০৩:৪৭ এম
চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম মন্তব্য করেছেন যে, ছয় মাসে হাজার হাজার মানুষ বেকার হয়ে গেছে এবং দিনে গড়ে ১০ জন খুন হওয়া সরকারের ব্যর্থতার প্রমাণ।
শনিবার রাজধানীর পল্টনে ইসলামী আন্দোলনের জেলা প্রতিনিধি সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, নির্বাচনের পূর্বে বিএনপি জনগণের জন্য অনেক আশার বাণী শুনিয়েছিল। কিন্তু বিএনপি সরকার গঠনের পর ছয় মাস অতিবাহিত হলেও তাদের দেওয়া প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়নের কোনো লক্ষণ দেখা যায়নি। বরং বেশিরভাগ ক্ষেত্রে পরিস্থিতি আরও খারাপ হয়েছে।
চরমোনাই পীর জানান, গত ছয় মাসে গার্মেন্টস খাতে প্রায় ২০ হাজার কর্মী বেকার হয়ে পড়েছেন। প্রতিদিন গড়ে ১০ জন মানুষ খুন হচ্ছে, লোডশেডিংয়ের মাত্রা বেড়ে গেছে এবং জ্বালানি সংকট দেশের স্থিতিশীলতার জন্য একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। সার্বিকভাবে সরকারের প্রথম ছয় মাসের কার্যক্রম সরকারের ব্যর্থতার চিত্র তুলে ধরছে।
আরও পড়ুন: জালিয়াতি ও শর্তভঙ্গের অভিযোগে ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: মন্ত্রী সালাহউদ্দিন আহমদ
ইসলামী আন্দোলনের আমির সরকারকে পরামর্শ দিয়ে বলেন, মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, লোডশেডিং কমানো, জ্বালানি সংকট সমাধান করা এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা জরুরি। অন্যথায়, মানুষের ক্ষোভ সীমা ছাড়িয়ে যেতে পারে।
রেজাউল করীম বলেন, সংস্কারের বিষয়ে আমরা বারবার কথা বলেছি। কিন্তু সরকারের ভূমিকা এ বিষয়ে হতাশাজনক। জুলাই সনদে রাষ্ট্রপতি নির্বাচনসংক্রান্ত বিষয়ে জাতীয় ঐকমত্য গঠিত হয়েছিল। কিন্তু সর্বশেষ রাষ্ট্রপতি নির্বাচনে সেই ঐকমত্যের বিষয়টি অনুসরণ করা হয়নি। সরকার যদি সংস্কার না করে, তাহলে যে ভয়াবহ পরিণতির আশঙ্কা তৈরি হবে, তার দায় সরকারকেই নিতে হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন