০২:৪৬ পি.এম
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) জানিয়েছে, মোটরযানে হাইড্রোলিক হর্ন, হুটার বা অন্যান্য অননুমোদিত হর্ন ব্যবহার করা যাবে না। সোমবার (৩ আগস্ট) বিআরটিএ গত ২১ জুলাইয়ের এক বিজ্ঞপ্তির বরাতে এই তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর ৮১ নম্বর বিধি অনুযায়ী, অ্যাম্বুল্যান্স, অগ্নিনির্বাপক বা উদ্ধারের কাজে ব্যবহৃত মোটরযান এবং রাষ্ট্রীয় জরুরি কাজে ব্যবহৃত যানবাহন ছাড়া অন্য কোনো মোটরযানে কোনো ধরনের বহুমুখী হর্ন অথবা তীব্র, কর্কশ, আকস্মিক, বিকট বা ভীতিকর শব্দ সৃষ্টি করে এমন হর্ন বা যন্ত্র স্থাপন, পুনঃস্থাপন ও ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ।
বিআরটিএ আরও জানায়, এই ধরনের অননুমোদিত হর্ন জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এ ধরনের হর্ন চালকদের বেপরোয়াভাবে গাড়ি চালাতে উৎসাহিত করে, যা সড়ক দুর্ঘটনার ঝুঁকি বাড়াতে পারে। সম্প্রতি কিছু মোটরযানে হাইড্রোলিক হর্ন, হুটার ও অন্যান্য অননুমোদিত হর্ন ব্যবহারের জন্য জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে, যা আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।
আরও পড়ুন: ‘ইউ ক্যান ডু ইট’ বলেছেন প্রধানমন্ত্রী, ১৬ লাখ শিশু-কিশোরের নিবন্ধন
এ পরিস্থিতিতে, বিআরটিএ আবেদন জানায় যে, অ্যাম্বুল্যান্স, অগ্নিনির্বাপক, উদ্ধারকাজে ব্যবহৃত বা রাষ্ট্রীয় জরুরি কাজে নিয়োজিত যানবাহন ছাড়া অন্য কোনো মোটরযানে হাইড্রোলিক হর্ন, হুটার বা বহুমুখী হর্ন এবং বাড়তি শব্দ উৎপাদনকারী অননুমোদিত হর্ন বা যন্ত্র স্থাপন, পুনঃস্থাপন ও ব্যবহার থেকে বিরত থাকতে হবে। অন্যথায়, সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন