ঢাকা শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৮শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ইং ২৮শে কার্তিক, ১৪৩২বাং

কুড়িগ্রামে নাশকতার অভিযোগে ছাত্রলীগ নেতা মোহাইমিনুল ইসলাম ফরহাদ গ্রেপ্তার


কুড়িগ্রামে নাশকতার অভিযোগে ছাত্রলীগ নেতা মোহাইমিনুল ইসলাম ফরহাদ গ্রেপ্তার

কুড়িগ্রামে নাশকতা ও অরাজকতা সৃষ্টির অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানারে ছাত্রলীগের সদর উপজেলা শাখার সভাপতি মোহাইমিনুল ইসলাম ফরহাদসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় কুড়িগ্রাম সদর থানা পুলিশের একটি বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

পুলিশের মতে, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানারে অরাজকতা ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফরহাদসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় কুড়িগ্রাম সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন: বরিশালে জমিজমা বিরোধে বড় ভাইয়ের হামলায় ছোট ভাই নিহত

পুলিশের সূত্রে জানা গেছে, মামলাটির নম্বর ১৭, জিআর নম্বর ৩৪৩/২৬ (কুড়িঃ)। গত ১৩ অক্টোবর মামলাটি দায়ের করা হয়। সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর (সংশোধনী-২০১৩) ৮, ৯, ১০, ১২ ও ১৩ ধারায় মামলাটি করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া মোহাইমিনুল ইসলাম ফরহাদ কুড়িগ্রাম সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি। অন্য গ্রেপ্তার ব্যক্তির পরিচয় পুলিশ তাৎক্ষণিকভাবে জানায়নি।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর আলম বলেন, ‘অরাজকতা ও নাশকতার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ফরহাদকে গ্রেপ্তার করা হয়েছে। যারা নাশকতায় জড়িত থাকবে, তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’

পুলিশ জানিয়েছে, নাশকতা ও অরাজকতার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন: জুলাই আন্দোলনে আহত জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভেজাল ও নকল সার নিয়ে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান কৃষি মন্ত্রণালয়ের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৫৮ পি.এম


ভেজাল ও নকল সার নিয়ে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান কৃষি মন্ত্রণালয়ের

ঢাকা, ১৩ নভেম্বর ২০২৬ : কৃষি মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যমে ভেজাল ও নকল সার নিয়ে ছড়ানো বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানিয়েছে।

আজ শুক্রবার, মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভেজাল সার সংক্রান্ত একটি ভিডিও পোস্ট তাদের নজরে এসেছে। ভিডিওটি চলতি বছরের ২৭ আগস্ট মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার জাল্লা বাজারে অবস্থিত ভাই ভাই এন্টারপ্রাইজ নামের সার ডিলার প্রতিষ্ঠানে ভেজাল সার জব্দের ঘটনাকে তুলে ধরেছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ভাই ভাই এন্টারপ্রাইজের ডিলার পয়েন্টে ভেজাল ডিএপি সার বিক্রির বিষয়ে সাটুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দাখিল করেন। এর পরিপ্রেক্ষিতে, ওই দিন মোবাইল কোর্ট পরিচালনা করে অভিযুক্ত ডিলারকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভেজাল সার জব্দ ও ধ্বংস করা হয়।

এছাড়া, সংশ্লিষ্ট উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির মাধ্যমে অভিযুক্ত প্রতিষ্ঠান ভাই ভাই এন্টারপ্রাইজের ডিলারশিপ বাতিলের ব্যবস্থা নেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত আগস্টে তাৎক্ষণিকভাবে আইনগত প্রক্রিয়ায় নিষ্পত্তি হওয়া একটি ঘটনাকে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে ছড়িয়ে দেওয়া অসৎ উদ্দেশ্যপ্রণোদিত। ভিডিও ও পোস্টে 'সরকার ভেজাল সার সরবরাহ করছে' মর্মে প্রচারিত তথ্য সম্পূর্ণ অসত্য। কৃষি মন্ত্রণালয় এ ধরনের অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচার ও প্রকাশ না করার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করেছে।

মন্ত্রণালয় জানায়, ডিলার পর্যায়ে সার সরবরাহের আগে সরকার নির্ধারিত নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করে পরীক্ষাগারে সারের গুণগত মান পরীক্ষা করা হয়। সার সংগ্রহ, সংরক্ষণ, পরিবহন ও বিতরণসহ সরবরাহের প্রতিটি পর্যায়ে কঠোর নজরদারি ও তদারকি নিশ্চিত করা হয়।

সরকারি ব্যবস্থাপনায় সরবরাহ করা সারের গুণগত মান বজায় রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত অসত্য, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যোগী আদিত্যনাথ: মুসলিমদের বাড়িঘর ও মসজিদ ধ্বংসে ব্যবহৃত বুলডোজার ভারতের ব্র্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৫৯ পি.এম


যোগী আদিত্যনাথ: মুসলিমদের বাড়িঘর ও মসজিদ ধ্বংসে ব্যবহৃত বুলডোজার ভারতের ব্র্যান্ড

যোগী আদিত্যনাথ সরকারের উচ্ছেদ অভিযানে বুলডোজার উত্তর প্রদেশে একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে আবির্ভূত হয়েছে। অভিযোগ রয়েছে, এই অভিযানে মূলত মুসলমান, প্রান্তিক জনগোষ্ঠী এবং সরকারের সমালোচকদের লক্ষ্যবস্তু হিসেবে নেওয়া হয়।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সম্প্রতি বুলডোজারের প্রশংসা করে এটিকে ভারতের একটি ‘ব্র্যান্ড’ হিসেবে উল্লেখ করেছেন। গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) তিনি রাজ্যের সঙ্গে যুক্ত একটি ব্র্যান্ড হিসেবে বুলডোজারকে বর্ণনা করেন।

যোগী বলেন, "উত্তরপ্রদেশে কারখানা স্থাপনকারী নির্মাতাদের ট্রাক্টরের পাশাপাশি বুলডোজার উৎপাদনের কথাও ভাবা উচিত।"

যমুনা এক্সপ্রেসওয়ে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটি এলাকায় সিএনএইচ ইন্ডাস্ট্রিয়ালের ট্রাক্টর উৎপাদন কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন।

এএনআই-এর তথ্য অনুযায়ী, আদিত্যনাথ বলেন, “দেশে ও দেশের বাইরে এগুলোর ব্যাপক চাহিদা থাকবে, কারণ এগুলো ইতোমধ্যে এই অঞ্চলের একটি ব্র্যান্ডে পরিণত হয়েছে।”

তার এই বক্তব্য উত্তরপ্রদেশে বুলডোজারের রাজনৈতিক প্রতীকী অর্থকে স্পষ্ট করে তোলে। আদিত্যনাথ সরকার অবৈধভাবে নির্মিত সম্পত্তির ওপর প্রায়ই উচ্ছেদ অভিযান পরিচালনা করে থাকে। বিজেপির সমর্থকরা মুখ্যমন্ত্রীকে ‘বুলডোজার বাবা’ বলে অভিহিত করে থাকেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই আন্দোলনে আহত জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৫৯ পি.এম


জুলাই আন্দোলনে আহত জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

বরিশাল মহানগর বিএনপির সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদার বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের (বিডিএ) নতুন চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন। ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বরিশালে হামলার শিকার হয়ে গুরুতর আহত হয়েছিলেন তিনি। বৃহস্পতিবার বিকেলে গণপূর্ত মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগে যোগদান করার পর, তিনি গ্রেড-২ পদমর্যাদায় এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন।

এর আগে, গত ১১ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আল বশিরুল ইসলামের সই করা এক প্রজ্ঞাপনে জিয়াউদ্দিন সিকদারকে বিডিএর চেয়ারম্যান হিসেবে নিয়োগের বিষয়টি জানানো হয়েছিল।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ‘বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৩’-এর ৭(২) ধারা অনুযায়ী তাকে এ নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর তিনি এ পদে দায়িত্ব পালন করবেন। প্রজ্ঞাপনের শর্ত অনুযায়ী, চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের পূর্বে তাকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে। তবে রাজনৈতিক দলের নেতা হিসেবে দলীয় কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বিডিএর চেয়ারম্যান পদে নিয়োগ নিয়ে বিএনপির একাধিক নেতার নাম আলোচনায় ছিল। তাদের মধ্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবায়দুল হক চাঁন, আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদার, মহানগর বিএনপির সাবেক সদস্যসচিব মীর জাহিদুল কবির জাহিদ এবং বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন অন্তর্ভুক্ত ছিলেন। শেষ পর্যন্ত জিয়াউদ্দিন সিকদারকে এ পদে নিয়োগ দেওয়া হয়।

জিয়াউদ্দিন সিকদার দীর্ঘদিন ধরে বরিশাল মহানগর বিএনপির রাজনীতিতে সক্রিয়। তিনি দলীয় বিভিন্ন আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিগত আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে তিনি একাধিকবার হামলা, মামলা ও গ্রেপ্তারের শিকার হন।

২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বরিশাল নগরের সিঅ্যান্ডবি রোড এলাকায় হামলার শিকার হন তিনি। ওই সময় তার ওপর হামলা চালিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ওই ঘটনায় তিনি গুরুতর আহত হন। দীর্ঘ রাজনৈতিক পথচলায় নানা প্রতিকূলতার মুখোমুখি হওয়ার পর, এবার একটি রাষ্ট্রীয় উন্নয়ন প্রতিষ্ঠানের শীর্ষ দায়িত্ব পেলেন তিনি।

চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর, জিয়াউদ্দিন সিকদারের সামনে বড় চ্যালেঞ্জ হবে বরিশাল নগরের পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করা। অপরিকল্পিত নগর সম্প্রসারণ রোধ, জলাবদ্ধতা নিরসন, খাল ও জলাশয় সংরক্ষণ, আধুনিক সড়ক অবকাঠামো গড়ে তোলা এবং পরিবেশবান্ধব নগর পরিকল্পনা বাস্তবায়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে নগরবাসী তার ভূমিকার দিকে তাকিয়ে রয়েছেন।

এ বিষয়ে বরিশাল মহানগর বিএনপির সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদার "আমার দেশ"-কে বলেন, বৃহস্পতিবার বিকেলে গণপূর্ত মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগে তিনি যোগদান করেছেন। বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি। একই সঙ্গে দলের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জিয়াউদ্দিন সিকদার বলেন, দীর্ঘ রাজনৈতিক পথচলায় নানা প্রতিকূলতা ও নির্যাতনের মধ্যেও তিনি দলের আদর্শ ও সিদ্ধান্তের প্রতি অবিচল ছিলেন। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে হামলার শিকার হয়ে গুরুতর আহত হলেও গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম থেকে তিনি পিছপা হননি।

নতুন দায়িত্ব সম্পর্কে তিনি বলেন, তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে পালনের চেষ্টা করবেন। বরিশালকে পরিকল্পিত, আধুনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করতে চান। এ দায়িত্ব পালনে বরিশালবাসীসহ সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৯৪৫ সালের নীতিতে আজকের বিশ্ব চলতে পারে না : ড. খলিলুর রহমান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

১১:০০ পি.এম


১৯৪৫ সালের নীতিতে আজকের বিশ্ব চলতে পারে না : ড. খলিলুর রহমান

জাতিসংঘের বর্তমান কাঠামো, যা ১৯৪৫ সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর বাস্তবতায় গড়ে উঠেছিল, আজকের পরিবর্তিত বিশ্ব পরিচালনার জন্য যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমান।

তিনি উল্লেখ করেছেন যে, বৈশ্বিক ক্ষমতার ভারসাম্যে ব্যাপক পরিবর্তন আসলেও নিরাপত্তা পরিষদের কাঠামো এখনও পূর্বের মতোই রয়ে গেছে। এই কারণে, বিশ্বব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে নিরাপত্তা পরিষদের সংস্কার অপরিহার্য।

তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর ফাঁকে আন্তর্জাতিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের সাক্ষাৎকার অনুষ্ঠানে ‘ওয়ান অন ওয়ান’-এ তিনি এসব কথা বলেন।

সাক্ষাৎকারে নিরাপত্তা পরিষদ সংস্কার, রোহিঙ্গা গণহত্যার বিচার, আন্তর্জাতিক সংঘাত এবং মাঠপর্যায়ে জাতিসংঘের কার্যকারিতা নিয়ে আলোচনা করেন ড. খলিলুর রহমান।

