ঢাকা শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ইং ১৫ই কার্তিক, ১৪৩৩বাং

কালকিনিতে বিদ্যালয়ের নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত


কালকিনিতে বিদ্যালয়ের নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

 

মাদারীপুরের কালকিনি উপজেলার ৩২নং কালাই সরদারের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। নবগঠিত ম্যানেজিং কমিটির সভাপতি বি এম মিজানুর রহমানের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক সহিদুল ইসলামের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান।

আরও পড়ুন: ‘সব ধর্মের মানুষ স্বাধীনভাবে ধর্ম পালন করবেন, তা নিশ্চিত করব’ এমপি খোকন তালুকদার

সভায় বক্তারা বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি এবং সার্বিক শিক্ষার পরিবেশ উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। বিদ্যালয়টিকে উপজেলার অন্যতম শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত করতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীকে সঙ্গে নিয়ে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।

এ সময় বিদ্যালয়ের উন্নয়নে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও প্রস্তাবনা তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে—প্রতিমাসে নিয়মিত অভিভাবক সভা আয়োজন, শ্রেণিকক্ষে পাঠদানের সময় শিক্ষকদের মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত রাখা এবং এসব বিষয় ম্যানেজিং কমিটির সভাপতি ও সদস্যদের মাধ্যমে নিয়মিত তদারকি করা। পাশাপাশি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

পরিচিতি সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক বাদল তালুকদার, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক বি এম রেজাউল, মহরদ্দির চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আবু তাহের কালাম, পূর্ব এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাঞ্চন হাওলাদার, সাংবাদিক শাহ্ জালাল সরদার, ম্যানেজিং কমিটির সদস্য তোতা মিয়া ও নাজমুল হোসেনসহ অনেকে।

সভায় পরিচিতি পর্ব শেষে বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান শিক্ষকসহ সকল শিক্ষক-শিক্ষিকা নবগঠিত ম্যানেজিং কমিটির সভাপতি ও সদস্যদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন। এ সময় এক আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।

আরও পড়ুন: মিরপুরের স্বেচ্ছাসেবক লীগ নেতা সাইফুল ইসলাম মিঠু নারায়ণগঞ্জে গ্রেফতার

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, নবগঠিত ম্যানেজিং কমিটির সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পুঠিয়ায় বিয়ের দাবিতে হিন্দু প্রেমিকের বাড়িতে মুসলিম তরুণীর অবস্থান

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:১৫ পি.এম


পুঠিয়ায় বিয়ের দাবিতে হিন্দু প্রেমিকের বাড়িতে মুসলিম তরুণীর অবস্থান
রাজশাহীর পুঠিয়া উপজেলায় বিয়ের দাবিতে এক হিন্দু  প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন এক মুসলিম তরুণী। 
 
শুক্রবার (৩০ অক্টোবর) সকালে উপজেলার কৃষ্ণপুর বুড়া শিবতোলা এলাকায় এ ঘটনা ঘটে। এ নিয়ে স্থানীয় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শেরপুর জেলার বলাইচর দক্ষিণপাড়া এলাকার আশরাফ আলীর মেয়ের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয় হয় পুঠিয়ার কৃষ্ণপুর বুড়া শিবতোলা এলাকার বাসিন্দা বিমল দাসের মেজো ছেলের। একপর্যায়ে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় এক বছর ধরে সম্পর্ক চলার পর বিয়ের দাবিতে ওই তরুণী যুবকের বাড়িতে এসে অবস্থান নেন।

তরুণীর দাবি, গত এক বছর ধরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। বৃহস্পতিবার রাতে তিনি পুঠিয়ায় এলে যুবকের পরিবারের সদস্যরা তাঁকে পুঠিয়া বাসস্ট্যান্ড থেকে নিজেদের বাড়িতে নিয়ে যান। তিনি ওই যুবককে বিয়ে করতে চান। প্রয়োজনে হিন্দুধর্ম গ্রহণ করতেও তাঁর আপত্তি নেই বলে জানিয়েছেন।

এদিকে স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, তরুণীকে তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য যুবকের পরিবারকে বলা হয়েছে। ঘটনাটি নিয়ে এলাকায় নানা আলোচনা চলছে।

যুবকের বাবা বিমল দাস জানান, তরুণীর বাবা-মায়ের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হয়েছিল। তাঁরা জানিয়েছেন, মেয়ের বিষয়ে তাঁদের আর কোনো দাবি নেই। পরিবার যা ইচ্ছা করতে পারে।

এ বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, মুসলিম তরুণীর হিন্দু  প্রেমিকের বাড়িতে অবস্থান নেওয়ার বিষয়টি পুলিশ জানতে পেরেছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।#
 

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিসাদূষণ প্রতিরোধে রাবিতে ইয়ুথনেট গ্লোবাল ও পিওর আর্থের র‍্যালি-মানববন্ধন

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:১৭ পি.এম


সিসাদূষণ প্রতিরোধে রাবিতে ইয়ুথনেট গ্লোবাল ও পিওর আর্থের র‍্যালি-মানববন্ধন
সিসাদূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং দূষণ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আন্তর্জাতিক সিসাদূষণ প্রতিরোধ সপ্তাহ ২০২৬ উপলক্ষে শুক্রবার (৩০ অক্টোবর) ইয়ুথনেট গ্লোবাল ও পিওর আর্থ বাংলাদেশের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

‘সিসাদূষণ প্রতিরোধে, আমরা আছি একসাথে’ প্রতিপাদ্যে আয়োজিত কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবীরা অংশ নেন।

আয়োজক সূত্রে জানা যায়, আন্তর্জাতিক সিসাদূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে দেশের আট বিভাগে সপ্তাহব্যাপী জনসচেতনতামূলক কর্মসূচি পালন করা হচ্ছে। পিওর আর্থ বাংলাদেশের সহযোগিতায় ইয়ুথনেট গ্লোবাল এ কর্মসূচি বাস্তবায়ন করছে। এতে সহ-আয়োজক হিসেবে রয়েছে ভলান্টিয়ার ফর বাংলাদেশ, ইউক্যান ও আর্থ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন।

কর্মসূচির মূল উদ্দেশ্য শিশু, তরুণ, শিক্ষক, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে সিসার ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা তৈরি করা। পাশাপাশি সিসাদূষণের উৎস শনাক্ত, দূষণ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং স্থানীয় পর্যায়ে তরুণদের সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

কর্মসূচিতে পিওর আর্থ বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মিতালী দাশ বলেন, শিশুদের সিসার বিষক্রিয়া থেকে সুরক্ষিত রাখতে সিসার উৎস শনাক্ত ও দূষণ নিয়ন্ত্রণের পাশাপাশি নিরাপদ ভোগ্যপণ্য নিশ্চিত করা, পরিবেশসম্মত ব্যাটারি পুনঃপ্রক্রিয়াজাতকরণ এবং জনসচেতনতা বৃদ্ধি জরুরি। এ লক্ষ্যে পিওর আর্থ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে যৌথভাবে সম্প্রসারিত উৎপাদক দায়বদ্ধতা (ইপিআর) নির্দেশিকা প্রণয়নে কাজ করছে। এ নির্দেশিকা লেড-অ্যাসিড ব্যাটারির কার্যকর সংগ্রহ, ট্র্যাকিং ও পরিবেশসম্মত পুনঃপ্রক্রিয়াজাতকরণে সহায়তা করবে।

ইয়ুথনেট গ্লোবালের নির্বাহী সমন্বয়ক সোহানুর রহমান বলেন, অপরিকল্পিত ও অনিরাপদ সিসা-অ্যাসিড ব্যাটারি পুনঃপ্রক্রিয়াজাতকরণ শুধু শ্রমিকদের নয়, আশপাশের পুরো জনগোষ্ঠীর স্বাস্থ্য ও পরিবেশকে ঝুঁকির মধ্যে ফেলছে। ক্ষতিকর শিল্পপ্রক্রিয়ার বিরুদ্ধে জনমত গড়ে তোলা এবং এ ক্ষেত্রে প্রয়োজনীয় নীতিগত পরিবর্তনের দাবি জোরদার করা জরুরি।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আমিনুল ইসলাম কনক বলেন, সিসাদূষণ প্রতিরোধে আইনগত সহায়তা গ্রহণের পাশাপাশি বিদ্যমান নীতিমালার আওতায় কার্যকর ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় সিসার ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়ে ইয়ুথনেট গ্লোবালের রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী হৃদিকা আহসান শ্রেয়া বলেন, স্থানীয় জনগোষ্ঠী ও তরুণদের সম্মিলিত উদ্যোগ সিসাদূষণ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি দূষণের উৎস চিহ্নিত করা এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণে সবাইকে এগিয়ে আসতে হবে।

কর্মসূচির অংশ হিসেবে র‍্যালি, মানববন্ধন, উঠান বৈঠক, শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচারাভিযান ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ কর্মসূচি দেশব্যাপী পরিচালিত সচেতনতামূলক উদ্যোগের অংশ।#

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিরিয়ায় আকস্মিক বন্যায় ৫ জনের মৃত্যু, ৫ জন নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:২২ পি.এম


সিরিয়ায় আকস্মিক বন্যায় ৫ জনের মৃত্যু, ৫ জন নিখোঁজ

সিরিয়ার বিভিন্ন প্রদেশে ভারি বৃষ্টিপাতের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে চারটি শিশু রয়েছে। আলজাজিরা জানায়, দেশটির উত্তর ও পূর্বাঞ্চলে এ প্রাণহানির ঘটনা ঘটেছে।

সিরিয়ার জরুরি ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, রাক্কা ও দেইর আজ জোর প্রদেশের বিভিন্ন জলাশয়ে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে।

এছাড়া, পশ্চিম রাক্কার গ্রামীণ এলাকায় আল-সালমানি সেতুর কাছে বন্যার পানিতে গাড়ি আটকে এক ব্যক্তির মৃত্যু ঘটে।

দেশজুড়ে প্রবল বৃষ্টিপাত ও ঝড়ের মধ্যে আরো পাঁচজন নিখোঁজ রয়েছেন। তাঁদের মধ্যে দুটি শিশু রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাবির পাঁচ শিক্ষার্থী আন্তর্জাতিক তায়কোয়ানডো প্রতিযোগিতায় অংশ নিতে নেপাল যাচ্ছেন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:২৩ পি.এম


রাবির পাঁচ শিক্ষার্থী আন্তর্জাতিক তায়কোয়ানডো প্রতিযোগিতায় অংশ নিতে নেপাল যাচ্ছেন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চার শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের এক সাবেক শিক্ষার্থী নেপালে অনুষ্ঠিতব্য প্রথম সাওরাহা ইন্টারন্যাশনাল ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের জন্য যাচ্ছেন। তাদের সঙ্গে রয়েছেন শরীরচর্চা ও শিক্ষা বিভাগের উপপরিচালক এবং তায়কোয়ানডো কোচ কামরুজ্জামান চঞ্চল।

শুক্রবার (৩০ অক্টোবর) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তারা নেপালের উদ্দেশ্যে যাত্রা করেন।

৩০ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত নেপালের চিতওয়ান জেলার সাওরাহায় এই আন্তর্জাতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে বিভিন্ন দেশের খেলোয়াড়রা কিয়োরুগি (ফাইট) এবং ব্যক্তিগত পুমসে (কৌশল প্রদর্শনী) বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন ফোকলোর অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের মো. শাহীন আলী, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের সাবাহ কানেতা তারিক, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের কামরুজ্জামান এবং শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের মরিয়ম। তাদের মধ্যে সাবাহ কানেতা তারিক ব্যক্তিগত পুমসে বিভাগে, মো. শাহীন আলী পুমসে ও কিয়োরুগি উভয় বিভাগে এবং কামরুজ্জামান ও মরিয়ম কিয়োরুগি বিভাগে অংশগ্রহণ করবেন।

অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে মো. শাহীন আলী জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে স্বর্ণপদক অর্জন করেছেন এবং আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায়ও স্বর্ণপদক জিতেছেন। তিনি আন্তঃবিভাগীয় প্রতিযোগিতায় স্বর্ণপদক অর্জন করে টানা দ্বিতীয়বার গ্র্যান্ড চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করেছেন। শাহীন রাজশাহী বিশ্ববিদ্যালয় তায়কোয়ানডো ক্লাবের সভাপতি।

সাবাহ কানেতা তারিক প্রথম আন্তঃবিশ্ববিদ্যালয় তায়কোয়ানডো প্রতিযোগিতা-২০২৬-এ স্বর্ণপদক অর্জন করেছেন। এছাড়া ২২তম সিনিয়র/জুনিয়র জাতীয় তায়কোয়ানডো প্রতিযোগিতায় রৌপ্যপদক এবং আন্তঃবিভাগীয় প্রতিযোগিতায় স্বর্ণ, রৌপ্য ও তাম্রপদক অর্জন করেছেন। বর্তমানে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় তায়কোয়ানডো ক্লাবের সহসভাপতি।

মরিয়ম জাতীয় পর্যায়ে ব্রোঞ্জ ও রৌপ্যপদক এবং আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় স্বর্ণপদক অর্জন করেছেন। ২০২৪ ও ২০২৫ সালের আন্তঃবিভাগীয় তায়কোয়ানডো প্রতিযোগিতায়ও তিনি স্বর্ণপদক জিতেছেন। বর্তমানে তিনি ক্লাবের ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে, কামরুজ্জামান প্রথম আন্তঃবিশ্ববিদ্যালয় তায়কোয়ানডো প্রতিযোগিতা-২০২৬-এ স্বর্ণপদক অর্জন করেছেন। ২২তম সিনিয়র/জুনিয়র জাতীয় তায়কোয়ানডো প্রতিযোগিতায় তিনি তাম্রপদক এবং আন্তঃবিভাগীয় প্রতিযোগিতায় রৌপ্য ও তাম্রপদক অর্জন করেছেন। কামরুজ্জামান রাজশাহী বিশ্ববিদ্যালয় তায়কোয়ানডো ক্লাবের প্রচার সম্পাদক।

দলের সঙ্গে যাওয়া কোচ কামরুজ্জামান চঞ্চল রাজশাহী বিশ্ববিদ্যালয় তায়কোয়ানডো ক্লাবের তায়কোয়ানডো বিশেষজ্ঞ উপদেষ্টা। তিনি বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা ও শিক্ষা বিভাগের উপপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন। তার দক্ষিণ কোরিয়ার কুক্কিওয়ান স্বীকৃত পঞ্চম ডান ব্ল্যাক বেল্ট এবং জিদোকওয়ান স্বীকৃত ষষ্ঠ ডান ব্ল্যাক বেল্ট রয়েছে।

এছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের সাবেক শিক্ষার্থী রিদওয়ান তাসকিন রাতুল। ২০১৮ সালে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি তায়কোয়ানডো ফেস্টিভ্যালে তিনি রৌপ্যপদক অর্জন করেন। বর্তমানে তিনি রাজশাহীর এআরসি গ্লোবাল তায়কোয়ানডো অ্যাকাডেমির প্রধান প্রশিক্ষক। তার দক্ষিণ কোরিয়ার কুক্কিওয়ান ও জিদোকওয়ান স্বীকৃত দ্বিতীয় ডান ব্ল্যাক বেল্ট রয়েছে।

এই প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে প্রতিযোগীরা আন্তর্জাতিক মঞ্চে নিজেদের ক্রীড়ানৈপুণ্য প্রদর্শন করার পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৭
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৪
মাগরিব ০৫:২০
ইশা ০৬:৩২
সূর্যোদয় : ০৬:০৪ সূর্যাস্ত : ০৫:২০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%