ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

সৌরবিদ্যুৎ স্থাপনে সরকারি কেনাকাটায় বিশেষ ছাড়ের বিধানসহ বিল উত্থাপন


সৌরবিদ্যুৎ স্থাপনে সরকারি কেনাকাটায় বিশেষ ছাড়ের বিধানসহ বিল উত্থাপন

জাতীয় সংসদে বিল উত্থাপন করা হয়েছে, যার উদ্দেশ্য সৌরবিদ্যুৎ স্থাপনের কাজ দ্রুততর করা। এই বিলের মাধ্যমে ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট বা ই-জিপি ছাড়াই সরঞ্জাম কেনার সুযোগ রাখা হয়েছে।

বিলে উল্লেখ করা হয়েছে, নিজস্ব অর্থায়নে সৌরবিদ্যুৎ স্থাপনের জন্য সীমিত দরপত্র পদ্ধতিতে সর্বোচ্চ ৫ কোটি টাকার পণ্য ও সংশ্লিষ্ট সেবা কেনার সুযোগ থাকবে।

মঙ্গলবার জাতীয় সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল, ২০২৬’ উত্থাপন করেন। পরে, বিলটি পরীক্ষা করে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

আরও পড়ুন: সামাজিক কল্যাণে তরুণদের এআই উদ্ভাবন উদযাপন করতে গ্রামীণফোন ফিউচারমেকার্স-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত

বিলটি উত্থাপনের সময় জামায়াতে ইসলামীর সংসদ সদস্য নাজিবুর রহমান বিরোধিতা করেন। তিনি অভিযোগ করেন যে, সংসদকে পাশ কাটিয়ে অধ্যাদেশ জারি করা হয়েছে, যা আইন প্রণয়নের ক্ষেত্রে সংসদের ক্ষমতা ক্ষুণ্ন করেছে।

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এবং বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ তার আপত্তির জবাব দেন।

বিলে বলা হয়েছে, সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনে অগ্রাধিকার পাবে ওপেক্স বা পরিচালন ব্যয়ভিত্তিক মডেল। এই মডেলে সেবাদানকারী প্রতিষ্ঠান নিজস্ব অর্থায়নে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করবে। চুক্তি অনুযায়ী উৎপাদিত বিদ্যুৎ বা তার মূল্য সমন্বয় করা হবে।

যেসব প্রতিষ্ঠানের নিজস্ব তহবিল বা নিয়মিত আয় রয়েছে, তারা ক্যাপেক্স বা মূলধনি ব্যয়ভিত্তিক মডেলেও সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করতে পারবে। এই ব্যবস্থায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান নিজের অর্থে সৌরবিদ্যুৎ ব্যবস্থা কিনবে ও স্থাপন করবে, এবং এর মালিকানাও তাদের থাকবে।

আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে নতুন ফিচার, পরিবর্তন আসছে প্রাইভেসি সেটিংসে

গ্রাহক, সেবাদানকারী প্রতিষ্ঠান এবং উপযুক্ত কর্তৃপক্ষের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি করার বিধান রাখা হয়েছে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন ও পরিচালনার জন্য।

চুক্তিতে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের স্থান, বিদ্যুতের ব্যবহার ও বণ্টন, উদ্বৃত্ত বিদ্যুতের ব্যবস্থাপনা, মালিকানা, পরিচালনা এবং রক্ষণাবেক্ষণের বিষয়গুলো নির্ধারণ করা হবে।

বিলে কেনাকাটার ক্ষেত্রে বিশেষ ছাড়ের বিধানও রয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, ক্যাপেক্স মডেলে সীমিত দরপত্র পদ্ধতিতে পণ্য ও সংশ্লিষ্ট সেবা কেনার জন্য আর্থিক সীমা সর্বোচ্চ ৫ কোটি টাকা হবে। বিশেষ সৌরবিদ্যুৎ কার্যক্রম দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কেনাকাটায় ই-জিপি ব্যবহার বাধ্যতামূলক হবে না।

ই-জিপি হল সরকারি কেনাকাটার অনলাইন পদ্ধতি, যার মাধ্যমে দরপত্র আহ্বান, জমা ও মূল্যায়ন করা হয়।

আরও পড়ুন: নাগরিক তথ্য সুরক্ষা ও ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতের আহ্বান

বিলে সৌরবিদ্যুৎ কার্যক্রম বাস্তবায়নে নীতিগত দিকনির্দেশনা দিতে জাতীয় পলিসি কাউন্সিল গঠনের বিধান রাখা হয়েছে। জেলা পর্যায়ে কারিগরি ও সমন্বয় কমিটি থাকবে।

বিলে বর্ণিত বিশেষ সৌরবিদ্যুৎ ব্যবস্থার আওতায় সর্বোচ্চ পাঁচ মেগাওয়াট ক্ষমতার প্রকল্প রাখা হয়েছে, তবে বড় আকারের ভূমিভিত্তিক সৌরবিদ্যুৎ প্রকল্প এই ব্যবস্থার আওতায় পড়বে না।

বিলের মধ্যে বিশেষ সৌরবিদ্যুৎ ব্যবস্থা থেকে বিদ্যুৎ বা যন্ত্রাংশ চুরির জন্য সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড বা ৫০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে। চোরাই যন্ত্রাংশ জেনেশুনে কেনা, বিক্রি বা নিজের কাছে রাখার ক্ষেত্রেও একই শাস্তির বিধান রয়েছে।

এছাড়া, সৌরবিদ্যুৎ ব্যবস্থার যন্ত্রাংশের ক্ষতি করলে সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ড বা পাঁচ লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে। অনুমতি ছাড়া অন্য কাউকে সৌরবিদ্যুতের সংযোগ দেওয়া এবং সৌরবিদ্যুৎ স্থাপন বা রক্ষণাবেক্ষণের কাজে বাধা দেওয়ার ক্ষেত্রেও সর্বোচ্চ ৩ বছরের কারাদণ্ড বা ৫ লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে।

আরও পড়ুন: অ্যাপল কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে ৫০ ডলার নেবে

বিলের উদ্দেশ্য ও কারণসংবলিত বিবৃতিতে বিদ্যুৎমন্ত্রী বলেন, “দেশে বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা পূরণ, জীবাশ্ম জ্বালানির আমদানি নির্ভরতা কমানো এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সৌরবিদ্যুতের দ্রুত সম্প্রসারণ প্রয়োজন। এ লক্ষ্যে জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র ২০২৬-৩০ প্রণয়ন করা হয়েছে।

তিনি আরও জানান, “আগামী বছরের ২৮ ফেব্রুয়ারির মধ্যে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা থেকে জাতীয় গ্রিডে সরবরাহ করা উদ্বৃত্ত বিদ্যুৎ কেনার জন্য প্রণোদনাও ঘোষণা করা হয়েছে।”

বিদ্যুৎমন্ত্রী জানান, প্রচলিত আইন ও বিধির আওতায় সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, সরকারি কোম্পানি এবং বাসাবাড়ির ছাদ, আঙিনা বা উপযুক্ত স্থানে বিশেষ সৌরবিদ্যুৎ কার্যক্রম পরিচালনার সুযোগ না থাকায় গত ১৯ অক্টোবর ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬’ জারি করা হয়।

অধ্যাদেশটিতে সৌরবিদ্যুৎ স্থাপনের দুটি মডেল, সেবাদানকারী প্রতিষ্ঠান নির্বাচন, ত্রিপক্ষীয় চুক্তি, বিশেষ কেনাকাটা পদ্ধতি এবং উদ্বৃত্ত বিদ্যুৎ গ্রিডে সরবরাহের বিনিময়ে প্রণোদনার বিধান রাখা হয়েছে।

আরও পড়ুন: ভিভো ভি৮০: ৫০ মেগাপিক্সেলের জাইস ক্যামেরা ও নতুন ডিজাইন

অধ্যাদেশটিকে আইনে রূপান্তরের জন্য সংসদে বিল আনা হয়েছে বলে জানান তিনি।

বিলটি উত্থাপনের আগে আপত্তি জানিয়ে সংসদ সদস্য নাজিবুর রহমান বলেন, “সংসদ কার্যকর থাকা অবস্থায় আইন প্রণয়নের স্বাভাবিক প্রক্রিয়া অনুসরণ না করে অধ্যাদেশ জারি করা হয়েছে। নবায়নযোগ্য জ্বালানি কৌশলপত্র গত জুলাইয়ে প্রণয়ন করা হয়। এরপর ১ সেপ্টেম্বর ছাদভিত্তিক সৌরবিদ্যুতের প্রণোদনা ঘোষণা করা হয়।

তিনি বলেন, “তখন জাতীয় সংসদের অধিবেশন চলছিল। ১০ সেপ্টেম্বর অধিবেশন শেষ হওয়ার পর ১৯ অক্টোবর অধ্যাদেশ জারি করা হয়।”

নাজিবুর রহমান প্রশ্ন তোলেন, সংসদ কার্যকর থাকা সত্ত্বেও কেন অধ্যাদেশ জারির প্রয়োজন হল? তিনি বলেন, “এই যে যে প্রক্রিয়ায় এটা আনা হয়েছে এটা সংসদের আইন প্রণয়ন সংক্রান্ত সার্বভৌমত্বের চরম লঙ্ঘন।”

আরও পড়ুন: হামে শিশুমৃত্যুর দায় আমার, আমাকে ফাঁসি দেন: স্বাস্থ্যমন্ত্রী

সংসদকে পাশ কাটিয়ে অধ্যাদেশ জারির প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে সরকারের প্রতি দাবি তোলেন তিনি।

নাজিবুর রহমান বলেন, “একটি কার্যকর সংসদ থাকা অবস্থায় সংসদ এবং সংশ্লিষ্ট স্থায়ী কমিটিকে পাশ কাটিয়ে অধ্যাদেশ জারির কারণ স্পষ্ট করতে হবে।”

তিনি অভিযোগ করেন, এর মাধ্যমে আইন প্রণয়নের ক্ষেত্রে সংসদ সদস্যদের কার্যত অনুমোদন দেওয়ার যন্ত্রে পরিণত করা হচ্ছে। অধ্যাদেশ জারির জন্য জরুরি পরিস্থিতি কী ছিল, তার ব্যাখ্যাও চান তিনি।

নাজিবুর রহমানের অভিযোগ, কিছু অধ্যাদেশ জারির পেছনে বিশেষ গোষ্ঠীকে সুবিধা দেওয়ার উদ্দেশ্য থাকতে পারে।

এদিকে নাজিবুর রহমানের আপত্তির জবাবে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, “সংবিধানের ৯৩ অনুচ্ছেদের ব্যাখ্যায় বিরোধীদলীয় সংসদ সদস্য ভুল করেছেন। আগের দিন অধ্যাদেশটি সংসদে উপস্থাপন করা হয়েছিল সংবিধানের ৯৩(২) অনুচ্ছেদ অনুযায়ী।

“এখন সেটিকে নতুন বিল হিসেবে আনা হয়েছে। বিলটি সংসদীয় কমিটিতে যাবে। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর সংসদে প্রতিবেদন দেওয়া হবে।”

সংসদ আইন প্রণয়নের সার্বভৌম মন্তব্য করে মন্ত্রী বলেন, “সংসদের অধিবেশন না থাকা অবস্থায় জরুরি পরিস্থিতিতে অধ্যাদেশ জারির বিষয়ে রাষ্ট্রপতির সন্তুষ্টি তার নিজস্ব বিবেচনার বিষয়। সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদের আওতায় রাষ্ট্রপতির সেই সিদ্ধান্ত নিয়ে আদালতেরও প্রশ্ন তোলার সুযোগ নেই।”

আইনমন্ত্রীর বক্তব্যের পর আবারও আপত্তি জানান নাজিবুর রহমান। তিনি বলেন, “রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির ক্ষমতা নিয়ে আদালতে প্রশ্ন তোলা এবং অধ্যাদেশ জারির কারণ সম্পর্কে জনগণকে জানানো দুটি আলাদা বিষয়। ব্যতিক্রমী পরিস্থিতিতে অধ্যাদেশ জারির সুযোগ থাকলেও সেটিকে নিয়মিত আইন প্রণয়নের বিকল্প হিসেবে ব্যবহার করা উচিত নয়।”

সরকার কেন সংসদের অধিবেশন শেষ হওয়ার পর অধ্যাদেশ জারি করল সে বিষয়ে ব্যাখ্যা দাবি করেন তিনি।

বিতর্কের পর বিলটি আনার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

তিনি বলেন, “বিশ্বজুড়ে জ্বালানি সংকটের কারণে বিকল্প জ্বালানি ব্যবহারের প্রয়োজনীয়তা বেড়েছে। বাংলাদেশও দ্রুত সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে চায়। আগামী গ্রীষ্মে লোডশেডিংয়ের চাপ কমাতে গ্রীষ্ম শুরুর আগেই পাঁচ হাজার মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত করার চেষ্টা করছে সরকার। এ জন্য সৌরবিদ্যুৎ স্থাপনের কার্যক্রম দ্রুত এগিয়ে নিতে চায় সরকার। সে জন্য নীতিমালা ও প্রণোদনার বিষয়গুলো একত্র করে আইন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

বিলটি এখনো আইন হিসেবে পাস হয়নি উল্লেখ করে মন্ত্রী বলেন, সংসদীয় স্থায়ী কমিটি পরীক্ষা-নিরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার পর আইন প্রণয়নের পরবর্তী ধাপ সম্পন্ন হবে।

এরপর ডেপুটি স্পিকার কায়সার কামাল বিলটি উত্থাপনের অনুমতির প্রস্তাব কণ্ঠভোটে দেন। প্রস্তাবটি কণ্ঠভোটে পাস হলে বিদ্যুৎমন্ত্রী ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল, ২০২৬’ সংসদে উত্থাপন করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফরিদপুরে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রতিবাদে যুবদল-ছাত্রদলের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪০ এম


ফরিদপুরে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রতিবাদে যুবদল-ছাত্রদলের বিক্ষোভ

ফরিদপুরের সদরপুরে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ তুলে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল, মোটরসাইকেল মহড়া এবং পথসভা আয়োজন করেছেন। মঙ্গলবার সন্ধ্যায় সদরপুর থানা চত্বর সংলগ্ন প্রধান সড়ক, হাসপাতাল মোড় এবং কলেজ মোড়সহ বিভিন্ন স্থানে পৃথকভাবে এই কর্মসূচিগুলো অনুষ্ঠিত হয়।

সন্ধ্যা ৬টার সময় সদরপুর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও ছাত্রদলের সাবেক সভাপতি মোল্লা সোহেল আমিনের নেতৃত্বে যুবদল, ছাত্রদল এবং কৃষক দলের নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এরপর তারা সদরপুর থানার সামনে একটি পথসভা করেন।

একই সময়ে যুবদলের আহ্বায়ক পদপ্রার্থী মুন্সি ইশারত হোসেন এবং সাধারণ সম্পাদক পদপ্রার্থী আজিজুল ইসলাম নান্নুর নেতৃত্বে আরেকটি দল সদরপুর হাসপাতাল মোড়ে বিক্ষোভ প্রদর্শন করে। এর আগে, মাগরিবের নামাজের পূর্বে হাসানের নেতৃত্বে ছাত্রদলের একটি অংশ কলেজ মোড় থেকে পৃথকভাবে বিক্ষোভ মিছিল বের করে।

পথসভায় সোহেল আমিন অভিযোগ করেন যে, আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা আবারও সহিংস কর্মকাণ্ডে জড়ানোর চেষ্টা করছেন। তিনি বলেন, "এ ধরনের কর্মকাণ্ড প্রতিহত করতে তারা মাঠে রয়েছেন।"

মুন্সি ইশারত হোসেনও আওয়ামী লীগের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন এবং তাদের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দেন।

কর্মসূচিতে ফরিদপুর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোল্লা জাওয়াদ, সদরপুর কৃষক দলের সাধারণ সম্পাদক আসাদ মৃধা, শ্রমিক দলের সভাপতি দেলোয়ার তালুকদারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিপর্যস্ত অর্থনীতি নিয়েও নিয়ন্ত্রণ ধরে রেখেছে ইরান, ট্রাম্পের জন্য দীর্ঘমেয়াদি চ্যালেঞ্জ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪০ এম


বিপর্যস্ত অর্থনীতি নিয়েও নিয়ন্ত্রণ ধরে রেখেছে ইরান, ট্রাম্পের জন্য দীর্ঘমেয়াদি চ্যালেঞ্জ

যুক্তরাষ্ট্রের বিভিন্ন পদক্ষেপের ফলে ইরানের অর্থনীতি বিপর্যস্ত অবস্থায় রয়েছে, তবে দেশটির ক্ষমতাসীন সরকার এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এখনো তাদের নিয়ন্ত্রণ বজায় রেখেছে। বিশ্লেষক মার্ক ফাইফল মনে করেন, এই পরিস্থিতির কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য দীর্ঘমেয়াদি চ্যালেঞ্জ অব্যাহত রয়েছে।

অফ দ্য রেকর্ড স্ট্র্যাটেজিসের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট ফাইফল আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে জানান, ফেব্রুয়ারির শেষের দিকে তেহরানে প্রথম দফার বোমা হামলার পর থেকেই ইরানের সরকার এবং আইআরজিসি নিজেদের অবস্থান অটল রেখেছে। এই বিষয়টি যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

ফাইফল বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক পরিস্থিতি এই সংকট মোকাবিলায় সহায়ক হচ্ছে না। তিনি উল্লেখ করেন, কংগ্রেস অর্থায়ন বন্ধ করতে পারে এবং প্রতিরক্ষামন্ত্রীকে অভিশংসনের উদ্যোগ নিতে পারে। তবে বর্তমানে তারা যুদ্ধ থেকে বেরিয়ে আসার কোনো কৌশল তৈরি করতে পারছে না। ওয়াশিংটন এখন সেই পথ খুঁজছে।

তিনি আরও বলেন, ট্রাম্প সম্প্রতি নির্বাচনে ঐতিহাসিকভাবে খারাপ ফলের সম্মুখীন হয়েছেন। কিন্তু ইরান নীতিতে ফিরে গিয়ে দেশটির সরকারকে আচরণ পরিবর্তনে চাপ দেওয়া, আলোচনার টেবিলে আনা এবং তেহরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগের সমাধান না করলে এই সংকট সহজে কাটবে না।

ফাইফলের মতে, যদি এভাবে চলতে থাকে, তাহলে আগামী কয়েক সপ্তাহ, এমনকি কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্র একই জটিল পরিস্থিতিতে আটকে থাকতে পারে।

সূত্র: আলজাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় ও কৌশলগত সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার অঙ্গীকার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪১ এম


বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় ও কৌশলগত সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার অঙ্গীকার

বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক এখন নতুন কৌশলগত উচ্চতায়। দুই দেশ এই ভ্রাতৃপ্রতিম সম্পর্ককে আরো জোরদার করার বিষয়ে একমত হয়েছে। প্রতিরক্ষা সহযোগিতা, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, অ্যাভিয়েশনসহ বিভিন্ন খাতে শক্তিশালী অংশীদারিত্ব গড়ে তোলার জন্য প্রতিশ্রুতিবদ্ধ তারা। মঙ্গলবার তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হয়।

বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১) অংশ নিতে তুরস্ক পৌঁছানোর পর, প্রধানমন্ত্রীর প্রথম কাজ ছিল তুর্কি প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করা। আনতালিয়ায় অনুষ্ঠিত বৈঠকটি ছিল দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়ার জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টায় (বাংলাদেশ সময় রাত সোয়া ১০টা) আনতালিয়ার ম্যাক্স রয়্যাল হোটেলে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানান, দুই ভ্রাতৃপ্রতিম দেশের সরকারপ্রধান অত্যন্ত আন্তরিক পরিবেশে দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যু নিয়ে ইতিবাচক ও গঠনমূলক আলোচনা করেছেন। প্রেসিডেন্ট এরদোয়ান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান মনে করেন, বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক এখন নতুন উচ্চতায় রয়েছে। তারা দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর বিষয়ে একমত হয়েছেন, বিশেষ করে প্রতিরক্ষা খাতে। বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি সহ বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দুই দেশ একসঙ্গে কাজ করার বিষয়ে দুই নেতা একমত পোষণ করেছেন।

হুমায়ুন কবির বলেন, বিশেষ করে সামরিক খাতে সহযোগিতার বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে। বাংলাদেশে একটি ডিফেন্স ইন্ডাস্ট্রি পার্ক গঠনের সম্ভাব্যতা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। রোহিঙ্গা ইস্যুটিও বিশেষ গুরুত্ব পেয়েছে। এ সমস্যা সমাধানে দুদেশ কীভাবে একত্রে অগ্রসর হতে পারে, সেটি নিয়েও আলোচনা হয়েছে। মুসলিম বিশ্বের নানামুখী সংকটসহ বিদ্যমান ইস্যুগুলো সমাধানে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয় নিয়েও আলোচনা হয়েছে।

প্রধানমন্ত্রীর এই সফর ও তুর্কি প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের গুরুত্ব তুলে ধরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, তুরস্ক বাংলাদেশকে এখন কতটা মূল্যায়ন করে, এই বৈঠক তার বড় প্রমাণ। জলবায়ু সম্মেলনে অংশ নিতে প্রচুরসংখ্যক সরকার ও রাষ্ট্রপ্রধান এসেছেন। সম্মেলন শুরুর আগে তুর্কি প্রেসিডেন্ট হাতেগোনা চার-পাঁচজন নেতার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান তাদেরই একজন। এতে বোঝা যায়, তারেক রহমানকে কতটা গুরুত্ব দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে তুর্কি প্রেসিডেন্ট বিশ্বস্ত ভাই ও বন্ধু বলে অভিহিত করেছেন। প্রধানমন্ত্রী তুর্কি প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠনের পর, দুদেশের পররাষ্ট্রমন্ত্রীদের পারস্পরিক দ্বিপক্ষীয় সফর, বাংলাদেশের সেনাপ্রধানের তুরস্ক সফর ও শীর্ষপর্যায়ের যোগাযোগে ঢাকা-আঙ্কারা সম্পর্কে যে ঘনিষ্ঠতা তৈরি হয়েছে, এ বৈঠক তারই ধারাবাহিকতা।

গত ফেব্রুয়ারিতে বিএনপি সরকার গঠনের পর থেকে দুদেশের মধ্যে উচ্চপর্যায়ের যোগাযোগ বেড়েছে। গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে তুরস্কের প্রতিনিধিত্ব করেন উপপররাষ্ট্রমন্ত্রী বেরিস একিনজি।

তারেক রহমানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর, তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে এটি তার দ্বিতীয় বৈঠক। গত ২২ সেপ্টেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে তুর্কি হাউসে দুই নেতার প্রথম বৈঠকটি হয়। ওই বৈঠকে এরদোয়ান দুদেশের সম্পর্ককে আরো প্রাতিষ্ঠানিক ভিত্তিতে দাঁড় করানোর আহ্বান জানান। তিনি প্রতিরক্ষাশিল্পে সহযোগিতা বাড়ানোসহ দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধির ওপর জোর দেন।

গত জুনের প্রথম দিকে ঢাকায় এসেছিলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। সফরের শেষ দিন তিনি তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সে সময় তিনি বলেছিলেন, তার সফর দুদেশের সম্পর্ককে কৌশলগত স্তরে নেওয়ার প্রথম ধাপ।

ওই সাক্ষাতের পর দুদেশের প্রতিরক্ষা ও পররাষ্ট্রবিষয়ক মন্ত্রী পর্যায়ের যৌথ কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়। এছাড়া দুদেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে বার্ষিক বৈঠক এবং পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীদের অংশগ্রহণে নিয়মিত বৈঠক আয়োজনের বিষয়ে একমত হয় দুপক্ষ।

ঢাকা সফরকালে হাকান ফিদানের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলন করেছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশকে সমর্থনের জন্য তিনি তুরস্ককে ধন্যবাদ জানিয়েছিলেন।

যৌথ সংবাদ সম্মেলনে খলিলুর বলেন, বাংলাদেশ-তুরস্ক সম্পর্কের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্তে এ সফর অনুষ্ঠিত হচ্ছে। এটি কৌশলগত স্তরে দ্বিপক্ষীয় অংশীদারত্বকে নতুন উচ্চতায় নিতে এবং সহযোগিতা জোরদারের ক্ষেত্রে উভয় দেশের যৌথ অঙ্গীকারের বহিঃপ্রকাশ।

তিনি বলেন, উভয়পক্ষই একমত পোষণ করেছেÑএ সফর দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক এবং এটি বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন ও আঞ্চলিক বিষয়ে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে। দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ আরো গতিশীল করতে বাংলাদেশ ও তুরস্ক একটি মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) বা একটি অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) সইয়ের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছে বলেও জানান তিনি।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের সঙ্গে সহযোগিতা জোরদারের বিষয়ে তার দেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং দক্ষিণ এশীয় অঞ্চলে বাংলাদেশকে তাদের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বর্ণনা করেন।

ফিদান বলেন, বেশ কয়েকটি খাতে, বিশেষ করে প্রতিরক্ষাশিল্প, বাণিজ্য, বিনিয়োগ এবং প্রযুক্তিতে সহযোগিতার ব্যাপক সম্ভাবনা রয়েছে। বাংলাদেশকে গ্লোবাল সাউথের শক্তিশালী কণ্ঠস্বর হিসেবে অভিহিত করে তিনি বলেন, উভয়পক্ষই আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যুতে মতামত ব্যক্ত করেছে এবং এর অনেকগুলোতেই অভিন্ন ঐকমত্যে পৌঁছেছে।

ফিদান বলেন, তুরস্ক পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাবে। তিনি বন্ধুভাবাপন্ন দুদেশের যৌথ আকাঙ্ক্ষার সঙ্গে সংগতি রেখে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বিষয়ে আঙ্কারার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

গত কয়েক বছর ধরে দুদেশের মধ্যে প্রতিরক্ষা খাতে যোগাযোগ বেড়েছে। গত জুলাইয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান তুরস্ক সফর করেন। পাঁচ দিনের ওই সরকারি সফরকালে হওয়া বৈঠকগুলোয় দুদেশের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা, সামরিক প্রশিক্ষণ, প্রতিরক্ষা প্রযুক্তি, প্রতিরক্ষাশিল্পে সহযোগিতা, সক্ষমতা বৃদ্ধি ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ মতবিনিময় হয়।

উভয়পক্ষই ভবিষ্যতে দুদেশের সশস্ত্র বাহিনীর মধ্যে পেশাগত সম্পর্ক, অভিজ্ঞতা বিনিময় ও প্রতিরক্ষা সহযোগিতা আরো সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করে। সফরের অংশ হিসেবে সেনাপ্রধান তুরস্কের শীর্ষস্থানীয় বিভিন্ন প্রতিরক্ষাশিল্প ও সামরিক প্রযুক্তি প্রতিষ্ঠানের কার্যক্রম পরিদর্শন করেন।

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১) অংশ নিতে প্রধানমন্ত্রী তিন দিনের সফরে মঙ্গলবার তুরস্কের আনতালিয়ায় পৌঁছান। এর আগে স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে তারেক রহমান, তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীদের বহনকারী টার্কিশ এয়ারলাইনসের ফ্লাইটটি ইস্তানবুল বিমানবন্দরে পৌঁছায়। সেখান থেকে প্রধানমন্ত্রীকে বিমানবন্দরের ভেতরে রাষ্ট্রীয় অতিথি ভবনে নেওয়া হয়। তাকে অভ্যর্থনা জানান বিমানবন্দরের প্রশাসনিক প্রধান ও গভর্নর ড. এম ইলকার হাকতানকাচমাজ। বিমানবন্দরে প্রায় দুই ঘণ্টা যাত্রাবিরতি শেষে টার্কিশ এয়ারলাইনসের আরেকটি ফ্লাইটে আনতালিয়া পৌঁছান প্রধানমন্ত্রী।

বুধবার জলবায়ু সম্মেলনে অংশ নেবেন তারেক রহমান। বৃহস্পতিবার সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। এছাড়া সম্মেলনের ফাঁকে কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ককটেল বিস্ফোরণ ও হামলার প্রতিবাদে ঢাবিতে ছাত্রশক্তির মিছিল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪১ এম


ককটেল বিস্ফোরণ ও হামলার প্রতিবাদে ঢাবিতে ছাত্রশক্তির মিছিল

সারা দেশে নাশকতা, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা জাতীয় ছাত্রশক্তির সভাপতির ওপর হামলার প্রতিবাদে সংগঠনটি ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজন করেছে। সমাবেশ থেকে তাঁরা স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের পদত্যাগ এবং এসব ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সমাবেশে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা, ঢাকা মহানগর উত্তর এবং বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

সমাবেশ থেকে ছাত্রশক্তির পক্ষ থেকে তিন দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো— সাম্প্রতিক সময়ে ককটেল বিস্ফোরণ ও হাসিবুল ইসলামের ওপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার; ক্যাম্পাসসহ সারা দেশে নাশকতা ও সহিংসতা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। এর আগে মিছিল থেকে ‘সন্ত্রাসীদের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’ এবং ‘আর নয় প্রতিবাদ, এবার হবে প্রতিরোধ’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

সমাবেশে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি আবু বাকের মজুমদার বলেন, "আওয়ামী লীগ স্বাধীনতার পর থেকে দীর্ঘ সময় ধরে দেশের মানুষের জীবন অতিষ্ঠ করেছে।" তিনি আরও বলেন, "ভারতের স্বার্থে কাজ করা এই দলটি পিলখানা হত্যাকাণ্ড, গুম-খুন, আবরার ফাহাদ হত্যা এবং জুলাইয়ের গণহত্যাকাণ্ডের জন্য দায়ী।" তিনি অভিযোগ করেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের পরও বর্তমান ক্ষমতাসীন দল বিএনপি ভোটব্যাংকের হিসাবে আপস করে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পুনর্বাসনে ভূমিকা রাখছে। তাঁর দাবি, ভুয়া মামলার মাধ্যমে প্রকৃত অপরাধীদের মামলাগুলো দুর্বল করা হয়েছে এবং আর্থিক সুবিধার বিনিময়ে আওয়ামী লীগ-সংশ্লিষ্ট ব্যক্তিদের পুনর্বাসন করা হয়েছে। এ কারণেই তারা আবারও সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর সুযোগ পাচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের সমালোচনা করে আবু বাকের মজুমদার বলেন, "জাতীয় সংসদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সঠিক তথ্যের ঘাটতি রয়েছে।" তিনি জানান, "শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়েই এখন পর্যন্ত আটটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং দিনের বেলায় ক্যাম্পাসে হামলায় একজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।" পুলিশ ও গোয়েন্দা সংস্থা স্বরাষ্ট্রমন্ত্রীকে সঠিক তথ্য দিতে পারছে না উল্লেখ করে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেন।

সমাবেশে জাতীয় ছাত্রশক্তির দপ্তর সম্পাদক সরদার নাদিম মাহমুদ শুভ বলেন, "সারা দেশে বোমাবাজি, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটলেও পুলিশ নীরব ভূমিকা পালন করছে।" তিনি এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেপ্তারে চিরুনি অভিযান চালানোর আহ্বান জানান।

জাতীয় ছাত্রশক্তি ঢাবি শাখার সাংগঠনিক সম্পাদক জহির রায়হান রিপন বলেন, "গত তিন থেকে চার দিন ধরে ক্যাম্পাসে বিভিন্ন ব্যক্তিকে ভাড়া করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ ঘটানো হচ্ছে।" তিনি অভিযোগ করেন, "এসব ঘটনার মাধ্যমে ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত করার চেষ্টা চলছে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%