নিরাপত্তা পরিষদের আধুনিকায়ন ও শক্তিধর দেশগুলোর একক কর্তৃত্ব নিয়ে সাংবাদিক জাফর হাসনাইনের প্রশ্নের জবাবে তিনি বলেন, "১৯৪৫ সালে জাতিসংঘ প্রতিষ্ঠার সময়কার বাস্তবতার সঙ্গে বর্তমান বিশ্বের ব্যাপক পার্থক্য রয়েছে।"

তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের ‘বিশ্ব পাঁচ দেশের চেয়েও বড়’ বক্তব্যের প্রতি ইঙ্গিত করে বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বৈশ্বিক ক্ষমতার বিন্যাসে অনেক পরিবর্তন এসেছে। কিন্তু নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ ও কাঠামো এখনও অপরিবর্তিত রয়েছে।

নিরাপত্তা পরিষদ সংস্কারের বিষয়ে সাধারণ পরিষদের সভাপতি হিসেবে তিনি ইতোমধ্যে আন্তঃসরকার আলোচনার সমন্বয়ের জন্য কো-চেয়ারম্যান নিয়োগ করেছেন বলেও জানান।

আফ্রিকার প্রতিনিধিত্বের প্রশ্নে ড. খলিলুর রহমান বলেন, ঐতিহাসিকভাবে সবচেয়ে বড় বৈষম্যের শিকার মহাদেশগুলোর একটি আফ্রিকা। নিরাপত্তা পরিষদে আফ্রিকার শান্তি ও নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হলেও সিদ্ধান্ত গ্রহণের টেবিলে মহাদেশটির কোনো স্থায়ী প্রতিনিধিত্ব নেই। তাঁর ভাষায়, "আফ্রিকাকে সিদ্ধান্তের টেবিলে থাকতে হবে, তারা কোনো মেনু হতে পারে না।"

তিনি আরও বলেন, নিরাপত্তা পরিষদের স্থায়ী বা অস্থায়ী সদস্যপদের কাঠামো পরিবর্তন করতে হলে জাতিসংঘ সনদ সংশোধন করতে হবে। এজন্য নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের সম্মতি প্রয়োজন। ফলে, রাতারাতি এ সংস্কার সম্ভব নয়, বরং ধাপে ধাপে এগোতে হবে। তাঁর সভাপতিত্বের মেয়াদে সংস্কার আলোচনায় দৃশ্যমান অগ্রগতি অর্জনের লক্ষ্য রয়েছে।

বিশ্বজুড়ে যুদ্ধ ও সহিংসতা বন্ধে নিরাপত্তা পরিষদের ব্যর্থতা এবং সাধারণ পরিষদে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় গৃহীত প্রস্তাব নিরাপত্তা পরিষদে ভেটোর মুখে আটকে যাওয়ার বিষয়ে ড. খলিলুর রহমান বলেন, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার প্রধান দায়িত্ব নিরাপত্তা পরিষদের। কিন্তু স্থায়ী সদস্যদের স্বার্থের সংঘাত ও ভেটো প্রয়োগের কারণে গুরুত্বপূর্ণ অনেক আন্তর্জাতিক সংকটে পরিষদ সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছে। এর ফলে, বিশ্বের বিভিন্ন অঞ্চলে দীর্ঘস্থায়ী সংঘাত অব্যাহত রয়েছে।

আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী সদস্য রাষ্ট্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে তিনি বলেন, জাতিসংঘ সনদে সদস্য রাষ্ট্র বহিষ্কারের বিধান থাকলেও ইতিহাসে এর প্রয়োগ অত্যন্ত বিরল। অতীতে চীন প্রজাতন্ত্রের (তাইওয়ান) পরিবর্তে গণপ্রজাতন্ত্রী চীনকে জাতিসংঘে চীনের প্রতিনিধি হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘটনা ঘটেছে। তবে কোনো সদস্য রাষ্ট্রকে সরাসরি বহিষ্কারের নজির নেই।

