ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ছাত্রদল পরিচয়ে গোপালগঞ্জে বাস আটকে যাত্রীদের ‘জয় বাংলা’ স্লোগান দিতে বাধ্য


ছাত্রদল পরিচয়ে গোপালগঞ্জে বাস আটকে যাত্রীদের ‘জয় বাংলা’ স্লোগান দিতে বাধ্য

গোপালগঞ্জে খুলনাগামী একটি বাস আটকে দেশীয় অস্ত্র প্রদর্শন করার অভিযোগ উঠেছে ঢাকা কলেজের শিক্ষার্থী সাবিদ হাসানের বিরুদ্ধে। যাত্রীদের জোর করে ‘জয় বাংলা’ স্লোগান দিতে বাধ্য করা এবং ছুরি দেখিয়ে তাদের মুঠোফোন কেড়ে নিয়ে তল্লাশি করার ঘটনা ঘটেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে সাবিদ হাসানকে এসব কর্মকাণ্ডে নেতৃত্ব দিতে দেখা যায়। তার বিরুদ্ধে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা এবং ঢাকা কলেজে ছাত্রদলের পরিচয় ব্যবহার করে প্রভাব বিস্তারের চেষ্টা করার অভিযোগও রয়েছে।

ভিডিওতে দেখা যায়, সাবিদ হাসানের নেতৃত্বে একদল যুবক খুলনাগামী একটি বাস আটকে যাত্রীদের ভয়ভীতি দেখাচ্ছেন। এ সময় তাদের হাতে দেশীয় অস্ত্র দেখা যায়। যাত্রীদের জোরপূর্বক ‘জয় বাংলা’ স্লোগান দিতে বাধ্য করা হয়। একপর্যায়ে এক যাত্রীর কাছে ছুরি প্রদর্শন করে তার মুঠোফোন কেড়ে নেওয়া হয় এবং ফোনটি তল্লাশি করা হয়।

আরও পড়ুন: টঙ্গীবাড়ীতে যুগান্তর স্বজন সমাবেশের পূর্ণাঙ্গ কমিটি গঠন

সাবিদ হাসানের বাড়ি গোপালগঞ্জে। তিনি ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ঢাকা কলেজে ভর্তি হন। কলেজে ভর্তির পর ছাত্রদলের রাজনীতির সঙ্গে তার সম্পৃক্ততা তৈরি হয়। ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য সচিব মিল্লাদ হোসেনের অনুসারী হিসেবেও ক্যাম্পাসে পরিচিত ছিলেন তিনি। তবে পরবর্তীতে মিল্লাদ হোসেনের সঙ্গে তার দূরত্ব তৈরি হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এছাড়া, সাবিদ ছাত্রদলের পরিচয় ব্যবহার করে ক্যাম্পাসে প্রভাব বিস্তারের চেষ্টা করতেন, এমন অভিযোগ রয়েছে। ঢাকা কলেজ ছাত্রদলের এক আহ্বায়ক সদস্যের সঙ্গে নিউমার্কেট এলাকায় ব্যবসায়িক সম্পর্ক থাকার কথাও জানা গেছে।

সাবিদের পারিবারিক রাজনৈতিক পরিচয় নিয়েও আলোচনা রয়েছে। তার বড় ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল ছাত্রলীগের বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক।

এ ছাড়া সাংবাদিক পরিচয় ব্যবহার নিয়েও প্রশ্ন উঠেছে সাবিদের বিরুদ্ধে। ঢাকা কলেজের শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, ‘ক্রাইম নিউজ’ নামের একটি অনলাইন সংবাদমাধ্যমে নিজের নামের পাশে মাল্টিমিডিয়া প্রতিবেদক পরিচয় ব্যবহার করে প্রতিবেদন প্রকাশ করেছেন তিনি।

আরও পড়ুন: আহমদ রফিক ছিলেন জ্ঞানচর্চার প্রতি আমৃত্যু নিবেদিত

নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা কলেজের এক শিক্ষার্থী বলেন, সাবিদ হাসান কলেজ ছাত্রদলের সদস্য সচিব মিল্লাদ হোসেনের সক্রিয় কর্মী ছিলেন। ছাত্রদলের পরিচয় ও মিল্লাদের নাম ব্যবহার করে তিনি ক্যাম্পাসে চলাফেরা করতেন। বিভিন্ন কর্মসূচিতেও তাকে মিল্লাদ হোসেনের সঙ্গে দেখা গেছে। মিল্লাদ তাকে উৎসাহ দিতেন এবং তার জন্মদিনে কেক কেটে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টও দিয়েছিলেন। নিয়মিত নিউমার্কেটের বিশ্বাস বিল্ডিংয়ের সামনেও তাদের একসঙ্গে আড্ডা দিতে দেখা যেত।

এদিকে ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুল আমিন সামাজিক যোগাযোগমাধ্যমে মিল্লাদ হোসেনের সঙ্গে সাবিদের জন্মদিন উদ্‌যাপনের একটি ছবি প্রকাশ করেন। সেখানে তিনি লেখেন, একদিকে ছাত্রলীগের এক নেতাকে কেক খাওয়াচ্ছেন ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য সচিব, অন্যদিকে সেই ব্যক্তিই গোপালগঞ্জে বাস আটকে সাধারণ মানুষকে জোর করে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াচ্ছেন। এ ঘটনায় সংগঠনের দায়িত্বশীল নেতাদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

রাশেদুল আমিন যুগান্তরকে বলেন, সাবিদ ছাত্রদলের পরিচয়ে ক্যাম্পাসে চলাফেরা করতেন। ছাত্রদলের সদস্য সচিবের সঙ্গে রাজনীতি করতেন বলেও তিনি জানান।

অভিযোগের বিষয়ে ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য সচিব মিল্লাদ হোসেন যুগান্তরকে বলেন, ‘সাবিদ আমাদের কোনো কর্মী নয়। সে ক্যাম্পাসের জুনিয়র হিসেবে আমাদের সঙ্গে পরিচিত ছিল। প্রথম দিকে অনেক জুনিয়রই আমাদের সঙ্গে যোগাযোগ করে, বিভিন্ন সামাজিক ও ক্যাম্পাসকেন্দ্রিক কর্মসূচিতেও আসে। কিন্তু সে সাংগঠনিকভাবে আমাদের কোনো কমিটিতে নেই, আমাদের কোনো কার্যক্রমেও সক্রিয় ছিল না।’

আরও পড়ুন: সংঘর্ষের জেরে বেড়ার ওসি নয়ন কুমার সরকার প্রত্যাহার, পরিস্থিতি থমথমে

তিনি আরও বলেন, ‘তার সঙ্গে আমার গত ছয় মাস ধরে কোনো যোগাযোগ নেই, দেখাও হয়নি। তার পারিবারিক বা ব্যক্তিগত রাজনৈতিক পরিচয় সম্পর্কে আমার জানা ছিল না। কেউ যদি গোপনে অন্য কোনো সংগঠনের সঙ্গে যুক্ত থাকে, সেটি আমাদের অজানা থাকতেই পারে। আমরা বিষয়টি আগে জানলে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নিতাম। ভবিষ্যতে এ ধরনের বিষয়ে আরও সতর্ক থাকার চেষ্টা করব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দূয়ের মারাত্মক ইঞ্জুরীতে চেলসির জয় ম্লান

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:০২ এম


দূয়ের মারাত্মক ইঞ্জুরীতে চেলসির জয় ম্লান

প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ফরাসি লিগে নিসের বিরুদ্ধে অনুষ্ঠিত ম্যাচে একটি বড় ধাক্কা খেয়েছে। ম্যাচের প্রথমার্ধে প্রতিপক্ষের মাঠে ফরাসি উইঙ্গার দেজিরে দুয়েকে চোট পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়েছে। মাঠ ছাড়ার সময় তিনি কান্নায় ভেঙে পড়েন। চোটের প্রকৃতি এবং সুস্থ হয়ে ফিরতে কত সময় লাগবে, তা এখনও নিশ্চিত নয়।

ফরাসি লিগের ১১তম রাউন্ডের ম্যাচে প্রথমার্ধের শেষের দিকে, নিসের ডিফেন্ডার মেলভিন ডিওপের সঙ্গে বল দখলের লড়াইয়ে জড়িয়ে পড়েন দুয়ে। এরপর তিনি মাটিতে পড়ে যান এবং তীব্র ব্যথায় চিৎকার করতে থাকেন। এই উইঙ্গার নিজে হেঁটে মাঠ ছাড়ার মতো অবস্থায় ছিলেন না। পরে পিএসজির চিকিৎসক দলের সদস্যরা তাঁকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যান।

দুয়ের মাঠ ছাড়ার সময় তাঁর প্রতিক্রিয়া বিশেষভাবে উদ্বেগ সৃষ্টি করেছে। স্ট্রেচারে শুয়ে কান্না থামাতে পারছিলেন না তিনি। তাঁর পরিবর্তে মাঠে নামেন ফেররান তোরেস।

চোটটি গুরুতর হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে এখনও কোনো আনুষ্ঠানিক রোগ নির্ণয় বা মাঠের বাইরে থাকার সম্ভাব্য সময় জানানো হয়নি। বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষার পরই দুয়ের চোটের প্রকৃতি এবং সুস্থ হয়ে ফিরতে কত সময় লাগবে, তা জানা যাবে।

মজার বিষয় হলো, চোটে মাঠ ছাড়ার আগে দুয়ে ম্যাচে একটি গোলও করেছিলেন। বিরতিতে পিএসজি ২-১ গোলে এগিয়ে ছিল। ম্যাচের শেষে পিএসজি ৩-২ গোলে জয়লাভ করেছে।

তবে জয়ের আনন্দের চেয়ে এখন পিএসজি সমর্থকদের মধ্যে দুয়ের শারীরিক অবস্থা নিয়ে বেশি উদ্বেগ রয়েছে। দলের আক্রমণভাগের এই গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে কতদিন পাওয়া যাবে না, সেটিই এখন বড় প্রশ্ন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হ্যারি কেইন কয়েক মাসের জন্য মাঠের বাইরে, চিন্তায় বায়ার্ন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:০২ এম


হ্যারি কেইন কয়েক মাসের জন্য মাঠের বাইরে, চিন্তায় বায়ার্ন

বায়ার্ন মিউনিখ চোটের কারণে বিপর্যস্ত অবস্থায় রয়েছে। দলের তারকা স্ট্রাইকার হ্যারি কেইনের বাঁ গোড়ালির লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার ফলে আগামী কয়েক মাস তিনি মাঠের বাইরে থাকবেন। একই ম্যাচে ফরাসি উইঙ্গার মাইকেল ওলিসেও চোট পেয়েছেন, তবে তাঁর চোট তুলনামূলকভাবে কম গুরুতর।

শনিবার ক্লাবের পক্ষ থেকে কেইনের চোটের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে। বায়ার্নের মেডিকেল বিভাগের পরীক্ষায় তাঁর বাঁ গোড়ালির সিনডেসমোসিস লিগামেন্টে ছিঁড়ে যাওয়ার বিষয়টি ধরা পড়েছে। ক্লাব জানায়, ৩৩ বছর বয়সী এই ইংলিশ স্ট্রাইকার আগামী কয়েক মাস খেলতে পারবেন না।

কেইন শুক্রবার কোলনের বিপক্ষে ঘরের মাঠের ম্যাচে চোট পান। পরীক্ষার পর বায়ার্ন চোটের প্রকৃতি নিশ্চিত করেছে, তবে ঠিক কতদিন তাঁকে মাঠের বাইরে থাকতে হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময় জানায়নি ক্লাবটি।

মাইকেল ওলিসেও একই ম্যাচে চোট পেয়েছেন। তাঁর শরীরে সামান্য আঘাত বা কালশিটে পড়েছে। বায়ার্ন আশা করছে, তিনি কয়েক দিনের মধ্যেই মাঠে ফিরতে পারবেন।

কেইনের অনুপস্থিতি বায়ার্নের আক্রমণভাগে বড় প্রভাব ফেলতে পারে। বিশেষ করে ঘরোয়া লিগ ও ইউরোপীয় প্রতিযোগিতায় গুরুত্বপূর্ণ সময়ে দলের অন্যতম প্রধান গোলস্কোরারকে হারাতে হচ্ছে তাদের।

এখন পর্যন্ত চোটের কারণে মাঠের বাইরে রয়েছেন লুইস দিয়াজ, ইসমাইল সাবারি, সার্জ গ্যানাব্রি, আলফোনসো ডেভিস ও ম্যানুয়েল নয়্যার। এবার সেই তালিকায় যুক্ত হলেন কেইন। ওলিসের চোটও সাময়িকভাবে দলের পরিকল্পনায় প্রভাব ফেলতে পারে।

সব মিলিয়ে একের পর এক চোটে বায়ার্নের স্কোয়াডের গভীরতা বড় পরীক্ষার মুখে পড়েছে। কেইনের সুস্থ হয়ে ফেরার অপেক্ষায় থাকতে হবে ক্লাবটিকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কোনো কেমোথেরাপি দিয়ে আ’লীগকে ক্যানসার থেকে বাঁচানো যাবে না : রাশেদ খাঁন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:০৩ এম


কোনো কেমোথেরাপি দিয়ে আ’লীগকে ক্যানসার থেকে বাঁচানো যাবে না : রাশেদ খাঁন

ডিসেম্বরে আওয়ামী লীগ নামক দলটি ক্যানসারে আক্রান্ত হয়ে চিরদিনের জন্য দুনিয়া ছেড়ে চলে যাবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন। তিনি উল্লেখ করেন, "কোনো কেমোথেরাপি দিয়ে আ’লীগকে ক্যানসার থেকে বাঁচিয়ে ফেরানো যাবে না।" গতকাল শনিবার, রাশেদ খাঁন তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্টে এসব কথা বলেন।

পোস্টে তিনি উল্লেখ করেন, কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের পলাতক নেত্রী শেখ হাসিনার না ফেরার জট খুলে দিয়েছেন শামীম ওসমান। শামীম ওসমান দাবি করেছেন যে, তিনি ক্যানসারে আক্রান্ত, এজন্য নেত্রী তাকে ডিসেম্বরে ফিরতে নিষেধ করেছেন। অতীতে এটি চাউর হয়েছিল যে, শেখ হাসিনা ক্যানসারে আক্রান্ত। তিনি প্রশ্ন তোলেন, "শেষমেশ কি তাহলে এটি শোনা যাবে যে, শেখ হাসিনা ক্যানসারে আক্রান্ত হওয়ায় ভারত তাকে ডিসেম্বরে বাংলাদেশে না ফেরার পরামর্শ দিয়েছে!"

তিনি আরও বলেন, "হয়তো আর কিছুদিন পর ওবায়দুল কাদেরসহ বাকি পলাতক নেতারাও দাবি করবে যে, নেত্রী তাদের দেশে ফিরতে নিষেধ করেছেন।" সেক্ষেত্রে আওয়ামী লীগের হাল ধরার জন্য সজীব ওয়াজেদ জয়কে বাংলাদেশে পাঠানো হতে পারে। শেষে রাশেদ খাঁন লেখেন, "এতে অন্তত ডিসেম্বরে শেখ হাসিনা ফিরে না এলেও ভবিষ্যতে শেখ হাসিনা দেশে ফিরে আসবে, সেই স্টান্টবাজিটা অন্তত জিইয়ে রাখতে পারবে।" তিনি সতর্ক করেন যে, "যদি সত্যিই ক্যানসারে আক্রান্ত হওয়ার কারণে শেখ হাসিনা বাংলাদেশে না ফেরেন এবং সজীব ওয়াজেদ জয়ও ঝুঁকি নিয়ে দেশে আসতে না চান, তবে সত্যিই এই ডিসেম্বরে আ’লীগ নামক দল ক্যানসারে আক্রান্ত হয়ে চিরদিনের জন্য দুনিয়া ছেড়ে বিদায় নেবে এবং কোনো কেমোথেরাপি দিয়ে আ’লীগকে ক্যানসার থেকে বাঁচিয়ে ফেরানো যাবে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংঘর্ষের জেরে বেড়ার ওসি নয়ন কুমার সরকার প্রত্যাহার, পরিস্থিতি থমথমে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:০৪ এম


সংঘর্ষের জেরে বেড়ার ওসি নয়ন কুমার সরকার প্রত্যাহার, পরিস্থিতি থমথমে

পাবনার বেড়া পৌর এলাকায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় বেড়া মডেল থানার ওসি নয়ন কুমার সরকারকে প্রত্যাহার করা হয়েছে।

নতুন ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন পাবনা সদর সার্কেলের পরিদর্শক (ইন্সপেক্টর) গোলাম মোস্তফা।

জেলা পুলিশের পক্ষ থেকে শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় এ আদেশ দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ।

সংঘর্ষের পর নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ায় পুরো পৌর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা আবারো যেকোনো সময় সংঘর্ষের আশঙ্কা করছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১১টা থেকে বেড়া পৌর এলাকায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়, যা সন্ধ্যার দিকে থামে। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন, তবে তাঁদের সঠিক সংখ্যা ও পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। গুরুতর আহত অবস্থায় জিসান (১৫) নামের এক কিশোরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে বলে জানা গেছে।

পুলিশ সুপার আবু আশ্রাফ জানান, ওসি নয়ন কুমার সরকারকে প্রত্যাহার করা হয়েছে এবং বর্তমানে এলাকার পরিস্থিতি সম্পূর্ণ শান্ত রয়েছে। নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টি না হওয়ার জন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

আহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে পুলিশ সুপার বলেন, "একটি ছেলে আহত হওয়ায় চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হচ্ছে বলে জানতে পেরেছি।" তিনি আরো জানান, "এ ছাড়া আহত বা নিহতের সঠিক সংখ্যা এখনো আমাদের জানা নেই। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো লিখিত অভিযোগও দেয়নি। কোনো আটকও নেই।"

স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, গত বৃহস্পতিবার থেকে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল এবং পাল্টাপাল্টি ধাওয়ার কারণে বেড়া পৌর এলাকার পায়না, হাতিগাড়া, বৃশালিখা, স্যানালপাড়া ও সওদাগরপাড়াসহ কয়েকটি মহল্লায় উত্তেজনা চলছিল। এর ফলস্বরূপ গত দুদিনে উভয় পক্ষের বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় বেড়া থানার সামনে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী সমর্থকরা। এসময় বিএনপি ও ছাত্রদলের কর্মী সমর্থকরা তাদের ধাওয়া দিলে সংঘর্ষের সৃষ্টি হয়। পরে সাবেক ডেপুটি স্পিকার ও পাবনা-১ আসনের সাবেক এমপি শামসুল হক টুকুর পরিত্যক্ত বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

চলমান এই বিশৃঙ্খলা রোধে শনিবার সকালে স্থানীয় সংসদ সদস্য সেলিম রেজা হাবিব, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার আবু আশ্রাফ, স্থানীয় বিএনপির নেতাকর্মী ও প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে একটি আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সভা শেষে ওসি নয়ন কুমার সরকার হাতিগাড়া এলাকায় পরিস্থিতি পর্যবেক্ষণে গেলে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় জনতা। এসময় ঘটনার ভিডিও ধারণ করতে গেলে এক সংবাদকর্মীকে লাঞ্ছিত করা হয় এবং তাঁর ক্যামেরা ভাঙচুর করা হয়। এরপরই বৃশালিখা মহল্লায় সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর বাড়ির সামনে বিএনপি ও আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের মধ্যে নতুন করে সংঘর্ষ বাধে। দ্রুতই তা আশপাশের কয়েকটি মহল্লায় ছড়িয়ে পড়ে, যা সন্ধ্যায় গিয়ে নিয়ন্ত্রণে আসে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%