিনি দলের হয়ে কোনো সভা আয়োজন করতে পারবেন না।
এছাড়া, বাজারে নির্ধারিত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি হচ্ছে না—এমনটি স্বীকার করে ডা. জাহেদ উর রহমান বলেন, সরবরাহে সংকট থাকতে পারে এবং তদারকি চলছে। তবে সরকারকে আরও সতর্ক থাকতে হবে। তিনি জানান, বাংলাদেশে বর্তমানে যেকোনো সময়ের তুলনায় বেশি খাদ্য মজুত রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সরকার প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের জন্য ৪ হাজার ১৯০ কোটি টাকার একটি শিক্ষা উন্নয়ন কর্মসূচি অনুমোদন করেছে। এই কর্মসূচির অধীনে বাংলাদেশ সরকার ৩ হাজার ৪০৩ কোটি টাকা বরাদ্দ করবে। বাকি ৭৯৭ কোটি টাকা বৈদেশিক অর্থায়নের মাধ্যমে আসবে।
মঙ্গলবার (১০ নভেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে নিয়মিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এই তথ্য প্রকাশ করেন।
তিনি উল্লেখ করেন, মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এই উন্নয়ন কর্মসূচি অনুমোদন করা হয়েছে। মোট ব্যয়ের পরিমাণ ৪ হাজার ১৯০ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন থেকে ৩ হাজার ৪০৩ কোটি টাকা এবং বৈদেশিক অর্থায়ন থেকে ৭৯৭ কোটি টাকা ব্যয় হবে।
ডা. জাহেদ উর রহমান দেশের শিক্ষাব্যবস্থার বর্তমান অবস্থা তুলে ধরে বলেন, অন্যান্য খাতের মতো শিক্ষাব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে শিক্ষার অবনতি সবচেয়ে বেশি লক্ষণীয়। সরকার শিক্ষার মান উন্নয়নে কাজ করে যাচ্ছে।
তিনি আরও জানান, যারা শিক্ষার মান বজায় রাখতে সক্ষম হবে, তাদের জন্য রাষ্ট্রীয় স্বীকৃতি ও সরকারি সনদ থাকবে। সম্প্রতি অনুষ্ঠিত উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায়ও এর প্রতিফলন দেখা গেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বলিউডের অভিনেত্রী মালাইকা অরোরার ছেলে আরহান খানের ২৪তম জন্মদিন ৯ নভেম্বর উদযাপিত হয়েছে। এই বিশেষ দিনে, মালাইকা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেলের শৈশবের কিছু মুহূর্ত এবং বর্তমানের ছবি শেয়ার করেছেন। সেই পোস্টে, আরহান তার মায়ের প্রতি ভালোবাসা প্রকাশ করে একটি বিশেষ মন্তব্য করেছেন।
ছবির ক্যারোসেলে ছোটবেলার নানা মুহূর্তের পাশাপাশি আরহানের সাম্প্রতিক ছবিও অন্তর্ভুক্ত ছিল। শেষ ছবিতে জন্মদিনের কেক এবং মা-ছেলের একটি সেলফি দেখা যায়। ছবিগুলোর সঙ্গে মালাইকা লিখেছেন, ‘এমন কোনো পাহাড় নেই, যা পেরিয়ে যেতে পারব না। শুভ জন্মদিন, আমার ছোট্ট ছেলে। তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি।’
মালাইকার সেই পোস্টে মন্তব্য করে আরহান বলেছেন, ‘মা, আপনার জন্য পুরো পৃথিবী জ্বালিয়ে দেব।’
এদিকে, আরহানের জন্মদিনে বাবা আরবাজ খানও শুভেচ্ছা জানিয়েছেন। তিনি ছেলেকে গালে চুমু খাওয়ার একটি ছবি প্রকাশ করে লিখেছেন, ২৪ বছর ধরে তিনি আরহানকে ভালোবেসে আসছেন এবং তার প্রতি গর্বিত। জীবনের প্রতিটি মুহূর্তে ছেলের পাশে থাকার কথা জানান তিনি। আরবাজ আরহানকে বড় স্বপ্ন দেখতে, বিনয়ী থাকতে এবং নিজের ওপর বিশ্বাস রাখতে উৎসাহিত করেছেন।
এছাড়া, ফারাহ খান, সোফি চৌধুরী, ভাবনা পান্ডে, অমৃতা অরোরা, সীমা সাজদেহ, চাঙ্কি পান্ডে ও ডিনো মোরিয়াসহ আরও অনেকেই আরহানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।
মালাইকা অরোরা ও আরবাজ খান ১৯৯৮ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ২০১৭ সালে তাদের বিচ্ছেদ ঘটে। তবে, বিচ্ছেদের পরও তারা ছেলে আরহানের দায়িত্ব যৌথভাবে পালন করে আসছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানীর তুরাগে ঝটিকা মিছিলের প্রস্তুতির সময় কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় পুলিশ তিনজন আওয়ামী লীগ কর্মীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন কামরুল ইসলাম (২১), হযরত আলী (২০) এবং মিতুল হাসান (১৯)। তারা তুরাগ ও আশপাশের এলাকার বাসিন্দা। সোমবার (৯ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তুরাগ থানাধীন প্রত্যাশা ব্রিজসংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে তুরাগ থানা পুলিশের একটি দল প্রত্যাশা ব্রিজসংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সেখানে আওয়ামী লীগের কিছু নেতাকর্মী ঝটিকা মিছিলের উদ্দেশ্যে জড়ো হচ্ছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়।
এছাড়া, পুলিশ জানিয়েছে যে, তুরাগ থানা আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক মো. নূর হোসেন এবং হরিরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি মো. কফিল উদ্দিন মেম্বারের নেতৃত্বে ঝটিকা মিছিলের প্রস্তুতি নেওয়া হচ্ছিল।
অভিযানের সময় ঘটনাস্থল থেকে উসকানিমূলক লেখা সংবলিত একটি নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারও জব্দ করা হয়। ব্যানারটির দৈর্ঘ্য ৭ ফুট এবং প্রস্থ ৩ ফুট।
তুরাগ থানার ওসি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের তিন কর্মীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় উসকানিমূলক লেখা সংবলিত একটি ব্যানারও জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
একসময় যেখানে সকাল থেকে রাত পর্যন্ত সিনেমা নির্মাণের কর্মযজ্ঞ চলত, শিল্পী-কলাকুশলীদের পদচারণায় মুখর থাকত পুরো চত্বর, সেখানে এখন দৃশ্যপট অনেকটাই ভিন্ন।
শুটিংয়ের ব্যস্ততার পরিবর্তে এখন চোখে পড়ে বিভিন্ন সমিতির কার্যালয়, আড্ডা এবং সাংগঠনিক কর্মকাণ্ড। চলচ্চিত্র নির্মাণের আঁতুড়ঘর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন কি ক্রমেই পরিণত হচ্ছে সমিতির আখড়ায়?
এফডিসির প্রতিটি দেয়াল যেন ধারণ করে আছে বাংলা চলচ্চিত্রের স্বর্ণালি দিনের স্মৃতি। এখানে তৈরি হয়েছে অসংখ্য কালজয়ী সিনেমা, বহু তারকা দর্শকনন্দিত হয়েছেন। কিন্তু সেই পরিচিত চিত্রে এখন পরিবর্তনের ছাপ স্পষ্ট।
বিভিন্ন সমিতির কার্যালয় ঘিরে সদস্যদের আনাগোনা, আড্ডা এবং সাংগঠনিক ব্যস্ততা থাকলেও চলচ্চিত্র নির্মাণের সেই চিরচেনা কর্মচাঞ্চল্য এখন অনুপস্থিত। কোথাও ফাঁকা শুটিং ফ্লোর, কোথাও নীরব স্টুডিও। প্রশ্ন উঠছে, চলচ্চিত্রের স্বার্থে গড়ে ওঠা এই সমিতিগুলোর কর্মকাণ্ড কতটা ভূমিকা রাখছে চলচ্চিত্র শিল্পের বিকাশে?
চলচ্চিত্রের উন্নয়ন এবং সংশ্লিষ্টদের স্বার্থ রক্ষায় চলচ্চিত্র সমিতিগুলোর ভূমিকা নিয়ে রয়েছে বিভিন্ন মতামত। কেউ বলছেন, চলচ্চিত্র নির্মাণ সমিতির দায়িত্ব নয়; বরং সদস্যদের স্বার্থ রক্ষা করাই সংগঠনগুলোর প্রধান কাজ।
তবে ভালো সিনেমা নির্মাণ, হল ডিজিটালাইজেশন, ই-টিকিটিং এবং সেন্ট্রাল সার্ভার চালুর মতো উদ্যোগে সবাই একমত। এসব ক্ষেত্রে সরকারি সহযোগিতার ওপর নির্ভর করতে হচ্ছে বলেও জানান তারা।
নির্মাতারা বলছেন, গত ১৭ বছরের অনিয়ম এবং জটিলতা এক-দুই বছরে কাটিয়ে ওঠা সম্ভব নয়। বরং সমিতির সহযোগিতার কারণেই এখনো সিনেমা নির্মাণ করা সম্ভব হচ্ছে বলে জানান নির্মাতারা।
এদিকে সাংগঠনিক কার্যক্রম, নির্বাচন আয়োজনের পাশাপাশি চলচ্চিত্রের স্বার্থে সমিতিগুলোর আরও সক্রিয় হওয়া প্রয়োজন বলে মনে করেন বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি।
তবে এফডিসিতে অতীতে কোটি কোটি টাকার যন্ত্রপাতি কেনা হলেও সেগুলো কাজে লাগানো যায়নি বলেও অভিযোগ করেন তিনি।
চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জয় চৌধুরী বলেন, ‘চলচ্চিত্র নির্মাণে সহযোগিতা করা সমিতির কাজ নয়। আমাদের কাজ শিল্পীদের স্বার্থ রক্ষা করা। আর নির্মাণের থেকে যদি সমিতির কর্মকাণ্ড বেশি হয়ে যায় সেটা আমাদের দেখারও কথা নয়।’
এদিকে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সদস্য দিঠি আনোয়ার বলেন, ‘চলচ্চিত্র শিল্পী সমিতির দায়-দায়িত্ব অনেক বেশি। উনাদেরকে দেখে যেন বাইরের মানুষও চলচ্চিত্রে ইনভেস্ট করার কথা ভাবে। তাতে করে আবারও বাংলা চলচ্চিত্রে রমরমা অবস্থা ফিরে আসবে।’
নির্মাতা সাইমন তারিক বলেন, ‘সমিতিগুলোর অবদান না থাকলে কখনও গঠন হতো না। ১৭ বছরের অবর্জনা ১ বছরে কমানো সম্ভব নয়, এভাবেও মন্তব্য করলেন তিনি।’
নির্মাতা কবিরুল ইসলাম রানা বলেন, ‘ইদানিং নির্মাণ কম হচ্ছে বলেই সমিতির উৎসব বেশি চোখে পড়ছে। নির্মাণ বাড়লে এগুলো তখন আর চোখে লাগবে না।’
চলচ্চিত্রের উন্নয়নের চেয়ে সমিতির কর্মকাণ্ডই যদি মুখ্য হয়ে ওঠে, তাহলে এফডিসির হারানো কর্মচাঞ্চল্য ফিরবে কীভাবে? সমিতি হোক চলচ্চিত্রের স্বার্থে, ব্যক্তিস্বার্থে নয় এমন প্রত্যাশাই সংশ্লিষ্টদের।
তালাশ বিডি/মিডিয়া লিঃ