১১:৪৩ এম
পাকিস্তান অনেকদিন ধরে টেস্টের ক্ষেত্রে ব্যাটিংয়ের ব্যর্থতার খেসারত দিচ্ছে। চলমান সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আকস্মিক ব্যাটিং ধসের মূল্য হিসেবে ম্যাচটি হারিয়ে ফেলতে হয়েছে তাদের। তবে পোর্ট অব স্পেনে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে পাকিস্তানি ব্যাটাররা জ্বলে উঠেছেন। ওয়েস্ট ইন্ডিজের ৩৪৪ রানের জবাবে প্রথম ইনিংসে আব্দুল্লাহ শফিকের সেঞ্চুরি এবং অধিনায়ক বাবর আজমের দুর্দান্ত ব্যাটিংয়ে পাকিস্তান দ্বিতীয় দিনটি নিজেদের করে নিয়েছে।
সোমবার (৩ আগস্ট) পোর্ট অব স্পেন টেস্টের দ্বিতীয় দিন শেষে পাকিস্তান ৭৮ রানে পিছিয়ে রয়েছে। স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে ৩৪৪ রানে গুটিয়ে দেয়ার পর পাকিস্তান ২ উইকেটে ২৬৬ রান সংগ্রহ করে দিন শেষ করেছে।
দিনের শেষভাগে আব্দুল্লাহ শফিক টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি তুলে নিয়েছেন। ১৮৫ বল খেলে ১০ চার ও ২ ছক্কায় তিনি ১০৭ রানে অপরাজিত রয়েছেন। সেঞ্চুরির পথে অধিনায়ক বাবর আজমও হাঁটছেন। ১২৬ বল খেলে ১০ চার এবং ১ ছক্কায় তিনি ৮৬ রানে অপরাজিত আছেন। শফিক এবং বাবর তৃতীয় উইকেটের জুটিতে ১৬৮ রান যোগ করেছেন।
আরও পড়ুন: জানাজা থেকে ফেরার পথে গ্রেপ্তার ইউপি চেয়ারম্যান, অসন্তোষ জানালেন প্রতিমন্ত্রী
এর আগে ইনিংসের শুরুতেই পাকিস্তান ইমাম-উল-হককে হারায়। দলীয় ৩৪ রানের সময় শামার জোসেফের বলו আউট হন ইমাম। তিনি ১৭ বল খেলে ১৪ রান করেন। অপর ওপেনার আজান ওয়াইস আউট হওয়ার আগে ৭১ বল খেলে ১০ চারে ৫৫ রান করেন।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে জোসেফ এবং জোমেল ওয়ারিকান ১টি করে উইকেট শিকার করেন।
এদিকে, ওয়েস্ট ইন্ডিজ ১০৫.৪ ওভারে ৩৪৪ রানে অলআউট হয়। ছয় ও সাতে নামা জাস্টিন গ্রেভস ও অধিনায়ক রোস্টন চেজ যথাক্রমে ৭৩ ও ৭০ রান করেন। এছাড়া ব্রেন্ডন কিং ৪৬ রান করেন।
পাকিস্তানের পক্ষে সাজিদ খান ৪টি, মোহাম্মদ আলী, উবাইদ শাহ্ এবং আলী উসমান ২টি করে উইকেট শিকার করেন।
আরও পড়ুন: মিয়ানমারে পাচারের সময় ৪৯২ বস্তা সারসহ ৮ পাচারকারী আটক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন