০৪:১৪ এম
আশুলিয়ার একটি চায়ের দোকানের সামনে রেখে যাওয়া একটি ব্যাগের ভিতর থেকে ‘প্রেসারকুকার বোমা’ উদ্ধার করা হয়েছে। পরে ডিএমপির বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা ঘটনাস্থলে পৌছে বোমাটি নিষ্ক্রিয় করে।
এই ঘটনায় আশুলিয়া থানায় বিস্ফোরক দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
আজ শুক্রবার বিকেলে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বোমা উদ্ধারের বিষয়ে নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: কুলিয়ারচরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন
পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার রাত প্রায় ১১টার সময় আশুলিয়ার খেজুর বাগান এলাকার হৃদয় চাকমার মালিকানাধীন ‘জয়ী জেনারেল স্টোর’ নামে একটি চায়ের দোকানের সামনে স্থানীয়রা একটি পরিত্যক্ত ব্যাগ দেখতে পান। তারা দীর্ঘ সময় ব্যাগটি পড়ে থাকতে দেখে সন্দেহ করেন।
পরে, তারা ব্যাগটি খুলে ভেতরে প্রেসারকুকারের আকৃতির একটি বোমাসদৃশ বস্তু দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পুলিশে খবর দেন।
পুলিশি খবর পেয়ে থানা পুলিশের পক্ষ থেকে মহানগর পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিটে বিষয়টি জানালে বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছে বোমাটি উদ্ধার করে। পরবর্তীতে শুক্রবার সকালে ৬টা ২২ মিনিটে পাশের একটি খোলা মাঠে নিয়ে মাটিতে গর্ত করে প্রেসার কুকারটি সেখানে রেখে বিশেষ প্রক্রিয়ায় বোমাটি নিষ্ক্রিয় করা হয়।
বোম ডিসপোজাল ইউনিট জানায়, রাত প্রায় ১টার দিকে তাদের কাছে কল আসে। রাত ৩টার দিকে বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বোমাটি উদ্ধার করেন। ভোরে পাশের একটি খালি মাঠে গর্ত খুঁড়ে, চারপাশে বালুর বস্তা চাপা দিয়ে বোমাটির নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটানো হয়।
আরও পড়ুন: বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী আইনে দুই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
বোমা নিষ্ক্রিয়করণ দলের এক কর্মকর্তা জানিয়েছেন, একটি প্রেসার কুকারের ভেতর বিয়ারিংয়ের বল ও রাসায়নিক ঢুকিয়ে শক্তিশালী বোমাটি তৈরি করা হয়েছিল।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, একটি দোকানের সামনে ব্যাগের ভিতরে বোমাসদৃশ বস্তুটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে জানায়। পরে বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌছে বোমাটি উদ্ধার করে নিরাপদে নিষ্ক্রিয় করেন।
এই ঘটনায় আশুলিয়া থানায় বিস্ফোরক আইনে একটি মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের অভিযান চলছে।
আরও পড়ুন: গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন জোরদারে সহযোগিতার প্রতিশ্রুতি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন