ঢাকা শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ইং ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

তালতলীতে ঝুঁকিপূর্ণ সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, হাজারো মানুষ ভোগান্তিতে


তালতলীতে ঝুঁকিপূর্ণ সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, হাজারো মানুষ ভোগান্তিতে

বরগুনার তালতলী

বড়বগী ইউনিয়নের মোমেশেপাড়া-নয়াপাড়া খালের ওপর নির্মিত ঝুঁকিপূর্ণ লোহার সেতুটি ভেঙে পড়েছে। সেতুটি ভেঙে যাওয়ার ফলে দুই পাড়ের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, যার ফলে হাজারো মানুষ ও শিক্ষার্থী ভোগান্তিতে পড়েছেন। শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাতে সেতুটি খালে ভেঙে পড়ে।

তবে, এই ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। খোঁজ নিয়ে জানা যায়, প্রায় ১৫ বছর আগে বড়বগী ইউনিয়নের মোমেশেপাড়া-নয়াপাড়া খালের ওপর ১০০ মিটার দীর্ঘ লোহার সেতুটি নির্মাণ করা হয়েছিল। দীর্ঘ সময় ধরে প্রয়োজনীয় সংস্কার না করায় সেতুটির লোহার অ্যাঙ্গেলগুলো ক্ষয় হয়ে মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে যায়। এই সেতুর মাধ্যমে মোমেশেপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বিএন. এ. মাধ্যমিক বিদ্যালয়ের কয়েকশ শিক্ষার্থী নিয়মিত যাতায়াত করত।

আরও পড়ুন: জামালপুরে মাহমুদ হাসান মঞ্জিলের স্মরণ সভা অনুষ্ঠিত

সেতুটি ভেঙে যাওয়ার ফলে নয়াপাড়া ও মোমেশেপাড়া এলাকার সাধারণ মানুষের পাশাপাশি শিক্ষার্থীদের চলাচলও বন্ধ হয়ে গেছে। এর ফলে তাদের নিয়মিত পাঠদান ব্যাহত হচ্ছে। কয়েকজন শিক্ষার্থী, যেমন মারিয়া আক্তার, আমেনা আক্তার, হাসিবুর রহমান ও রফিকুল ইসলাম জানান, 'সেতু ভেঙে যাওয়ার আগে ঝুঁকি নিয়ে পারাপার হয়েছি। আর এখন তো স্কুলে যাওয়া বন্ধ রয়েছে। তাই যাতায়াতের জন্য দ্রুত বিকল্প ব্যবস্থার দাবি জানাচ্ছি।'

মোমেশেপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিদ জোমাদ্দার বলেন, 'রাতে হঠাৎ করে সেতুটি ভেঙে যায়। এটি অনেক বছর ধরেই ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। এখন দুই পাড়ের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে। দ্রুত এখানে নতুন একটি সেতু নির্মাণ করা জরুরি।'

এ বিষয়ে তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীশ সরকার বলেন, 'আপৎকালীন চলাচলের সুবিধার্থে উপজেলা প্রকৌশল অধিদপ্তরকে প্রাক্কলন (এস্টিমেট) তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। প্রাক্কলন চূড়ান্ত হলে দ্রুত একটি কাঠের পোলো নির্মাণের ব্যবস্থা করা হবে।'

আরও পড়ুন: শেরপুরে নকলার গণপদ্দী ইউপি নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান পদপ্রার্থী বরুনের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালের আগৈলঝাড়ায় মসজিদসংলগ্ন এলাকা থেকে দুটি হাতবোমা উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:০৫ পি.এম


বরিশালের আগৈলঝাড়ায় মসজিদসংলগ্ন এলাকা থেকে দুটি হাতবোমা উদ্ধার

বরিশালের আগৈলঝাড়ায় পুলিশ একটি মসজিদসংলগ্ন পরিত্যক্ত স্থান থেকে দুটি হাতবোমা উদ্ধার করেছে। শনিবার দুপুরে উপজেলার বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামের নূরে মদিনা মসজিদের পাশে বোমা দুটি পাওয়া যায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নূরে মদিনা মসজিদের পাশে স্থানীয়রা বোমা দুটি দেখতে পেয়ে পুলিশকে অবহিত করে। খবর পেয়ে আগৈলঝাড়া থানা-পুলিশ এবং জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় মসজিদসংলগ্ন পরিত্যক্ত স্থান থেকে বোমা দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

বোমা উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, নাশকতা বা এলাকায় আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে বোমা দুটি সেখানে রাখা হতে পারে। তবে কারা এবং কী উদ্দেশ্যে এগুলো রাখা হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদ খান সাংবাদিকদের জানান, মসজিদের পাশে একটি পরিত্যক্ত স্থান থেকে বোমা দুটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করার পাশাপাশি এর পেছনে কোনো নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কলাপাড়ায় ২০০ পিস ইয়াবাসহ যুবক আবুবক্কর আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:০৬ পি.এম


কলাপাড়ায় ২০০ পিস ইয়াবাসহ যুবক আবুবক্কর আটক

পটুয়াখালীর কলাপাড়ায় বাবলাতলা বাজারে অভিযান পরিচালনা করে ২০০ পিস ইয়াবাসহ আবুবক্কর (২৫) নামের এক যুবককে আটক করা হয়েছে। শনিবার বিকাল সাড়ে তিনটার দিকে এই অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি মো ইয়াসীন সাদেক।

অভিযানের সময় আবু বক্করের কাছ থেকে ইয়াবা বিক্রির জন্য ১০ হাজার টাকা এবং একটি মোবাইল সেট জব্দ করা হয়। এই ঘটনায় কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃত আবু বক্কর ধুলাসার ইউনিয়নের বেলাল হোসেনের ছেলে।

অপরদিকে, বিকালে রাকিব মৃধা (২৯) নামের অপর এক যুবককে মাদক সেবনের অভিযোগে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। পরে, কারবারি আবু বক্করের দেওয়া তথ্যানুসারে ইয়াবা ব্যবসার মূল হোতা লালুয়ার দুই নম্বর আবাসনের বাসিন্দা ইজাজের বাসায় অভিযান পরিচালনা করা হয়। তবে, ইজাজকে পাওয়া যায়নি এবং তিনি আগেই খবর পেয়ে পালিয়ে যান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মৃত্যুর তিন বছর পর কবর থেকে তোলা হলো অভিনেত্রী অন্তরার লাশ

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:০৭ পি.এম


মৃত্যুর তিন বছর পর কবর থেকে তোলা হলো অভিনেত্রী অন্তরার লাশ

মৃত্যুর তিন বছর পর চিত্রনায়িকা পারভীন আক্তার অন্তরার দেহাবশেষ কবর থেকে তোলা হয়েছিল। তার মা আমেনা খাতুন অভিযোগ করেছিলেন যে, মেয়েকে হত্যা করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে আদালতের নির্দেশে আজিমপুর কবরস্থান থেকে দেহাবশেষ তুলে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়।

গত সপ্তাহে, ১৫ নভেম্বর অন্তরার জন্মদিন ছিল। এই দিনটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তার অভিনয়ের স্মৃতি ফিরে এসেছে, পাশাপাশি মৃত্যুকে ঘিরে উত্থাপিত পুরোনো প্রশ্নও সামনে এসেছে।

২০১৪ সালের ৮ জানুয়ারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঢালিউডের একসময়ের জনপ্রিয় এই নায়িকা মারা যান। সেদিন হাসপাতালে নেওয়ার আগে কী ঘটেছিল? মেয়ের মৃত্যুর পর কেন আদালতের দ্বারস্থ হয়েছিলেন আমেনা খাতুন?

চাঁদপুর থেকে ঢাকায় আসা পারভীন আক্তার লাকি চলচ্চিত্রে পরিচিতি পান অন্তরা নামে। ছোটবেলায় ‘রঙিন নবাব সিরাজউদ্দৌলা’ সিনেমায় নবাবের মেয়ের চরিত্রে অভিনয় করেন তিনি। ‘বেদের মেয়ে জোসনা’ সিনেমায়ও দেখা যায় তাকে জোসনার শৈশবের চরিত্রে। তবে নায়িকা হিসেবে তার পরিচিতি তৈরি হয় তোজাম্মেল হক বকুল পরিচালিত ‘পাগল মন’ সিনেমার মাধ্যমে। ছবিতে তার বিপরীতে অভিনয় করেছিলেন মেহেদী। সিনেমার ‘পাগল মন রে’ গানটি তখন ছড়িয়ে পড়ে দেশের আনাচকানাচে। রাতারাতি পরিচিতি পান অন্তরা।

এরপর বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেন তিনি। ‘প্রেমের কসম’ সিনেমায় অন্তরার বিপরীতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয়েছিল মাহফুজ আহমেদের। এ ছাড়া নাঈম, মান্নাসহ সে সময়ের একাধিক জনপ্রিয় অভিনেতার সঙ্গে কাজ করেছেন তিনি। তবে ২০০০ সালের পর থেকে চলচ্চিত্রে তার ব্যস্ততা কমতে থাকে। ব্যক্তিগত জীবনেও আসে পরিবর্তন। প্রথম বিয়ের পর সিনেমা থেকে দূরে সরে যান অন্তরা। একসময় মানসিকভাবে ভেঙেও পড়েন বলে জানা যায়।

চলচ্চিত্রে কাজ করতে গিয়েই একসময় এক ব্যবসায়ীর সঙ্গে পরিচয় হয় অন্তরার। ওই ব্যবসায়ী তাকে বিয়ের প্রস্তাব দেন। সংসার গড়ার আশায় ২০১০ সালে আবার গাজীপুরের ব্যবসায়ী শফিকুল হক খোকনকে বিয়ে করেন অন্তরা। বিয়ের পর ঢাকার বড় মগবাজারে সংসার শুরু করেন তারা। চলচ্চিত্রের ব্যস্ততা ছেড়ে সংসারেই মনোযোগী হন অন্তরা। বাইরে থেকে সবকিছু স্বাভাবিক মনে হলেও তাদের দাম্পত্য জীবনে যে জটিলতা তৈরি হচ্ছিল, তা তখন অনেকেরই জানা ছিল না।

অন্তরা পরে জানতে পারেন শফিকুলের আগের সংসার রয়েছে। তার সন্তানও ছিল কয়েকজন। অন্তরা নিজের আগের বিয়ের কথা স্বামীকে জানালেও শফিকুলের আগের সংসারের বিষয়টি বিয়ের সময় গোপন রাখা হয়েছিল বলে অভিযোগ ওঠে। বিষয়টি জানার পর ক্ষুব্ধ হন অন্তরা। স্বামীর আগের সংসারে গিয়ে সতিনের সঙ্গে বসবাস করতে চাননি তিনি। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ তৈরি হয়। এই নিয়ে নিয়মিত ঝগড়াও হতো। এরপর ২০১৪ সালের জানুয়ারিতে হঠাৎ খবর আসে, অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন চিত্রনায়িকা অন্তরা। পরে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হয়। কিন্তু তার মৃত্যুর পর থেকেই ঘটনাটি নিয়ে প্রশ্ন তুলতে থাকেন তার মা।

অন্তরার মৃত্যুকে কখনোই স্বাভাবিকভাবে মেনে নিতে পারেননি তার মা। তার অভিযোগ ছিল, মেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হননি; বরং তাকে নির্যাতন করে অসুস্থ অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছিল। মৃত্যুর আগে কী ঘটেছিল, কীভাবে তিনি অসুস্থ হলেন—এসব তথ্যও পরিবারের কাছ থেকে আড়াল করা হয়েছিল বলে গণমাধ্যমে দাবি করেন তিনি।

অন্তরার মায়ের অভিযোগ অনুযায়ী, হাসপাতালে চিকিৎসাধীন থাকার সময়ও শফিকুল কাউকে তার মেয়ের কাছে যেতে দেননি। এমনকি মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি। ময়নাতদন্তের প্রতিবেদনও তাকে দেখানো হয়নি বলে দাবি করেন তিনি। প্রথম দিকে এসব অভিযোগ খুব একটা গুরুত্ব পায়নি। স্বাভাবিক নিয়মেই আজিমপুর কবরস্থানে দাফন করা হয় অন্তরাকে। এমনকি এফডিসিতেও তার মরদেহ নেওয়া হয়নি শেষ শ্রদ্ধা জানানোর জন্য।

চলতে থাকে মামলা। অন্তরার মৃত্যুর প্রায় তিন বছর পর ২০১৭ সালে মামলায় আসে নতুন মোড়। আদালতের নির্দেশে আজিমপুর কবরস্থান থেকে তার মরদেহের দেহাবশেষ তোলা হয়। পরে তা পাঠানো হয় ফরেনসিক পরীক্ষার জন্য। ঘটনাটি তখন চলচ্চিত্র অঙ্গন ও গণমাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দেয়। মৃত্যুর এত দিন পর দেহাবশেষ পরীক্ষা করে কি জানা সম্ভব হবে অন্তরার মৃত্যুর প্রকৃত কারণ? তাকে হত্যা করা হয়েছিল, নাকি স্বাভাবিক মৃত্যু হয়েছিল—সেই প্রশ্ন সামনে আসে।

তদন্তের এই পর্যায়ে অন্তরার আগের সংসারের মেয়ের বক্তব্যও আলোচনায় আসে। তার অভিযোগ ছিল, অন্তরার সঙ্গে শফিকুলের বিরোধ চলছিল। মায়ের মৃত্যুর দিন হাসপাতালে নেওয়ার আগে বাসায় তার ওপর নির্যাতন করা হয়েছিল। পরে ঘরে গিয়ে মাকে অসুস্থ অবস্থায় দেখতে পান তিনি। এরপর তাকেই হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করতে হয়। অন্তরার পরিবারের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়, হাসপাতালে নেওয়ার পর শফিকুল নিজের পছন্দের হাসপাতালে তাকে ভর্তি করান। চিকিৎসাধীন থাকার সময়ও পরিবারের সদস্য ও পরিচিতদের সঙ্গে তার যোগাযোগ সীমিত ছিল। এসব অভিযোগ অন্তরার মৃত্যুকে ঘিরে সন্দেহ আরও বাড়িয়ে দেয়।

সেই সময় মামলার তদন্ত কর্মকর্তা ও ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত উপকমিশনার মো. আমিনুল ইসলাম বলেছিলেন, ‘ময়নাতদন্ত ও ডিএনএ পরীক্ষার মাধ্যমে মৃত্যুর কারণ নিশ্চিত হয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তবে মরদেহের ডিএনএ পরীক্ষা করা হবে কি না, সে ব্যাপারে তিনি কিছু বলতে পারেননি।

চিত্রনায়িকা অন্তরার প্রকৃত নাম পারভীন আক্তার লাকি। ১৯৭৯ সালের ১৫ নভেম্বর তার জন্ম। ২০১৪ সালের ৮ জানুয়ারি তিনি মারা যান। পাঁচ বছর বয়সে পরিবারের সঙ্গে গ্রাম ছেড়ে ঢাকায় চলে আসেন তিনি। ছোটবেলা থেকেই অভিনয়ের সঙ্গে যুক্ত হন অন্তরা। শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন ‘রঙিন নবাব সিরাজউদ্দৌলা’ ও ‘বেদের মেয়ে জোসনা’ সিনেমায়। পরে তোজাম্মেল হক বকুল পরিচালিত ‘পাগল মন’ সিনেমায় নায়িকা হিসেবে অভিনয় করে পরিচিতি পান।

ক্যারিয়ারে নাঈম ও মান্নার মতো জনপ্রিয় নায়কদের সঙ্গে অভিনয় করেছেন অন্তরা। তার অভিনীত ‘প্রেমের কসম’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয়েছিল অভিনেতা মাহফুজ আহমেদের। এ ছাড়া ‘লেডি র‍্যাম্বো’, ‘আমার মা’, ‘দোলন চাঁপা’, ‘শয়তান মানুষ’, ‘ফজর আলী আসছে’ ও ‘নাগনাগিনীর প্রেম’ তার উল্লেখযোগ্য সিনেমা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভৈরবে জেলা ছাত্রলীগ নেতাকে আটকের পর ছেড়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

আন্তর্জাতিক ডেস্ক

শাহিন আলম, ভৈরব প্রতিনিধি

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:০৭ পি.এম


ভৈরবে জেলা ছাত্রলীগ নেতাকে আটকের পর ছেড়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের তথ্য ও গবেষণা সম্পাদক তারেক বিন ফয়েজকে আটকের ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমানের বিরুদ্ধে।
আজ ২৮ নভেম্বর, শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে ভৈরবের শিমুলকান্দি বিদ্যুৎ উপকেন্দ্র এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় ওসি মাহবুবুর রহমানের সঙ্গে ছিলেন থানার উপপরিদর্শক (এসআই) শক্তি পদ মৃধা, এসআই মোস্তাফিজুর রহমান সহ ছাত্রদলের দুইজন নেতা।

ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তারেক বিন ফয়েজকে আটক করার পর ছেড়ে দেওয়ার ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একাধিক নেতাকর্মীর অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের একজন নেতাকে আটকের পর ছেড়ে দেওয়ার ঘটনা দুঃখজনক ও লজ্জাজনক। এ ধরনের ঘটনা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিকে আরও উসকে দিতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তাঁরা।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে শিমুলকান্দি বিদ্যুৎ উপকেন্দ্রের ভেতরে তারেক বিন ফয়েজের অবস্থানের খবর পেয়ে সেখানে যান ওসি মাহবুবুর রহমান। এ সময় তিনি কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক একজন নেতাকে মুঠোফোনে কল করেন। ফোনে আসাদ তাঁকে জানান, তারেক বিন ফয়েজ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত নন। পরে তাঁর পরিচয় ও রাজনৈতিক সম্পৃক্ততা যাচাই-বাছাইয়ের কথা বলে ঘটনাস্থল ত্যাগ করেন ওসি। এ ঘটনায় আটকের পর তাঁকে কেন ছেড়ে দেওয়া হলো, তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতার পরিচয় যাচাইয়ের ক্ষেত্রে পুলিশের ভূমিকা নিয়েও আলোচনা তৈরি হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান মুঠোফোনে বলেন, আমি শিমুলকান্দি বিদ্যুৎ উপকেন্দ্রে গিয়েছিলাম, তখন অনেকেই বলছিলেন, তিনি ছাত্রলীগের সঙ্গে জড়িত নন। আমাকে তাঁর নাম বলেছে মুন্না। যাচাই-বাছাই করে সেখান থেকে চলে আসি। পরে জানতে পেরেছি, তিনি জেলা ছাত্রলীগের তথ্য ও গবেষণা সম্পাদক।
তিনি আরও বলেন, এটা এখন নিউজে দিয়েন না ভাই, থানায় আসেন, আপনার সঙ্গে কথা বলি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%