রোহিঙ্গা গণহত্যার বিচার প্রসঙ্গে ড. খলিলুর রহমান আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ভূমিকার কথা তুলে ধরেন। তিনি জানান, জাম্বিয়া বনাম মিয়ানমার মামলার বিষয়ে আগামী ১৯ নভেম্বর আদালতের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণার কথা রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ও আইন লঙ্ঘনের ঘটনায় আইসিজে তার বিচারিক এখতিয়ার অনুযায়ী ভূমিকা পালন করছে বলেও উল্লেখ করেন তিনি।

আন্তর্জাতিক অঙ্গনে জাতিসংঘের কার্যকারিতা নিয়ে সমালোচনার জবাবে ড. খলিলুর রহমান বলেন, নিরাপত্তা পরিষদের রাজনৈতিক অচলাবস্থার সঙ্গে মাঠপর্যায়ে জাতিসংঘের মানবিক ও সেবামূলক কার্যক্রমকে এক করে দেখা ঠিক নয়। জাতিসংঘকে বিলুপ্ত করার চিন্তা বাস্তবসম্মত নয়। কারণ আজ সংস্থাটি বিলুপ্ত করা হলে বিশ্বশান্তি ও সহযোগিতার স্বার্থে আগামীকালই আবার নতুন করে এমন একটি সংস্থা গড়ে তুলতে হবে।

তিনি বলেন, জলবায়ু সংকট মোকাবিলা ও বৈশ্বিক সমস্যার সমাধানে বিশ্বের তরুণ সমাজ এবং সাধারণ মানুষ এখনো জাতিসংঘের ওপর আস্থা রাখে।

মাঠপর্যায়ে জাতিসংঘের অবদানের উদাহরণ দিতে গিয়ে বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী বিষয়ক দায়িত্ব পালনের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। ড. খলিলুর রহমান বলেন, বাংলাদেশে রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক অর্থায়নে তীব্র সংকট থাকলেও জাতিসংঘের কান্ট্রি টিম উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছিল। এ কাজে স্থানীয় প্রতিষ্ঠান, জনবল এবং রোহিঙ্গা শিবিরের তরুণদেরও যুক্ত করা হয়েছিল। এতে অর্থসংকটের মধ্যেও সেবা কার্যক্রম চালিয়ে নেওয়া সম্ভব হয়, এমনকি কিছু ক্ষেত্রে সেবার মানও উন্নত হয়েছিল।

সম্প্রতি মধ্য আফ্রিকার দেশ কঙ্গো সফরের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, দেশটির সরকার, জাতিসংঘের স্থানীয় দল এবং দাতা সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছেন তিনি। তাদের মতে, কঙ্গোয় সাধারণ মানুষের জীবন রক্ষা ও সেবা প্রদানে জাতিসংঘের কান্ট্রি টিম কার্যকর ভূমিকা রাখছে।

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জাতিসংঘের ভূমিকা প্রসঙ্গে ড. খলিলুর রহমান বলেন, তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত কপ-৩১ সম্মেলন জাতিসংঘের বহুপক্ষীয় প্রক্রিয়ারই অংশ। বৈশ্বিক উষ্ণায়ন মোকাবিলা, তাপমাত্রা বৃদ্ধি নিয়ন্ত্রণ এবং জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য অর্থায়ন নিশ্চিত করতে প্রভাবশালী ও ক্ষতিগ্রস্ত দেশগুলোকে একই প্ল্যাটফর্মে আনার সুযোগ তৈরি করে জাতিসংঘ। সংস্থাটির অনুপস্থিতিতে এ ধরনের আন্তর্জাতিক সমঝোতা সম্ভব হতো না।

জাতিসংঘের বর্তমান মহাসচিবের মেয়াদ শেষ হওয়ার পর নতুন মহাসচিব নিয়োগের প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, জাতিসংঘ সনদ অনুযায়ী, নিরাপত্তা পরিষদের সুপারিশের ভিত্তিতে সাধারণ পরিষদ মহাসচিব নিয়োগ দেয়। অতীতে নয়বার মহাসচিব নিয়োগের ক্ষেত্রে নিরাপত্তা পরিষদের সুপারিশ করা প্রার্থীদেরই সাধারণ পরিষদ সর্বসম্মতিক্রমে নিয়োগ দিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%